মজুরি বাড়ানোর দাবিতে গাজীপুরের শিল্পাঞ্চলের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা আজ মঙ্গলবার বিক্ষোভ এবং ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে শিল্পাঞ্চলগুলোর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।
পুলিশ জানায়, বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা সকালে কাজে যোগ দেয়। পরে তারা দলে দলে বেরিয়ে এসে মজুরি বাড়ানোর দাবিতে বিক্ষোভ শুরু করে।
গাজীপুরের কোনাবাড়ী, জরুন, মৌচাক, ভোগড়া বাইপাস, সালনা, মেম্বারবাড়ী ও বাঘের বাজারসহ কয়েকটি শিল্পাঞ্চলে এ বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
সকাল ৯টার দিকে গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ী ও বাঘের বাজারের নতুন বাজার এলাকায় শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয়। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
প্রায় আধা ঘণ্টা পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে এক সংঘর্ষে এক শ্রমিক আহত হওয়ার পর গাজীপুর মহানগরের কোনাবাড়ী ও জরুন এলাকায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এসব এলাকার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে।
এরপর ওই এলাকার বেশ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
মৌচাক, ভোগড়া বাইপাস, সালনা ও আশপাশের শিল্পাঞ্চলেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
নাওজোড় এলাকার শ্রমিকেরা মিছিল বের করে চান্দনা চৌরাস্তায় যান চলাচল বন্ধের চেষ্টা করে। অন্যদিকে উত্তেজিত শ্রমিকেরা ভোগড়া বাইপাস এলাকায় সড়ক অবরোধ করে।
দুপুরে মহানগরের ডেগেরচালা এলাকায় পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
বিক্ষোভ ও সড়ক অবরোধের কারণে মহাসড়ক এবং সংযোগ সড়কের বিভিন্ন স্থানে যান চলাচল ব্যাহত হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন বলেন, জেলার বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
তিনি জানান, শ্রমিক অসন্তোষের কারণে মঙ্গলবার ৭০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া, বিভিন্ন এলাকায় ৩২টি কারখানা এরই মধ্যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।
দুপুরের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে বলেও জানান তিনি।