Advertisement

৯ মাসে বিদেশে কর্মসংস্থান হয়েছে প্রায় ৫ লাখ কর্মীর: প্রবাসীকল্যাণ মন্ত্রী

চরচা প্রবাস ডেস্ক

৯ মাসে বিদেশে কর্মসংস্থান হয়েছে প্রায় ৫ লাখ কর্মীর: প্রবাসীকল্যাণ মন্ত্রী
ভিডিও থেকে নেওয়া। ছবি: বাসস

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত প্রায় পাঁচ লাখ বাংলাদেশি কর্মী বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

Advertisement

আজ রোববার জাতীয় সংসদে তিনি বলেন, “বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ১৭ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ৯ নভেম্বর ২০২৬ পর্যন্ত বিভিন্ন দেশে মোট ৪ লাখ ৯৬ হাজার ১৫০ জন কর্মীর কর্মসংস্থান হয়েছে।”

বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রবাসীকল্যাণ মন্ত্রী জানান, বিদেশে যাওয়া কর্মীদের মধ্যে ৩ লাখ ৪০ হাজার ৫৩৩ জন দক্ষ ও আধা-দক্ষ কর্মী।

Advertisement

সরকারি দলের সংসদ সদস্য সারোয়ার জামাল নিজামের (চট্টগ্রাম-১৩) এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য জানান।

এর আগে বিকেল ৪টা ২০ মিনিটে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে দিনের অধিবেশন শুরু হয়।

একই সংসদ সদস্যের অপর এক প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়া অন্যতম বৃহৎ শ্রমবাজার। দীর্ঘদিন বন্ধ থাকার পর সরকারের কূটনৈতিক প্রচেষ্টায় শ্রমবাজারটি ইতিমধ্যে আবার চালু হয়েছে।

তিনি বলেন, “আগে যেসব কর্মী মালয়েশিয়ায় যেতে পারেননি, তাদের মধ্যে এ পর্যন্ত ১ হাজার ৫৪৫ জনকে সেখানে পাঠানো হয়েছে। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে।”

আরিফুল হক বলেন, ৫৬৮ জন কর্মীর চাহিদা পাওয়া গেলেও মোট ৪ হাজার ২৯ জন বিদেশগামী কর্মী আবেদন করেন। তাদের মধ্য থেকে প্রাথমিকভাবে লটারির মাধ্যমে ৩০০ জনকে বাছাই করা হয়।

সারোয়ার জামাল নিজামের তৃতীয় প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, বাংলাদেশি কর্মীদের জন্য বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তার মন্ত্রণালয় বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ নিয়েছে।

তিনি জানান, ইউরোপের মেসিডোনিয়া, মরিশাস ও ইতালিসহ সৌদি আরব, কাতার, কুয়েত, সিঙ্গাপুর, পর্তুগাল, সেশেলস, সার্বিয়া, ফিজি ও রোমানিয়াসহ বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে কর্মী পাঠানো হচ্ছে।

বিদেশে বাংলাদেশের মিশনগুলোর সুপারিশের ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট দেশে স্থানীয় লবিস্ট বা পরামর্শক নিয়োগের উদ্যোগও নেওয়া হবে বলে জানান তিনি।

আরিফুল হক বলেন, কাতার বাংলাদেশের অন্যতম প্রধান শ্রমবাজার। গত ১৮ মে ঢাকায় বাংলাদেশ ও কাতারের মধ্যে যৌথ কমিটির সপ্তম বৈঠক অনুষ্ঠিত হয়।

ওই বৈঠকে কাতারের শ্রমমন্ত্রী বৈদ্যুতিক কাজ, প্লাম্বিং, শীতাতপ নিয়ন্ত্রণ প্রযুক্তি ও ওয়েল্ডিংসহ বিভিন্ন পেশায় বাংলাদেশি কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেন।

আরিফুল হক বলেন, “আশা করছি, খুব শিগগিরই দেশটিতে আরও বেশি সংখ্যক কর্মী পাঠানো সম্ভব হবে।”

জাপানের বিষয়ে তিনি বলেন, একটি সমঝোতা স্মারকের আওতায় ইন্টারন্যাশনাল ম্যানপাওয়ার ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (আইএম জাপান) সহযোগিতায় সম্পূর্ণ বিনা খরচে কারিগরি প্রশিক্ষণার্থী পাঠানো হচ্ছে।

বাংলাদেশি কর্মী নিয়োগের সুযোগ বাড়াতে জাপানের আরও সাতটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করা হয়েছে বলেও জানান তিনি।

প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, বোয়েসেলের মাধ্যমে ব্রুনেই, জর্ডান, দক্ষিণ কোরিয়া, জাপান, হংকংসহ আরও কয়েকটি দেশে নিয়মিতভাবে স্বল্প খরচে অথবা বিনা খরচে কর্মী পাঠানো হচ্ছে।

আরিফুল হক জানান, সরকারের নির্বাচনী ইশতেহার ও কর্মপরিকল্পনার আলোকে নতুন নতুন কর্মী গন্তব্য দেশের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ), সহযোগিতা স্মারক (এমওসি) এবং অন্য চুক্তি স্বাক্ষরের উদ্যোগও নিয়েছে মন্ত্রণালয়।

আরও বেশি কর্মী বিদেশে পাঠানোর ক্ষেত্রে প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দেশে ও বিদেশে কর্মসংস্থানের লক্ষ্যে এক লাখ চালককে প্রশিক্ষণ দিতে ‘দেশে-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান’ শীর্ষক একটি প্রকল্প চলমান রয়েছে।

বিদেশগামী কর্মীদের গন্তব্য দেশের ভাষা শেখানোর গুরুত্ব বিবেচনায় জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীন ঢাকা টেকনিক্যাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (ডিটিটিআই) একটি বিদেশি ভাষা ও দক্ষতা কেন্দ্র চালু করা হয়েছে বলেও জানান তিনি।

প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, প্রশিক্ষক নিয়োগের মাধ্যমে ইতিমধ্যে জাপানি, কোরীয়, ইংরেজি, চীনা (ক্যান্টনিজ ও ম্যান্ডারিন), আরবি, ইতালীয় ও জার্মানসহ বিভিন্ন ভাষার প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হয়েছে।