চাকরির বিজ্ঞাপনে প্রায়ই লেখা থাকে, ‘অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে’ কিংবা ‘কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে’। কিন্তু যারা সদ্য পড়াশোনা শেষ করেছেন, তাদের অভিজ্ঞতা আসবে কোথা থেকে? প্রথম চাকরিটিই যদি অভিজ্ঞতার শর্তে আটকে যায়, তাহলে কর্মজীবন শুরু হবে কীভাবে?
এই সমস্যাকে ‘অভিজ্ঞতার ফাঁদ’ আখ্যা দিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। গত ১৩ অক্টোবর প্রকাশিত ‘ব্রেকিং দ্য ইয়ুথ এক্সপেরিয়েন্স ট্র্যাপ’ শীর্ষক পলিসি ব্রিফে। অর্থাৎ, চাকরি পেতে অভিজ্ঞতা প্রয়োজন, অথচ অভিজ্ঞতা অর্জনের জন্যই চাকরি দরকার। এই চক্রে আটকে অনেক তরুণ কর্মজীবন শুরু করার সুযোগ পাচ্ছেন না। কেউ দীর্ঘদিন চাকরি খুঁজছেন, আবার কেউ বাধ্য হয়ে অনানুষ্ঠানিক বা নিম্নমানের কাজে যুক্ত হচ্ছেন, যেখানে ভবিষ্যতের চাকরির জন্য প্রয়োজনীয় দক্ষতা কিংবা স্বীকৃত অভিজ্ঞতা তৈরি হচ্ছে না।
আইএলওর ২০২৬ সালের হিসাব বলছে, বিশ্বে তরুণদের বেকারত্বের হার ১২ দশমিক ৪ শতাংশ। অর্থাৎ, ১৫ থেকে ২৪ বছর বয়সী প্রায় ৬ কোটি ৭০ লাখ তরুণ সক্রিয়ভাবে চাকরি খুঁজেও পাচ্ছেন না।
তবে এর বাইরেও বড় একটি জনগোষ্ঠী রয়েছে, যাদের পরিস্থিতি আরও উদ্বেগজনক। ২০২৫ সালে বিশ্বের ২০ শতাংশ তরুণ শিক্ষা, কর্মসংস্থান কিংবা প্রশিক্ষণের কোনো ক্ষেত্রেই যুক্ত ছিলেন না। সংখ্যায় তারা প্রায় ২৫ কোটি ৭০ লাখ। তাদের বলা হয় নিট (নট ইন এম্পলয়মেন্ট, এডুকেশন অর ট্রেনিং)। অর্থাৎ, তারা চাকরিতে নেই, পড়াশোনা করছেন না, এমনকি কোনো প্রশিক্ষণ কর্মসূচিতেও অংশ নিচ্ছেন না।
এখানে বেকারত্ব ও নিটের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। বেকার হিসেবে গণ্য হতে হলে একজন ব্যক্তিকে কাজ না থাকার পাশাপাশি কাজের জন্য প্রস্তুত থাকতে হবে এবং সক্রিয়ভাবে চাকরি খুঁজতে হবে। কিন্তু নিটের আওতায় এমন তরুণরাও পড়েন, যারা চাকরি খোঁজা থেকে সরে এসেছেন। বারবার ব্যর্থতা, সুযোগের অভাব কিংবা নানা বাধার কারণে তাদের কাছে চাকরি খোঁজার চেষ্টা অর্থহীন বা অসাধ্য মনে হতে পারে।
তাই শুধু বেকারত্বের হার দিয়ে তরুণদের কর্মসংস্থানের সংকট পুরোপুরি বোঝা যায় না। এর বাইরে কতজন তরুণ কর্মবাজার থেকেই ছিটকে পড়ছেন, সেটিও বিবেচনায় নেওয়া জরুরি।
অভিজ্ঞতার ফাঁদ আসলে কী?
