বাংলাদেশে নারীরা পুরুষ জরিপকারীদের তুলনায় নারী জরিপকারীদের কাছে সঙ্গীর হাতে নির্যাতনের অভিজ্ঞতা জানাতে তুলনামূলক স্বস্তিবোধ করেন। এমনটা উঠে এসেছে ব্র্যাকের এক সাম্প্রতিক প্রতিবেদনে। ‘ডু উইমেন আন্ডাররিপোর্ট ডমেস্টিক ভায়োলেন্স টু মেল ইনামুরেটর’ শীর্ষক ওই প্রতিবেদনে দেখা যায়, নারী জরিপকারীর কাছে ২৭ শতাংশ নারী যৌন নির্যাতনের কথা জানিয়েছেন। পুরুষ জরিপকারীর কাছে এ কথা জানিয়েছেন মাত্র ৯ শতাংশ। অর্থাৎ নারী জরিপকারীর কাছে যৌন নির্যাতনের তথ্য প্রকাশের হার তিন গুণ।
গবেষণায় পাঁচ হাজারের বেশি বিবাহিত নারীর সাক্ষাৎকার নেওয়া হয়। তাদের কাছে আগের ১২ মাসে শারীরিক, যৌন, মানসিক এবং যৌতুকসংক্রান্ত নির্যাতনের অভিজ্ঞতা জানতে চাওয়া হয়েছিল। নির্যাতনের পাঁচটি সূচকের সব কটিতেই নারী ও পুরুষ জরিপকারীর নেওয়া সাক্ষাৎকারে তথ্য প্রকাশের পার্থক্য পাওয়া গেছে। নারী জরিপকারীর কাছে নারীরা বেশি নির্যাতনের কথা জানিয়েছেন। উত্তরদাতাদের বয়স, শিক্ষা, আয় ও পরিবারের সম্পদের মতো বৈশিষ্ট্য এবং জরিপকারীদের পেশাগত অভিজ্ঞতা বিবেচনায় নেওয়ার পরও এই পার্থক্য বজায় ছিল।
নারীরা অন্য নারীর কাছে নিজেদের পারিবারিক জীবনের সংবেদনশীল অভিজ্ঞতা তুলনামূলক স্বাচ্ছন্দ্যে প্রকাশ করতে পারেন, এমন ধারণা প্রচলিত। তবে গবেষকেরা বিষয়টি আরও গভীরভাবে বোঝার চেষ্টা করেছেন।
এ জন্য মাঠপর্যায়ের জরিপকারীদের পারিবারিক শৃঙ্খলা ও বৈবাহিক সম্পর্কে স্বামী-স্ত্রীর আচরণ নিয়ে ব্যক্তিগত বিশ্বাস সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। এতে দেখা যায়, পুরুষ জরিপকারীদের মধ্যে বৈবাহিক সম্পর্কে স্ত্রীকে শাসন করার বিষয়টি সামাজিকভাবে গ্রহণযোগ্য বলে মনে করার প্রবণতা বেশি।
তবে জরিপকারীদের ব্যক্তিগত বিশ্বাসের সঙ্গে তাদের সাক্ষাৎকার নেওয়া নারীদের নির্যাতনের তথ্য প্রকাশের হারের কোনো পরিসংখ্যানগত সম্পর্ক পাওয়া যায়নি। এসব বিশ্বাস বিবেচনায় নেওয়ার পরও নারী ও পুরুষ জরিপকারীর কাছে তথ্য প্রকাশের ব্যবধান বজায় ছিল।
গবেষকদের ধারণা, নির্দিষ্ট জরিপকারীর ব্যক্তিগত মনোভাবের চেয়ে একজন অপরিচিত পুরুষের কাছে পারিবারিক নির্যাতনের কথা প্রকাশ করার সামাজিক ঝুঁকিই নারীদের উত্তর দেওয়ার ক্ষেত্রে বেশি প্রভাব ফেলেছে।