Advertisement

বেলুচিস্তানে অপহরণ কেন জঙ্গিগোষ্ঠীর চাপ সৃষ্টির ক্রমবর্ধমান হাতিয়ার হয়ে উঠছে

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

বেলুচিস্তানে অপহরণ কেন জঙ্গিগোষ্ঠীর চাপ সৃষ্টির ক্রমবর্ধমান হাতিয়ার হয়ে উঠছে
প্রতীকী ছবি: এআই দিয়ে তৈরি

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে গত ১৬ নভেম্বর বন্দুকের মুখে তিন তরুণকে অপহরণ করে সশস্ত্র ব্যক্তিরা। ঝাল মাগসি জেলার কোটেরা নদীর কাছে মোটরসাইকেলে আসা অস্ত্রধারীরা তাদের পথ আটকায়। পুলিশ অপহৃত ব্যক্তিদের রিয়াজ আহমেদ, ইলতাজাই লাশারি ও তারিক লাশারি হিসেবে শনাক্ত করেছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করলেও এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। কোনো গোষ্ঠী এ অপহরণের দায় স্বীকার করেনি। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা-ও প্রকাশ্যে জানায়নি কর্তৃপক্ষ।

Advertisement

এ ঘটনা পাকিস্তানের নিরাপত্তা সংকটের এমন একটি দিকের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে, যা আত্মঘাতী বোমা হামলা, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ এবং সশস্ত্র হামলার তুলনায় কম গুরুত্ব পায়। আর তা হলো ভয় দেখানো, অর্থ আদায় এবং চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে অপহরণের ব্যবহার।

ওয়াশিংটনভিত্তিক এশীয়-প্যাসিফিক অঞ্চল বিষয়ক সাময়িকী দ্য ডিপ্লোম্যাটে গবেষক ও সাংবাদিক ইয়ুমনা হিনা খান ও সাংবাদিক ও বিশ্লেষক নাতাশা মতলুবের যৌথভাবে লেখা প্রতিবেদনে বলা হয়েছে, বেলুচিস্তানজুড়ে অপহরণের একটি বিস্তৃত প্রবণতা দেখা যাচ্ছে। কয়েক দশক ধরে চলা বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র আন্দোলনের কারণে অঞ্চলটিতে নিরাপত্তাহীনতা অব্যাহত রয়েছে। মহাসড়ক ও প্রত্যন্ত জেলাগুলোতে সংঘটিত অপহরণের ঘটনায় সরকারি কর্মকর্তা, নিরাপত্তাকর্মী, শ্রমিক ও সাধারণ মানুষ—সবাইকে লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

আয়তনের দিক থেকে পাকিস্তানের বৃহত্তম প্রদেশ বেলুচিস্তানের সীমান্ত রয়েছে আফগানিস্তান ও ইরানের সঙ্গে। খনিজসহ প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এ প্রদেশটি কৌশলগত অবস্থান, খনি শিল্প এবং গুরুত্বপূর্ণ পরিবহন করিডরের কারণে অর্থনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ। একই সঙ্গে এটি দীর্ঘদিনের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র আন্দোলনের কেন্দ্র। এ আন্দোলনে জড়িত সশস্ত্র সংগঠনগুলো প্রদেশটির অধিকতর রাজনৈতিক স্বায়ত্তশাসন ও প্রাকৃতিক সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে।

Advertisement

ইসলামাবাদভিত্তিক নিরাপত্তাবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (পিআইসিএসএস) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবরে পাকিস্তানজুড়ে জঙ্গি সহিংসতাসংশ্লিষ্ট বিভিন্ন ঘটনায় ৮৮ জনকে অপহরণ করা হয়। সেপ্টেম্বরে এ সংখ্যা ছিল ৭২। অর্থাৎ এক মাসে অপহরণের ঘটনা বেড়েছে ২২ শতাংশ। আগের এক বছরের মধ্যে এটি ছিল এক মাসে সর্বোচ্চ অপহরণের ঘটনা। এসব অপহরণের মধ্যে ৭০টিই ঘটেছে বেলুচিস্তানে, যা জাতীয় মোট সংখ্যার প্রায় ৮০ শতাংশ।

প্রচলিত জঙ্গি সহিংসতা কমলেও অপহরণের ঘটনা বেড়েছে। সেপ্টেম্বরে পাকিস্তানে ২২৬টি জঙ্গি হামলার ঘটনা ঘটলেও অক্টোবরে তা কমে দাঁড়ায় ১৪৩টিতে। অর্থাৎ হামলা কমেছে ৩৭ শতাংশ। পিআইসিএসএসের একই মূল্যায়ন অনুযায়ী, এসব হামলায় নিহতের সংখ্যা ৫৭ শতাংশ কমে ২৬০ থেকে ১১১-তে নেমেছে। আহতের সংখ্যাও কমেছে ৭১ শতাংশ। এ দুই প্রবণতার মধ্যে পার্থক্য থেকে বোঝা যায়, নিরাপত্তাহীনতার পৃথক একটি মাত্রা হিসেবে অপহরণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। হামলা ও হতাহতের সংখ্যা নিয়ে করা মূল্যায়নে সশস্ত্র অপহরণের ঘটনা সহজেই আড়ালে থেকে যেতে পারে।

