খুলনা নগরীতে একদিনে পৃথক চারটি স্থানে গুলির ঘটনা ঘটেছে। এর মধ্যে দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আব্দুল হালিম (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি আওয়ামী লীগের নেতা হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। বাকি তিনটি ঘটনায় কেউ হতাহত হননি। তবে এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
খুলনায় একের পর এক গুলি, হত্যাকাণ্ড, চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর এবং চাঁদা না দিলে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া ও প্রাণনাশের হুমকিতে ব্যবসায়ীরা দিশেহারা। চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযান চলা সত্ত্বেও সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে।
দৌলতপুরে ঠিকাদার নিহত
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মাছের ঘের ব্যবসায়ীর ঠিকাদার আব্দুল হালিম গুরুতর আহত হন। গুলি তার মাথা ও বুকে লাগে। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত আব্দুল হালিম স্থানীয়ভাবে ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত ছিলেন। এ ছাড়া তিনি খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন বলে জানা গেছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। কারা এবং কী কারণে তাকে গুলি করেছে, তা প্রাথমিকভাবে জানাতে পারেননি পুলিশের এই কর্মকর্তা। তিনি জানান, হত্যায় জড়িতদের শনাক্ত ও হামলার কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে।
পুলিশের আশ্বাসে রেস্টুরেন্ট খুলতেই গুলি
পুলিশ ও স্থানীয়রা জানান, গত ২৩ সেপ্টেম্বর নগরীর সোনাডাঙ্গা থানার কাছে ‘পালংকি’ নামে একটি রেস্টুরেন্ট চালু করেন ব্যবসায়ী আশিকুর রহমান। সম্প্রতি একটি সন্ত্রাসী বাহিনীর প্রধান আশিকুর রহমানের কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করেন।
স্থানীয়দের ভাষ্য, গত সোমবার রাতে ওই সন্ত্রাসী প্রধান আশিকুরকে ফোন করে পূর্বনির্ধারিত চাঁদা দাবি করেন। নিরুপায় হয়ে তিনি আত্মসমর্পণের মতো অবস্থানে গেলেও লাভ হয়নি। উল্টো প্রতিষ্ঠান বন্ধ রাখার হুমকি দেওয়া হয়। হুমকি পেয়ে রাতেই রেস্টুরেন্ট বন্ধ করে দেন মালিকপক্ষ।
পরে প্রশাসনের আশ্বাসে মঙ্গলবার দুপুরের পর থানা-পুলিশ মালিকের কাছ থেকে চাবি নিয়ে প্রতিষ্ঠানটি খুলে দেয় এবং স্টাফদের কাজে আসার আহ্বান জানায়। বিকেল ৪টা ১০ মিনিটের দিকে দুই দুর্বৃত্ত রাস্তার উল্টো পাশ থেকে পুলিশের উপস্থিতিতেই প্রতিষ্ঠান লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়।
রেস্টুরেন্টের ব্যবস্থাপক মো. মাসুম হোসেন বলেন, “বিকেলে আমরা সবেমাত্র কাজ শুরু করেছি, ঠিক সেই মুহূর্তে প্রতিষ্ঠান লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। ঘটনার সময় ভেতরে সোনাডাঙ্গা থানা-পুলিশের একজন কর্মকর্তা এবং বাইরে পুলিশের একটি গাড়ি দাঁড়িয়ে ছিল। খবরটি মালিকপক্ষকে জানিয়ে আবার আমরা রেস্টুরেন্ট বন্ধ করে দিই।”
লবণচরায় পরিবহন ব্যবসায়ীর বাড়িতে গুলি
রেস্টুরেন্টে হামলার দেড় ঘণ্টা আগে লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ার ৪ নম্বর গলিতে এক পরিবহন ব্যবসায়ীর বাড়িতে গুলি করে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, টুটুল নামের ওই ব্যবসায়ীর বাড়িতে মামুন নামে এক ব্যক্তি দীর্ঘদিন ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। গত কয়েক মাস তিনি বাড়িভাড়া পরিশোধ করেননি। ভাড়া নিয়ে টুটুলের সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়। কয়েক দিন আগে ভিডিও কলে খুলনার শীর্ষ সন্ত্রাসী নুর আজিমের ছবি দেখিয়ে মামুন বাড়ির মালিককে জিজ্ঞেস করেন, তিনি তাকে চিনতে পারছেন কি না। উত্তরে টুটুল বলেন, তিনি তাকে চেনেন না। এর কয়েক দিন পর তার বাড়িতে গুলির ঘটনা ঘটে।
বেলায়েত হোসেন সড়কে গুলি, প্রাণে বাঁচলেন এক ব্যক্তি
বেলা সোয়া ১১টার দিকে খুলনা সদর থানার বেলায়েত হোসেন সড়কের একটি বাড়িতেও গুলির ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, ১৬ নম্বর বেলায়েত হোসেন সড়কের বাসিন্দা মো. আবু সাইদ তখন বাসার নিচতলায় ঘুমিয়ে ছিলেন। হঠাৎ হেলমেট পরা অজ্ঞাতপরিচয় চারজন বাড়ির নিচে এসে অবস্থান নেয়। তাদের দেখে সাইদ দ্রুত ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করেও ব্যর্থ হন। দুর্বৃত্তরা তার সঙ্গেই ঘরে ঢুকে কোমর থেকে পিস্তল বের করে তাকে লক্ষ্য করে গুলি করে। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে বেঁচে যান। পরে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে।
যা বলছে পুলিশ
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার মো. রেজাউর রহমান বলেন, এসব ঘটনার তদন্ত চলছে। আসামিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।