অভিজ্ঞতার ফাঁদ মূলত চাকরির চাহিদা ও চাকরিপ্রার্থীদের বাস্তব সক্ষমতার মধ্যে একটি অসামঞ্জস্য। অনেক প্রাথমিক পর্যায়ের চাকরির বিজ্ঞাপনেও আগের কাজের অভিজ্ঞতা কিংবা নির্দিষ্ট সনদ চাওয়া হয়। কিন্তু সদ্য পড়াশোনা শেষ করা একজন তরুণের পক্ষে এসব শর্ত পূরণ করা কঠিন। অন্যদিকে, নিয়োগদাতারা অভিজ্ঞতা চান, কারণ নতুন কর্মী নিয়োগের সঙ্গে কিছু ঝুঁকি ও খরচ জড়িত।
নতুন কর্মীকে কাজ শেখাতে সময় দিতে হয়, তদারকি করতে হয় এবং কর্মপরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সহায়তা করতে হয়। এসব ক্ষেত্রে প্রতিষ্ঠানের বাড়তি শ্রম ও অর্থ ব্যয় হয়। ফলে অনেক নিয়োগদাতা এমন প্রার্থী বেছে নিতে চান, যিনি আগে থেকেই কাজ জানেন।
এতে তরুণদের কর্মজীবন শুরু করতে দেরি হয়, দীর্ঘ সময় চাকরি খুঁজতে হয় এবং অনেকে এমন অনানুষ্ঠানিক বা নিম্নমানের কাজে যুক্ত হন, যেখানে তাদের দক্ষতা বাড়ে না কিংবা ভবিষ্যতে অন্য চাকরিতে কাজে লাগানোর মতো অভিজ্ঞতা তৈরি হয় না।
সমস্যাটি ক্রমেই একটি চক্রে পরিণত হয়। চাকরি পেতে অভিজ্ঞতা দরকার, কিন্তু চাকরি ছাড়া সেই অভিজ্ঞতা অর্জন করাও কঠিন।
এই চক্রটি হলো-
অভিজ্ঞতা ছাড়া চাকরি পাওয়া কঠিন।
আবার চাকরি না পেলে অভিজ্ঞতা অর্জন করা যায় না।
আর অভিজ্ঞতা না থাকায় আবারও নিয়োগে বাদ পড়তে হয়।
এভাবেই তরুণরা অভিজ্ঞতার ফাঁদে আটকে পড়েন। প্রশ্ন হলো, কেন এই ফাঁদ থেকে বের হওয়া যায় না?
অভিজ্ঞতার ফাঁদ টিকে থাকার পেছনে শ্রমবাজারের কয়েকটি বিষয় পরস্পরকে শক্তিশালী করে। ফলে নিয়োগদাতারা প্রাথমিক পর্যায়ের চাকরিতেও অভিজ্ঞতা চাওয়াকে যৌক্তিক মনে করেন।
মূল সমস্যা হলো, একজন চাকরিপ্রার্থীর দক্ষতা কীভাবে যাচাই করা হবে, সেই দক্ষতা নিয়োগদাতার কাছে কীভাবে তুলে ধরা হবে এবং নিয়োগদাতা সেই তথ্যকে কতটা বিশ্বাস করবেন।
যখন কোনো প্রার্থীর কাজ করার সক্ষমতা সরাসরি যাচাই করা কঠিন হয়, তখন নিয়োগদাতারা তার আগের অভিজ্ঞতা কিংবা শিক্ষাগত যোগ্যতার মতো বিষয়কে দক্ষতার বিকল্প প্রমাণ হিসেবে বিবেচনা করেন। এসব শর্ত তাদের কাছে নিয়োগের ঝুঁকি কমানোর উপায় মনে হলেও, যোগ্য অনেক তরুণকে সুযোগ থেকে বঞ্চিত করে।
আইএলও এই পলিসি ব্রিফে অভিজ্ঞতার ফাঁদ টিকে থাকার পাঁচটি কারণ তুলে ধরেছে।
দক্ষতা সম্পর্কে তথ্যের ঘাটতি
