Advertisement

ন্যূনতম মজুরি নির্ধারণের পর শ্রমিক অসন্তোষে ৮৭ পোশাক কারখানা বন্ধ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

ন্যূনতম মজুরি নির্ধারণের পর শ্রমিক অসন্তোষে ৮৭ পোশাক কারখানা বন্ধ
ছবি: ইউএনবি

তৈরি পোশাকশ্রমিকদের নতুন মাসিক ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের কয়েক ঘণ্টার মধ্যে আজ বুধবার সকালে সাভার, আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চলজুড়ে শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে কর্তৃপক্ষ ৮৭টি কারখানা বন্ধ ঘোষণা করেছে।

Advertisement

শিল্প পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভের মধ্যে আজ দিনভর গাজীপুরের ৫৫টি এবং সাভার ও আশুলিয়ার ৩২টি কারখানা বন্ধ ছিল।

বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সাভারের হেমায়েতপুর এলাকায় শ্রমিকেরা সকালে কাজে যোগ দেওয়ার পর কর্মস্থল থেকে বেরিয়ে আসে। পরে তারা হেমায়েতপুর-সিংগাইর সড়ক ও পদ্মা মোড় এলাকায় সড়ক অবরোধের চেষ্টা করে।

Advertisement

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

স্থানীয় পুলিশের ভাষ্য অনুযায়ী, বিক্ষোভ চলাকালে ইটের আঘাতে পুলিশের এক সদস্য আহত হন। এ ছাড়া, বাইরে থেকে আসা একদল বিক্ষোভকারী কাছাকাছি অবস্থিত এ কে এইচ গ্রুপের একটি কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, অন্তত ২২টি কারখানা কর্তৃপক্ষ আজ দিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে।

সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া, প্রস্তুত রাখা হয়েছে জলকামান ও সাঁজোয়া যান (এপিসি)। এ শিল্পাঞ্চলে ৭৩৬টি পোশাক কারখানা রয়েছে, যার মধ্যে ৪৭০টি রপ্তানিমুখী।

একই ধরনের অচলাবস্থা দেখা দেয় গাজীপুরেও। সকাল ৯টার দিকে শ্রমিকেরা কারখানায় প্রবেশ না করে গাজীপুরা বাসস্ট্যান্ডের কাছে সাতাইশ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একাংশ দখল করে নেয়। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, লাঠিসোঁটা হাতে ৪০০ থেকে ৫০০ শ্রমিক সাতাইশ এলাকার একটি শাখা সড়ক অবরোধ করে। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

এ ছাড়া, সকাল ৯টা ৫০ মিনিটের দিকে প্রায় এক হাজার ২০০ শ্রমিক গাজীপুর সদর মেট্রোপলিটন পুলিশের অধীন জয়দেবপুর সড়ক অবরোধ করে। কর্মবিরতির পর বেশ কয়েকটি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে।