Advertisement

১২০ শতাংশ টিকাদান, তবুও কেন হামে এত শিশু মারা যাচ্ছে?

১২০ শতাংশ টিকাদান, তবুও কেন হামে এত শিশু মারা যাচ্ছে?
হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মায়ের কোলে একটি শিশু। ছবি: ইউএনবি

চট্টগ্রামের মোহাম্মদ কবির, গত সপ্তাহটি ছিল তার জীবনের এক বিভীষিকাময় অধ্যায়। মাত্র তিন দিনের ব্যবধানে তিনি হারিয়েছেন তার দুই সন্তান—১০ বছর বয়সী নূর মোহাম্মদ এবং ১০ মাস বয়সী আবু বক্করকে। সরকারি খাতায় নূর মোহাম্মদ ও আবু বক্কর এখন স্রেফ দুটি সংখ্যা।

Advertisement

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের মার্চ থেকে ২২ নভেম্বর পর্যন্ত হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে দেশে ১ হাজার ৩৫২ শিশুর মৃত্যু হয়েছে। অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাব বলছে, ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত, এই দীর্ঘ ১৪ বছরে বাংলাদেশে হামে মোট মৃত্যু ছিল মাত্র ২৪ জন। তবে চলতি বছরের ৯ মাসে মৃত্যুর এই আকাশচুম্বী উল্লম্ফন দেশের টিকাদান কর্মসূচির সাফল্যকে বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে।

সংক্রমণের ঊর্ধ্বগতি ও মৃত্যুর মিছিল

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, চলতি বছরের মার্চে প্রাদুর্ভাব শুরুর পর থেকে ২২ নভেম্বর পর্যন্ত দেশে ২ লাখ ৫৭ হাজার ২০৯ জন শিশু হামে আক্রান্ত হয়েছে। ডব্লিউএইচওর হিসাবে, এই সময়ে প্রতিদিন গড়ে ১ হাজার ১৮ জন শিশু আক্রান্ত হলেও অক্টোবর ও নভেম্বরে সংক্রমণের গতি আরও বেড়েছে।

Advertisement

অক্টোবরে দৈনিক গড় আক্রান্ত ছিল ১ হাজার ২১১ জন, যা নভেম্বরের প্রথম ২২ দিনে বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৬৮ জনে। নভেম্বরের প্রথম ২৩ দিনেই প্রাণ হারিয়েছে ১০০ শিশু। এর মধ্যে গত রোববার (২২ নভেম্বর) একদিনেই মারা গেছে ৯ শিশু, যা গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ।

১২০ শতাংশ টিকাদানের ‘কাগুজে সাফল্য’ বনাম বাস্তবতা

হাম নিয়ন্ত্রণের একমাত্র কার্যকর উপায় হলো শিশুদের টিকাদান। স্বাস্থ্য অধিদপ্তরের ১৩ নভেম্বরের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ১০ নভেম্বর পর্যন্ত তিন ধাপে ২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৩৬৭ শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হয়েছে, যা ঘোষিত লক্ষ্যমাত্রার ১২০ দশমিক ৯ শতাংশ।

কিন্তু সরকারের এই ১২০ শতাংশ সাফল্যের দাবির সাথে মাঠের বাস্তবতার কোনো মিল নেই। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) মাঠপর্যায়ের ‘র‍্যাপিড কনভিনিয়েন্স’ জরিপে উঠে এসেছে ভিন্ন চিত্র। জরিপ বলছে, টিকা পাওয়ার যোগ্য (৬ থেকে ৫৯ সপ্তাহ বয়সী) শিশুদের অন্তত ২২ থেকে ৩০ শতাংশই টিকার আওতার বাইরে রয়ে গেছে।

তথ্যের এই গরমিল স্পষ্ট হয় সরকারেরই আরেকটি কর্মসূচির তথ্যে। গত ২৮ জুনের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২ কোটি ৩৫ লাখ। অথচ হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এর চেয়ে প্রায় ১৭ লাখ ২৪ হাজার কম।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের শিশু সংক্রামক রোগ ও কমিউনিটি পেডিয়াট্রিকস বিভাগের অধ্যাপক ডা. আতিউল ইসলামের মতে, “হামের টিকাদানের কভারেজ এখনো ৯৫ শতাংশে পৌঁছায়নি, এটি প্রায় নিশ্চিতভাবেই বলা যায়। সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে হলে অন্তত ৯৫ শতাংশ শিশুকে টিকার আওতায় আনতেই হবে।”

কেন এই বিপর্যয়?

