Advertisement

ট্রাম্পের নতুন শুল্কে কী প্রভাব পড়বে বিশ্ববাজারে?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

ট্রাম্পের নতুন শুল্কে কী প্রভাব পড়বে বিশ্ববাজারে?
ফাইল ছবি

নতুন করে ইউরোপীয় ইউনিয়ন, চীন ও বাংলাদেশসহ ১৪টি প্রধান বাণিজ্যিক অংশীদারের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কারোপে বিশ্ববাজারে কী প্রভাব পড়বে তা নিয়ে চলছে জোর আলোচনা। ট্রাম্প প্রশাসনের অতিরিক্ত উৎপাদনের মাধ্যমে এসব দেশ বাণিজ্যে অন্যায্য সুবিধা নিচ্ছে।

Advertisement

কিন্তু হঠাৎ কেন নতুন করে শুল্ক আরোপের উদ্যোগ? কোন আইনের আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে?

গত ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা ব্যাপকভিত্তিক বৈশ্বিক শুল্ক বাতিল করে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। এরপর ১২টি দেশ, ইউরোপীয় ইউনিয়নের ২৭ সদস্য এবং স্বায়ত্তশাসিত দ্বীপ তাইওয়ানের বাণিজ্যিক কার্যক্রম নিয়ে কয়েক মাস ধরে তদন্ত চালানো হয়। সেই তদন্তের পরই নতুন শুল্ক আরোপের প্রস্তাব সামনে এনেছে ট্রাম্প প্রশাসন।

Advertisement

যুক্তরাষ্ট্রের দাবি, এসব দেশের অতিরিক্ত উৎপাদন সক্ষমতা তাদের বিশ্ববাজারে অন্যায্য বাণিজ্যিক সুবিধা দিচ্ছে।

বুধবার ঘোষিত নতুন শুল্কের মধ্যে সর্বোচ্চ হার পড়বে চীনের ওপর। দেশটির পণ্যে ২০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। এর সঙ্গে ট্রাম্পের প্রথম মেয়াদে আরোপ করা প্রায় ২৫ শতাংশ শুল্কও বহাল থাকবে।

তবে চীনা পণ্যের প্রায় ৩০ বিলিয়ন ডলারের আমদানিতে নতুন এই শুল্ক কার্যকর হবে না। দ্বিপক্ষীয় ‘বোর্ড অব ট্রেড’ নামের একটি ব্যবস্থার আওতায় এসব পণ্যের শুল্ক কমানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা লিখেছে, দীর্ঘদিন ধরেই চীনের বিরুদ্ধে শিল্প খাতে ভর্তুকি দেওয়া এবং ইস্পাত, বৈদ্যুতিক গাড়ি ও সৌরপণ্যের মতো পণ্য কম দামে বিশ্ববাজারে বিক্রির অভিযোগ করে আসছে ওয়াশিংটন। তবে বেইজিং বরাবরের মতো এবারও এসব অভিযোগ অস্বীকার করেছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, ‘অতিরিক্ত উৎপাদন সক্ষমতার’ অভিযোগটি ভিত্তিহীন। রাজনৈতিক উদ্দেশ্যে এই অভিযোগকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার বিরোধিতা করে চীন। একই সঙ্গে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান তিনি।

নতুন শুল্কের প্রস্তাবের আওতায় থাকা যুক্তরাষ্ট্রের অন্যান্য বাণিজ্যিক অংশীদারের মধ্যে রয়েছে ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, কম্বোডিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, তাইওয়ান, থাইল্যান্ড ও ভিয়েতনাম।

তদন্তের আওতায় থাকলেও মেক্সিকো ও নরওয়েকে নতুন শুল্কের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। দেশ দুটির বাণিজ্যিক কার্যক্রম নিয়ে তদন্ত এখনো চলমান থাকায় আপাতত তাদের ওপর নতুন শুল্ক আরোপ করা হচ্ছে না।

এখন আসা যাক তদন্তের আলোচনায়। এখানে গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রের ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ধারা ৩০১।

ধারা ৩০১ কী, কেন এর ব্যবহার নিয়ে প্রশ্ন?

