Advertisement

চট্টগ্রামে মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক নারীসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। প্রতীকী ছবি

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক নারীসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।

Advertisement

আজ বুধবার চট্টগ্রাম মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক আফরোজা জেসমিন কলি এ রায় দিয়েছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন মো. আলম, সেনোয়ারা বেগম ও মোশাররফ আলী। তাদের বাড়ি চট্টগ্রামের আনোয়ারায়।

আদালতের বেঞ্চ সহকারী নাইম হোসেন চরচাকে বলেন, “তাদের কাছ থেকে ইয়াবা পাওয়ার ঘটনা প্রমাণিত হওয়ায় বিচারক ছয়জন সাক্ষীর সাক্ষ্য শেষে এ রায় দেন। সাজাপ্রাপ্ত তিন আসামিই পলাতক রয়েছেন।”

Advertisement

মামলার এজাহার থেকে জানা গেছে, ২০২১ সালের ২৪ জুলাই চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন মীর ফিলিং স্টেশনের বিপরীতে তৎকালীন র‍্যাব-৭ এর সদস্যরা অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেন। তাদের ব্যাগ থেকে ২ হাজার ৭৫০ গ্রাম ইয়াবা উদ্ধার করা হয়।

আলমের কাছ থেকে ১ হাজার ১০০ গ্রাম, মোশাররফের কাছ থেকে ৮৬৫ গ্রাম এবং সেনোয়ারার কাছ থেকে ৭৮৫ গ্রাম ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় র‍্যাব-৭-এর চান্দগাঁও ক্যাম্পের তৎকালীন সদস্য খালিদুর রহমান বাদী হয়ে বাকলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। ছয়জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ রায় ঘোষণা করেন বিচারক।