একটি সিভি দেখে সবসময় বোঝা যায় না, একজন প্রার্থী বাস্তবে কতটা দক্ষ কিংবা নির্ভরযোগ্যভাবে কাজ করতে পারবেন। বিশেষ করে শিক্ষার মান যখন একেক প্রতিষ্ঠানে একেক রকম, পাঠ্যক্রম যখন কর্মক্ষেত্রের বাস্তব চাহিদার সঙ্গে পুরোপুরি মেলে না, কিংবা তরুণরা যখন প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে দক্ষতা অর্জন করেন, তখন তাদের সক্ষমতা যাচাই করা আরও কঠিন হয়ে পড়ে।
অনেক তরুণ পরিবারের কাজে সহায়তা করতে গিয়ে, অনানুষ্ঠানিক শিক্ষানবিশ হিসেবে, বিভিন্ন খণ্ডকালীন কাজ, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম কিংবা পরিচর্যার দায়িত্ব পালন করতে গিয়ে দক্ষতা অর্জন করেন। কিন্তু এসব অভিজ্ঞতা সবসময় তাদের সিভিতে যথাযথভাবে তুলে ধরা হয় না বা নিয়োগদাতারা সেগুলোকে কাজের দক্ষতার স্বীকৃত প্রমাণ হিসেবে বিবেচনা করেন না।
অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি) দক্ষতা যাচাই ও স্বীকৃতির প্রক্রিয়াকে কয়েকটি ধাপের সমন্বয় হিসেবে ব্যাখ্যা করেছে। প্রথমে দক্ষতা অর্জন, এরপর তা অন্যের কাছে তুলে ধরা এবং সবশেষে সেই দক্ষতার স্বীকৃতি পাওয়া। একজন তরুণ দক্ষতা অর্জন করলেও যদি তা নিয়োগদাতার কাছে তুলে ধরতে না পারেন, কিংবা নিয়োগদাতা সেই তথ্যকে গুরুত্ব না দেন, তাহলে তার দক্ষতা চাকরির সুযোগ তৈরি করতে পারে না।
ফলে অনেক তরুণের সম্ভাবনা নিয়োগের সময় অদৃশ্য থেকে যায়।
নিয়োগ যাচাই ও ঝুঁকি কমানোর প্রবণতা
নতুন কর্মী নিয়োগের পর তাকে কাজ শেখানো, তদারকি করা এবং কর্মপরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সহায়তা করার জন্য প্রতিষ্ঠানের সময় ও অর্থ ব্যয় হয়। নিয়োগের পরপরই কেউ চাকরি ছেড়ে দিলে সেই বিনিয়োগও নষ্ট হতে পারে।
প্রতিষ্ঠানের এই ব্যয় বেশি হলে, কিংবা কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার মতো সময় ও ব্যবস্থাপনার সক্ষমতা কম থাকলে, নিয়োগদাতারা প্রার্থী যাচাইয়ে আরও কঠোর হন। অভিজ্ঞতার বছর কিংবা নির্দিষ্ট সনদকে তারা দ্রুত প্রার্থী বাছাইয়ের উপায় হিসেবে ব্যবহার করেন।
কিন্তু এতে প্রার্থীর প্রকৃত দক্ষতা যাচাই করার পরিবর্তে তার অভিজ্ঞতা বা সনদকে দক্ষতার বিকল্প হিসেবে ধরে নেওয়া হয়। যেমন, কোনো চাকরিতে দুই বছরের অভিজ্ঞতা চাওয়া হলেও সেই অভিজ্ঞতা প্রার্থী কাজটি কতটা ভালোভাবে করতে পারবেন, তার নির্ভরযোগ্য প্রমাণ নাও হতে পারে।
যোগ্যতার শর্ত ক্রমেই বেড়ে যাওয়া
