Advertisement

বৈঠকে বসছেন ট্রাম্প, সি ও পুতিন, কী থাকছে আলোচনায়?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

বৈঠকে বসছেন ট্রাম্প, সি ও পুতিন, কী থাকছে আলোচনায়?
আগামী সপ্তাহে চীনের শেনজেনে এ বৈঠকে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট সি চিনপিং। ছবি: এআই দিয়ে নির্মিত

প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার নেতারা। আগামী সপ্তাহে চীনের শেনজেনে এ বৈঠকে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট সি চিনপিং।

Advertisement

হোয়াইট হাউসের বরাতে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

Advertisement

হোয়াইট হাউসের সহকারী প্রেস সচিব জানিয়েছেন, চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) সম্মেলনের ফাঁকে তিন নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

আল জাজিরা বলছে, ওয়াশিংটন ও মস্কোর মধ্যে সর্বশেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ শেষ হওয়ার নয় মাস পর এই বৈঠক হতে যাচ্ছে। এর ফলে বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্রের মজুত থাকা এই দুই দেশ পাঁচ দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো কোনো চুক্তির সীমাবদ্ধতা ছাড়াই পারমাণবিক অস্ত্র রাখতে পারছে।

বৈঠকে কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হবে?

ট্রাম্প বলেছেন, তিন দেশের এই বৈঠক পারমাণবিক অস্ত্রের মজুত সীমিত করার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানোর সুযোগ তৈরি করতে পারে।

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে করা নিউ স্টার্ট চুক্তির মেয়াদ গত ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। এরপর রাশিয়া চুক্তিটি আরও এক বছর বাড়ানোর প্রস্তাব দিলেও ট্রাম্প তা প্রত্যাখ্যান করেন। তিনি চীনকে অন্তর্ভুক্ত করে নতুন, আরও উন্নত ও আধুনিক একটি চুক্তি করার দাবি জানান। তবে এই বৈঠক থেকে বড় কোনো সিদ্ধান্ত আসবে, এমন প্রত্যাশা কম বলে মত বিশেষজ্ঞদের।

ট্রাম্প প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, তারা কোনো ধরনের চুক্তিতে পৌঁছানোর আশা করছেন না। বরং এই বৈঠককে আলোচনার শুরুর ধাপ হিসেবে দেখছেন তারা।

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক ওয়ারহেড রয়েছে রাশিয়ার কাছে। এরপর রয়েছে যুক্তরাষ্ট্র এবং তৃতীয় অবস্থানে চীন।

যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার এ বৈঠক হওয়ার কথা। বৈঠকে বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্রের মজুত কমানোর বিষয়ে আলোচনা করতে চান ট্রাম্প। পাশাপাশি ইরানের সঙ্গে চলমান যুদ্ধের বিষয়টিও তুলবেন। তবে ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা নেই।

ওই মার্কিন কর্মকর্তা আরও জানিয়েছেন, ইলন মাস্কও ট্রাম্পের সঙ্গে চীন সফরে যাবেন। তবে তিনি তিন নেতার বৈঠকে অংশ নেবেন না। এশিয়া সফরের সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গেও ট্রাম্পের বৈঠক হওয়ার সম্ভাবনা নেই।

ইয়াল্টা সম্মেলনের সঙ্গে তুলনা

আল জাজিরা বলছে, পরিকল্পিত এই সম্মেলনকে ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের সঙ্গে তুলনা করা হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বব্যবস্থা কেমন হবে, তা নির্ধারণে ওই সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সোভিয়েত ইউনিয়নের নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই তুলনা নাকচ করেছেন। তিনি বলেছেন, শেনজেনে যে সমঝোতাই হোক না কেন, তা অন্য দেশগুলোর ওপর চাপিয়ে দেওয়া যাবে না। তবে তিনি এই বৈঠককে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বলে উল্লেখ করেছেন।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, এই বৈঠককে কাজে লাগিয়ে কিয়েভকে পাশ কাটিয়ে ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনা হতে পারে।

গত বছর চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের অল্প সময়ের বাণিজ্যযুদ্ধ এবং ইউক্রেনে রাশিয়ার চলমান যুদ্ধ সত্ত্বেও ট্রাম্প দুই দেশের নেতার সঙ্গেই সম্পর্ক ঘনিষ্ঠ করার চেষ্টা করছেন। আবার ইউক্রেন যুদ্ধের সমাধান খুঁজতে ওয়াশিংটন মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে।