
এনভিডিয়ায় ফিরতে চান জেনসেন হুয়াং, পথে কাঁটা বোর্ড ও ওয়াশিংটন
হুয়াং ফিরতে চাইলেও তার পথটি সহজ নয়। রয়টার্স এবং সিবিএস নিউজের সূত্রগুলো বলছে, এনভিডিয়ার পরিচালনা পর্ষদ তাকে সিইও বা অন্য কোনো পদে ফিরিয়ে আনার বিষয়ে কোনো আগ্রহ দেখাচ্ছে না।
চরচা ডেস্ক

চীন তার অর্থনীতির সবচেয়ে বড় সমস্যাগুলো ঠিকই ধরে ফেলেছে। চাইনিজ কমিউনিস্ট পার্টিও মেনে নিয়েছে যে, তাদের অর্থনীতি অতিরিক্ত মাত্রায় বিনিয়োগ আর রপ্তানির ওপর টিকে আছে, আর সাধারণ মানুষের কেনাকাটা বা খরচ করার ক্ষমতা কমে যাওয়াটাই ভবিষ্যতের উন্নতির পথে বড় বাধা। চীনা নেতারা এটাও বোঝেন যে, এই একপেশে প্রবৃদ্ধির কারণে উন্নত ও উন্নয়নশীল- দুই ধরনের দেশের সঙ্গেই তাদের বাণিজ্য নিয়ে ঝামেলা তৈরি হচ্ছে, যা ভবিষ্যতেও থামবে না। এমনকি চীনের ভেতরে ও বাইরের বহু অর্থনীতিবিদ স্পষ্ট হুঁশিয়ারি দিচ্ছেন যে, বেইজিং যদি এখনই বড় কোনো বদল না আনে, তবে তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও ধীর হয়ে যাবে, বাণিজ্য নিয়ে বিবাদ বাড়তেই থাকবে এবং সাধারণ মানুষের আয় এক জায়গায় আটকে থাকবে।
কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো, সব জেনেও চীনের নেতৃত্ব কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। সাধারণ মানুষের খরচ করার ক্ষমতা আর দেশের ভেতরের চাহিদা বাড়াতে বেইজিং কেবল নামমাত্র কিছু পরিকল্পনা দেখিয়েছে। তাদের মূল কৌশল আগের মতোই রয়ে গেছে- কারখানা খাতে বিনিয়োগ বাড়ানো। বিশেষ করে আধুনিক প্রযুক্তি আর নতুন কৌশলগত শিল্প তৈরিতেই তারা সব জোর দিচ্ছে।
বেইজিং কেন এসব সতর্কবার্তা গায়ে মাখছে না, তা নিয়ে নানা আলোচনা রয়েছে। অনেকের ধারণা, চীনের শীর্ষ নেতা সি চিনপিং হয়তো সঠিক তথ্য পাচ্ছেন না। আবার কেউ কেউ মনে করেন, তিনি ও তার কাছের লোকেরা অর্থনৈতিক উন্নতির চেয়ে দেশের নিরাপত্তা আর বিশ্ববাজারে নিজেদের প্রভাব খাটাতেই বেশি মনোযোগ দিচ্ছেন। অন্যদের মতে, কী করা উচিত- তা বেইজিং ভালো করেই জানে, কিন্তু রাজনৈতিক বা প্রশাসনিক টানাটানির কারণে তারা কঠোর কোনো সিদ্ধান্ত নিতে পারছে না।
তবে সত্য কথা হলো, এসব কারণের ভূমিকা থাকলেও আসল বিষয়টা কিন্তু বেশ সোজা। চীনের নেতারা মনে করছেন, তাদের বর্তমান কৌশলটা দারুণ কাজ করছে, তাই তারা এই পথ ছাড়ছেন না। বৈদেশিক আয় বৃদ্ধি, সাধারণ মানুষের খরচ না করা, ধীরগতির আয় বৃদ্ধি, ঋণের অভাব, বেকারত্ব আর দীর্ঘদিনের মন্দার মতো যেসব খারাপ তথ্য বাকি পৃথিবী দেখছে, চীনা নেতারাও তা দেখছেন। পার্থক্য শুধু একটাই- এই তথ্যগুলো বিশ্লেষণ করে তারা সম্পূর্ণ ভিন্ন সিদ্ধান্তে পৌঁছেছেন এবং সমাধান হিসেবেও একেবারে আলাদা পথ বেছে নিয়েছেন।
চীন সরকার যেভাবে তাদের দেশ চালায়, তার পেছনে একটা সুনির্দিষ্ট দীর্ঘমেয়াদি পরিকল্পনা থাকে। তাদের মূল উদ্দেশ্য হলো- হুট করে সামনে আসা কোনো ছোটখাটো সমস্যার চাপে পড়ে যেন মূল লক্ষ্য থেকে সরে যেতে না হয়। সমস্যাটা হলো, তাদের এই দীর্ঘমেয়াদি কৌশলটা একটা বিশেষ ধারণার ওপর দাঁড়িয়ে আছে। তারা বিশ্বাস করে যে, আধুনিক প্রযুক্তি আর কল কারখানার ওপর কড়া নিয়ন্ত্রণ রাখলেই দেশ আবার দ্রুতগতিতে সামনের দিকে এগিয়ে যাবে।
