Advertisement

বেসরকারি চাকরিজীবীদের সঙ্গে আর কত বৈষম্য হবে?

বেসরকারি চাকরিজীবীদের সঙ্গে আর কত বৈষম্য হবে?
ছবি: এআই দিয়ে তৈরি

বছর কয়েক আগে বেশ আলোচনা হয়েছিল একটা সিনেমা নিয়ে। ‘ভাইয়ারে’ নামের ওই সিনেমাকে ‘পাপমুক্ত’ বলে ঘোষণা করেছিলেন সিনেমাটির নায়ক রাসেল মিয়া। ক্যামেরার সামনে কাঁদতে কাঁদতে তার দাবি ছিল, ওই সিনেমায় নাকি কোনো ‘পাপ’ নেই।

Advertisement

এই দেশের বেসরকারি চাকরিজীবীদের অবস্থাও এখন অনেকটা রাসেল মিয়ার মতোই। পরিস্থিতি বিবেচনায় তাদেরও মনে হতে পারে যে, নিশ্চয়ই বেসরকারি চাকরি করলেই পাপের ভাগীদার হতে হয়, পাপী হতে হয়! চরম পাপী বান্দা নাহলে কি আর সরকারি তরফে এত বৈষম্যের শিকার হতে হয় বছরের পর বছর ধরে? বলুন তো?

Advertisement

চলুন, একটু গভীরে ঢোকা যাক। আমাদের বাংলাদেশে দুই প্রকারের চাকরিজীবী আছে। একটি হলো সরকারি, আরেকটি বেসরকারি। সরকারিদের বেতন সরকার দেয়, ওই বেতনের টাকা আবার সাধারণ নাগরিকের কাছ থেকে নেওয়া কর থেকেই দেওয়া হয়। অন্যদিকে বেসরকারি চাকরিজীবীরা মূলত ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানে কাজ করেন যাতে বড়, ছোট সব প্রতিষ্ঠানই থাকে। এই বেসরকারি চাকরিজীবীর সংখ্যাই এই দেশে বেশি। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বর্তমানে কর্মরত, অবসরপ্রাপ্ত এবং সংশ্লিষ্ট সুবিধাভোগী হিসেবে সরকারি বেতনকাঠামোর আওতায় আছে প্রায় ৩৩ লাখ মানুষ। এবার দেশের জনসংখ্যা ১৮ কোটি ধরে হিসাব করতে থাকলেই বোঝা যাবে যে, বেসরকারি চাকরিজীবীদের পরিমাণ এদেশে কত।

সরকারিদের তুলনায় বেসরকারি চাকরিজীবীর সংখ্যা সংক্রান্ত সঠিক পরিসংখ্যান একেবারে পাওয়া যায় না। পাওয়া যায় নানা অনুমিত পরিমাণ। সরকারি খাত বাদে সবই বেসরকারি খাত। এবং সেই হিসাবে সংখ্যা কয়েক কোটি পার হওয়ার কথা। বেসরকারি খাতে চাকরির ক্ষেত্রে কেবল একটি শ্রম আইন ছাড়া সরকারের পক্ষ থেকে আর কোনো দিকনির্দেশনা নেই। এক্ষেত্রে বেতন–ভাতা মূলত বাজার ঠিক করে দেয়।

মুক্তবাজার অর্থনীতিতে বেতন–ভাতার ক্ষেত্রে এমনটাই হওয়ার কথা। তবে আমাদের দেশের ক্ষেত্রে ব্যতিক্রম হলো, শ্রম আইনও খুব বেশি প্রতিষ্ঠান ঠিকঠাক অনুসরণ করে না। আর সেসব নিয়ে সরকারি দেখাশোনাও তেমন কঠোর নয়। ফলে বেসরকারি খাত একেবারেই চলে মালিকপক্ষ ও বাজারের খেয়াল–খুশি অনুযায়ী। এখানে চাকরির নিশ্চয়তাও পদ্মপাতায় জমা জলের মতো, যে কোনো সময় টলে যেতে পারে।

এর বিপরীতে অর্থ উপার্জন ও চাকরির স্থায়িত্বের নিশ্চয়তা সরকারি চাকরিতে আছে বহুগুণে। বাংলাদেশের মতো দেশে তাই সরকারি চাকরি সোনার হরিণ বনে যায়। কারণ বাংলাদেশে সরকারি চাকরি হারানো খুব কঠিন! সেই কারণেই গত দুই দশকের বেশি সময় ধরেই আমাদের দেশে সরকারি চাকরির দাম তুলনামূলকভাবে একটু বেশি বেশি। আগে ক্ষমতা থাকলেও, বেতন-ভাতা কিছুটা কম ছিল সরকারি চাকুরেদের। তবে ২০১৫ সালের পে কমিশনে বেতন বৃদ্ধির পর থেকে দুই পাল্লাই প্রায় সমান সমান। আর চলতি বছরের নতুন পে–স্কেলের পর তো আর কথাই নেই! আবার আবাসন থেকে শুরু করে সহজ শর্তে ঋণ পর্যন্ত অন্যান্য বিভিন্ন সুবিধা তো আছেই।

