Advertisement

শিক্ষার্থী ভিসার আবেদনপ্রক্রিয়া ডিজিটাল করছে জার্মান দূতাবাস

চরচা প্রবাস ডেস্ক

শিক্ষার্থী ভিসার আবেদনপ্রক্রিয়া ডিজিটাল করছে জার্মান দূতাবাস
ঢাকায় জার্মানির দূতাবাস। ছবি: ইউএনবি

আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে জাতীয় শিক্ষার্থী ভিসার জন্য ডিজিটাল আবেদনপ্রক্রিয়া চালু করতে যাচ্ছে ঢাকায় নিয়োজিত জার্মান দূতাবাস। এর ফলে জার্মানিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনে আগ্রহী বাংলাদেশের শিক্ষার্থীরা দূতাবাসের অনলাইন কনস্যুলার সার্ভিসেস পোর্টালের (Auslandsportal) মাধ্যমে আবেদন করতে পারবেন।

Advertisement

জার্মার দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তির বরাতে বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে দূতাবাস জানিয়েছে, নতুন এই ব্যবস্থার লক্ষ্য ভিসা আবেদনের প্রক্রিয়া সহজ করা এবং সাক্ষাৎকারের জন্য অপেক্ষার সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা। একই সঙ্গে আবেদনপ্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও সুনির্দিষ্ট করা।

এ ব্যবস্থায় নথিপত্র যাচাই এবং সরাসরি সাক্ষাৎকার গ্রহণের কার্যকারিতাও বাড়বে বলে আশা করা হচ্ছে।

Advertisement

জার্মানিতে উচ্চশিক্ষা গ্রহণে বাংলাদেশের শিক্ষার্থীদের ক্রমবর্ধমান আগ্রহকে স্বাগত জানিয়েছে দূতাবাস। তারা বলেছে, আন্তর্জাতিক শিক্ষার্থী বিনিময় এবং এর মাধ্যমে সাংস্কৃতিক আদান-প্রদান থেকে উভয় দেশই উপকৃত হতে পারে।

আগের সাক্ষাৎকারের সময় নির্ধারণ পদ্ধতির আওতায় দীর্ঘ অপেক্ষার কারণে সম্ভাব্য শিক্ষার্থীদের যেসব চ্যালেঞ্জ ও হতাশার মুখোমুখি হতে হয়েছে, তা-ও স্বীকার করেছে দূতাবাস।

বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে উল্লেখযোগ্য সময়, প্রচেষ্টা ও ব্যক্তিগত অঙ্গীকারের বিষয়টি বিবেচনায় নিয়ে দূতাবাস জানিয়েছে, তারা শিগগিরই আরও কার্যকর ও ডিজিটাল প্রযুক্তিনির্ভর আবেদনপ্রক্রিয়া চালু করবে।

নতুন ব্যবস্থায় জার্মানিতে পড়াশোনার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরা ভিসা আবেদনের ক্ষেত্রে আরও সুনির্দিষ্ট ও অনুমানযোগ্য প্রক্রিয়া অনুসরণ করতে পারবেন।

জার্মানিতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার জন্য শিক্ষার্থী ভিসা নিতে আগ্রহীদের সরকারি কনস্যুলার সার্ভিসেস পোর্টালে নিবন্ধন করে আবেদন জমা দেওয়ার আহ্বান জানিয়েছে দূতাবাস।

পোর্টালের ঠিকানা: https://digital.diplo.de/।

আবেদনপ্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র ও অন্য নির্দেশনা সম্পর্কে বিস্তারিত তথ্য পোর্টাল এবং দূতাবাসের আনুষ্ঠানিক ওয়েবসাইটে পাওয়া যাবে: www.dhaka.diplo.de।