সহজ কথায় বললে, এটি মূলত ‘মার্ক্সবাদী ভাবধারার সঙ্গে ধ্রুপদী অর্থনৈতিক উন্নয়নের’ একটি মিশ্রণ। বেইজিংয়ের কর্তাব্যক্তিরা সবসময় প্রযুক্তি আর পুঁজির ওপর পুরো নিয়ন্ত্রণ ধরে রাখতে চান। তাদের বিশ্বাস, অঢেল বিনিয়োগ করলে দেশের উৎপাদন বাড়ে এবং মানুষের আয়ও দ্রুত বেড়ে যায়। কিন্তু সমস্যা হলো, বাজারের আসল চাহিদা বা সাধারণ মানুষের কেনার ক্ষমতার কথা মাথায় না রেখে যদি শুধু বড় বড় কারখানায় টাকা ঢালা হয়, তবে উৎপাদনশীলতা বা আয়- কোনোটিই টেকসই উপায়ে বাড়বে না। চীন ইতিমধ্যে বিশ্বের সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ, কিন্তু শুধু রপ্তানি বাড়িয়ে আর অর্থনীতি টিকিয়ে রাখা সম্ভব নয়।
নিজেদের অবস্থানে অনড় থাকা
চীনা নেতাদের চোখে ‘উন্নয়ন’ মানেই হলো টাকা বা সম্পদ জমিয়ে রাখা, আর ‘উৎপাদনশীলতা’ নির্ভর করে প্রযুক্তি খাতকে পুরোপুরি নিয়ন্ত্রণে রাখার ওপর। তারা মনে করেন, দেশের মানুষের আয় বাড়া, সেবা খাতের বিকাশ কিংবা সাধারণ মানুষের কেনাকাটা- এসব হলো উৎপাদনেরই ফল। অর্থাৎ, বড় বড় শিল্প কারখানাগুলো আগে সফলভাবে গড়ে উঠুক, তারপর মানুষের জীবনযাত্রার মান ও খরচ করার প্রবণতা আপনাআপনিই উন্নত হবে।
এই ধারণার ভিত্তিতে তাদের মূল মন্ত্র একটাই- আরও বেশি বিনিয়োগ, আরও বেশি কারখানা এবং আরও বেশি প্রযুক্তি। রাষ্ট্রের কাজ হলো এটা নিশ্চিত করা যে, মানুষ যে টাকা জমায় এবং কারখানাগুলোর যে লাভ হয়, তা যেন সাধারণ মানুষের কেনাকাটা বা বিনোদনের পেছনে নষ্ট না হয়ে যায়। বরং সরকারি ব্যাংক বা নানা নিয়মের মাধ্যমে সেই টাকা সরাসরি বড় বড় অগ্রাধিকারমূলক শিল্পে খাটানো হয়।
কিন্তু এর ফলে দেশের ভেতর কিছু সমস্যা তৈরি হয়। যেমন- সাধারণ মানুষের আয় সেভাবে বাড়ে না, সেবা খাত পিছিয়ে পড়ে এবং জনসেবাও দুর্বল হয়ে পড়ে। তবে এগুলো কোনো আকস্মিক দুর্ঘটনা নয়। চীনের অর্থনৈতিক তত্ত্ব অনুযায়ী, একে বলা হয় এক ধরনের ‘আত্মসংযম’ বা কষ্ট সহ্য করা, যা ভবিষ্যতে আরও বড় ও দ্রুত উন্নতির পথ প্রশস্ত করবে।
প্রশাসনের সরাসরি নিয়ন্ত্রণ
এই নীতির আরেকটি বড় দিক হলো, সুদের হার বা মুদ্রার মূল্যের ওপর বাজারের স্বাভাবিক গতিপ্রকৃতির ভরসায় বসে না থেকে সরকার নিজেই সরাসরি হস্তক্ষেপ করে অর্থনৈতিক গতিপথ ঠিক করে দেয়। বাজার থেকে নতুন নতুন উদ্ভাবন আর দক্ষতা বের করে আনার জন্য রাষ্ট্র কিছুটা স্বাধীনতা দেয় ঠিকই, কিন্তু কোন খাতে কত বিনিয়োগ হবে এবং অগ্রাধিকারপ্রাপ্ত খাতগুলো যেন সর্বোচ্চ গতিতে এগোতে পারে, তা নিশ্চিত করার পুরো কর্তৃত্ব সরকার নিজের হাতেই রাখে। কোনো কারণে ভারসাম্যে গোলমাল দেখা দিলে রাষ্ট্র সেখানেও সরাসরি হস্তক্ষেপ করে।
এই ভাবনা থেকে বিচার করলে, পুরো অর্থনীতিকে একটা বিশাল ছকের মতো দেখা হয়, যেখানে প্রতিটি খাত একে অন্যের ওপর নির্ভরশীল। কোনো পণ্যের দাম হুট করে বেড়ে বা কমে গেলে বুঝতে হবে, কোথাও অতিরিক্ত বিনিয়োগ হয়েছে কিংবা চাহিদার তুলনায় জোগান কম রয়েছে।
তখন সরকারের নীতি হয়- উৎপাদন বাড়িয়ে দাম নিয়ন্ত্রণে রাখা এবং পরিস্থিতির দাবি অনুযায়ী সম্পদের সঠিক বণ্টন নিশ্চিত করা। এই লক্ষ্য পূরণ করতে গিয়ে যদি কোনো খাতে অতিরিক্ত উৎপাদন বা কম লাভজনক পরিস্থিতি তৈরি হয়, তবে তাকে একপ্রকার অনিবার্য পরিণতি বলেই ধরে নেওয়া হয়।