সরকারি চাকরিজীবীদের পাওয়া বিভিন্ন সুবিধার হিসাবে যদি আরেকটু ঢোকা যায়, তাহলে দেখা যাবে এক বিস্ময়কর চিত্র। একে বেতন নিয়মিত, চাকরির স্থায়িত্ব নিশ্চিত, আবার এত সুবিধাও! কেমন শুনুন।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ২০২৬-২৭ করবর্ষের আয়কর নির্দেশিকা এবং আয়কর আইন, ২০২৩ পর্যালোচনা করে দেখা যায়, সরকারি চাকরিজীবীদের ৪২ ধরনের ভাতা ও সুবিধায় কর অব্যাহতি রয়েছে। কিন্তু বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে ঠিক বিপরীত চিত্র। সেখানেও কিছু কিছু কর-ছাড় রয়েছে। কিন্তু সরকারি চাকরিজীবীদের তুলনায় তা অত্যন্ত সীমিত। বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে আয়ের এক-তৃতীয়াংশ অথবা সর্বোচ্চ ৪ লাখ ৫০ হাজার টাকার মধ্যে যেটি কম, সেই পরিমাণ ছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ, বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে যারা কম বা মধ্যম আয় করবেন, তাদের আয় বেশি করের আওতায় পড়বে। আবার একই ভাতা সরকারিতে করমুক্ত, বেসরকারিতে করের আওতায়–এমনটাও দেখা গেছে। এর মধ্যে যাতায়াত, বাড়িভাড়া ও চিকিৎসা ভাতার কথা উল্লেখ করা যেতে পারে। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে এসব ভাতা করমুক্ত। কিন্তু বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে এসব ভাতার ক্ষেত্রে একটি করমুক্ত সীমা বেঁধে দেওয়া হয়েছে। এর পরেই বসে কর। অর্থাৎ, সরকারি চাকরিজীবীদের বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে, যেখানে বেসরকারি চাকরিজীবীদের ছাড় নেই। করনীতিতে থাকা এ ধরনের ব্যবধানকে কাঠামোগত বৈষম্য বলছেন বিশেষজ্ঞরা। অবশ্য এটা বুঝতে বিশেষজ্ঞ হওয়াও লাগে না, খালি চোখেই বোঝা যায় বৈষম্যের চিত্রটি। কারণ ব্যবধানটি আসলে উনিশ–বিশ ঘরানার নয়। বরং ব্যবধান তেত্রিশ বনাম তিরাশির!

আবার যে বেসরকারি চাকরিজীবীদের করের টাকায় সরকারি চাকরিজীবীদের বেতন হচ্ছে, তারাই সরকারি সেবা পাওয়ার বেলায় ভোগান্তির শিকার হচ্ছেন। ‘সেবাখাতে দুর্নীতি: টিআইবির জাতীয় খানা জরিপ ২০২৩’ অনুযায়ী, ২০২৩ সালের মে মাস থেকে ২০২৪ সালের এপ্রিল মাস পর্যন্ত মেয়াদে সার্বিকভাবে ৭০.৯ শতাংশ খানা দুর্নীতির শিকার হয়েছে এবং সেবাখাতে দেশের সর্বোচ্চ দুর্নীতিগ্রস্থ খাত হলো পাসপোর্ট, বিআরটিএ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, বিচারিক সেবা ও ভূমি খাত। সর্বোচ্চ ঘুষ গ্রহণকারী তিনটি খাত হলো: পাসপোর্ট, বিআরটিএ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। এবং এই সবগুলোই হলো সরকারি সেবাখাত।

তার চেয়েও ট্র্যাজিক ব্যাপার হলো, এই দেশের সব ধরনের সরকারই কেন জানি বেসরকারি চাকরিজীবীদের বেলায় ‘ধরি মাছ, না ছুঁই পানি’ আচরণ করে। এড়িয়ে যাওয়ার প্রবণতাটিই বেশি। যেমন: আয়কর আইন ২০২৩-এ তৎকালীন সরকার প্রভিডেন্ট ফান্ডের ওপর কর আরোপের নতুন বিধান অন্তর্ভুক্ত করেছিল। তাতে বলা হয়েছিল, আইন অনুযায়ী ওই অর্থবছর থেকেই বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে প্রভিডেন্ট ফান্ড থেকে অর্জিত আয়ের ওপর কর রিটার্ন দাখিল করতে হবে। একই সঙ্গে প্রভিডেন্ট ফান্ডের অর্থ কোথাও বিনিয়োগ করা হলে ওই আয়ের ওপর ২৭ দশমিক ৫ শতাংশ হারে কর দিতে হবে। এর জেরে বেসরকারি কর্মীদের অবসরকালীন সুবিধা কমে যাওয়ার আশঙ্কা প্রবলভাবে আলোচ্য হয়ে উঠেছিল। একপর্যায়ে সমালোচনার মুখে বেসরকারি চাকরিজীবীদের প্রভিডেন্ট ফান্ডের আয়ের ওপর আরোপিত করহার সাড়ে ২৭ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়। যদিও সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে একই জিনিস থেকে যায় করমুক্তই।

