নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ন্যায়বিচার, সহিংসতার শিকার ব্যক্তিদের সুরক্ষা এবং দায়মুক্তির অবসানের আহ্বান নিয়ে ১৬ দিনব্যাপী প্রচারাভিযান করবে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)।
গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনএনআরসি জানিয়েছে, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে আগামী ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত এ প্রচারাভিযান চলবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রচারাভিযানের মূল বার্তা, ‘নারীর প্রতি সহিংসতা বন্ধে এক হই। ন্যায়বিচার নিশ্চিত করুন, সহিংসতার শিকার ব্যক্তিদের সুরক্ষা দিন, দায়মুক্তির অবসান ঘটান।’ প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রতিকার ও সহায়তা পাওয়ার পথ সম্পর্কে তথ্য প্রচার এবং স্থানীয় পর্যায়ে সহযোগিতা জোরদার করা এ উদ্যোগের লক্ষ্য।
ডিজিটাল প্রযুক্তি নারীর শিক্ষা, কর্মসংস্থান, যোগাযোগ ও মতপ্রকাশের নতুন সুযোগ তৈরি করেছে। একই সঙ্গে অনলাইনে যৌন হয়রানি, হুমকি, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার, ভুয়া পরিচয়ে প্রতারণা এবং সম্মতি ছাড়া ছবি বা তথ্য প্রকাশের মতো সহিংসতার ঝুঁকিও রয়েছে।
এ ধরনের সহিংসতা নারীর নিরাপত্তা, মর্যাদা ও মানসিক সুস্থতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এর প্রভাবে অনেকে অনলাইন কার্যক্রম, নেতৃত্ব, নাগরিক অংশগ্রহণ ও ডিজিটাল সেবা গ্রহণ থেকে দূরে সরে যেতে পারেন।
প্রচারাভিযানের অংশ হিসেবে সাতক্ষীরা, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর ও ময়মনসিংহ জেলায় পৃথক সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। নারীর অধিকার প্রতিষ্ঠা, সহিংসতা প্রতিরোধ, আইনি ও মানবিক সহায়তা এবং ডিজিটাল উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ ছয় জেলার মোট ৩৬ জন নারী ও তরুণীকে সম্মাননা জানানো হবে।
স্থানীয় সাংবাদিকদের সম্পৃক্ত করে নারী ও শিশুর প্রতি সহিংসতা, বিশেষত টিএফজিবিভির বাস্তব চিত্র, প্রতিরোধের চ্যালেঞ্জ এবং প্রতিকার পাওয়ার প্রতিবন্ধকতাগুলো গণমাধ্যমে তুলে ধরার উদ্যোগ নেওয়া হবে।
দেশের নয়টি কমিউনিটি রেডিওতে নয়টি বিশেষ আলোচনা অনুষ্ঠান প্রচার করা হবে বলে জানিয়েছে বিএনএনআরসি। এসব অনুষ্ঠানে প্রযুক্তির মাধ্যমে সংঘটিত সহিংসতার ধরন, প্রতিরোধের উপায়, অভিযোগ জানানোর প্রক্রিয়া এবং আইনি ও অন্যান্য সহায়তা পাওয়ার সুযোগ সম্পর্কে তথ্য তুলে ধরা হবে।
প্রচারাভিযানের বিভিন্ন আয়োজনে ছয় জেলার স্থানীয় ও জাতীয় পর্যায়ের আনুমানিক ৭২ জন সাংবাদিক সরাসরি অংশ নেবেন। পাশাপাশি সম্মাননার জন্য নির্বাচিত ৩৬ জন নারী ও তরুণী, স্থানীয় সেবাদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি, ছয় জেলার ফোকাল পারসন এবং নয়টি কমিউনিটি রেডিওর কর্মীরা যুক্ত থাকবেন।