বেইজিংয়ের নিখুঁত পরিকল্পনা আর তার বড় গলদ
চীন সরকার ঠিক এভাবেই তাদের দেশ পরিচালনা করে আসছে। উদাহরণস্বরূপ, ২০২২ সালে যখন তাদের আবাসন বাজার ধসে পড়ল এবং দেশের অর্থনীতির ভেতরের গোলযোগগুলো আর চেপে রাখা গেল না, তখন বেইজিং সুদের হার কমানো বা বাজার সংস্কারের পথ থেকে সরে দাঁড়াল। উল্টো তারা শক্ত হাতে ঋণের প্রবাহ নিয়ন্ত্রণ করা শুরু করল এবং শিল্পনীতিতে সরকারি নজরদারি ও অর্থায়ন আরও বাড়িয়ে দিল।
এখন কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ ঋণের মাধ্যমে সরাসরি নির্দিষ্ট কিছু শিল্পকে কম সুদে টাকা দেওয়া হচ্ছে, যাতে তারা নিজেদের আধুনিক করে তুলতে পারে এবং নতুন যন্ত্রপাতি কিনতে পারে। সরকারের গড়া হাজার হাজার ফান্ড থেকে কম সুদে টাকা দেওয়া হচ্ছে সেই কোম্পানিগুলোকে, যেগুলো প্রযুক্তি ও শিল্প উন্নয়নে কাজ করছে। পুঁজিবাজারে শেয়ারের দাম ধরে রাখতে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো সরাসরি হস্তক্ষেপ করছে এবং নতুন কোনো কোম্পানি বাজারে আসার সময় সরকারি নীতি অনুযায়ী বিশেষ খাতগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
কোনো খাতে যদি প্রয়োজনের চেয়ে বেশি বিনিয়োগ হয়ে যায়, তবে সরকার কঠোর ব্যবস্থা নেয়। যেমন: অতিরিক্ত উৎপাদন ঠেকানোর জন্য তারা এমন কিছু নীতি আনে, যার মাধ্যমে ভবিষ্যতে নতুন বিনিয়োগ কমিয়ে দেওয়া হয়, পণ্যের দাম নির্দিষ্ট করে লাভের সম্ভাবনা টিকিয়ে রাখা হয় অথবা নতুন কোম্পানির বাজারে ঢোকার রাস্তা কঠিন করে দেওয়া হয়। সরকারের লক্ষ্য হলো- কোনো একটা জায়গায় যেন প্রয়োজনের চেয়ে বেশি উৎপাদন না হয়, আর অর্থনীতির অন্য খাতগুলো যেন সময়ের সাথে সাথে তার সাথে তাল মিলিয়ে ভারসাম্য বজায় রাখতে পারে।
এই নীতির পেছনের নিজস্ব যুক্তি
মুক্তবাজার অর্থনীতির নিয়মে এই বিষয়গুলো হয়তো বাইরে থেকে অদ্ভুত মনে হতে পারে, কিন্তু চীনের ভেতরের প্রেক্ষাপট থেকে দেখলে এর একটা নির্দিষ্ট যুক্তি খুঁজে পাওয়া যায়। বিশেষ করে একেবারে মাইক্রো স্তরে দেখলে বিষয়টি পরিষ্কার হয়।
একটা সময় জিডিপির প্রায় এক-চতুর্থাংশই আসত এই আবাসন খাত থেকে। সেই খাত যখন হঠাৎ ধসে পড়ল, তখন দেশের সরবরাহ ও চাহিদার পুরো ব্যবস্থায় বিশাল এক ধাক্কা লাগল। তাই পরিস্থিতি সামাল দিতে সরকার যে খাতগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোকে বাঁচানোর জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নেবে- এটাই স্বাভাবিক। গত ১৫ বছরে চীনের শেয়ারবাজার, পণ্যের বাজার আর প্রপার্টি মার্কেটে বারবার বাবল বার্স্টের ঘটনা ঘটেছে (অর্থাৎ হঠাৎ দাম আকাশছোঁয়া হয়ে পরে ধসে পড়েছে)। এ কারণেই নীতিনির্ধারকরা পুরো অর্থনীতির জন্য ঢালাওভাবে সহজ শর্তে টাকা ছাপানো বা ঋণ দেওয়ার নীতি নিয়ে চরম সতর্ক থাকেন। তাই তারা এখন পুরো অর্থনীতির বদলে নির্দিষ্ট কিছু খাত ধরে ধরে কাজ করার কৌশল নিয়েছেন।