অন্যদিকে চব্বিশের গণঅভ্যুত্থানের পর বেসরকারি চাকরিজীবীদের জাতীয় বেতনকাঠামো নিয়ে কিছুটা শোরগোল শোনা গিয়েছিল। বলা হয়েছিল, এ নিয়ে সরকারি উদ্যোগে কাজ চলছে। যদিও তার ফলাফল আর চোখে দেখা হয়নি। আর এবারের রাজনৈতিক নতুন সরকার ক্ষমতায় আসার কয়েক মাসের মাথায় সরকারি চাকরিজীবীদের নতুন পে–স্কেল ঘোষণা করে দিলেও, বেসরকারিদের ক্ষেত্রে তা এখনও আছে ‘হচ্ছে–হবে’ অবস্থায়। বলা হচ্ছে, বেসরকারি খাতের চাকরিজীবীদের চাকরির নিরাপত্তা ও ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে যুগোপযোগী ও সমন্বিত ‘বেসরকারি সার্ভিস রুলস’ প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় নতুন একটি বিধিমালা তৈরির কাজ শুরু করেছে। বেসরকারি চাকরিজীবীদের পরিমাণের হিসাব করলে, এই কাজটিই আগে হওয়ার কথা। কিন্তু গুরুত্ব পেল সেই সরকারিরাই। তাই নতুন সরকারি পে–স্কেলের ঘোষণাটিই আগে আসে।

অর্থাৎ, দেশে এখন যে অবস্থা, তাতে একই সুবিধা দেশের সরকারি চাকরি করা এক নাগরিক পাচ্ছেন বেশি বেশি, আর বেসরকারি চাকরি করা নাগরিকেরা পাচ্ছেন কম কম। তাহলে এটি কি ‘চরম বৈষম্য’ নয়? এক কথায়, বেসরকারি চাকরিজীবীদের সেই বেশি কর দেওয়ার মেশিন বানিয়েই রাখা হচ্ছে। তাদের বৈষম্যের জাঁতাকলেই পেষার ব্যবস্থা জারি থাকছে। সেই কল থেকে শুধু তেল (মতান্তরে টাকাকড়ি) বের করেই নেওয়া হচ্ছে। যেন এই দেশটা চালানোর দায়িত্ব কেবলই বেসরকারি চাকরিজীবীদের, যার বিনিময়ে আবার তেমন কোনো সুবিধাও মিলবে না তাদের!

এভাবে আসলে আমাদের দেশে কি একটি নব্য জমিদারি ব্যবস্থার প্রবর্তন করা হচ্ছে না? সরকার যেভাবে তার কর্মচারীদের বেতন, সুবিধা বহুগুণে বাড়াচ্ছে, সেটি কি সমাজ ও অর্থনীতির অন্যান্য শ্রেণির মধ্যে একটি বাধ্যতামূলক বিশাল ব্যবধান সৃষ্টি করছে না? আবার এসব বেতন, সুবিধা বাড়ানো হচ্ছে সেই সাধারণ জনতার টাকায়, যাদের ভোটে সরকার নির্বাচিত হয়, ক্ষমতা পায়। অন্যদিকে সেসব নিশ্চিত করতেই ওই জনতার ঘাড়েই চাপানো হচ্ছে করের বোঝা। সরকারি চাকরিতে নানা সুবিধার পসরা সাজিয়ে দেশের বাদবাকি পেশাজীবী নাগরিককে এমনভাবে কোণঠাসা করা হচ্ছে, যেখানে সমাজ ও অর্থনীতিতে লেভেল প্লেয়িং ফিল্ড বলতেই কিছু অবশিষ্ট থাকছে না। একে নতুন জমিদারি ব্যবস্থা তৈরির চেষ্টা ছাড়া আর কি বলা যায় তাহলে?

তা এই পরিস্থিতিতে বেসরকারি চাকরিজীবীরা যদি নিজেদের ‘পাপী বান্দা’ মনে করতে শুরু করে দেন, তাদের তো আর দোষ দেওয়া যায় না! বিপুল পরিমাণ পাপকাজ না করলে কি আর সরকারি তরফে এতটা একচোখা আচরণের শিকার হতে হয়? ‘নিশ্চয়ই কোনো না কোনো দোষ আছে, নইলে কেন এমন হবে’—এ ধরনের একটি মনোপীড়া বেসরকারি চাকরিজীবীদের কুরে কুরে খেতেই পারে। আর এসব নানা প্রতিক্রিয়ায় যদি বেসরকারি চাকরিজীবীরা একেবারে হতোদ্যম হয়ে পড়েন, তাহলে কিন্তু ক্ষতি হবে জাতীয় অর্থনীতিরই। কারণ বেসরকারি চাকরিজীবীরা আসলে এই দেশের সোনার ডিম পাড়া হাঁস। এখন সেই হাঁসের পেটই যদি কেটে ফেলা হয় একবারে, তাহলে কিন্তু সোনার ডিম পাওয়ার আশাও শেষ। এখন কর্তৃপক্ষীয় মন তা বুঝলেই হয়!

লেখক: বার্তা সম্পাদক, চরচা