Advertisement

স্থগিতাদেশ প্রত্যাহার, প্রায় ৪ ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল শুরু

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

স্থগিতাদেশ প্রত্যাহার, প্রায় ৪ ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল শুরু
নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর যোগাযোগ ব্যবস্থায় বিভ্রাট দেখা দেওয়ার পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছিল। ছবি: সংগৃহীত

টেলিযোগাযোগ ব্যবস্থায় বিপর্যয়ের কারণে যুক্তরাষ্ট্রজুড়ে উড়োজাহাজ চলাচলে জারি করা স্থগিতাদেশ প্রত্যাহার করেছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। স্থানীয় সময় শুক্রবার চার ঘণ্টার ঘণ্টারও বেশি সময় ধরে দেশটিতে স্থগিত ছিল সব ধরনের উড়োজাহাজ উড্ডয়ন বন্ধ ছিল।

Advertisement

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর যোগাযোগ ব্যবস্থায় বিভ্রাট দেখা দেওয়ার পর স্থানীয় সময় শুক্রবার বিকেল ৪টার দিকে দেশের সব বিমানবন্দরে ফ্লাইট স্থগিতের নির্দেশ জারি করে এফএএ। পরে রাত ৮টা ১৫ মিনিটে স্থগিতাদেশ তুলে নেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি জানিয়েছেন, স্থগিতাদেশ প্রত্যাহার হলেও ফ্লাইট চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় লাগতে পারে।

রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয়বার এমন পরিস্থিতি দেখা দিলো। এর আগে প্রথমবার এমন ঘটনা ঘটেছিল ২৫ বছর আগে, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের (নাইন-ইলেভেন) হামলার পর পর।

Advertisement

ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ৬ হাজার ৬০০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং ৮ হাজার ৬০০টি ফ্লাইট ছাড়তে দেরি হয়েছে। এ ছাড়া রোববারের জন্য আরও দেড় হাজার ফ্লাইট ইতোমধ্যে বাতিল করা হয়েছে।

বিমান চলাচল বিশ্লেষকেরা বলছেন, দেশজুড়ে চার ঘণ্টা বিমান চলাচল বন্ধ থাকার কারণে আগামী কয়েক দিন পর্যন্ত এয়ারলাইনসগুলোর ফ্লাইটের সময়সূচিতে বিশৃঙ্খলা দেখা দিতে পারে।

এ ঘটনায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে ব্যাপক ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অনেক ফ্লাইট বিলম্বিত ও বাতিল হয়। কিছু উড়োজাহাজকে বিকল্প বিমানবন্দরে অবতরণ করানো হয়, আবার কিছু উড়োজাহাজকে যাত্রা শুরুর বিমানবন্দরে ফিরিয়ে নেওয়া হয়।

পরিবহনমন্ত্রী শন ডাফি ঘটনাটিকে ‘জরুরি পরিস্থিতি’ হিসেবে বর্ণনা করেন। তিনি জানান, যোগাযোগব্যবস্থার সমস্যার কারণে বিমান চলাচল নিয়ন্ত্রণ কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হয়েছিল। যাত্রী ও উড়োজাহাজের নিরাপত্তা নিশ্চিত করতেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেশজুড়ে ফ্লাইট চলাচলে স্থগিতাদেশ দেওয়া হয়।

প্রাথমিকভাবে পুরোনো বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থার সঙ্গে নতুন প্রযুক্তির সমন্বয় এবং যোগাযোগ অবকাঠামোর সমস্যাকে সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে ঠিক কী কারণে এ বিপর্যয় ঘটেছে, তা নিশ্চিত হতে তদন্তের প্রয়োজন রয়েছে।

যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থায় দীর্ঘদিন ধরে নানা সমস্যা চলছে। পুরোনো প্রযুক্তি, যন্ত্রপাতি ও যোগাযোগব্যবস্থার ত্রুটি এবং কয়েক হাজার বিমান চলাচল নিয়ন্ত্রকের ঘাটতি রয়েছে। এই পরিস্থিতির মধ্যেই সর্বশেষ এই বিপর্যয়ের ঘটনা ঘটল।