ইসরায়েলের রাজনীতিতে বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘদিনের আধিপত্যের অবসান ঘটানোর একটি সুযোগ তৈরি হয়েছে। দেশটির সাবেক সেনাপ্রধান ও বিরোধী রাজনীতির অন্যতম প্রধান নেতা গাদি আইজেনকট নতুন সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পথে এগিয়ে গেছেন। পার্লামেন্টের ১২০টি আসনের মধ্যে ৬৭ জন সদস্য তাকে প্রধানমন্ত্রী করার পক্ষে সুপারিশ করেছেন। কিন্তু নির্বাচনী সমর্থনকে কার্যকর সরকারে রূপান্তর করা তার জন্য অত্যন্ত কঠিন হয়ে উঠতে পারে। কারণ, নেতানিয়াহুবিরোধী এই জোটের মধ্যে যেমন আদর্শিক বিভাজন রয়েছে, তেমনি রয়েছে জাতিগত ও রাজনৈতিক স্বার্থের সংঘাত।
দ্য নিউইয়র্ক টাইমস-এ গতকাল শনিবার প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, আইজেনকটের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এমন একটি রাজনৈতিক সমঝোতা তৈরি করা, যেখানে বামপন্থী, মধ্যপন্থী, ডানপন্থী এবং আরব দলগুলো অন্তত নেতানিয়াহুকে ক্ষমতার বাইরে রাখার প্রশ্নে একমত হতে পারে। নির্বাচনে সাফল্য পেলেও এই দলগুলোর অনেককেই নিজেদের নির্বাচনী প্রতিশ্রুতি থেকে সরে আসতে হতে পারে।
এই রাজনৈতিক সমীকরণের গুরুত্ব বোঝার জন্য প্রথমেই ইসরায়েলের পার্লামেন্টে আসনের হিসাব দেখা প্রয়োজন। আইজেনকটের নিজস্ব মধ্য-ডানপন্থী ইয়াশার পার্টি পেয়েছে ২১টি আসন। নাফতালি বেনেট ও ইয়ার লাপিদের মধ্যপন্থী টুগেদার পার্টির আসন ১২টি। বামপন্থী ডেমোক্র্যাটস পার্টির আসন আটটি এবং অ্যাভিগদর লিবারম্যানের ডানপন্থী কিন্তু ধর্মনিরপেক্ষ ইসরায়েল বেইতেনু পার্টির আসন সাতটি। সব মিলিয়ে তাদের আসন ৪৮টি। অন্যদিকে নেতানিয়াহুর জোটের হাতে রয়েছে ৪৬টি আসন। অতি-ধর্মীয় ইউনাইটেড তোরাহ জুডাইজম পার্টি নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী করার সুপারিশ না করায় তার রাজনৈতিক অবস্থান আরও দুর্বল হয়েছে।
তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন নিশ্চিত করতে আইজেনকটকে নতুন সমর্থক খুঁজতে হবে। তার সামনে প্রধানত দুটি পথ রয়েছে—আরব দলগুলোর সমর্থন নেওয়া অথবা অতি-ধর্মীয় ইহুদি দলগুলোর সঙ্গে সমঝোতা করা। কিন্তু দুই পথেই বড় ধরনের রাজনৈতিক বাধা রয়েছে।
আরব দলগুলোর সম্মিলিত আসন ১৯টি। এই সমর্থন পেলে আইজেনকট সহজেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেন। কিন্তু তার সম্ভাব্য জোটসঙ্গী লিবারম্যান আরব দলগুলোর সঙ্গে সরকার গঠন কিংবা তাদের বাইরের সমর্থন নিয়ে সরকার পরিচালনার বিরোধী। অন্যদিকে আরব দলগুলোর একটি অংশ, জয়েন্ট লিস্ট, সরকারে যোগ দেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছে। তবে বাইরে থেকে সমর্থন দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে। আটটি আসন পাওয়া ইউনাইটেড আরব লিস্ট বা রাআম পার্টির অবস্থান এখনো পুরোপুরি স্পষ্ট নয়।
এখানে আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত তৈরি করেছেন আইজেনকট। তার সরকারে যোগ দিতে হলে সংশ্লিষ্ট দলকে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দিতে হবে। রাআম পার্টির নেতা মনসুর আব্বাস এই শর্ত মেনে নিতে রাজি হননি। যদিও তিনি সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা করেছেন এবং হামাসসহ সব ফিলিস্তিনি গোষ্ঠীর নিরস্ত্রীকরণের পক্ষে কথা বলেছেন। ফলে আরব দলগুলোর সমর্থন পাওয়ার পথও অনিশ্চিত।
অন্য বিকল্প অতি-ধর্মীয় ইহুদি দলগুলোর সঙ্গে সমঝোতা। কিন্তু এখানেও রয়েছে মৌলিক বিরোধ। ইসরায়েলের সেনাবাহিনী যখন জনবলসংকটে রয়েছে, তখন অতি-ধর্মীয় সম্প্রদায়ের তরুণদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের দাবি বিরোধী দলগুলোর অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। এই সম্প্রদায়ের তরুণদের একটি বড় অংশ এত দিন সামরিক বাহিনীতে যোগদানের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পেয়ে এসেছে। অতি-ধর্মীয় দলগুলোর প্রধান লক্ষ্য হলো এই সুবিধা বজায় রাখা। ফলে তাদের সঙ্গে জোট করতে হলে আইজেনকোট ও তার সহযোগীদের নির্বাচনী প্রতিশ্রুতির গুরুত্বপূর্ণ অংশ থেকে সরে আসতে হতে পারে।
