Advertisement

যুক্তরাষ্ট্রের একের পর এক শুল্কারোপ ও আমাদের ‘মুখ সেলাই করা’ নীতি

যুক্তরাষ্ট্রের একের পর এক শুল্কারোপ ও আমাদের ‘মুখ সেলাই করা’ নীতি
যুক্তরাষ্ট্রের বাণিজ্য আইনের অধীনে বাংলাদেশের তৈরি পোশাকের ওপর নতুন করে শুল্ক ঘোষণায় উদ্বেগ তৈরি হয়েছে। প্রতীকী ছবি: এআই দিয়ে নির্মিত

অন্তর্বর্তী সরকার বিদায় নেওয়ার কয়েক দিন আগে যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিটি করা হয়েছিল, তখন কর্তাব্যক্তিদের পক্ষ থেকে দোহাই দেওয়া হয়েছিল যে, দেশটিতে আমাদের তৈরি পোশাকের বাজার ধরে রাখতে এর বিকল্প ছিল না। এককভাবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাক আমদানির সবচেয়ে বড় আমদানিকারক দেশ। ইউরোপীয় ইউনিয়ন তাদের চেয়েও বেশি পণ্য নিয়ে থাকে বাংলাদেশ থেকে।

Advertisement

সেই সময়ে সরকারের নীতিনির্ধারকেরা এই বলে আহ্লাদ প্রকাশ করেছিলেন যে, যুক্তরাষ্ট্রের কাছ থেকে তারা অন্যদের থেকে বেশি সুবিধা আদায় করেছেন। কিন্তু বাড়তি সুবিধার পরিমাণটা কেমন ছিল? বাংলাদেশের ওপর পাল্টা শুল্ক ছিল ১৮ শতাংশ। ভারতে ১৯ শতাংশ, পাকিস্তান ১৯ শতাংশ ও ভিয়েতনাম ২০ শতাংশ।

Advertisement

পরবর্তীকালে মার্কিন ফেডারেল আদালতে ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্কারোপ বাতিল করে দিলে যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করে। বর্তমানে বাংলাদেশি পণ্যের ওপর গড়ে প্রায় ১৫.৫% সাধারণ শুল্ক (এমএফএন) রয়েছে। এর সঙ্গে নতুন প্রস্তাবিত ১৮% যুক্ত হলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের মোট শুল্ক দাঁড়াতে পারে প্রায় ৩৩.৫%। গত জুলাই মাসে আরোপিত ১০% শুল্ক ১৮ শতাংশের সঙ্গে সমন্বয় করা হবে।

জানুয়ারিতে শুনানি হওয়ার পর নতুন শুল্ক কার্যকর হওয়ার কথা। স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, তাহলে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা একটা অসম ও অন্যায় চুক্তি কেন করলাম?

বর্তমানে ক্ষমতাসীন বিএনপির নেতা ও সরকারের মন্ত্রীরা বলার চেষ্টা করছেন, চুক্তি তো তারা করেননি। অতীত সরকারের দায়ভার বহন করতে হচ্ছে। কিন্তু গণতান্ত্রিক সরকারের আমলে চুক্তির দায়ভারটা যে কত অসহনীয় তা কেউ খোলাসা করছেন না। এ নিয়ে জাতীয় সংসদে আলোচনা হয়নি। সংসদে যেসব বিরোধী দল আছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা জুলাই সনদ–গণভোট নিয়ে প্রায় প্রতিদিন কথা বললেও মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে টুঁ শব্দ করেন না।

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী, যিনি বর্তমান সরকারের আমলেও একই পদে আছেন, ড. খলিলুর রহমানের ভাষ্য অনুযায়ী, চুক্তির বিষয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে তারা কথা বলে নিয়েছেন। যুক্তরাষ্ট্রের বাণিজ্য আইনের অধীনে বাংলাদেশের তৈরি পোশাকের ওপর নতুন করে শুল্ক ঘোষণায় ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করেছেন।

ডেইলি স্টারের খবর অনুযায়ী, যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের পোশাক আমদানি কমেছে। যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল (ওটেক্সা) অনুযায়ী, ২০২৫ সালে দেশটির পোশাক আমদানি ২০২৪ সালের ৭৯ দশমিক ২৫ বিলিয়ন ডলার থেকে কমে ৭৭ দশমিক ৮৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের ফ্যাশন ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটির আমদানি করা পোশাকের বাজারে বাংলাদেশের অংশ ছিল ১২ দশমিক ৩ শতাংশ।

