তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণ নিয়ে এখনো একমত হতে পারেননি মালিক ও শ্রমিকপক্ষ। মালিকপক্ষ ১৫ হাজার ৭০০ টাকা মজুরির প্রস্তাব দিয়েছে। অন্যদিকে শ্রমিকপক্ষ ২২ হাজার টাকার দাবিতে অনড় রয়েছে।
আজ মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভার বিরতিতে দেওয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
চেয়ারম্যান বলেন, “আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। এখনো চূড়ান্ত হয়নি। আশা করছি, আজকের মধ্যেই চূড়ান্ত করব। মিটিংয়ের ফাঁকে আমরা আপনাদের ব্রিফিং করছি। এই ব্রিফিংয়ের পর আবার আলোচনা চলবে। মালিকপক্ষ যে প্রস্তাব দিয়েছে তাতে শ্রমিকপক্ষের আপত্তি আছে। আর বোর্ড এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।”
সভায় মালিক ও শ্রমিকপক্ষের লিখিত মজুরি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। তবে দুই পক্ষের প্রস্তাবের মধ্যে ব্যবধান থাকায় এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। আজ রাত ৯টা নাগাদ আরও একটা ব্রিফিং হবে বলে জানান সৈয়দ আজাদ সুবহানী।
সোমবার প্রায় সাড়ে ৯ ঘণ্টার আলোচনায় মালিকপক্ষ ১৫ হাজার ৮০০ টাকা এবং শ্রমিকপক্ষ ২২ হাজার টাকা নিম্নতম মজুরির প্রস্তাব দেয়। শ্রমিক প্রতিনিধিরা মালিকপক্ষের প্রস্তাবকে ‘অযৌক্তিক’ বলে অভিহিত করেন। পরে উভয়পক্ষ নিজেদের প্রস্তাব পর্যালোচনা করে পরবর্তী সভায় আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়।
আইন অনুযায়ী আগামী ৩০ এপ্রিল পর্যন্ত নিম্নতম মজুরি বোর্ডের মেয়াদ রয়েছে। তবে নভেম্বরের মধ্যেই মজুরি নির্ধারণের কাজ শেষ করার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান।
২০২৩ সালে সর্বশেষ তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণ করা হয় ১২ হাজার ৫০০ টাকা। ওই সময় শ্রমিকপক্ষের দাবি ছিল ২৩ হাজার টাকা, আর মালিকপক্ষ প্রস্তাব দিয়েছিল প্রায় ১০ হাজার ৪০০ টাকা। পরে আলোচনা ও দর-কষাকষির মাধ্যমে নিম্নতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়। এবার শ্রমিকপক্ষ নতুন করে নিম্নতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির যুক্তিতে এ দাবি জানাচ্ছেন শ্রমিক প্রতিনিধিরা।
অন্যদিকে, মালিকপক্ষের প্রস্তাব শ্রমিকদের দাবির তুলনায় অনেক কম হওয়ায় দুই পক্ষের মধ্যে বড় ব্যবধান তৈরি হয়েছে। এ ব্যবধান কমিয়ে নতুন মজুরি নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ডে আলোচনা চলছে।