রাজধানীর ধানমন্ডির কাঁঠালবাগানে গ্যাস লাইনের লিকেজ থেকে হওয়া আগুনে দগ্ধ শামসুন্নাহার বেগম (৫০) মারা গেছেন। এ নিয়ে এই ঘটনায় দগ্ধ পাঁচজনের মধ্যে চারজনই মারা গেলেন।
আজ বুধবার ভোর ৫টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শামসুন্নাহার বেগমের শরীরের ৪০ শতাংশ দগ্ধ ছিল।
গত ১৯ নভেম্বর রাজধানীর ধানমন্ডির কাঁঠালবাগানের একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন ধরে যায়। এতে পাঁচজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দগ্ধ পাঁচজনের মধ্যে আব্দুর রহমান নামে একজন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বাকি চারজনই চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন।
এরআগে, শনিবার বার্ন ইনস্টিটিউটে ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় দেড় বছর বয়সী আরএস রহমান মারা যায়। এর আগের দিন শুক্রবার নিহত শিশুর মা সাবা (৩০) বিকেল সাড়ে ৪টার দিকে একই হাসপাতালে মারা যান। গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে সানজিদা (২০) নামে আরও একজন মারা যান।