Advertisement

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ
রাত ২টায় শ্রমিকদের নূন্যতম মজুরি ঘোষণা করা হয়। ছবি: চরচা

টানা ১২ ঘণ্টার বৈঠক শেষে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। গতকাল মঙ্গলবার গভীর রাতে বোর্ডের চতুর্থ সভায় ভোটের মাধ্যমে সর্বনিম্ন গ্রেডের মজুরি চূড়ান্ত হয়। অন্য তিনটি গ্রেডের মজুরি নির্ধারণে বোর্ডের সদস্যরা একমত হয়েছেন।

Advertisement

মঙ্গলবার দুপুর ২টায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে বৈঠক শুরু হয়। রাত ২টা পর্যন্ত টানা ১২ ঘণ্টা চলে আলোচনা। বৈঠক শেষে নতুন মজুরি কাঠামোর ঘোষণা দেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

Advertisement

নতুন কাঠামো অনুযায়ী, সর্বোচ্চ গ্রেড বা গ্রেড-১-এর ন্যূনতম মজুরি ২১ হাজার ৫০০ টাকা, গ্রেড-২-এর ২০ হাজার টাকা, গ্রেড-৩-এর ১৯ হাজার ২০০ টাকা এবং সর্বনিম্ন গ্রেড বা গ্রেড-৪-এর মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এর মধ্যে প্রথম তিনটি গ্রেডের মজুরি সর্বসম্মতিক্রমে নির্ধারিত হয়েছে। তবে গ্রেড-৪-এর মজুরি নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা একমত হতে পারেননি। এ কারণে গোপন ভোটের ব্যবস্থা করেন বোর্ডের চেয়ারম্যান। ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং শ্রমিকপক্ষের দুই প্রতিনিধি ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে গ্রেড-৪-এর মজুরি ১৭ হাজার টাকা চূড়ান্ত করা হয়।

বৈঠক শেষে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, “তৈরি পোশাকশিল্পের মজুরি নির্ধারণে মাত্র ২০ দিনের মধ্যে প্রথম সভা থেকে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়েছে। নিম্নতম মজুরি বোর্ডের ইতিহাসে এত কম সময়ে কোনো শিল্প খাতের মজুরি নির্ধারণ একটি ঐতিহাসিক মাইলফলক।”

চেয়ারম্যান বলেন, “প্রথম তিনটি গ্রেডের মজুরি নির্ধারণে বোর্ডের সব সদস্য একমত হয়েছেন। তবে চতুর্থ গ্রেডে ঐকমত্য না হওয়ায় বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ অনুযায়ী গোপন ভোট নেওয়া হয়। এতে চারটি ভোট ১৭ হাজার টাকার পক্ষে পড়ায় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এই মজুরি নির্ধারণ করা হয়েছে।”

এদিকে, ভোটের মাধ্যমে মজুরি চূড়ান্ত হওয়ায় পুরোপুরি সন্তুষ্ট নন শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার। তিনি বলেন, “চতুর্থ গ্রেডে শ্রমিকদের পক্ষ থেকে সর্বশেষ প্রস্তাব ছিল ১৮ হাজার টাকা। এর নিচে নামতে রাজি ছিলেন না তারা। তবে ভোটে চারজন সদস্য ১৭ হাজার টাকার পক্ষে অবস্থান নেওয়ায় সেটিই চূড়ান্ত হয়েছে।”

বাবুল আখতার বলেন, “প্রথম তিনটি গ্রেডের মজুরি নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে আলোচনা করে ঐকমত্য হয়েছে। কিন্তু সর্বনিম্ন গ্রেডের ক্ষেত্রে শ্রমিকদের দাবি অনুযায়ী সিদ্ধান্ত আসেনি। ১৮ হাজার টাকাও শ্রমিকদের জন্য যথেষ্ট ছিল না। তারপরও সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্ত মেনে নিতে হচ্ছে।”

শ্রমিকদের উদ্দেশে বাবুল আখতার বলেন, “আগে পাঁচ বছর পরপর মজুরি নির্ধারণ করা হলেও এবার তিন বছর পর নতুন মজুরি কাঠামো ঠিক করা হয়েছে। ২০২৩ সালে পাঁচ বছর পর মজুরি বেড়েছিল সাড়ে চার হাজার টাকা। এবার তিন বছর পর একই পরিমাণ বাড়ানো হয়েছে। ফলে পুরোপুরি সন্তুষ্ট না হলেও একেবারে কম মজুরি নির্ধারণ করা হয়নি।”

নতুন মজুরি দ্রুত কার্যকরের আহ্বান জানিয়ে বাবুল আখতার বলেন, “বর্তমান পরিস্থিতিতে নির্ধারিত মজুরি যেন সব কারখানায় দ্রুত বাস্তবায়ন করা হয়, সে জন্য মালিকপক্ষ ও সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।”

এর আগে শ্রমিকদের পক্ষ থেকে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি ওঠে। এ দাবিতে আন্দোলনের মধ্যে গত ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করে পোশাকশিল্পের জন্য নতুন বোর্ড গঠন করে সরকার।

গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হয়। এরপর ৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয়। পরবর্তী সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাব দেওয়ার কথা থাকলেও তা দেয়নি। পরে ২৩ নভেম্বর তৃতীয় সভায় মালিকপক্ষ সর্বনিম্ন মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দেয়।

উল্লেখ্য, তৈরি পোশাকশ্রমিকদের সর্বশেষ ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে। ওই কাঠামো কার্যকর হয় একই বছরের ডিসেম্বর থেকে। তখন সর্বনিম্ন মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়েছিল। এতে মজুরি বেড়েছিল ৫৬ দশমিক ২৫ শতাংশ।