চাকরিপ্রার্থীর সংখ্যা বাড়লে নিয়োগদাতারা প্রার্থী বাছাইয়ের জন্য আরও বেশি শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতার শর্ত যুক্ত করতে পারেন। অনেক ক্ষেত্রে কাজের ধরন বা দায়িত্ব বাড়েনি, কিন্তু নিয়োগের শর্ত বেড়ে গেছে।
এভাবে চাকরির যোগ্যতা নির্ধারণে সনদের ওপর নির্ভরতা বাড়তে থাকে। অনেক নিয়োগদাতা এমন কাজের জন্যও উচ্চতর ডিগ্রি চান, যেখানে সেই ডিগ্রি বাস্তবে অপরিহার্য নয়। ফলে ডিগ্রি দক্ষতার প্রমাণের চেয়ে প্রার্থী বাছাইয়ের একটি সহজ মানদণ্ড হয়ে ওঠে।
এই যোগ্যতার শর্ত বাড়তে থাকার প্রবণতা তরুণদের জন্য সমস্যা তৈরি করে। যে চাকরিতে প্রশিক্ষণ দিয়ে একজন তরুণকে দক্ষ করে তোলা সম্ভব, সেটিও এমন চাকরিতে পরিণত হয়, যেখানে প্রবেশের আগেই নির্দিষ্ট যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
শিক্ষা থেকে কর্মজীবনে যাওয়ার কার্যকর ব্যবস্থা দুর্বল
শিক্ষা শেষ করে কর্মজীবনে প্রবেশের জন্য শুধু ডিগ্রি অর্জন করাই যথেষ্ট নয়। এ ক্ষেত্রে প্রয়োজন মানসম্মত শিক্ষানবিশ কর্মসূচি, কর্মক্ষেত্রে হাতে-কলমে শেখার সুযোগ, পেশাগত পরামর্শ এবং কার্যকর সরকারি কর্মসংস্থান সেবা।
এসব ব্যবস্থা দুর্বল হলে তরুণরা স্বীকৃত ও কাঠামোবদ্ধভাবে কাজ শেখার সুযোগ কম পান। একই সঙ্গে নিয়োগদাতারাও এমন নির্ভরযোগ্য ব্যবস্থার অভাবে নতুন কর্মী খুঁজে পেতে সমস্যায় পড়েন, যেখানে তাদের দক্ষতা যাচাই করা যায় এবং কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেওয়া যায়।
শিক্ষা থেকে কর্মজীবনে প্রবেশের এই পথকে সহজ ও কার্যকর করার জন্যই আইএলও দীর্ঘদিন ধরে স্কুল থেকে কর্মজীবনে উত্তরণের প্রক্রিয়া নিয়ে গবেষণা করছে। তাদের স্কুল টু ওয়ার্ক ট্রানজিশন সার্ভে কর্মজীবনে প্রবেশের পথ এবং এ ক্ষেত্রে তরুণদের বিভিন্ন বাধা বুঝতে তৈরি করা হয়েছে।
বৈষম্যের কারণে সুযোগ আরও সংকুচিত হওয়া
দক্ষতা থাকা সত্ত্বেও সব তরুণ সমানভাবে চাকরির সুযোগ পান না। অনেক ক্ষেত্রে বৈষম্য তাদের দক্ষতাকে চাকরির সুযোগে রূপান্তরিত হতে বাধা দেয়।
চাকরির জন্য পরিচিতজনের সঙ্গে যোগাযোগ, শিক্ষানবিশ হিসেবে কাজের সুযোগ, যাতায়াত, ডিজিটাল প্রযুক্তি ব্যবহার কিংবা প্রয়োজনীয় সনদ অর্জনের সামর্থ্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এসব সুযোগ সবার সমান থাকে না।
