Advertisement

আইজেনকোট কি নেতানিয়াহুর নীতি পরিবর্তন করতে পারবেন?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

আইজেনকোট কি নেতানিয়াহুর নীতি পরিবর্তন করতে পারবেন?
ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে আইনপ্রণেতাদের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর গ্রুপ ছবিতে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও আইনপ্রণেতা গাদি আইজেনকোট। জেরুজালেম। ১০ নভেম্বর ২০২৬। ছবি: এপি/ইউএনবি

ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পাওয়া গাদি আইজেনকোট গতকাল মঙ্গলবার দেশটির নতুন নির্বাচিত পার্লামেন্টের শপথ গ্রহণের দিন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বেশ কয়েকটি নীতি পরিবর্তনের অঙ্গীকার করেছেন।

Advertisement

তার এই অঙ্গীকারের মধ্য দিয়ে আইন প্রণয়নের গুরুত্বপূর্ণ এক মাস এবং জোট গঠনের আলোচনা শুরু হলো। সাবেক সেনাপ্রধান আইজেনকোটের সরকার গঠনের জন্য সর্বোচ্চ ছয় সপ্তাহ সময় রয়েছে। এর মধ্য দিয়ে ইসরায়েলের সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর শাসনের অবসান ঘটতে পারে।

বার্তা সংস্থা এপির বরাতে বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

যদিও জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন আইজেনকোট নিশ্চিত করতে পারবেন কি না, তা এখনো অনিশ্চিত। তবে নতুন নেসেটে (ইসরায়েলি পার্লামেন্ট) নেতানিয়াহুবিরোধীরা এখন স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। ফলে নতুন সরকার গঠনের আগেই তারা আইন প্রণয়নের উদ্যোগ নিতে পারবেন।

Advertisement

পার্লামেন্টের অধিবেশনের শুরুতেই আইজেনকোটের জোট নেতানিয়াহু ও তার নীতির বিরুদ্ধে বেশ কয়েকটি বিল উত্থাপন করেছে। প্রস্তাবিত পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে চালানো হামলার বিষয়ে সরকারি তদন্ত কমিশন গঠন, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের মেয়াদ নির্ধারণ এবং বিচার বিভাগের ক্ষমতা সীমিত করতে বিদায়ী নেতানিয়াহু সরকারের নেওয়া পরিবর্তনগুলো বাতিল করা।

তবে প্রস্তাবগুলো কত দ্রুত এগোবে কিংবা আগামী কয়েক সপ্তাহে সেগুলো কত দূর বাস্তবায়িত হবে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।

ঐক্যের আহ্বানে পাল্টাপাল্টি অবস্থান

সাবেক জেনারেল আইজেনকোট নির্বাচনে সরল ও বাস্তববাদী কর্মসূচি নিয়ে প্রচার চালিয়েছিলেন। মঙ্গলবার তিনি আবারও বলেন, নির্দিষ্ট কোনো রাজনৈতিক গোষ্ঠীর প্রতিনিধিত্বকারী সরকার নয়, বরং সব ইসরায়েলির আস্থাভাজন একটি সরকার গঠন করতে চান তিনি।

নেসেটের শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে তিনি বলেন, “যারা আমাদের ভোট দিয়েছেন এবং যারা দেননি—সব নাগরিকের জন্যই আমরা গভীর অঙ্গীকার নিয়ে কাজ করব।”

নিজের জোট পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হওয়ার পর নেতানিয়াহু নির্বাচনের আনুষ্ঠানিক ফল চ্যালেঞ্জ করার চেষ্টা করছেন। আরব নেতৃত্বাধীন দলগুলো নির্বাচন ‘চুরি করেছে’ বলে তিনি বারবার ভিত্তিহীন অভিযোগ তুলেছেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানের পর পার্লামেন্টে দেওয়া বক্তব্যেও নেতানিয়াহু ইসরায়েলের জনসংখ্যার প্রায় ২০ শতাংশের প্রতিনিধিত্বকারী আরব রাজনীতিকদের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। সরকার গঠনে আরব দলগুলোর সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করা ইহুদি বিরোধী দলগুলোর নেতাদেরও সমালোচনা করেন তিনি।

আইজেনকোট এমন জোট গঠনের সম্ভাবনা নাকচ করেননি। তবে এ ক্ষেত্রে কয়েকটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছেন তিনি। এর মধ্যে রয়েছে ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া এবং হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা।

নেতানিয়াহু বলেন, “আমি আপনাদের জিজ্ঞাসা করছি, আপনারা কি এমন কারও ওপর নির্ভরশীল হতে প্রস্তুত, যাদের লক্ষ্য ইহুদি রাষ্ট্রকে ধ্বংস করা?”