একই সাথে, চীনা নেতাদের মধ্যে একধরনের আত্মতুষ্টি বা গর্ব কাজ করাটাও স্বাভাবিক। কারণ, গাড়ি বা টেলিকমের মতো ঐতিহ্যবাহী বড় বড় শিল্পে চীনা কোম্পানিগুলো এখন বিশ্বসেরা জায়গায় পৌঁছে গেছে। আর রোবোটিক্স বা বায়োটেকনোলজির মতো অত্যাধুনিক কাটিং- এজ খাতেও তাদের বহু কোম্পানি দারুণ সফল হওয়ার মুখে। দেশের অর্থনীতিতে এত বড় ধাক্কা খাওয়ার পরেও এই সাফল্যগুলো এসেছে।
১৯৯০-এর দশক এবং এই শতাব্দীর শুরুতে যেসব নীতিনির্ধারক মৃতপ্রায় পরিকল্পিত অর্থনীতিকে বাঁচানোর কঠিন লড়াই করেছিলেন, তাদের প্রজন্মের কাছে এই বিশ্বমানের (অধিকাংশই বেসরকারি) কোম্পানির জন্ম নেওয়াটাই সবচেয়ে বড় প্রমাণ যে- বেইজিংয়ের এই পথটাই সঠিক। এই চিন্তাধারা থেকেই তারা বিদেশি সমালোচকদের কথা কানে তোলেন না। আমেরিকা বা ইউরোপের ধনী দেশগুলো যখন বলে যে, চীন অন্যায়ভাবে বাজারে হস্তক্ষেপ করছে বা বাণিজ্যে বিশৃঙ্খলা তৈরি করছে, তখন চীনা নেতারা সেগুলোকে কেবল তাদের ‘আঙ্গুর ফল টক’ মনোভাব বলে উড়িয়ে দেন। কারণ ওই দেশগুলো একসময় ‘একচেটিয়া’ প্রযুক্তি ব্যবসা করে ‘একচেটিয়া’ লাভ লুটতে অভ্যস্ত ছিল।
এছাড়া, বর্তমানের কিছু মূল্যস্ফীতিহীনতা বা মন্দা অবস্থাকেও চীনা নেতারা কঠোর পরিশ্রমে অর্জিত দক্ষতার ফল বলেই মনে করেন। তাদের মতে, এর মানে হলো- উৎপাদনের পথের সব জঞ্জাল দূর হয়েছে, বড় পরিসরে উৎপাদনের ফলে খরচ কমেছে, বিশ্বমানের অবকাঠামো তৈরি হয়েছে এবং সাপ্লাই চেইনের প্রতিটি স্তরে খরচ নামিয়ে আনা সম্ভব হয়েছে। তারা মনে করেন, দক্ষতা বাড়ার কারণে সাময়িকভাবে বা এককালীন যে খরচ কমেছে, কিংবা আবাসন নির্মাণ কমে যাওয়ার ফলে যে ধাক্কা এসেছে, তা অর্থনীতি নিজেই হজম করে নেবে। এর জন্য অহেতুক কোনো প্রণোদনা দেওয়ার প্রয়োজন নেই। আর বিদেশি বিশ্লেষকরা যতই বাণিজ্য যুদ্ধের বা শুল্ক বসানোর ভয় দেখাক না কেন, পরিসংখ্যান কিন্তু অন্য কথা বলছে। ট্রাম্প প্রশাসনের একের পর এক কঠোর শুল্ক চাপানো এবং ইউরোপীয় ইউনিয়ন ইলেকট্রিক গাড়ির মতো কিছু খাতে বাধা দেওয়ার পরও দেখা যাচ্ছে, চীনের রপ্তানি কমার নামগন্ধ নেই, বরং তা দিব্যি টিকে আছে।
মূল সমস্যা: ত্রুটিপূর্ণ ভিত্তি
তবে চীনের এই অর্থনৈতিক কৌশলের মূল গলদ হলো- দেশের ভেতরের মানুষের মোট কেনাকাটার ক্ষমতা বা চাহিদা সবসময় অভ্যন্তরীণ উৎপাদনের পরিমাণের চেয়ে অনেক কম থেকে যায়। চীনের কারখানায় যে পণ্য তৈরি হয়, দেশের সাধারণ কর্মীরা যদি তা নিজেরাই কিনতে না পারে, তবে সরকারের সব পরিকল্পনা কাগজে-কলমেই থেকে যাবে। তখন বাধ্য হয়ে সেই পণ্য দেশের বাইরে কম দামে বিক্রি করতে হবে।
চীনা নেতারা তাত্ত্বিকভাবে এই কথাটা বোঝেন, কিন্তু তাদের অন্ধ বিশ্বাস হলো- আধুনিক শিল্প আর প্রযুক্তির ওপর কড়া নিয়ন্ত্রণ রাখলেই আপনাআপনি উৎপাদনশীলতা বেড়ে যাবে, অর্থনৈতিক প্রবৃদ্ধি চিরকাল একই গতিতে ছুটবে এবং মানুষের আয় ও খরচ করার ক্ষমতাও হু হু করে বাড়বে।
আর এখানেই লুকিয়ে আছে বেইজিংয়ের কৌশলের সবচেয়ে বড় বিপদ! কারণ এটি মূলত পুরনো আমলের মার্ক্সবাদ আর ভুলভাবে প্রয়োগ করা ধ্রুপদী অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি ক্ষতিকর মিশ্রণ। বাস্তবে দেখা যায়, বাজারে সরকারের অতিরিক্ত নাক গলানোর ফলে সার্বিক উৎপাদনশীলতা উল্টো কমে যেতে পারে। চীন উন্নত শিল্প গড়ে তুলতে সফল হলেও সাধারণ শ্রমিকদের আয় একই জায়গায় আটকে থাকতে পারে।
