প্রশাসনের আশ্বাস পেয়ে ১৭ দিন পর ফার্মেসি খুলেছিলেন চয়নিকা ফার্মেসির মালিক দৌলতউজ্জামান। কিন্তু আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডে অবস্থিত এই ফার্মেসিতে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে ফার্মেসির মালিকের ছেলে জারিফুজ্জামান গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয়রা জানায়, একটি সন্ত্রাসী বাহিনীর প্রধান চয়নিকা ফার্মেসির মালিকের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। তাদের দাবি পূরণ করতে না পেরে ২৮ অক্টোবর রাতে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয় মালিকপক্ষ। এ ঘটনায় ফার্মেসি বন্ধ রাখার ১৭দিন পর ২৪ নভেম্বর পুলিশের আশ্বাস এবং পুলিশের উপস্থিতি থাকার কথায় প্রতিষ্ঠানের তালা খোলে কর্তৃপক্ষ। গত কয়েকদিন ভালোই চলছিল চয়নিকা ফার্মেসি।
ঘটনার সময়ে উপস্থিত রিকশাচালক ওয়াসিকার জানান, ওষুধ কিনতে তিনি সন্ধ্যা ৬টার দিকে চয়নিকা ফার্মেসিতে আসেন। এ সময়ে বোরখা পরে এক যুবক ওই দোকানে আসে। কিছু বুঝে ওঠার আগে কোমর থেকে পিস্তল বের করে গুলি করে, একটি মোটরসাইকেল যোগে বাবুখান রোড হয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে প্রতিষ্ঠানের কর্মচারীরা দোকান বন্ধ করে দেয়।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি জানান, নিরাপত্তার স্বার্থে প্রতিষ্ঠানটি দীর্ঘ দিন বন্ধ ছিল। পুলিশ মালিক দৌলতউজ্জানকে নিরাপত্তার আশ্বাস দিলে তিনি প্রতিষ্ঠানটি চালু করেন। এখানে প্রায় পুলিশের গাড়ি এবং সাদা পোশাকে পুলিশ অবস্থান করতেন। কিন্তু কীভাবে এ ঘটনাটি ঘটল তা তিনি বলতে পারেন নি।
খুলনা থানার ওসি লোকমান হোসেন চরচাকে জানান, খবর শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়রা কেউ কোনো তথ্য পুলিশকে দিচ্ছে না। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। তদন্ত চলছে। তিনি আরও জানান, ঘটনাটি চাঁদা দাবির সাথে সম্পৃক্ত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
এ নিয়ে আজ শুক্রবার খুলনায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় সাধারণ নগরবাসী আতঙ্কিত।