নেতানিয়াহুর বক্তব্যকে ‘বিভেদমূলক’ ও ‘ঘৃণায় পরিপূর্ণ’ বলে বর্ণনা করেন আইজেনকোট। তিনি বলেন, এই বক্তব্য তার বিশ্বাসকে আরও দৃঢ় করেছে যে, নেতানিয়াহু আর এক মিনিটের জন্যও ক্ষমতায় থাকার যোগ্য নন।

এরপর নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে আজ বুধবারের নির্ধারিত বৈঠক বাতিলের ঘোষণা দেন আইজেনকোট।

আইন প্রণয়নের উদ্যোগ এগিয়ে নিতে বিরোধীদের তৎপরতা

আইন প্রণয়নের অগ্রাধিকারমূলক কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগের অংশ হিসেবে মঙ্গলবার পার্লামেন্টের স্পিকার পরিবর্তনের প্রক্রিয়াও শুরু করেছে আইজেনকোটের জোট।

নেতানিয়াহুর মিত্র বর্তমান স্পিকার আমির ওহানাকে অপসারণের দাবিতে নেসেটের সংখ্যাগরিষ্ঠ সদস্য স্বাক্ষর জমা দিয়েছেন। তার স্থলাভিষিক্ত করার বিষয়ে ভোটাভুটির এটিই প্রথম ধাপ। নতুন জোট সরকার গঠনের আগেই এই প্রক্রিয়া এগিয়ে নেওয়া সম্ভব।

পার্লামেন্টের কার্যক্রম পরিচালনায় স্পিকারের যথেষ্ট প্রভাব রয়েছে। কোন বিল আলোচনার জন্য উত্থাপিত হবে, তা নির্ধারণের ক্ষমতাও তার হাতে। ফলে আইজেনকোটের বিরোধী জোটের কোনো নেতাকে স্পিকার নিয়োগ দেওয়া হলে তাদের আইন প্রণয়নের কর্মসূচি এগিয়ে নেওয়া সহজ হতে পারে।

বিরোধীরা এই পদে আইজেনকোটের ইয়াশার পার্টির জ্যেষ্ঠ নেতা মাতান কাহানাকে মনোনীত করেছেন। তার নিয়োগের বিষয়ে চলতি সপ্তাহেই ভোটাভুটি হতে পারে।

তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে থাকছেন নেতানিয়াহু

নতুন নেসেটের শপথ গ্রহণের মধ্য দিয়ে ইসরায়েলের রাজনীতিতে এক অস্বাভাবিক অন্তর্বর্তী পর্বের সূচনা হয়েছে। নতুন নির্বাচিত আইনপ্রণেতারা আইন প্রণয়নের উদ্যোগ শুরু করলেও নেতানিয়াহু ও তার মন্ত্রিসভা সরকার পরিচালনা অব্যাহত রাখছেন।

এদিকে আইজেনকোট একটি জোট সরকার গঠনের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। এই জোট গঠিত হলে তার প্রধানমন্ত্রী হওয়ার পথ তৈরি হতে পারে।

তিনি সরকার গঠনে ব্যর্থ হলে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করার জন্য নেতানিয়াহুকে আরেকটি সুযোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে।

তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুর ক্ষমতার ওপর আদালতের আরোপ করা কিছু বিধিনিষেধ রয়েছে। তবে তিনি এখনো বিভিন্ন পদে নিয়োগ দিতে এবং নতুন আইন প্রণয়নের উদ্যোগ বাধাগ্রস্ত করার চেষ্টা করতে পারেন। সামরিক বাহিনীসহ জাতীয় নিরাপত্তাসংক্রান্ত বিষয়গুলোতে তার পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।

সম্ভাব্য ইরানি হামলার হুমকির কথা উল্লেখ করে ইহুদি নেতৃত্বাধীন দলগুলোকে জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানিয়েছেন নেতানিয়াহু। মঙ্গলবার আবারও সেই আহ্বান জানিয়ে তিনি দলগুলোকে ‘অন্য সব বিবেচনা দূরে সরিয়ে রাখার’ অনুরোধ করেন। একই সঙ্গে ইরান সরকারকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা ইসরায়েলের করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

নেতানিয়াহুকে বাদ দিয়ে নতুন সরকার গঠিত হলে রাজনৈতিকভাবে আরও চাপে পড়তে পারেন তিনি। কারণ, তার বিরুদ্ধে দুর্নীতির বিচার চলছে। পাশাপাশি ৭ অক্টোবরের হামলার আগে নিরাপত্তাব্যবস্থায় ব্যর্থতার ঘটনায় তদন্তের মুখোমুখি হওয়ারও আশঙ্কা রয়েছে তার।