এ কথা সত্য যে, মুক্তবাজার অর্থনীতিতে সবকিছু যদি আদর্শ মেনে চলে, সে ক্ষেত্রে মূলধন এবং প্রযুক্তি মানুষের কাজের উৎপাদনশীলতা বাড়িয়ে দেয়। কিন্তু বিনিয়োগ থেকে লাভ আসবে কি না, তা না ভেবে সরকার যদি নিজে জোর করে টাকা ঢেলে সম্পদের বণ্টন করতে থাকে, তবে সেই হিসাব-নিকাশ উল্টে যায়। শুধু উন্নত শিল্পের নিয়ন্ত্রণ বা মালিকানা থাকলেই যে রাতারাতি অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে, তা নয়। কারণ অর্থনীতির বিশাল পরিসরে এই খাতগুলোর অবদান খুবই সামান্য।
নতুন কোনো পণ্য বা প্রযুক্তি তখনই আসল উৎপাদনশীলতা বাড়ায়, যখন তা পুরো অর্থনীতিতে ছড়িয়ে পড়ে এবং কাজ আরও সহজ বা দ্রুত করে তোলে। যেমন: শুধু একটা রোবট তৈরির কোম্পানি সফল হওয়া মানেই দেশের উৎপাদনশীলতা বেড়ে যাওয়া নয়। আসল ব্যাপার হলো, সেই রোবটগুলো দেশের সাধারণ কারখানায় ব্যবহার করে উৎপাদন খরচ কতটা কমল (যেমন: শ্রমিকের কাজ রোবট দিয়ে করিয়ে খরচ কমানো) এবং কাজের গতি কতটা বাড়ল। সরকারের দেওয়া শত শত কোটি টাকার ভর্তুকির পরও যদি রোবট ব্যবহারের আসল সুফল তার খরচকে ছাড়িয়ে না যায়, তবে কারখানা দেখতে যতই ঝকঝকে লাগুক বা রোবট কোম্পানি যত সফলই হোক না কেন, দেশের সামগ্রিক লাভ শূন্যের কোঠায়ই থেকে যাবে।
নতুন প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হলে অর্থনীতির পুরনো ও জীর্ণ বিষয়গুলোকে ভেঙে নতুন করে গড়ার সাহস থাকতে হবে- যাকে অর্থনীতিতে বলে ‘ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন’। কিন্তু চীনের নিজস্ব শিল্পনীতি আর সরকারি অতি-নজরদারির কারণে সেই স্বাভাবিক প্রক্রিয়াটাই বাধাগ্রস্ত হচ্ছে।
বাজারের পরিস্থিতি বুঝে ব্যবসায়ীরা যখন নিজে থেকে প্রযুক্তি বা বিনিয়োগের সিদ্ধান্ত না নেবেন, তখন নীতিনির্ধারকরা সরকারের আসন থেকে জুয়া খেলেন। তারা শুধু এটাই ধরে নেন না যে দীর্ঘমেয়াদি উন্নতির পথ বাজারের চেয়ে তারা ভালো বোঝেন, বরং তারা এ-ও ধরে নেন যে, কোন প্রযুক্তি দিয়ে কীভাবে নতুন উদ্ভাবনী ব্যবসা দাঁড় করাতে হবে, তা তাদের চেয়ে ভালো কেউ জানে না। কিন্তু চীনে সম্পদের বণ্টনব্যবস্থার ওপর সরকারের অতিরিক্ত নিয়ন্ত্রণের কারণে পুরো বাজারটাই স্থবির হয়ে পড়েছে।
বিশেষ করে, কোম্পানিগুলোর দেউলিয়া হওয়ার স্বাভাবিক সুযোগটুকু পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে, যার ফলে অর্থনীতিতে নতুন উদ্ভাবন বা দক্ষতা বৃদ্ধির সুফলগুলো আর সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারে না। এ ছাড়া, চীনের বেশির ভাগ শিল্পনীতির মূল লক্ষ্যই হলো ‘স্বাবলম্বিতা’ অর্জন। আর এই লক্ষ্য হাসিল করতে গিয়ে অনেক সময় অপ্রয়োজনীয় বা একই ধরনের কারখানায় বারবার টাকা ঢালা হয়, যার মাধ্যমে দেশের শিল্পশক্তি হয়তো খাতা-কলমে বাড়ে, কিন্তু কাজের আসল দক্ষতা বা কার্যকারিতা তাতে বাড়ে না।
অবশ্য এটা ঠিক যে, চীনের বহুমুখী শিল্পনীতির হাত ধরে বহু সফল কোম্পানি জন্ম নিয়েছে এবং দেশজুড়ে অত্যাধুনিক কারখানার এক বিশাল নেটওয়ার্ক গড়ে উঠেছে। কিন্তু এর পেছনের যে বিশাল অদক্ষতা আর আর্থিক অপচয় রয়েছে, তা কখনোই খবরের শিরোনামে আসে না। কোনো দেশের সার্বিক উৎপাদনশীলতা বিচার করতে হলে শুধু কিছু সফল কোম্পানির গল্প শুনলে চলবে না। এর বাইরে সরকার যত ধরনের শিল্প ভর্তুকি ও পরোক্ষ আর্থিক সহায়তা দিয়েছে, যত ঋণ খেলাপি হয়েছে, কিংবা যত লাভ মার খেয়েছে, তার সঙ্গে সার্বিক উৎপাদন বৃদ্ধির তুলনামূলক হিসাব করতে হবে।