হা-মীম গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ মনে করেন, ১৮ শতাংশ শুল্ক কার্যকর হলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের অংশীদারত্ব কমার আশঙ্কা রয়েছে। এলিট গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক রামজুল সেরাজের মতে, নতুন শুল্ক আরোপের প্রস্তাবের কারণে বাংলাদেশসহ প্রধান পোশাক উৎপাদনকারী দেশগুলোর ওপর প্রতিযোগিতার সমান ক্ষেত্র তৈরি হবে।

পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী এম মাসরুর রিয়াজ বলেন, চূড়ান্ত শুল্কের হার নিয়ে অনিশ্চয়তা রপ্তানিকারকদের আর্থিক চাপ বাড়াতে পারে। মার্কিন আমদানিকারকরা বাড়তি ব্যয় ভোক্তাদের ওপর চাপিয়ে দিলে চাহিদা কমতে পারে।

গত ২৫ নভেম্বর বাংলাদেশসহ ১৪টি দেশ ও জোটের অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার তদন্ত প্রতিবেদন প্রকাশ করে ইউএসটিআর। দপ্তরটি গত মার্চ থেকে বাংলাদেশের তৈরি পোশাক, চামড়া ও সিমেন্ট খাত নিয়ে এই তদন্ত শুরু করে। বাংলাদেশ ছাড়াও চীন, ভারত, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান ও জাপানের ওপর নতুন শুল্কের প্রস্তাব করেছে ইউএসটিআর।

ইউএসটিআরের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের রপ্তানিমুখী উৎপাদন খাত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিভিন্ন পদক্ষেপ, নীতি ও চর্চা থেকে সুবিধা পায়। উৎপাদনের জন্য বাংলাদেশ বিপুল পরিমাণে প্রয়োজনীয় যন্ত্রপাতি, সুতা, কাপড় ও কৃত্রিম তন্তু আমদানি করে। এগুলোর বড় অংশই আসে চীন, ভারতসহ অন্যান্য দেশ থেকে। অথচ এসব পণ্য উৎপাদন ও রপ্তানির যথেষ্ট সক্ষমতা যুক্তরাষ্ট্রেরও রয়েছে। বাংলাদেশের কারণে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর পণ্য উৎপাদনের সুযোগ কমে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের আয়, মুনাফা ও কর্মসংস্থান। আর এর প্রভাব পড়ছে গিয়ে নির্দিষ্ট শিল্প খাত, অঞ্চল এমনকি সামগ্রিক অর্থনীতিতে।

বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ বলেন, আগামী জানুয়ারি মাসে শুল্ক আরোপের বিষয়টি চূড়ান্ত হবে। এর আগে যুক্তরাষ্ট্র প্রশাসনকে বোঝাতে হবে যে বাংলাদেশ শিল্প খাতে কর, নগদ সহায়তাসহ যেসব সুবিধা দেয়, তা আসলে বাংলাদেশের শিল্প উদ্যোক্তাদের সুরক্ষা দেওয়ার জন্য, অভ্যন্তরীণ অর্থনীতি চাঙা রাখার জন্য। এ ধরনের সুবিধা নির্দিষ্ট কোনো দেশে বাজারসুবিধা বা রপ্তানি সক্ষমতা ধরে রাখার জন্য নয়।

একের পর এক শুল্কারোপ করে যুক্তরাষ্ট্র যখন বাংলাদেশের তৈরি পোশাকখাতকে মারাত্মক ঝুঁকিতে ফেলেছে, তখন আমরা দেশটি থেকে পণ্য আমদানি বাড়িয়ে চলেছি। যেসব পণ্য যুক্তরাষ্ট্র থেকে আনা প্রয়োজন, সেটা তো আনছিই। যেসব পণ্য অন্য দেশে পাওয়া যায় সেসব পণ্যও যুক্তরাষ্ট্র থেকে আমদানি করছি কথিত বাণিজ্য সমতা আনার জন্য।