নতুন শুল্ক আরোপের উদ্যোগের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ধারা ৩০১ । আল জাজিরার প্রতিবেদনে এই ধারার ব্যবহারকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে সমালোচনা করেছেন একজন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ। কিন্তু কেন এই প্রশ্ন উঠছে?

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের শুরু করা আট মাসের তদন্তের পর নতুন শুল্ক আরোপের ঘোষণা আসে। ১৯৭৪ সালের মার্কিন বাণিজ্য আইনের ধারা ৩০১ অনুযায়ী, কোনো দেশ অযৌক্তিক বা বৈষম্যমূলক বাণিজ্যনীতি অনুসরণ করছে বলে প্রমাণিত হলে দেশটির ওপর আমদানি শুল্কসহ অন্যান্য নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট।

তবে এই ধারার ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন জর্জটাউন ইউনিভার্সিটি ল সেন্টারের আন্তর্জাতিক আইন বিভাগের অধ্যাপক গ্রেগরি শ্যাফার। আল জাজিরাকে তিনি বলেন, ধারা ৩০১ ব্যবহারের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের উদ্দেশ্য অসৎ।

শ্যাফারের মতে, বিশ্বজুড়ে শুল্ক আরোপ এবং প্রেসিডেন্টের ইচ্ছামতো যেকোনো সময় তা পরিবর্তনের সুযোগ তৈরি করতেই এসব তদন্ত শুরু করা হয়েছে। এর মাধ্যমে সংবিধান অনুযায়ী শুল্কের হার নির্ধারণে কংগ্রেসের যে ক্ষমতা রয়েছে, তা কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

অধ্যাপক শ্যাফার বলেন, “বিশ্বজুড়ে শুল্ক আরোপ এবং প্রেসিডেন্টের ইচ্ছামতো যেকোনো সময় তা পরিবর্তনের লক্ষ্যকে সমর্থন করতেই এই তদন্তগুলো শুরু করা হয়েছে। এর ফলে সংবিধানে নির্ধারিত কর আরোপের ক্ষমতার আওতায় শুল্কের হার নির্ধারণে কংগ্রেসের কর্তৃত্ব কেড়ে নেওয়া হচ্ছে।”

এদিকে, হোয়াইট হাউস পৃথক এক ঘোষণায় ব্রাজিলের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এমব্রায়ের তৈরি সম্পূর্ণ উড়োজাহাজের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে।

প্রতিষ্ঠানটির তৈরি উড়োজাহাজ যুক্তরাষ্ট্রের বিভিন্ন আঞ্চলিক বিমান সংস্থা ব্যাপকভাবে ব্যবহার করে। এসব সংস্থা ইউনাইটেড এক্সপ্রেস, ডেলটা কানেকশন ও আমেরিকান ঈগল নামে ফ্লাইট পরিচালনা করে। যুক্তরাষ্ট্রে ব্রাজিলের চতুর্থ বৃহত্তম রপ্তানি পণ্য হলো তৈরি উড়োজাহাজ।

এ ছাড়া, ব্রাজিলের সঙ্গে বাণিজ্যে কথিত অন্যায্য চর্চা বন্ধ করতে দেশটির ওপর চাপ বাড়ানোর অংশ হিসেবে নির্ধারিত আমদানি সীমার অতিরিক্ত ব্রাজিলীয় চিনির ওপর শুল্ক বাড়ানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

নতুন শুল্ক নিয়ে বিভিন্ন দেশের প্রতিক্রিয়া

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক ঘোষণার পর প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নসহ কয়েকটি দেশ।

ইউরোপীয় কমিশনের মুখপাত্র ওলফ গিল আল জাজিরাকে বলেন, উৎপাদন খাতে অতিরিক্ত সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রের ধারা ৩০১-এর তদন্তের প্রাথমিক ফলাফল তারা পর্যালোচনা করবেন। তিনি বলেন, “ইউরোপ অতিরিক্ত উৎপাদন সক্ষমতার জন্য দায়ী, এমন অভিযোগ আমরা জোরালোভাবে প্রত্যাখ্যান করছি। বরং অতিরিক্ত উৎপাদনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর একটি ইউরোপ।”

