Advertisement

পাকিস্তান: একটি অন্ধকার অর্থনৈতিক ভবিষ্যৎ

শাহিদ মেহমুদ

শাহিদ মেহমুদ

পাকিস্তান: একটি অন্ধকার অর্থনৈতিক ভবিষ্যৎ
প্রতীকী ছবি। ছবি: এআই দিয়ে নির্মিত

বিংশ শতাব্দীর সামষ্টিক অর্থনীতির অন্যতম প্রধান ব্যক্তিত্ব এবং নোবেল বিজয়ী রবার্ট লুকাস অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জীবনযাত্রার মান নিয়ে মন্তব্য করেছিলেন যে, “এ ধরনের প্রশ্নগুলোর সঙ্গে মানবকল্যাণের যে সম্পর্ক রয়েছে, তা অত্যন্ত গভীর ও তাৎপর্যপূর্ণ। একবার এসব নিয়ে ভাবতে শুরু করলে অন্য কোনো বিষয় নিয়ে চিন্তা করা কঠিন হয়ে পড়ে।” তার এই পর্যবেক্ষণের প্রেক্ষাপট ছিল বিশ্বজুড়ে জীবনযাত্রার মানের বিশাল ব্যবধান। আমিও বিষয়টি নিয়ে ভেবেছি–বিশেষ করে, আমাদের অর্থনৈতিক ভবিষ্যৎ কি আমাদের দীর্ঘস্থায়ী ব্যর্থতাগুলো থেকে কোনো মুক্তি দিতে পারবে? দুঃখজনকভাবে, পরিস্থিতি আশাব্যঞ্জক নয়। নিচে এমন কিছু বিষয়ের সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হলো, যা আমাকে এই সিদ্ধান্তে উপনীত করেছে।

Advertisement

আমাদের অর্থনীতির প্রণোদনা ও কাঠামো এমন নয় যে, তা জীবনযাত্রার মানের টেকসই উন্নয়ন বা সবার জন্য সমৃদ্ধির সুযোগ সৃষ্টির কোনো কার্যকর পরিকল্পনা হতে পারে। লক্ষণীয় বিষয় হলো, পাকিস্তান বর্তমানে বিশ্বের একমাত্র দেশ, যেখানে সীমিত সম্পদের জন্য তিনটি ভিন্ন ভিন্ন ব্যবস্থা একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত। প্রথমটি হলো আনুষ্ঠানিক খাত, যার বড় অংশ জুড়ে রয়েছে অত্যন্ত অকার্যকর ও সম্পদ আহরণকারী সরকারি খাত। দ্বিতীয়টি হলো ‘ডিপ স্টেট’ বা অদৃশ্য রাষ্ট্রশক্তি, যা সরকারি খাতের ভেতরেই (আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক উভয়ভাবেই) গড়ে উঠেছে এবং জোর করে প্রবেশের মাধ্যমে নিজেদের ক্রমবর্ধমান অর্থনৈতিক স্বার্থ হাসিল করছে। তৃতীয়টি হলো ‘অনানুষ্ঠানিক’ খাত, যা আনুষ্ঠানিক অর্থনীতির প্রায় ৩৫ থেকে ৪০ শতাংশের সমান এবং এটি যেকোনো উপায়ে আনুষ্ঠানিক কাঠামোর বাইরে থাকার চেষ্টা করে।

Advertisement

এই ব্যবস্থাটি বর্তমানে ও ভবিষ্যতে বজায় রাখার তাৎপর্য খুব একটা স্পষ্ট নয়। উদাহরণস্বরূপ, এমন কোনো উদ্যোক্তা উঠে আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, যিনি প্রচলিত শিল্পখাতগুলোকে আমূল বদলে দিতে পারেন কিংবা বড় আকারের উৎপাদন সুবিধা অথবা সৃজনশীল পরিবর্তনের সূচনা করতে পারেন। এর অর্থ দাঁড়ায়, আমাদের এমন সব অনুৎপাদনশীল ও পরজীবী শিল্পের ওপরই নির্ভর করে থাকতে হবে। যেমন চিনি শিল্প, যা টিকে থাকার জন্য আইনি সুবিধা (করদাতাদের অর্থে প্রদত্ত ভর্তুকি) এবং শুল্ক সুরক্ষার ওপর নির্ভরশীল, যাতে তারা প্রতিযোগিতার হাত থেকে রক্ষা পায়।

