Advertisement

জনশক্তি রপ্তানি ও বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতি

সৈয়দ ইজাজ আহসান

জনশক্তি রপ্তানি ও বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতি
প্রতীকী ছবি: এআই দিয়ে তৈরি

ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, অভিবাসনের ইতিহাস মানবসভ্যতার মতোই প্রাচীন। প্রায় দুই লাখ বছর আগে আফ্রিকার মূল ভূখণ্ড থেকে হোমো সেপিয়েন্স বা আধুনিক মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়তে শুরু করে। সেখান থেকেই মূলত মানুষের অভিবাসনের ধারার সূচনা। সেই ধারা আজও অব্যাহত রয়েছে।

Advertisement

অভিবাসনের অন্যতম প্রধান কারণ অর্থনৈতিক। জীবিকার সন্ধানে মানুষ যুগে যুগে এক দেশ থেকে অন্য দেশে পাড়ি জমিয়েছে। এর পাশাপাশি রাজনৈতিক কারণও অভিবাসনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যুদ্ধ, শাসকদের অত্যাচার, গৃহযুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতা বিভিন্ন সময়ে মানুষকে বাস্তুচ্যুত করেছে।

ব্রিটিশ সাম্রাজ্য সম্পর্কে বহুল প্রচলিত একটি কথা রয়েছে—ব্রিটিশ সাম্রাজ্যে সূর্য কখনো অস্ত যায় না। অর্থনৈতিক স্বার্থ ও নতুন সম্পদের সন্ধানে ব্রিটিশরা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিল। একসময় বাণিজ্য করতে গিয়ে তারা উপনিবেশ প্রতিষ্ঠা করে শাসকে পরিণত হয়েছিল। এই উপমহাদেশে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার ইতিহাসও আমাদের জানা। তবে সেটি আমার আলোচনার বিষয় নয়। আমার আলোচনার মূল বিষয় বাংলাদেশের মানুষের অভিবাসন এবং দেশের ভবিষ্যৎ অর্থনীতি।

আশির দশকের শুরু থেকে বিপুলসংখ্যক বাংলাদেশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাড়ি জমাতে শুরু করেন। ওই অঞ্চলের দেশগুলোতে বিপুল পরিমাণ খনিজ তেল আবিষ্কার এবং তেল বিক্রির আয় থেকে রাতারাতি অর্থনৈতিক সমৃদ্ধির নতুন দুয়ার খুলে যায়। পেট্রোডলারের এই বিপুল আয় দেশগুলোকে অবকাঠামো উন্নয়নে উৎসাহিত করে। আর সেই উন্নয়নকাজের জন্য প্রয়োজন হয় বিপুলসংখ্যক শ্রমিকের।

Advertisement

সেই থেকেই মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের অভিবাসনের ধারা ব্যাপকভাবে বিস্তৃত হতে থাকে। দলে দলে মানুষ জীবিকার সন্ধানে উপসাগরীয় দেশগুলোতে ছুটে যান। আজকের মধ্যপ্রাচ্যের যে চাকচিক্য, তার আড়ালে লুকিয়ে আছে এসব অভিবাসী শ্রমিকের ঘাম, শ্রম ও অশ্রুর ইতিহাস। পরিবার-পরিজন ও নিজের দেশ ছেড়ে প্রতিকূল আবহাওয়ায় তারা অক্লান্ত পরিশ্রম করে গড়ে তুলেছেন সুরম্য অট্টালিকা, আধুনিক নগরী, সমুদ্রবন্দর ও ঝকঝকে সড়ক। এসব উন্নয়ন দেখে মানুষ বিস্মিত হয়। কিন্তু এর পেছনে কত মানুষের শ্রম, ত্যাগ ও বেদনা জড়িয়ে আছে, তা নিয়ে খুব কমই আলোচনা হয়।

আজকের দুবাই বিশ্বের অন্যতম পর্যটন আকর্ষণ। অথচ দুই-তিন দশক আগেও এর বড় একটি অংশ ছিল মরুভূমি। পেট্রোডলারের পাশাপাশি অসংখ্য অভিবাসী শ্রমিকের ঘাম ও শ্রম এই নগরীর বর্তমান রূপ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

