Advertisement

বিশ্বব্যাপী কেন শুকিয়ে যাচ্ছে নদীর পানি?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

বিশ্বব্যাপী কেন শুকিয়ে যাচ্ছে নদীর পানি?
পৃথিবীর ভূপৃষ্ঠের স্বাদুপানির মজুত আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে। ছবি: সংগৃহীত

২০২৩ ও ২০২৪ সালের নজিরবিহীন বৈশ্বিক তাপদাহের ফলে বিশ্বের নদী, হ্রদ ও জলাধারগুলোর পানির স্তর ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে।

Advertisement

চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের এক গবেষণায় দেখা গেছে, ইতিহাসের উষ্ণতম এই দুই বছরে পৃথিবীর ভূপৃষ্ঠের স্বাদুপানির মজুত আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে। বিশ্বব্যাপী নদীর স্বাভাবিক পানিপ্রবাহ প্রায় ৫.৭ শতাংশ এবং হ্রদ ও জলাধারের সঞ্চিত পানি ৯ দশমিক ৫ শতাংশ কমে গেছে। ১৯৯১ সালের পর থেকে বৃহদাকারে ভূপৃষ্ঠের পানির এমন সমন্বিত পতন আগে কখনো দেখা যায়নি।

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবীর তাপমাত্রা বাড়ার সাথে সাথে জলচক্রের আচরণও চরম ও অনিয়ন্ত্রিত হয়ে উঠছে। উষ্ণ বায়ুমণ্ডল মাটি, নদী ও হ্রদ থেকে দ্রুত আর্দ্রতা শুষে নেয়, আর উত্তপ্ত ভূমি বাষ্পীভবনের প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করে। পরবর্তীতে এই জলীয় বাষ্প অন্য কোথাও বিশেষ করে মহাসাগরের ওপর অতিবৃষ্টি হয়ে ঝরে পড়ে। এর ফলে স্থলভাগে খরা ও বন্যার মতো বিপরীতমুখী দুর্যোগের তীব্রতা বাড়ছে। মূলত এ কারণেই ২০২৩ ও ২৪ সালে প্রবল বন্যায় আক্রান্ত অঞ্চলগুলোতেও সামগ্রিকভাবে নদীর পানিপ্রবাহ কম ছিল।

এই সিদ্ধান্তে পৌঁছাতে গবেষকরা ১৯৯১ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিশ্বের ১৫০টি প্রধান নদী অববাহিকার প্রবাহের তথ্য এবং স্যাটেলাইটের মাধ্যমে ১২ লাখেরও বেশি হ্রদ ও জলাধারের উপাত্ত বিশ্লেষণ করেছেন।

Advertisement

গবেষক দলের অন্যতম সদস্য ড. সুলগ্না মিশ্র জলবায়ু পরিবর্তনের এই জটিল সমীকরণ ব্যাখ্যা করে বলেন, “বায়ুমণ্ডল উষ্ণ হওয়া মানেই স্থলভাগে পানির পরিমাণ বাড়া নয়। আলোচ্য সময়ে বিশ্বে সামগ্রিক বৃষ্টিপাত বাড়লেও তার সিংহভাগই হয়েছে সমুদ্রের বুকে। বিপরীতে স্থলভাগের বিস্তীর্ণ অঞ্চল ভুগেছে তীব্র পানির সংকটে।”

এই সংকটের সবচেয়ে ভয়াবহ রূপ দেখা গেছে দক্ষিণ আমেরিকায়। মহাদেশটির কিছু অংশে চরম বৃষ্টিপাত ও বন্যা হলেও সামগ্রিকভাবে নদীর প্রবাহ ১৭ দশমিক ৮ শতাংশ এবং হ্রদ ও জলাধারের পানি ১৬ দশমিক ৫ শতাংশ কমে গেছে।

ইউনিভার্সিটি অব ইস্ট অ্যাংলিয়ার হাইড্রোলজি ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সহযোগী অধ্যাপক ড. ই হে বিষয়টি স্পষ্ট করে বলেন, “কোনো অঞ্চলে প্রবল বর্ষণে সাময়িক বন্যা হতেই পারে, কিন্তু তার অর্থ এই নয় যে নদীতে সারা বছর পর্যাপ্ত পানি থাকবে। ২০২৩-২৪ সালে দক্ষিণ আমেরিকার নদীগুলোতে ঠিক এমনটাই ঘটেছে। বন্যার পরও বছরের বেশিরভাগ সময় নদীগুলো ছিল জলশূন্য।”

বর্তমানে সুপার এল নিনো, জলবায়ু পরিবর্তনজনিত খরা, পরিবেশ দূষণ এবং পানির অপরিকল্পিত ব্যবহারের কারণে বিশ্বের পানি সরবরাহ ব্যবস্থা বহুমুখী সংকটে পড়েছে।

গবেষকদের মতে, এই চিত্র প্রমাণ করে যে আমাদের পানির উৎসগুলো কতটা অরক্ষিত। স্বাদুপানির এই দ্রুত পরিবর্তন মানুষ ও প্রকৃতির ওপর জলবায়ু সংকটের সরাসরি আঘাত। পৃথিবী যত উষ্ণ হবে, ভবিষ্যতে পানির প্রাপ্যতা অনুমান করা ততই অনিশ্চিত হয়ে পড়বে।

যেসব অঞ্চলকে চিরাচরিতভাবে জলসমৃদ্ধ বা আর্দ্র বলে জানা যায়, সেখানেও স্বাদুপানির উৎস এত দ্রুত শুকিয়ে যাওয়া অশনিসংকেত বলে মনে করছেন গবেষকেরা। কেবল বন্যা হওয়া মানেই যে কোনো অঞ্চল পানি-নিরাপদ, এই গবেষণা সেই ভুল ধারণা ভেঙে দিয়েছে।

গবেষকেরা সতর্ক করে জানিয়েছেন, গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমিয়ে জলবায়ুকে স্থিতিশীল করতে না পারলে প্রকৃতির এই চরম ও আকস্মিক আচরণ এবং মানবজীবনে এর ভয়াবহ প্রভাব দিন দিন আরও প্রকট হতে থাকবে।