টিকাদান কর্মসূচির এই বড় ঘাটতির পেছনে পরিকল্পনাগত ত্রুটি ও পুরনো তথ্যের ব্যবহারকে দায়ী করছেন সংশ্লিষ্টরা।

স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) ইউনিটের কর্মকর্তা এম.ফজলে রাব্বি জানান, ২০২২ সালে সর্বশেষ জনশুমারির ফল প্রকাশিত হলেও টিকাসহ নানা হিসাব-নিকাশ এখনো ২০১১ সালের জনশুমারির জনসংখ্যাভিত্তি ধরে করা হচ্ছে। ফলে জনসংখ্যা বাড়লেও পুরনো লক্ষ্যমাত্রার বিপরীতে টিকা দিয়ে কাগজে-কলমে ১০০ শতাংশের বেশি কভারেজ দেখানো সম্ভব হয়েছে, কিন্তু বাস্তবে লাখ লাখ শিশু বাদ পড়ে গেছে।

আইইডিসিআরের পরিচালক ডা. কাজী আহমেদ জাকী স্বীকার করেছেন, “মাইক্রো-প্ল্যানিং ও শিশু গণনার ভুলের কারণে যোগ্য শিশুদের প্রায় ২২ থেকে ৩০ শতাংশ তালিকায় অন্তর্ভুক্ত হয়নি।”

যুক্তরাষ্ট্রের সিডিসির সাময়িকী ‘ইমার্জিং ইনফেকশাস ডিজিজ’-এ প্রকাশিত ‘ন্যাশনওয়াইড সারভিলেন্স অ্যান্ড কন্ট্রোল মেজার ডিউরিং লার্জ মিজেলস আউটব্রেক, বাংলাদেশ-২০২৬’ শীর্ষক গবেষণায় বলা হয়েছে, টিকার মজুত শেষ হয়ে যাওয়া, সময়মতো জাতীয় ক্যাম্পেইন না হওয়া এবং লক্ষ্যমাত্রার চেয়ে বেশি কভারেজ দেখানোর প্রবণতায় প্রকৃত রোগপ্রতিরোধ ঘাটতি আড়ালে থেকে গেছে। ফলে কাগুজে সাফল্য সংক্রমণ ঠেকাতে পারেনি।

ঝুঁকির কেন্দ্রে শহরাঞ্চল ও ব্যবস্থাপনার সংকট

আইইডিসিআরের তথ্যমতে, দেশের শহরাঞ্চলগুলোতে সবচেয়ে বেশি ‘বাদ পড়া পকেট’ (টিকা বঞ্চিত এলাকা) তৈরি হয়েছে, যা নগর এলাকাগুলোকে সংক্রমণের প্রধান হটস্পটে পরিণত করেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের সাবেক পরিচালক ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. বেনজীর আহমেদ মনে করেন, নিয়মিত টিকাদান কর্মসূচির অভ্যন্তরীণ সংকট এই পরিস্থিতিকে আরও জটিল করেছে। তিনি বলেন, “জনবল সংকট, কর্মীদের অসন্তোষ, বিভিন্ন দাবিতে কাজ বন্ধ রাখা এবং প্রয়োজনীয় সরঞ্জাম ও মাঠপর্যায়ের তদারকির অভাবে টিকাদান কার্যক্রম ব্যাহত হয়েছে। দ্রুত কর্মসূচি শুরু করতে গিয়ে লক্ষ্যমাত্রা নির্ধারণে ভুল ছিল।”

এদিকে, নাম প্রকাশ না করার শর্তে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক বিজ্ঞানী জানান, জেলা-উপজেলা পর্যায়ের খানা জরিপের সাথে জাতীয় জনশুমারির তথ্যের কোনো মিল নেই। তথ্যের এই অসংগতি দূর না করে এবং জরুরি ভিত্তিতে টিকা বঞ্চিত ‘পকেট জনগোষ্ঠী’ চিহ্নিত করে টিকার আওতায় না আনলে এই মৃত্যুমিছিল থামানো কঠিন হবে।

২০১৭ সালে চট্টগ্রামের সীতাকুণ্ডে হামে ত্রিপুরা জনগোষ্ঠীর ১০ শিশুর মৃত্যুতে পুরো স্বাস্থ্য বিভাগ নড়েচড়ে বসেছিল। অথচ আজ যখন ১ হাজার ৩৫২ শিশুর প্রাণ ঝরে গেছে, তখনও দায়িত্বশীলদের তথ্যের গরমিল আর অব্যবস্থাপনার খেসারত দিতে হচ্ছে মোহাম্মদ কবিরের মতো অসহায় বাবাদের।

এ বিষয়ে বক্তব্য জানতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।