একবার এক আরব নাগরিক নাকি এক পাকিস্তানিকে প্রশ্ন করেছিলেন, তোমরা আমাদের দেশকে উন্নত করে দিচ্ছ, অথচ নিজেদের দেশকে কেন উন্নত করতে পারছ না? উত্তরে পাকিস্তানি নাগরিকটি বলেছিলেন, পাকিস্তানের ভেতরেই অনেকগুলো পাকিস্তান রয়েছে। অর্থাৎ বিভেদ, অনৈক্য, হানাহানি, দুর্নীতি ও গণতন্ত্রের ঘাটতি দেশটির অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে। বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও এসব সমস্যা পাকিস্তানকে এগিয়ে যেতে দিচ্ছে না।

আমাদের ক্ষেত্রেও কি একই কথা প্রযোজ্য নয়?

অনেকে বলেন, বাংলাদেশ জনবহুল দেশ। তাই বিদেশে শ্রমিক পাঠানোর বিকল্প নেই। কিন্তু পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ চীনের দিকে তাকালে আমরা ভিন্ন চিত্র দেখতে পাই। চীনের বিপুলসংখ্যক নাগরিক নিজ দেশেই কর্মসংস্থানের সুযোগ পান। দেশটি এখন বিশ্ববাজারে উৎপাদন ও রপ্তানিতে শক্তিশালী অবস্থান তৈরি করেছে। তাদের অর্থনৈতিক অগ্রগতির মূল ভিত্তি হচ্ছে উৎপাদন, প্রযুক্তি, বিনিয়োগ ও শিল্পায়ন।

সম্প্রতি ওমান বাংলাদেশ থেকে প্রায় ৭০ হাজার কৃষিশ্রমিক ও জেলে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। বিষয়টি সামনে আসতেই ইউটিউব ও সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকে এটিকে বাংলাদেশের জন্য বড় সম্ভাবনা হিসেবে দেখছেন। কিন্তু বিষয়টির অন্য দিকও বিবেচনা করা প্রয়োজন।

একজন শ্রমিককে বিদেশে কৃষিকাজে যেতে যদি পাঁচ থেকে সাত লাখ টাকা ব্যয় করতে হয়, তাহলে তার মাসিক বেতন কত হবে? থাকা-খাওয়ার খরচ বাদ দিয়ে ঋণের টাকা শোধ করতে কত বছর লাগবে? মধ্যপ্রাচ্যের গ্রীষ্মকালে যখন তাপমাত্রা ৪৮ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, তখন খোলা মাঠে কাজ করার কষ্ট কতটা ভয়াবহ হতে পারে, সেটিও ভাবতে হবে। শ্রমিকের ঘাম ঝরিয়ে উৎপাদিত ফসল মালিকেরা উচ্চমূল্যে বাজারে বিক্রি করবেন। অথচ সেই শ্রমিকের নিজের জীবনে কতটা পরিবর্তন আসবে?

বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি অবশ্যই ইতিবাচক। কিন্তু সেই সুযোগের নামে একজন মানুষকে বিপুল ঋণের বোঝা মাথায় নিয়ে অমানবিক পরিবেশে কাজ করতে পাঠানোকে জাতীয় সাফল্য হিসেবে দেখার সুযোগ নেই। কর্মসংস্থানের পাশাপাশি শ্রমিকের আয়, নিরাপত্তা, মর্যাদা ও ভবিষ্যৎ নিশ্চিত করাও জরুরি।

সম্প্রতি ইউটিউবে একজন আলোচককে দেখলাম, তিনি প্রধানমন্ত্রীর জাপান সফরের সাফল্য-ব্যর্থতা বিশ্লেষণ করছেন। তার বক্তব্য ছিল, জাপানে শ্রমিক পাঠানোর চুক্তি করতে না পারায় সফরটি ব্যর্থ হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, জাপানের যদি শ্রমিকের প্রয়োজন হয়, তাহলে দেশটি কি নিজেরাই বাংলাদেশকে প্রস্তাব দিতে পারে না? যেমন ওমান দিয়েছে। আবার একই ওমান একদিকে বিদেশিদের জন্য কিছু পেশায় কাজের সুযোগ সীমিত করছে, অন্যদিকে কৃষিশ্রমিক নিচ্ছে।

একবার ভেবে দেখুন, চীন, রাশিয়া কিংবা দক্ষিণ কোরিয়ার নাগরিকদের কি এ ধরনের শর্তে বিদেশে কৃষিশ্রমিক হিসেবে পাঠানোর কথা কেউ সহজে চিন্তা করবে? তাহলে বাংলাদেশ কেন শুধু সস্তা শ্রমিক সরবরাহকারী দেশ হিসেবেই পরিচিত থাকবে?