গত ১৬ অক্টোবর কোয়েটা থেকে খারান যাওয়ার পথে নওশকি-খারান মহাসড়কে রাখশান বিভাগের কমিশনার আসাদ উল্লাহ কাকারের গাড়ির গতিরোধ করে সশস্ত্র ব্যক্তিরা। তাকে ও তার গাড়িচালককে অপহরণ করা হয়। তবে পরে চালককে ছেড়ে দেওয়া হয়। প্রাথমিক সংবাদ প্রতিবেদনগুলোতে কোনো গোষ্ঠী এ ঘটনার দায় প্রকাশ্যে স্বীকার করেনি।

এর আগে একই ধরনের আরেক ঘটনায় ২০ সেপ্টেম্বর খারানের ডেপুটি কমিশনার মুনির আহমেদ সোমরোকে তার কয়েকজন সঙ্গীসহ অপহরণ করা হয়।

কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, স্থানীয় উপজাতীয় নেতাদের সঙ্গে অপহরণকারীদের আলোচনার পর প্রায় দুই সপ্তাহ বন্দী থাকার পর ৩ অক্টোবর তাকে মুক্তি দেওয়া হয়। এ ঘটনা অপহৃত ব্যক্তিদের মুক্ত করতে অনানুষ্ঠানিক উপজাতীয় মধ্যস্থতার ভূমিকা তুলে ধরেছে। বিশেষ করে যেসব এলাকায় প্রচলিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ধরনের ঘটনার সমাধানে হিমশিম খাচ্ছে, সেখানে এ ধরনের মধ্যস্থতা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

পাকিস্তানের বেলুচিস্তানে এন-২৫ মহাসড়ক। ছবি: উইকিমিডিয়া
পাকিস্তানের বেলুচিস্তানে এন-২৫ মহাসড়ক। ছবি: উইকিমিডিয়া

নিরাপত্তাকর্মীরাও অপহরণের শিকার হচ্ছেন। ১৬ অক্টোবর লেভিস ফোর্সের ২০ সদস্যকে বহনকারী একটি যাত্রীবাহী ভ্যানের গতিরোধ করে সশস্ত্র ব্যক্তিরা। লেভিস ফোর্স একটি আধাসামরিক বাহিনী। অপহৃত সদস্যরা বেলুচিস্তানের কালাত জেলায় পুলিশি প্রশিক্ষণ নিচ্ছিলেন। সাপ্তাহিক ছুটিতে বাড়ি ফেরার পথে তাদের অপহরণ করা হয়। হামলাকারীরা চালক ও অন্য তিন যাত্রীকে ছেড়ে দিলেও প্রশিক্ষণরত ২০ সদস্যকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ২০ অক্টোবর তাদের সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়। কোনো গোষ্ঠী এ ঘটনার দায় স্বীকার করেনি।

এর দুই দিন পর খুজদার জেলার নাল এলাকার একটি খননকেন্দ্র থেকে ১৮ জন শ্রমিক ও একটি মার্বেল কারখানার মালিকের ছেলেকে অপহরণ করে সশস্ত্র ব্যক্তিরা। পালানোর চেষ্টা করলে এক শ্রমিককে গুলি করে আহত করা হয়। হামলাকারীরা ওই স্থাপনা থেকে যানবাহন ও সরঞ্জামও নিয়ে যায়। এ ঘটনারও দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

এ ধরনের অনেক অপরাধের দায় কারা ঘটিয়েছে, তা নিশ্চিত হওয়া যায় না। ফলে কতটি অপহরণ সংঘবদ্ধ জঙ্গি সংগঠন চালাচ্ছে আর কতটি প্রত্যন্ত অঞ্চলের দুর্বল নিরাপত্তাব্যবস্থার সুযোগ নিয়ে অপরাধী চক্র ঘটাচ্ছে, তা স্পষ্ট নয়। বিভিন্ন সময়ে উভয় ধরনের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলেও বেশ কয়েকটি আলোচিত ঘটনার দায় এখনো প্রতিষ্ঠিত হয়নি।

সেপ্টেম্বরে কালাতের কাছে এক অভিযানে ২৩ জন অপহৃত ব্যক্তিকে উদ্ধার করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী, সশস্ত্র ব্যক্তিরা এন-২৫ মহাসড়কে একটি অবৈধ তল্লাশিচৌকি স্থাপন করেছিল। সেখানে যানবাহন থামিয়ে যাত্রীদের অপহরণ, মুক্তিপণ আদায়, চাঁদাবাজি এবং গাড়ি ছিনতাই করা হতো। অভিযানে পাঁচ জঙ্গি নিহত হয়।

