Advertisement

আজও পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ৮ জেলায় বিজিবি মোতায়েন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

আজও পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ৮ জেলায় বিজিবি মোতায়েন
৩০ হাজার টাকা বেতন দাবিতে গাজীপুরে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। ছবি: ইউএনবি

ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পরদিনও গাজীপুরে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। আজ বুধবার সকাল থেকে নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ কয়েকটি স্থানে অবরোধ করলে যান চলাচল ব্যাহত হয়।

Advertisement

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুরে ১৮ প্লাটুনসহ আট জেলায় ১০৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

Advertisement

বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, শ্রমিকদের বিক্ষোভের কারণে গাজীপুরের বিভিন্ন এলাকায় যানবাহন চলাচল ব্যাহত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি বলে তারা দাবি করেন। এ ছাড়া সাভার-আশুলিয়া, গাজীপুরের সালনা ও ঢাকা-ময়মনসিংহ সড়কেও শ্রমিক বিক্ষোভের খবর পাওয়া গেছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসেন সাংবাদিকদের জানান, জেলায় ৩৫টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। আজ শ্রমিক অসন্তোষের জেরে আরও ২০টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছে।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর এসপি মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সাভার ও আশুলিয়ায় ৩২টি কারখানা বন্ধ আছে। অন্তত ১০টি কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করেছেন।

১০৪ প্লাটুন বিজিবি মোতায়েন

বিজিবির আজ বুধবারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় ২ প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে ৩ প্লাটুন এবং কক্সবাজারে ১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। এ ছাড়া মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে আরও ৪ প্লাটুন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মোতায়েন করা বিজিবি সদস্যরা জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মজুরি বোর্ডের সিদ্ধান্ত

ঢাকা ও গাজীপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভের মধ্যে গত ১ নভেম্বর ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করে সরকার। দীর্ঘ আলোচনার পরও ঐকমত্য না হওয়ায় ভোটাভুটির মাধ্যমে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়। সরকারি প্রজ্ঞাপন জারির পর ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর হওয়া কথা রয়েছে।