এমনকি সস্তা শ্রমিকের আন্তর্জাতিক বাজারও ক্রমেই সংকুচিত হচ্ছে। উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ বাংলাদেশিদের জন্য ভিসা দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে। ফলে শুধু শ্রমিক পাঠানোর ওপর নির্ভর করে দেশের অর্থনীতির ভবিষ্যৎ পরিকল্পনা করা কতটা যুক্তিসংগত, তা নতুন করে ভাবার সময় এসেছে।

বাংলাদেশের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়িয়ে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা। বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশকে একটি সম্ভাবনাময় বিনিয়োগ গন্তব্য হিসেবে তুলে ধরতে হবে। তাদের বোঝাতে হবে, বাংলাদেশে বিনিয়োগ করলে তারা লাভবান হতে পারবেন এবং একই সঙ্গে দেশের মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

এর পাশাপাশি অভ্যন্তরীণ বিনিয়োগও বাড়াতে হবে। বিশেষ করে রপ্তানিমুখী শিল্প এবং আমদানি বিকল্প শিল্প গড়ে তোলার দিকে মনোযোগ দিতে হবে। এতে একদিকে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, অন্যদিকে বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও রপ্তানি আয় বৃদ্ধির সুযোগ তৈরি হবে।

প্রবাসী কর্মীদের ক্ষেত্রেও একটি বড় সমস্যা রয়েছে। অনেকেই দীর্ঘদিন বিদেশে কাজ করার পর দেশে ফিরে আসেন প্রায় সর্বস্বান্ত হয়ে। তাদের উপার্জিত অর্থ দেশে বিনিয়োগ করার মতো নিরাপদ ও লাভজনক ক্ষেত্রের অভাব রয়েছে। অথচ এই অর্থ সঠিক পরিকল্পনায় বিনিয়োগ করা গেলে তা প্রবাসীদের ভবিষ্যৎ সুরক্ষার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সাধারণত সামর্থ্যবান প্রবাসীরা দেশে ফিরে জমি বা ফ্ল্যাট কেনার পেছনে তাদের সঞ্চিত অর্থ বিনিয়োগ করেন। কিন্তু বিনিয়োগের ক্ষেত্র কি শুধু জমি ও ফ্ল্যাটের মধ্যেই সীমাবদ্ধ থাকবে? তাদের জন্য শিল্পপ্রতিষ্ঠান, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ, কৃষিভিত্তিক শিল্প এবং রপ্তানিমুখী ব্যবসায় বিনিয়োগের সুযোগ তৈরি করা প্রয়োজন। একজন প্রবাসী তার সঞ্চিত অর্থ দিয়ে দেশে একটি ছোট শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলতে পারলে শুধু তার নিজের কর্মসংস্থান বা ভবিষ্যৎই নিশ্চিত হবে না, আরও কয়েকজন মানুষের কাজের সুযোগ সৃষ্টি হবে।

এ ক্ষেত্রে সরকারের উদ্যোগ, নীতিগত সহায়তা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাংলাদেশকে সস্তা শ্রম সরবরাহকারী দেশের পরিচয় থেকে বেরিয়ে আসতে হবে। এ ক্ষেত্রে সিঙ্গাপুর ও মালয়েশিয়ার অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া যেতে পারে।

একসময় সিঙ্গাপুর ছিল অত্যন্ত দরিদ্র একটি অঞ্চল। মালয়েশিয়ার সঙ্গে যুক্ত থাকার সময় দেশটি নানা সমস্যার মুখোমুখি হয়েছিল। পরে ১৯৬৫ সালে মালয়েশিয়া থেকে পৃথক হয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে যাত্রা শুরু করে। আজকের সিঙ্গাপুর বিশ্বের অন্যতম সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র। এই সাফল্যের পেছনে ছিল লি কুয়ানের নেতৃত্ব, দীর্ঘমেয়াদি পরিকল্পনা, দক্ষ প্রশাসন, শৃঙ্খলা এবং অর্থনৈতিক উন্নয়নের প্রতি দৃঢ় অঙ্গীকার।