পাকিস্তানের সামরিক বাহিনী এ অপহরণের জন্য ‘ফিতনা-আল-হিন্দুস্তান’ নামের একটি গোষ্ঠীকে দায়ী করে। বেলুচ বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের বোঝাতে পাকিস্তানি কর্তৃপক্ষ এ নাম ব্যবহার করে। এর মধ্যে রয়েছে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) ও তাদের সহযোগী সংগঠনগুলো। বিএলএ একটি সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন, যারা বেলুচিস্তানের স্বাধীনতা চায় এবং পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও অবকাঠামোতে হামলার দায় স্বীকার করে আসছে। কালাতের ওই অভিযান জঙ্গিদের হাতে জিম্মি, চাঁদাবাজি এবং বাণিজ্যিক যানবাহন ছিনতাইয়ের একটি নথিভুক্ত উদাহরণ।

তবে বেলুচিস্তানে নিখোঁজ হওয়া কিংবা অপহরণের প্রতিটি ঘটনার জন্য বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে দায়ী করা যায় না। অস্থিতিশীলতার সুযোগ নিয়ে অপরাধীদের মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে সাধারণ অপহরণের ঘটনাও ঘটছে। এর পাশাপাশি রয়েছে দীর্ঘদিনের গুমের সমস্যা। পরিবারগুলোর অভিযোগ, রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থাগুলো তাদের স্বজনদের আটক করলেও তাদের অবস্থান জানায় না। তবে কর্তৃপক্ষ এসব অভিযোগ অস্বীকার করে আসছে। এ ধরনের ঘটনা জঙ্গিদের হাতে জিম্মি করার ঘটনা থেকে আলাদা এবং দুটিকে এক করে দেখা উচিত নয়।

মানবিক ক্ষতির পাশাপাশি অপহরণের অর্থনৈতিক প্রভাবও গুরুতর হতে পারে। খনি, নির্মাণ ও পরিবহন খাতের কার্যক্রম নির্ভর করে শ্রমিকদের এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াত এবং প্রত্যন্ত কর্মস্থলে পৌঁছানোর সক্ষমতার ওপর। খুজদারে ১৮ জন খনি শ্রমিককে অপহরণ এবং যানবাহন ও সরঞ্জাম ছিনিয়ে নেওয়ার ঘটনা দেখিয়ে দিয়েছে, এ ধরনের হামলা কীভাবে সরাসরি বাণিজ্যিক কর্মকাণ্ড ব্যাহত করতে পারে। এসব অপহরণ ভবিষ্যৎ বিনিয়োগের ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অথচ বেলুচিস্তানের বিপুল প্রাকৃতিক সম্পদের প্রতি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আগ্রহ আকর্ষণের চেষ্টা করছে পাকিস্তান সরকার।

বেলুচিস্তানে ব্যবসা পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর জন্য হুমকি শুধু স্থাপনায় হামলার মধ্যেই সীমাবদ্ধ নয়। যাতায়াতের সময় প্রতিষ্ঠানের কর্মী, ঠিকাদার, সরবরাহকারী ও স্থানীয় অংশীদারেরাও লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারেন। ফলে প্রতিষ্ঠানগুলোকে কর্মীদের যাতায়াতের পরিকল্পনা নতুন করে ভাবতে এবং নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে হচ্ছে।

উদাহরণ হিসেবে এন-২৫ মহাসড়কের কথা বলা যায়। করাচির সঙ্গে কোয়েটাকে যুক্ত করা এ মহাসড়কটি আফগান সীমান্তের দিকে যাওয়া বিভিন্ন সড়কের সঙ্গেও সংযুক্ত। এটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক করিডর। পাকিস্তানের সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী, এ মহাসড়কেই সশস্ত্র গোষ্ঠীগুলো অস্থায়ী তল্লাশিচৌকি বসিয়ে যানবাহন থামাত এবং যাত্রীদের লক্ষ্যবস্তু করত। এ ধরনের ঘটনা সরবরাহব্যবস্থায় বিঘ্ন ঘটাতে পারে এবং ঝুঁকিপূর্ণ এলাকার মধ্য দিয়ে পণ্য পরিবহনের ব্যয় বাড়িয়ে দিতে পারে।

প্রচলিত জঙ্গি হামলার সংখ্যা কমে যাওয়ার অর্থ এই নয় যে বেলুচিস্তানে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে। অপহরণ সশস্ত্র গোষ্ঠী ও অপরাধী চক্রগুলোর হাতে জনগণকে ভয় দেখানো, বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর চাপ সৃষ্টি এবং অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত করার আরেকটি হাতিয়ার তুলে দিচ্ছে। অপহরণের ক্রমবর্ধমান প্রবণতা পাকিস্তানের নিরাপত্তাহীনতা পরিমাপের একটি গুরুত্বপূর্ণ সূচক হয়ে উঠছে।