Advertisement

যেভাবে নির্ধারণ হলো পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন, কোন গ্রেডে কত

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

যেভাবে নির্ধারণ হলো পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন, কোন গ্রেডে কত
পোশাক কারখানায় কর্মরত শ্রমিকরা। ছবি: চরচা

টানা ১২ ঘণ্টার বৈঠক শেষে তৈরি পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা করেছে নিম্নতম মজুরি বোর্ড। চতুর্থ সভায় চতুর্থ গ্রেডের মজুরি নিয়ে মালিক ও শ্রমিকপক্ষ একমত হতে পারেনি। তাই গোপন ভোটে বিষয়টি নিষ্পত্তি হয়।

Advertisement

নতুন কাঠামো অনুযায়ী—

  • চতুর্থ গ্রেডের শ্রমিকের (হেলপার, থ্রেড কাটার, লাইন অ্যাসিসটেন্ট) বেতন নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা
  • তৃতীয় গ্রেডের শ্রমিকের (জুনিয়র অপারেটর, অভিজ্ঞ হেলপার, ফোল্ডার, প্যাকার, ট্যাগিংম্যান, সুইং সহকারী) ১৯ হাজার ২০০ টাকা
  • দ্বিতীয় গ্রেডের শ্রমিকের (সেলাই, কাটিং, ফিনিশিং, কোয়ালিটি কন্ট্রোল অপারেটর; সিনিয়র হেলপার (বিশেষায়িত কাজের), সিনিয়র কলার জয়েন্টার, সিনিয়র কাফ মেকার) ২০ হাজার টাকা
  • প্রথম গ্রেডের শ্রমিকের (সেলাই, কাটিং, আয়রনিং, ফিনিশিংয়ের সিনিয়র অপারেটর; প্যাটার্ন মেকার; স্যাম্পল মেকার; স্ক্রিন প্রিন্টার; সিনিয়র ডাইং অপারেটর) শ্রমিকের মজুরি ২১ হাজার ৫০০ টাকা

Advertisement

বৈঠকে কী ঘটল

মঙ্গলবার দুপুর ২টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে বৈঠক শুরু হয়। আলোচনা চলে দিবাগত গভীর রাত ২টা পর্যন্ত। প্রথম তিনটি গ্রেডের মজুরি নিয়ে সবাই একমত হন। আটকে যায় চতুর্থ গ্রেড। শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ছিল ১৮ হাজার টাকা, তার নিচে তারা নামতে রাজি ছিলেন না।

ভোট হলো যেভাবে

ঐকমত্য না হওয়ায় বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ অনুযায়ী বোর্ডের চেয়ারম্যান গোপন ভোটের ব্যবস্থা করেন। ভোটে ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে ভোট দেন। শ্রমিকপক্ষের দুই প্রতিনিধি ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন।

সংখ্যাগরিষ্ঠের মতে সর্বনিম্ন গ্রেডে ১৭ হাজার টাকাই চূড়ান্ত হয়। বৈঠক শেষে নতুন কাঠামো ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

কোন পক্ষ কী বলছে

চেয়ারম্যান এই প্রক্রিয়াকে ঐতিহাসিক মাইলফলক বলেছেন। তার হিসেবে প্রথম সভা থেকে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে সময় লেগেছে মাত্র ২০ দিন, যা নিম্নতম মজুরি বোর্ডের ইতিহাসে কোনো শিল্প খাতের জন্য সবচেয়ে কম।

শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার পুরোপুরি সন্তুষ্ট নন। তার মতে ১৮ হাজার টাকাও শ্রমিকদের জন্য যথেষ্ট ছিল না, তবু সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্ত মেনে নিতে হচ্ছে। তবে তিনি উল্লেখ করেন, আগে পাঁচ বছর পরপর মজুরি ঠিক হলেও এবার তিন বছরের মাথায় হয়েছে। ২০২৩ সালে পাঁচ বছর পর বেড়েছিল সাড়ে চার হাজার টাকা, এবার তিন বছর পর বাড়ল একই পরিমাণ। তিনি মালিকপক্ষ ও সরকারের কাছে নতুন মজুরি সব কারখানায় দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।

কীভাবে এ পর্যন্ত আসা

নিম্নতম মজুরি বোর্ডের ইতিহাসে এবারই সবচেয়ে কম সময়ে মাত্র ২০ দিনের মধ্যে কোনো শিল্প খাতের মজুরি চূড়ান্ত হলো।

  • ১ নভেম্বর: শ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলনের মধ্যে সরকার নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করে।
  • ৪ নভেম্বর: বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয় এবং ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হয়।
  • ৯ নভেম্বর: দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দেয়।
  • ২৩ নভেম্বর: তৃতীয় সভায় মালিকপক্ষ সর্বনিম্ন মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দেয়।
  • ২৪ নভেম্বর: চতুর্থ ও চূড়ান্ত সভায় টানা ১২ ঘণ্টা আলোচনা ও ভোটের পর ১৭ হাজার টাকা মজুরি চূড়ান্ত হয়।

আগের তুলনায় কতটা বাড়ল

সর্বশেষ মজুরি নির্ধারণ হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে, কার্যকর হয় ডিসেম্বর থেকে। তখন সর্বনিম্ন মজুরি ৮ হাজার থেকে বেড়ে হয়েছিল ১২ হাজার ৫০০ টাকা, অর্থাৎ ৫৬ দশমিক ২৫ শতাংশ বৃদ্ধি। এবার বাড়ল ৪ হাজার ৫০০ টাকা, অর্থাৎ এবার বেতন বেড়েছে ৩৬ শতাংশ।