একইভাবে সত্তরের দশকে মালয়েশিয়ার অর্থনীতিও আজকের অবস্থানে ছিল না। মাহাথির মোহাম্মদের নেতৃত্বে শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও প্রযুক্তিতে বিনিয়োগের মাধ্যমে দেশটি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। অথচ আজ বাংলাদেশের বহু মানুষ জীবিকার সন্ধানে মালয়েশিয়ায় কাজ খুঁজতে যান।

একজন শ্রমিক বিদেশে যাওয়ার জন্য কয়েক লাখ টাকা ব্যয় করছেন। অথচ সেই অর্থ যদি দেশে উৎপাদনশীল খাতে বিনিয়োগ করা যেত, তাহলে হয়তো তার নিজের পাশাপাশি আরও দুই-চারজন মানুষের কর্মসংস্থান সৃষ্টি হতো। এমনকি সেই বিনিয়োগের মাধ্যমে ছোট বা মাঝারি শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব হতো। চীনের অর্থনৈতিক অগ্রগতির অন্যতম ভিত্তি হচ্ছে এ ধরনের উৎপাদনমুখী বিনিয়োগ ও শিল্পায়ন।

কিন্তু এ জন্য প্রয়োজন সরকারের কার্যকর উদ্যোগ, বিনিয়োগবান্ধব নীতি, সহজ ঋণপ্রাপ্তি, অবকাঠামোগত সহায়তা এবং প্রবাসীদের বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করা।

প্রশ্ন হচ্ছে, আমাদের দেশের মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ কি বাংলাদেশেই সৃষ্টি হওয়ার কথা নয়? কেন একজন মানুষকে সামান্য আয়ের একটি কাজের জন্য বিদেশে যেতে গিয়ে নিজের জমিজমা বিক্রি করতে হবে কিংবা ঋণের বোঝা মাথায় নিতে হবে? কেন আমাদের তরুণেরা দেশে তাদের যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী কাজ পাবেন না?

এখনই এসব প্রশ্ন নিয়ে গভীরভাবে ভাবার সময় এসেছে।

বাংলাদেশ অপার সম্ভাবনার একটি দেশ। এখানে উর্বর মাটি, পর্যাপ্ত পানি, বিপুল মানবসম্পদ এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় অনেক উপাদান রয়েছে। আমাদের ঘাটতি মূলত সুশাসন, সততা, দূরদর্শিতা এবং বাস্তবসম্মত নীতি ও পরিকল্পনার কার্যকর বাস্তবায়নে।

আমাদের লক্ষ্য হওয়া উচিত, শুধু জনশক্তি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন নয়; বরং দক্ষ মানবসম্পদ তৈরি, দেশীয় উৎপাদন বাড়ানো এবং দেশে পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি করা। আমাদের মেয়েদের যেন জীবিকার তাগিদে বিদেশের মাটিতে অনিরাপদ পরিবেশে গৃহকর্মী হিসেবে যেতে না হয়। আমাদের তরুণদের যেন সস্তা শ্রমিক হিসেবে বিদেশের রাস্তাঘাট পরিষ্কার করতে কিংবা মরুভূমির প্রখর রোদে শরীর পুড়িয়ে কৃষিকাজ করতে বাধ্য হতে না হয়।

বিদেশে কাজ করতে যাওয়া অবশ্যই অপরাধ বা ব্যর্থতা নয়। বরং দক্ষতা, ন্যায্য মজুরি, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করে বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোও প্রয়োজন। তবে একই সঙ্গে দেশে এমন অর্থনৈতিক পরিবেশ তৈরি করতে হবে, যেখানে মানুষ নিজের দেশেই সম্মানজনক কাজ ও জীবিকার নিশ্চয়তা পাবেন।

আমরা চাই, আমাদের মানুষ বিদেশে যাবেন দক্ষতা ও যোগ্যতার পরিচয় দিতে, বাধ্য হয়ে সস্তা শ্রম বিক্রি করতে নয়। আমাদের ঘাম ও শ্রমে শুধু অন্য দেশের নগরী গড়ে উঠবে না, সেই শ্রম ও মেধায় গড়ে উঠবে আমাদের নিজেদের দেশও।

আমাদের ঘামেই গড়ে উঠবে নতুন বাংলাদেশ।

লেখকের ইমেইল: [email protected]