লিবারম্যান ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন, নেতানিয়াহুকে সরানো ও নতুন নির্বাচন এড়ানোর স্বার্থে অন্যান্য বিষয়ে আপস করা যেতে পারে। এমনকি সামরিক নিয়োগসংক্রান্ত আইন নিয়েও নমনীয় হওয়ার কথা বলেছেন তিনি। কিন্তু আরব দলগুলোর সঙ্গে কোনো ধরনের সমঝোতা করতে তিনি রাজি নন। এই অবস্থান আইজেনকটের সরকার গঠনের প্রক্রিয়াকে আরও জটিল করে তুলছে।
এদিকে আইজেনকট আপাতত সংখ্যালঘু সরকার গঠনের পরিকল্পনার কথা জানিয়েছেন। তার যুক্তি, ৪৮টি আসনের সমর্থন নিয়ে সরকার গঠন করা সম্ভব, যদি আরব ও অতি-ধর্মীয় দলগুলো সরকার গঠনের ভোটে বিরত থাকে। তিনি সব রাজনৈতিক দলকে সরকারে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানোর কথাও বলেছেন। তবে তার জন্য কয়েকটি শর্ত রয়েছে: ইসরায়েলকে ইহুদি ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি, স্বাধীনতার ঘোষণাপত্রের মূল্যবোধ গ্রহণ, সর্বজনীন সামরিক অথবা বেসামরিক সেবা নিশ্চিত করা এবং হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দিয়ে তাকে বিলুপ্ত করার অঙ্গীকার।
কিন্তু এই পরিকল্পনারও বিরোধিতা করছেন লিবারম্যান। তার বক্তব্য, ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা ছাড়া সরকার গঠন করা উচিত নয়। রাজনৈতিক বিশ্লেষক গাইল তালশিরের মতে, লিবারম্যান আদৌ আইজেনকটের সাফল্য চান কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে। তার ধারণা, লিবারম্যান নিজেও ভবিষ্যতে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ খুঁজছেন। আইজেনকট সরকার গঠনে ব্যর্থ হলে নেতানিয়াহু আরেকবার চেষ্টা করার সুযোগ পাবেন। তিনিও ব্যর্থ হলে নতুন নির্বাচনের আগে পার্লামেন্টের অন্য কোনো সদস্য ৬০ জন আইনপ্রণেতার সমর্থন নিয়ে প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করতে পারবেন।
এই পরিস্থিতিতে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি আন্তর্জাতিক কূটনৈতিক বাস্তবতাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আইজেনকটের যুক্তি, নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েল ইতিমধ্যে গুরুতর কূটনৈতিক সংকটে পড়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে নিরাপত্তা ব্যর্থতার দায় নিয়েও নেতানিয়াহুর বিরুদ্ধে বিরোধীদের ক্ষোভ রয়েছে। নতুন সরকার গঠিত হলে ওই হামলার আগে নিরাপত্তাব্যবস্থার ব্যর্থতা তদন্তে একটি জাতীয় কমিশন গঠনের প্রতিশ্রুতি রয়েছে। পাশাপাশি নেতানিয়াহু সরকারের বিচার বিভাগসংক্রান্ত বিতর্কিত পরিবর্তনগুলো বাতিল করার উদ্যোগ নেওয়া হতে পারে।
বিশেষ তাৎপর্যপূর্ণ হলো, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলও ইসরায়েলের রাজনৈতিক হিসাবের সঙ্গে যুক্ত হয়েছে। বিরোধী নেতাদের মতে, যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট ও রিপাবলিকান—উভয় দলের আইনপ্রণেতাদের কাছে নেতানিয়াহুর গ্রহণযোগ্যতা এতটাই কমে গেছে যে তার নেতৃত্বে ইসরায়েলের আন্তর্জাতিক অবস্থান পুনরুদ্ধার কঠিন। নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক মেরামতের সুযোগ তৈরি হতে পারে।
তাই আইজেনকটের সামনে চ্যালেঞ্জ শুধু নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানো নয়; বরং ইসরায়েলের গভীর রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত বিভাজনের মধ্যে একটি কার্যকর সরকার প্রতিষ্ঠা করা। নেতানিয়াহুবিরোধী দলগুলো তাকে সমর্থন করলেও তাদের মধ্যে ঐকমত্যের অভাব স্পষ্ট। ফলে নির্বাচনী সাফল্য শেষ পর্যন্ত ক্ষমতার পরিবর্তন ঘটাতে পারবে কি না, তা নির্ভর করছে রাজনৈতিক আপসের সক্ষমতার ওপর। আর এই আপস করতে গিয়ে আইজেনকটকে নিজের জোটের গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি বিসর্জন দিতে হলে নতুন সরকারের রাজনৈতিক স্থিতিশীলতাও প্রশ্নের মুখে পড়তে পারে।