ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নিয়মিত ফ্লাইট চলাচল আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত থাকবে। সৌদি আরবে হুতিদের হামলা এবং যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় বন্ধ থাকা রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের সময় বাড়াল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি। খবর বাসসের।
বিমান জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট বন্ধ রাখার সময় আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
পরিস্থিতি বিবেচনা করে এই রুটে ফ্লাইট চালুর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
তবে ঢাকা-জেদ্দা, ঢাকা-দাম্মাম ও ঢাকা-মদিনা রুটে আগের সময়সূচি অনুযায়ী ফ্লাইট চলবে। এসব রুটে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্তে কোনো পরিবর্তন আনা হয়নি বলে জানিয়েছে বিমান।
রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা, দাম্মাম বা মদিনাগামী ফ্লাইটে যেতে পারবেন।
ফ্লাইট স্থগিতের কারণে যাদের ভ্রমণ পরিকল্পনা বদলেছে, তাদের টিকিট, সময়সূচি ও বিকল্প ব্যবস্থা জানতে নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে।