Advertisement

মডেল সিয়াম হত্যা মামলায় ৩ সহকর্মী রিমান্ড শেষে কারাগারে

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

মডেল সিয়াম হত্যা মামলায় ৩ সহকর্মী রিমান্ড শেষে কারাগারে
চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট। ফাইল ছবি

মডেল মাহমুদুল হাসান সিয়ামকে হত্যা মামলায় তার তিন সহকর্মীকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

Advertisement

আজ শুক্রবার বিকেলে তিন দিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই আলমগীর হোসেন তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিদ্দিক আজাদ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই সাইফুল ইসলাম।

সাইফুল ইসলাম বলেন, আসামিদের পক্ষে জামিন আবেদন ছিল না। কারাগারে যাওয়া আসামিরা হলেন রিসান, মীম চৌধুরী এবং আমিরা খান।

Advertisement

গত ৭ নভেম্বর বিকেলে উত্তরা ১ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডের হোটেল অ্যাম্বাসেডর ভবনের নিচ থেকে ১৭ বছরের সিয়ামের লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ওই দিনই তার সঙ্গে হোটেলে থাকা তিন সহকর্মী রিসান, মীম চৌধুরী এবং আমিরা খানকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়। পরদিন এই তিনজনকে কারাগারে পাঠানো হয়।

এরপর গত ১০ নভেম্বর এই তিন আসামির সঙ্গে হোটেল মালিক সুলতান, ম্যানেজার সুজন, কর্মচারী সাব্বিরের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামাদের আসামি করে সিয়ামের বাবা সেলিম মিয়া বিমানবন্দর থানায় হত্যার মামলা দায়ের করেন।

৫৪ ধারায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা তিন আসামিকে ১২ নভেম্বর হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর ১৪ নভেম্বর তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই আলমগীর হোসেন।

মামলার বাদী সেলিম মিয়া মামলার অভিযোগে বলেন, সিয়াম পড়াশোনার পাশাপাশি মডেলিং করত। শুটিংয়ের জন্য উত্তরাসহ ঢাকার বিভিন্ন হোটেলে থাকত। গত ৩ নভেম্বর থেকে উত্তরার ১ নম্বর সেক্টরের হোটেল অ্যাম্বাসেডরের ৫০২ নম্বর রুম ভাড়া করে শুটিংয়ের কাজ করছিল।

সেলিম মিয়া জানান, ৭ নভেম্বর রাতে তিনি খবর পান, বিকেল সাড়ে ৪টার দিকে সিয়াম রুমের জানালা দিয়ে পড়ে গিয়ে মারা গেছে।

উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে সিয়ামের লাশ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তার বাবা বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা করেন।