হত্যাচেষ্টা ও ভাঙচুরের মামলায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ শুক্রবার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানো হয়।
ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এসব তথ্য জানিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঢাকার পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান আদালতে দাখিল করা আবেদনে জানান, গত ১৯ নভেম্বর রুহুল আমিনকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়। আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন, আদালতের নির্দেশ অনুযায়ী ২৩ নভেম্বর কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ থেকে রুহুল আমিনকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়। এর আগে তাকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক জিজ্ঞাসাবাদের জন্য তাকে শারীরিকভাবে সুস্থ বলে জানান। পরে সিআইডি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের সময় রুহুল আমিন বুকে সামান্য ব্যথা অনুভব করেন। এরপর তাকে আবার পুলিশ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠান।
সিআইডির আবেদনে বলা হয়, ২৬ নভেম্বর রুহুল আমিনকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় পরদিন ২৭ নভেম্বর তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। এ-সংক্রান্ত চিকিৎসা সনদের সাত পৃষ্ঠার অনুলিপিও আদালতে দাখিল করা হয়েছে।
তদন্ত কর্মকর্তার আবেদন অনুযায়ী, জিজ্ঞাসাবাদে রুহুল আমিন জানিয়েছেন, ঘটনার দিন তিনি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে উপস্থিত ছিলেন এবং তার সামনেই মামলার ঘটনা ঘটে। এ ছাড়া মামলার বিষয়ে তিনি আরও কিছু তথ্য দিয়েছেন বলে তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন। তার দেওয়া তথ্য যাচাই-বাছাই চলছে।
তদন্ত কর্মকর্তা আরও জানান, মামলাটির এজাহারে ৫৪ জনের নাম উল্লেখ রয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়েছে। তাদের নাম, স্থায়ী ঠিকানাসহ অন্যান্য তথ্য সংগ্রহের কাজ চলছে। মামলার তদন্ত এখনো শেষ হয়নি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রুহুল আমিনকে কারাগারে আটক রাখা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
বায়তুল মোকাররমে জুমার নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা-ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলাটি পল্টন থানায় ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর দায়ের করা হয়। এতে দণ্ডবিধির ১৪৩, ৪৪৮, ৩২৩, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৪২৭, ১১৪ ও ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে। বর্তমানে মামলাটি সিআইডি তদন্ত করছে।