Advertisement

ঘোষিত মজুরি প্রস্তাবনা প্রত্যাখ্যান গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

ঘোষিত মজুরি প্রস্তাবনা প্রত্যাখ্যান গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের
নিম্নতম মজুরি বোর্ড ঘোষিত নতুন মজুরি প্রস্তাবনা প্রত্যাখ্যান করেছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। ছবি: সংগৃহীত

গার্মেন্ট শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বোর্ড ঘোষিত নতুন মজুরি প্রস্তাবনা প্রত্যাখ্যান করেছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। সংগঠনটির নেতারা অবিলম্বে ঘোষিত প্রস্তাবনা পুনর্বিবেচনা করে শ্রমিকদের বাঁচার মতো মজুরি নির্ধারণের দাবি জানিয়েছেন।

Advertisement

আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

সংগঠনের সভাপতি মন্টু ঘোষের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সহ-সভাপতি জলি তালুকদার, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শামীম, সহকারী সাধারণ সম্পাদক মঞ্জুর মঈন, কেন্দ্রীয় নেতা দুলাল সাহা প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান।

বক্তারা বলেন, খাদ্য, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, যাতায়াতসহ জীবনধারণের প্রতিটি ক্ষেত্রে ব্যয় বেড়েছে। বর্তমান মজুরিতে শ্রমিকদের পক্ষে পরিবারের ন্যূনতম চাহিদা পূরণ করাও কঠিন হয়ে পড়েছে। এই বাস্তবতায় ঘোষিত মজুরি প্রস্তাবনা শ্রমিকদের জীবন-জীবিকার সংকট নিরসনে মোটেই যথেষ্ট নয়।

Advertisement

নেতারা বলেন, বিদ্যমান আইন অনুসারে গত দুই বছরে যুক্ত হওয়া ইনক্রিমেন্টসহ স্বাভাবিকভাবে আগামী জানুয়ারিতে যে মজুরি শ্রমিকের প্রাপ্য হবে, তার সঙ্গে ঘোষিত মজুরির পার্থক্য খুব বেশি নয়।

সমাবেশে বক্তারা আরও বলেন, প্রস্তাবিত মজুরি কাঠামোতে একজন নবীন হেলপারের সঙ্গে দীর্ঘদিনের অভিজ্ঞ ও দক্ষ অপারেটরের মজুরির পার্থক্য অত্যন্ত সামান্য রাখা হয়েছে। এতে শ্রমিকদের দক্ষতা, অভিজ্ঞতা ও কাজের দায়িত্বের যথাযথ মূল্যায়ন হচ্ছে না। এমন মজুরি কাঠামো শ্রমিকদের দক্ষতা অর্জন ও পেশাগত অগ্রগতির ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলবে।

বক্তারা মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রস্তাব ও দরকষাকষির প্রক্রিয়ায় তাদের অবস্থানের সমালোচনা করেন। একই সঙ্গে শ্রমিকপক্ষের প্রতিনিধিত্ব ও দরকষাকষির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা। শ্রমিকদের প্রকৃত মতামত ও দাবি উপেক্ষা করে মজুরি নির্ধারণের প্রক্রিয়া গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন নেতারা।

গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতারা বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা শিল্পের টেকসই বিকাশেরও অপরিহার্য শর্ত। শ্রমিকদের শ্রম, দক্ষতা ও উৎপাদনশীলতার ওপর নির্ভর করেই গার্মেন্ট শিল্পের বিকাশ ঘটেছে। শ্রমিকদের জীবনধারণের ন্যূনতম নিশ্চয়তা না দিয়ে শিল্পের সমৃদ্ধির কথা ভাবা যায় না।

সমাবেশ শেষে একটি মিছিল পুরানা পল্টন মোড়সহ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।