রাজশাহীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে হামলা ও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে নগরীর সদর হাসপাতাল মোড়ে এই সংঘর্ষ হয়। এ সময় দুই পক্ষের বিরুদ্ধেই আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগ উঠেছে।
অভিযোগ উঠেছে, রাজশাহী মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাফায়েত হোসেন মান্নাতের নেতৃত্বে মহানগর ছাত্রদলের সদস্যসচিব ইমদাদুল হক মিলন (লিমন) ও তার অনুসারী নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়। হামলার শিকার নেতাকর্মীদের দাবি, ছাত্রলীগের সহযোগিতায় এই হামলা হয়েছে।
ফেসবুক লাইভে এসে লিমন বলেন, মামলার আসামি ও ১১ নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাইনুরকে রাজপাড়া থানার টিভি পুকুর এলাকা থেকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ সময় শাফায়েত হোসেন মান্নাতের চাচাতো ভাই ওই এলাকায় আওয়ামী লীগের কথিত সন্ত্রাসীদের সঙ্গে বৈঠক করছিলেন বলে তিনি অভিযোগ করেন।
লিমন আরও অভিযোগ করেন, শাইনুরকে পুলিশের হাতে তুলে দেওয়ার কাজে অপরপক্ষ বাধা দেয়। পরে তাকেও ছাত্রলীগের সহযোগী আখ্যা দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এরপর বাসায় ফেরার পথে শাফায়েত হোসেন মান্নাতের নেতৃত্বে সদর হাসপাতাল মোড়ে ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়।
লিমনের দাবি, ছাত্রলীগের হয়ে এই হামলা পরিচালিত হয়েছে এবং এতে ছাত্রদলের অনেক নেতা-কর্মী আহত হয়েছেন। হামলার সময় সেখানে রাজশাহী মহানগর যুবদলের দুই যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বিপ্লব ও ইসমাইল আলী রাহিসহ ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন বলেও তিনি জানান।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, দুই পক্ষের মধ্যে দফায় দফায় হামলা ও পাল্টা হামলা হয়েছে। এ সময় দেশীয় অস্ত্রের পাশাপাশি পিস্তল ও বোমা ব্যবহার করা হয়। লিমনসহ তার নেতা-কর্মীরা যখন সদর হাসপাতাল মোড়ে বসে ছিলেন, তখন মান্নাতসহ পাঁচ থেকে সাতটি মোটরসাইকেলে করে একটি দল সেখানে আসে। এরপর তারা উপস্থিত নেতা-কর্মীদের ওপর চড়াও হয়ে তাদের আহত করে।
ঘটনায় ক্ষোভ প্রকাশ করে লিমন বলেন, “যারা দিনরাত ২৪ ঘণ্টা পরিশ্রম করে ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, তাদের ওপর যদি ছাত্রলীগের সহযোগিতায় হামলা চালানো হয়, তাহলে তারা কার কাছে যাবেন?” তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন এবং হামলায় জড়িত ও ইন্ধনদাতাদের উপযুক্ত শাস্তির দাবি জানান।
এ ঘটনার প্রতিকার চেয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানান লিমন। তিনি বলেন, মহানগর ছাত্রদলের একজন দায়িত্বশীল নেতা হয়েও ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে; এর প্রতিকার করতে হবে। বিষয়টি ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বকেও জানানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তবে এই বিষয়ে শাফায়েত হোসেন মান্নাতের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে রাজপাড়া থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।