টিবিএসের প্রতিবেদনে দেখা যায়, ২০২৫-২৬ অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে আমদানি হয়েছে ৩.৬ বিলিয়ন ডলারের পণ্য। আগের অর্থবছরে এর পরিমাণ ছিল ২ দশমিক ৭১ বিলিয়ন ডলার। সেদিক থেকে প্রবৃদ্ধির হার ৩৬ শতাংশ। অন্যদিকে ভারত থেকে আমদানি প্রায় ৯ দশমিক ৫ বিলিয়ন ডলার থেকে কমে ৮ দশমিক ৪৫ বিলিয়ন ডলারে নেমে এসেছে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য আইনের অধীনে বাংলাদেশের তৈরি পোশাকের ওপর নতুন করে শুল্ক ঘোষণায় ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করেছেন। ফাইল ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের বাণিজ্য আইনের অধীনে বাংলাদেশের তৈরি পোশাকের ওপর নতুন করে শুল্ক ঘোষণায় ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করেছেন। ফাইল ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ার মূল কারণ জ্বালানি, তুলা, তৈলবীজ ও গম কেনা বাড়ানো। বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের পণ্য বেশি বেশি আমদানি করলেও দেশটি কোনো ছাড় দিচ্ছে না। বাংলাদেশের এলপিজি আমদানির প্রায় ৯৫ শতাংশ এখন আসছে যুক্তরাষ্ট্র থেকে। সয়াবিন আমদানিরও বড় উৎস তারা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র থেকে সবচেয়ে বেশি আমদানি হয়েছে খনিজ তেল ও এসব থেকে তৈরি পণ্য। ২০২৫-২৬ অর্থবছরে এসব পণ্য আমদানি হয়েছে ১ দশমিক ৬ বিলিয়ন ডলারের, যা আগের অর্থবছরে ছিল ৭৭৮ মিলিয়ন ডলার। অর্থাৎ আমদানি বেড়েছে দ্বিগুণের বেশি হয়েছে। তৈলবীজ, বিভিন্ন ধরনের শস্যদানা, বীজ, ফল এবং শিল্প বা ঔষধি গাছের আমদানি ৩৪১ মিলিয়ন ডলার থেকে বেড়ে দাঁড়িয়েছে ৫১৬ মিলিয়ন ডলার। তুলা আমদানিও ৫২ শতাংশ বেড়ে ৩৫৭ মিলিয়ন ডলারে পৌঁছেছে। তবে যুক্তরাষ্ট্র থেকে লোহা ও ইস্পাত আমদানি ৬১৭ মিলিয়ন ডলার থেকে অনেকটা কমে ৩২৯ মিলিয়ন ডলারে নেমেছে।

২০২৫ সালের জুলাইয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে পাঁচ বছর ধরে বছরে ৭ লাখ টন করে গম আমদানির সমঝোতা করে। সেইসঙ্গে বোয়িংয়ের ২৫টি উড়োজাহাজ কেনার পরিকল্পনা এবং মার্কিন তুলা, সয়াবিন ও জ্বালানি আমদানি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়।

চলতি বছরের ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তিতে ১৫ বছরে ১৫ বিলিয়ন ডলারের জ্বালানি এবং ৩ দশমিক ৫ বিলিয়ন ডলারের কৃষিপণ্য কেনার প্রতিশ্রুতি দেওয়া হয়।

এসব উদ্যোগের লক্ষ্য ছিল মার্কিন বাজারে বাংলাদেশের রপ্তানির ওপর শুল্ক কমানো এবং দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক শক্তিশালী করা। কিন্তু পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশটি বাংলাদেশের পণ্যের ওপর একের পর এক শুল্কারোপ করেই যাচ্ছে।

যে শুল্কের খাঁড়া থেকে রক্ষা পেতে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি অন্যায্য বাণিজ্য চুক্তিতে সই করলাম, সেই চুক্তি নিয়ে দেশের রাজনৈতিক পরিসরে একটি কথাও বলা হচ্ছে না। সবাই মুখ যেন সেলাই করা। সরকার চুক্তি বাতিল করতে সাহস না পাক, সংশোধন করার দাবি তো অন্তত জানাতে পারত।

লেখক: সম্পাদক, চরচা।