বাস্তবতা হলো, চীনের সামগ্রিক সাফল্যের হার যতটা ঝকঝকে মনে হয়, আসলে তা ততটা নয়। বিওয়াইডি, সিএটিএল বা লি অটোর মতো বৈদ্যুতিক গাড়ি বা ব্যাটারি প্রস্তুতকারক কয়েকটি বিশ্বখ্যাত ব্র্যান্ডের আড়ালে ঢাকা পড়ে থাকে শত শত ব্যর্থ কোম্পানি। অথচ এই ব্যর্থ কোম্পানিগুলো পুরো খাত এবং সাপ্লাই চেইন জুড়ে লাখ লাখ টাকার মন্দ ঋণ (নন-পারফর্মিং লোন) তৈরি করেছে এবং দিনের পর দিন অলাভজনক সরকারি ভর্তুকি গিলে খেয়েছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব মতে, শিল্পনীতির পেছনে চীনের এই বিশাল খরচের পরিমাণ তাদের মোট জিডিপির প্রায় চার শতাংশ পর্যন্ত হতে পারে। হাতে গোনা কিছু সাফল্য বাদ দিলে, সরকারি এই বিপুল বিনিয়োগ থেকে মোটের ওপর কোনো সত্যিকারের লাভ আসছে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এটি লাভ তো দূরের কথা, এটি বিশাল অংকের লোকসানের কারণও হতে পারে।
প্রযুক্তি আর বেতনের হিসাব মেলানো কঠিন
বেইজিং এই ভরসায় বসে আছে যে, দারুণ দক্ষ উৎপাদন ব্যবস্থা এবং কৌশলগত শিল্পে ধারাবাহিক সাফল্যের ফলে একসময় শ্রমিকদের বেতন হু হু করে বেড়ে যাবে, যার ফলে সাধারণ মানুষের খরচ করার ক্ষমতাও বহুগুণে বৃদ্ধি পাবে। মুক্তবাজার অর্থনীতিতে উৎপাদনশীলতা বাড়লে যে মানুষের প্রকৃত আয় বাড়ে, এ কথা সত্যি। কিন্তু বিনিয়োগ বা প্রযুক্তির পেছনে আসল চালিকাশক্তি যদি বাজারের লাভ-লোকসানের হিসাব না হয়ে কেবল সরকারের মনগড়া নীতি হয়, তবে কোম্পানিগুলো যতই দক্ষ হয়ে উঠুক না কেন, শ্রমিকদের মজুরি বাড়ার বদলে উল্টো কমে যেতে পারে।

সাধারণ মানুষের আয় বাড়ার পেছনে একটি অত্যন্ত জরুরি ধাপ রয়েছে। তা হলো কর্মসংস্থান তৈরি হওয়া। অথচ চীনের এই পুঁজি-নির্ভর এবং অতি-উন্নত ম্যানুফ্যাকচারিং কৌশলে কর্মসংস্থানের সুযোগটাই সবচেয়ে অবহেলিত। সরকারি অর্থায়নের জোরে চীন একটি মধ্যম আয়ের দেশ হওয়া সত্ত্বেও আজ বিশ্বের এমন সব হাই-টেক ‘ডার্ক ফ্যাক্টরি’র নেতৃত্ব দিচ্ছে, যেখানে মানুষের কোনো প্রয়োজনই পড়ে না- এমনকি আলো জ্বালানোরও দরকার হয় না! এটি হয়তো খাতা-কলমে বা ইনপুট-আউটপুট টেবিলের নির্দিষ্ট কিছু ঘরে উৎপাদনের গ্রাফ বাড়িয়ে দেয়, কিন্তু দেশের সাধারণ মানুষের জন্য যদি নতুন কাজের সুযোগই তৈরি না হয়, তবে এই পুরো অর্থনৈতিক সমীকরণটাই একসময় তাসের ঘরের মতো ভেঙে পড়বে।
চীনের দুঃস্বপ্ন
তবে চীনা অর্থনৈতিক মডেলের সবচেয়ে মারাত্মক পরিণতি হলো দীর্ঘমেয়াদী ‘অবস্ফীতি’ (ডিফ্লেশন) বা পণ্যের দাম ক্রমাগত কমে যাওয়ার প্রবণতা। দেশের মানুষের ভেতরের খরচ করার ক্ষমতা বা চাহিদা এমনিতেই দুর্বল, তার ওপর শুধু উৎপাদন বাড়িয়ে যাওয়ার এই ঝোঁকের কারণে গত এক দশকে চীনে ‘উৎপাদক মূল্য সূচক’ বাড়ার চেয়ে কমার দিনই বেশি গেছে। এটি কেবল নির্দিষ্ট কিছু খাতের সাময়িক সমস্যা নয়। এটি পুরো চীনের অর্থনীতির জন্য এক বিশাল বিপদ।