লিঙ্গভিত্তিক সামাজিক প্রত্যাশা ও পরিবারের পরিচর্যার দায়িত্ব তরুণীদের চাকরি খোঁজার সময় এবং তাদের গ্রহণযোগ্য কর্মঘণ্টাকে সীমিত করতে পারে। প্রতিবন্ধী তরুণদের ক্ষেত্রে নিয়োগপ্রক্রিয়া ও কর্মক্ষেত্রের অপ্রতুল প্রবেশগম্যতা বাধা হয়ে দাঁড়াতে পারে। অভিবাসী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর তরুণরা বৈষম্য কিংবা তাদের আগের দক্ষতার যথাযথ মূল্যায়ন না পাওয়ার সমস্যায় পড়তে পারেন।
দক্ষতাভিত্তিক নিয়োগ এসব বাধা কমাতে পারে, কারণ এতে প্রার্থীর সক্ষমতার প্রমাণ দেওয়ার বিকল্প পথ তৈরি হয়। তবে দক্ষতা যাচাইয়ের পদ্ধতি যদি ব্যয়বহুল, পক্ষপাতদুষ্ট কিংবা অস্পষ্ট হয়, তাহলে এই ব্যবস্থাও বৈষম্য তৈরি করতে পারে। ডিজিটাল প্রযুক্তিতে অসম সুযোগ এবং অপ্রচলিত সনদ যাচাইয়ের জটিলতাও দক্ষতাভিত্তিক নিয়োগ চালু করার ক্ষেত্রে বাধা।
এই পাঁচটি কারণ একে অন্যের সঙ্গে যুক্ত। নিয়োগদাতারা অনিশ্চয়তা কমাতে অভিজ্ঞতা চান, কিন্তু শিক্ষা থেকে কর্মজীবনে প্রবেশের কার্যকর ব্যবস্থা দুর্বল এবং সুযোগও সমান নয়। ফলে অভিজ্ঞতার শর্ত তরুণদের বাদ দেওয়ার একটি নিয়মিত প্রক্রিয়ায় পরিণত হয়।
এই ফাঁদ ভাঙতে হলে চাকরির ক্ষেত্রে অভিজ্ঞতার মতো পরোক্ষ মানদণ্ডের পরিবর্তে প্রকৃত দক্ষতা যাচাই করতে হবে। পাশাপাশি শিক্ষানবিশ কর্মসূচি, কর্মক্ষেত্রে হাতে-কলমে প্রশিক্ষণ ও কর্মসংস্থান সেবার মাধ্যমে তরুণদের প্রথম কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করতে হবে। এসব সুযোগ অবশ্যই নিরাপদ, ন্যায্য ও মর্যাদাপূর্ণ কাজের পরিবেশ নিশ্চিত করে দিতে হবে।
দক্ষতাভিত্তিক নিয়োগ কি ‘ন্যায্য নিয়োগ’ থেকে আলাদা?
‘ন্যায্য নিয়োগ’ বলতে সাধারণত এমন নিয়োগপ্রক্রিয়া বোঝায়, যেখানে বৈষম্য কমানো এবং প্রার্থী বাছাইয়ে স্বচ্ছতা ও ন্যায়সংগত আচরণ নিশ্চিত করার চেষ্টা করা হয়। এর মধ্যে থাকে কাঠামোবদ্ধ সাক্ষাৎকার, স্পষ্ট নির্বাচনী মানদণ্ড, সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা এবং জবাবদিহির ব্যবস্থা।
এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ। নিয়োগে সমান সুযোগ, বৈষম্যহীন আচরণ এবং যথাযথ প্রক্রিয়া নিশ্চিত করার বিষয়ে আইএলও-ও গুরুত্ব দেয়।
তবে একটি সীমাবদ্ধতা রয়েছে, যা অনেক সময় উপেক্ষিত হয়।
নিয়োগপ্রক্রিয়া স্বচ্ছ ও ন্যায্য হলেও চাকরির বিজ্ঞাপনে এমন শর্ত থাকতে পারে, যা তরুণদের শুরুতেই বাদ দিয়ে দেয়। অনেক প্রাথমিক পর্যায়ের চাকরিতে দুই বছরের অভিজ্ঞতা, উচ্চশিক্ষার ডিগ্রি কিংবা একই ধরনের প্রতিষ্ঠানে আগে কাজ করার অভিজ্ঞতা চাওয়া হয়। অথচ কাজটি করার জন্য এসব শর্ত অপরিহার্য নাও হতে পারে। নিয়োগদাতার মূল প্রয়োজন হয়তো দ্রুত শেখার ক্ষমতা, দায়িত্বশীলতা এবং নিরাপদে কাজ করার দক্ষতা।