সুইজারল্যান্ড সরকারও তদন্তের ভিত্তিতে আনা অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

এদিকে, নতুন শুল্ক ঘোষণার সময় নিয়ে উদ্বেগ জানিয়ে সেন্টার ফর আ নিউ আমেরিকান সিকিউরিটির জ্যেষ্ঠ ফেলো র‍্যাচেল জিয়েম্বা আল জাজিরাকে তিনি বলেন, ডিসেম্বরের মাঝামাঝি অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনের ঠিক আগে এই ঘোষণা দেওয়া হয়েছে। ফলে সম্মেলনে বাণিজ্য নিয়ে আলোচনার সুযোগ তৈরি হতে পারে। তবে একই সঙ্গে ২০২৭ সালে মূল্যস্ফীতির চাপ ও অর্থনৈতিক অস্থিরতার ঝুঁকিও বাড়তে পারে। এতে গ্যাসের দাম কমার ফলে পাওয়া সম্ভাব্য সুবিধার কিছুটা কমে যেতে পারে।

অন্যদিকে, নতুন শুল্কের তালিকা থেকে বাদ পড়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে নরওয়ে।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইডে বলেন, “আমরা শুরু থেকেই বলে আসছি, নরওয়ের এমন কোনো নীতি নেই, যা অতিরিক্ত উৎপাদন সক্ষমতা তৈরিতে ভূমিকা রাখে। নরওয়ের কোম্পানিগুলো বাজারের চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করে।”

নতুন শুল্ক ঘোষণার প্রভাব পড়েছে বিশ্ববাজারে

নতুন শুল্ক ঘোষণার পর যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন হয়েছে। তবে সব সূচকের পরিস্থিতি এক রকম ছিল না।

প্রযুক্তি খাতের কোম্পানিগুলোর শেয়ারের ওপর নির্ভরশীল নাসডাক কম্পোজিট সূচক ০.৬ শতাংশ কমেছে। দিনের শুরুতে সূচকটি ৪ শতাংশের বেশি পড়ে গিয়েছিল। অন্যদিকে, এসঅ্যান্ডপি ৫০০ সূচক দিন শেষে ০.২৫ শতাংশ কমেছে।তবে ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ সূচক আগের দরপতন কাটিয়ে ০.৩ শতাংশ বেড়েছে।

অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত স্বর্ণের দামও ৩ শতাংশের বেশি কমেছে। গত এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে এই মূল্যবান ধাতুর দাম।

তবে শুধু শুল্ক ঘোষণাই স্বর্ণের দাম কমার কারণ নয়। বুধবার প্রকাশিত যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্যও এতে প্রভাব ফেলেছে। মূল্যস্ফীতির হার নির্ধারণে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের ব্যবহৃত গুরুত্বপূর্ণ একটি সূচক ০.৩ শতাংশ বেড়েছে।

মূল্যস্ফীতি বাড়লে সুদের হার বাড়ার সম্ভাবনাও বেড়ে যায়। এতে স্বর্ণের দামের ওপর চাপ তৈরি হয়।

এদিকে, বুধবার যুক্তরাষ্ট্র ও ইউরোপের সরকারি বন্ডের মুনাফার হারও কমেছে।

ইউরোজোনের মানদণ্ড হিসেবে বিবেচিত জার্মানির ১০ বছর মেয়াদি সরকারি বন্ডের মুনাফার হার ৪.৫ বেসিস পয়েন্ট কমে ৩.২ শতাংশে নেমেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের মুনাফার হার ৬.৮ বেসিস পয়েন্ট কমে ৪.৮৩৪ শতাংশ হয়েছে। গত আট কার্যদিবসের মধ্যে সাত দিনই এই হার কমেছে।