দাম ক্রমাগত কমতে থাকলে বেসরকারি খাতে ঋণের চাহিদা কমে যায়, নতুন বিনিয়োগ করার আগ্রহ মরে যায় এবং চাকরি, বেতন ও সাধারণ মানুষের আত্মবিশ্বাস একেবারে তলানিতে ঠেকে যায়। এর ফলস্বরূপ, শুধু কয়েকটি নির্দিষ্ট খাত নয়, বরং পুরো দেশজুড়ে অভ্যন্তরীণ চাহিদা পুরোপুরি ভেঙে পড়ে। তাছাড়া, এই মূল্যসংকোচন সরকারের রাজস্ব আয়কেও শুষে নেয় এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর চরম চাপ সৃষ্টি করে। পরিস্থিতি দীর্ঘদিন এমন চলতে থাকলে যেকোনো কঠিন সিদ্ধান্ত নেওয়ার বা সংকট মোকাবিলার ক্ষমতা সরকারের হাতছাড়া হয়ে যায়। আর মজার ব্যাপার হলো, চীনের এই অভ্যন্তরীণ মূল্যসংকোচনের চাপ সস্তা পণ্যের রপ্তানি এবং দুর্বল মুদ্রার মানের মাধ্যমে সারা বিশ্ব অর্থনীতিতেও ছড়িয়ে পড়ছে, যা বেইজিং এবং তার বাণিজ্যিক অংশীদারদের মধ্যে উত্তেজনা দিন দিন বাড়িয়ে তুলছে।
তবু কেন বেইজিং পথ বদলাচ্ছে না?
দাম কমা বা অবস্ফীতির এই সংকট মোকাবিলায় পিছিয়ে পড়া অত্যন্ত বিপজ্জনক। কিন্তু বেইজিংয়ের কর্তাব্যক্তিরা যদি অন্ধের মতো বিশ্বাস করতেই থাকেন যে, তাদের এই কৌশলই শেষ পর্যন্ত উৎপাদনশীলতা বাড়াবে এবং অভ্যন্তরীণ চাহিদা জাগিয়ে তুলবে, তবে তারা কখনোই এই পথ থেকে সরবেন না।
অনেকে আশা করেন যে, দেশে বেকারত্ব বেড়ে গেলে কিংবা আন্তর্জাতিক মহলে বাণিজ্য বিরোধ চরম আকার ধারণ করলে বেইজিং হয়তো তাদের নীতি বদলাতে বাধ্য হবে। কিন্তু চীন সরকার ইতিমধ্যে তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। সাধারণ মানুষের বেকারত্ব, অর্ধবেকারত্ব আর কম আয়ের সমস্যা ইতিমধ্যে প্রকট আকার ধারণ করেছে, অথচ বেইজিং সাধারণ মানুষকে বড় কোনো সাহায্য না দিয়ে কেবল সামান্য কিছু ভর্তুকি আর সামাজিক সেবায় নামমাত্র কিছু টাকা ঢেলেই দায় সারছে। একইভাবে, যখনই আন্তর্জাতিক অঙ্গনে বাণিজ্য বাধার দেয়াল উঁচু হয়েছে, বেইজিং সেগুলোকে কূটনৈতিক স্তরে হুমকি ও আলোচনার মারপ্যাঁচে কোনোরকমে সামাল দিয়ে নিজের রপ্তানি বাজার বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে।
প্রথম দেখায় মনে হতে পারে যে, দুর্বল শ্রমবাজার আর বৈশ্বিক বাণিজ্য সংঘাতের মুখে এমন জোড়াতালি দেওয়া পদক্ষেপ নেওয়াটা বড় ভুল। যে সরকার নিজের পায়ে দাঁড়াতে চায় এবং বিদেশি নির্ভরতা কমাতে চায়, তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চাবিকাঠি হিসেবে সেই বিদেশিদের চাহিদার ওপরই দিনের পর দিন বেশি নির্ভরশীল হয়ে পড়া এক অদ্ভুত ব্যাপার। কারণ এই বিদেশি বাজারের ওপর বেইজিংয়ের নিজস্ব কোনো নিয়ন্ত্রণই নেই। একইভাবে, যে সরকার দেশের শান্তি ও সামাজিক স্থিতিশীলতা নিয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন, তাদের তো সবার আগে সাধারণ মানুষের মজুরি আর কর্মসংস্থানের ব্যবস্থা করা উচিত ছিল।
কিন্তু চীনা নেতৃত্বের মানসিকতা থেকে দেখলে বিষয়টার একটা নিজস্ব ব্যাখ্যা পাওয়া যায়। তারা মনে করে, চীন বর্তমানে একটি ক্রান্তিকালীন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এই পথটা হয়তো দুর্গম ও কষ্টদায়ক, কিন্তু প্রযুক্তি-নির্ভর অর্থনীতির চূড়ায় পৌঁছানোর জন্য এটি একটি অনিবার্য ধাপ।