এ ক্ষেত্রে ন্যায্য নিয়োগপ্রক্রিয়া শুধু প্রার্থী বাছাইয়ের ধাপে বৈষম্য কমাতে পারে। কিন্তু চাকরির শুরুতেই যে বাধাগুলো তৈরি করা হয়েছে, সেগুলো দূর করতে পারে না।
এই নীতিপত্র মূলত সেই আগের ধাপটির দিকে নজর দিচ্ছে, অর্থাৎ নিয়োগ শুরু হওয়ার আগেই প্রাথমিক পর্যায়ের চাকরি কীভাবে তৈরি ও নির্ধারণ করা হচ্ছে।
প্রস্তাবটি হলো, এমন চাকরির কাঠামো তৈরি করা, যেখানে অভিজ্ঞতার বাধ্যবাধকতা কমিয়ে তরুণরা বাস্তবে দেখাতে পারবেন, তারা কী করতে পারেন এবং কত দ্রুত শিখতে পারেন।
ন্যায্য নিয়োগ হলো প্রয়োজনীয় ভিত্তি। কিন্তু শুধু এটুকুই যথেষ্ট নয়।
অভিজ্ঞতা নেই, তাই চাকরিও নেই
বিবিসি ওয়ার্কলাইফের একটি অনুসন্ধানের বরাত দিয়ে এই পলিসি ব্রিফে অভিজ্ঞতার ফাঁদের একটি বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। সেখানে দেখানো হয়েছে, চাকরির বিজ্ঞাপনে ‘এন্ট্রি-লেভেল’ বা প্রাথমিক পর্যায়ের পদ বলা হলেও অনেক ক্ষেত্রেই সেগুলো প্রকৃত অর্থে নতুনদের জন্য নয়।
আইএলও এর এই পলিসি ব্রিফে বলা হয়, ২০১৬ সালের শেষ দিক থেকে লিংকডিনে প্রকাশিত প্রায় ৪০ লাখ চাকরির বিজ্ঞাপন বিশ্লেষণ করে দেখা গেছে, ‘এন্ট্রি-লেভেল’ হিসেবে উল্লেখ করা ৩৫ শতাংশ চাকরিতেও আগের কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছিল।
সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতে পরিস্থিতি আরও কঠিন। এসব খাতের ৬০ শতাংশের বেশি প্রাথমিক পর্যায়ের চাকরিতে অন্তত তিন বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছিল।
চাকরির বিজ্ঞাপনে ‘এন্ট্রি-লেভেল’ লেখা থাকলেই যে অভিজ্ঞতা ছাড়াই আবেদন করা যাবে, তা নয়।
শ্রমবাজারে চাকরির সুযোগ কম থাকলে এবং কর্মীদের প্রশিক্ষণের জন্য প্রতিষ্ঠানের বাজেট সীমিত হলে অভিজ্ঞতাকে বাছাইয়ের শর্ত হিসেবে ব্যবহার করা নিয়োগদাতাদের কাছে স্বল্পমেয়াদে যুক্তিযুক্ত মনে হতে পারে। বিশেষ করে যেসব ব্যবস্থাপক নতুন কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার মতো সময় বা সুযোগ পান না।
কিন্তু দীর্ঘমেয়াদে এর প্রভাব ক্ষতিকর। কর্মজীবনের প্রথম ধাপটি ক্রমেই আরও উঁচুতে উঠে যায়। একসময় যে দক্ষতা প্রথম চাকরিতে অর্জন করার কথা ছিল, এখন চাকরিতে প্রবেশের আগেই সেই দক্ষতা অর্জন করে আসতে বলা হচ্ছে।