নেতৃত্বের এই অন্ধ আত্মবিশ্বাসের অর্থ হলো, সামনে বিপদ ঘনিয়ে আসার স্পষ্ট লক্ষণগুলো দেখার পরও, চীনের ভেতরে নীতিনির্ধারকদের হুঁশ ফিরতে হয়তো আরও বহু বছর লেগে যাবে। আর এর মানে দাঁড়ায়, অবস্ফীতি এবং বৈশ্বিক বাণিজ্য দ্বন্দ্ব যতটুকুই বাড়ুক না কেন, বেইজিং সময়মতো কোনো কার্যকর পদক্ষেপ নেবে না।
ইতিমধ্যে মূল্যসংকোচন এবং ব্যবসায়ীক মন্দার কারণে চীনের সরকারি রাজস্ব আয় ২০১৯ সাল থেকে প্রায় একই জায়গায় আটকে আছে। অবস্ফীতির চাপ এবং পাহাড়সমান ঋণের বোঝা দেশের পুরো আর্থিক ব্যবস্থাকে ভেতর থেকে পঙ্গু করে দিচ্ছে। এই খাতের ধস ঠেকানোর জন্য ভবিষ্যতে সরকারকে বিশাল অংকের ঋণ মওকুফ করতে হবে এবং কোষাগার থেকে মোটা অঙ্কের টাকা ঢেলে ব্যাংকগুলোর মূলধন পুনর্গঠন করতে হবে। অথচ মাত্র দুই মাস আগেই ব্যাংকগুলোর অবস্থা সামলাতে ৫৪ বিলিয়ন ডলারের একটি তহবিল গঠন করা হলেও তা ঋণের প্রবাহ বাড়াতে কোনো কাজেই আসেনি।
এক ‘বিপজ্জনক চক্র’
শিল্প ও প্রযুক্তি বাড়ানোর এই অন্ধ নেশা চীনকে কোন সাধারণ ‘দুষ্টচক্র’ নয়, এক বিপজ্জনক চক্রের মধ্যে ফেলে দিয়েছে। এর পরিণতিতে দেশের ভেতরে মানুষের কেনাকাটার ক্ষমতা কমবে, আয়ের গতি শ্লথ হবে এবং সারা বিশ্বের সঙ্গে তাদের বাণিজ্য বিরোধ আরও মারাত্মক আকার ধারণ করবে। শুধু তা-ই নয়, এসব সংকটের মুখে পড়ে চীনা নেতৃত্ব অর্থনীতির ওপর সরকারি নিয়ন্ত্রণ আরও বাড়িয়ে দিচ্ছে, যা মুক্তবাজারের স্বাভাবিক গতি এবং বেসরকারি খাতের স্বাধীন অস্তিত্বকে চিরতরে ধ্বংস করে দিচ্ছে।
এই গতিতে যদি সবকিছু চলতে থাকে, তবে একদিন যদি নীতিনির্ধারকদের টনক নড়েও এবং তারা কৌশল বদলাতে চান, ততদিনে অর্থনীতিকে টিকিয়ে রাখার বা নতুন ও টেকসই পথে ফিরিয়ে নেওয়ার মতো কোনো আর্থিক সামর্থ্য বা তহবিল চীনের হাতে আর অবশিষ্ট থাকবে না।

এনভিডিয়ায় ফিরতে চান জেনসেন হুয়াং, পথে কাঁটা বোর্ড ও ওয়াশিংটন
হুয়াং ফিরতে চাইলেও তার পথটি সহজ নয়। রয়টার্স এবং সিবিএস নিউজের সূত্রগুলো বলছে, এনভিডিয়ার পরিচালনা পর্ষদ তাকে সিইও বা অন্য কোনো পদে ফিরিয়ে আনার বিষয়ে কোনো আগ্রহ দেখাচ্ছে না।

‘গর্দান নামায়া দে’: র্যাপ গান ও ভিডিওতে আওয়ামীপন্থীদের অ্যাকাউন্টে সহিংসতার আহ্বান
দুপুরের পর সহিংসতা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় ছড়িয়ে পড়ে। দুপুর ২টা থেকে সন্ধ্যার মধ্যে টুঙ্গিপাড়ার কয়েকটি স্থানে উপজেলা যুবদল কার্যালয় এবং বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়।

মানুষের চেয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে কাক!
‘বার্ডব্রেইন’ শব্দটি দিয়ে বোকামি বোঝানোর প্রচলিত ধারণা বৈজ্ঞানিকভাবে ক্রমেই অযৌক্তিক হয়ে উঠছে। কাকের মস্তিষ্ক আসলে প্রকৃতির তৈরি এক অত্যন্ত কার্যকর তথ্য বিশ্লেষণ ব্যবস্থা।

সরকার ও বড় করপোরেট ঋণের ওপরই ব্যাংকগুলো কেন নির্ভরশীল?
দেশের ব্যাংকগুলোর কাছ থেকে বেশি ঋণ পাচ্ছে সরকার ও দেশের বড় বড় শিল্পগ্রুপ। একদিকে বাজেট ঘাটতি মেটাতে ব্যাংকের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে সরকার, অন্যদিকে বড় শিল্পগ্রুপগুলো ব্যাংকঋণের বড় একটা অংশ নিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে ক্ষুদ্র উদ্যোক্তারা ঋণ পাচ্ছেন না। কিন্তু কেন ব্যাংকগুলো এই দুই খাতের