আরও উদ্বেগজনক বিষয় হলো, অর্থনৈতিক ব্যবস্থাপনাকে কেবল হিসাব মেলানোর একটি গাণিতিক প্রক্রিয়ায় সীমাবদ্ধ করে রাখার প্রবণতা অব্যাহত থাকা। উন্নয়নের সূচকগুলোর দিক থেকে অত্যন্ত নাজুক অবস্থানে থাকা থেকে শুরু করে পেনশন সংস্কারের মতো কাজের জন্য বিদেশি ঋণ নেওয়ার মতো অযৌক্তিক পদক্ষেপ। এই ধরনের অদক্ষ ব্যবস্থাপনার নেতিবাচক প্রভাবগুলো সবারই জানা।

অথচ, অত্যন্ত সাধারণ মানের এই ব্যবস্থাপনাকে সরকারিভাবে উদ্‌যাপিত হতে দেখে অবাক হতে হয়। ‘জাতীয়তাবাদ’-এর মোড়কে আত্মতৃপ্ত ও অসার বাগাড়ম্বরের এমন বিভ্রান্তিকর প্রদর্শনী প্রায়শই চোখে পড়ে।

একই সঙ্গে, আমাদের তিনটি প্রতিবেশী দেশের সঙ্গে বাণিজ্য প্রায় নেই বললেই চলে; পরিস্থিতিটি এমন যেন আমাদের সম্পদ ও প্রবৃদ্ধির সম্ভাব্য পরিধি সংকুচিত হয়ে পড়েছে। এই দৃষ্টিভঙ্গিটি ব্যাখ্যা করতে সাহায্য করে যে, বিশ্বের পঞ্চম জনবহুল দেশ হওয়া সত্ত্বেও, ৩৫ ট্রিলিয়ন ডলারের বিশাল বৈশ্বিক পণ্য ও সেবা বাণিজ্যে আমাদের অবদান কেন ১ শতাংশেরও কম।

আমাদের মানবসম্পদের প্রতি আমরা যে আচরণ করেছি, তা আমাদের ক্ষীণ সম্ভাবনার আরেকটি নির্দেশক। অ্যাডাম স্মিথের যুগান্তকারী রচনার (১৭৭৬) সময় থেকেই এটি স্বীকৃত যে, অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রক্রিয়ায় মানবসম্পদই হলো সবচেয়ে মূল্যবান উপাদান; পল রোমারের ‘ইন্ডিজেনাস গ্রোথ থিওরি’ বা অভ্যন্তরীণ প্রবৃদ্ধি তত্ত্বে (১৯৯০) এই ধারণাকে আরও জোরালোভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে।

এই মানবসম্পদকে গড়ে তোলার বিষয়টি আমাদের অগ্রাধিকারের তালিকায় সবসময়ই নিচের দিকে থেকেছে। বর্তমানে আমাদের অর্থনীতিকে আরও ভয়াবহ একটি সংকট তাড়া করে ফিরছে, আর তা হলো দক্ষ ও মেধাবী মানবসম্পদের দেশত্যাগ। রেমিট্যান্সের প্রেক্ষাপটে বিষয়টিকে সরকারিভাবে একটি অর্জন হিসেবে তুলে ধরা হয়। অথচ, কোনো নীতিনির্ধারকই এটি অনুধাবন করতে চান না যে, এই দক্ষ মানবসম্পদের প্রকৃত মূল্য আসলে পাকিস্তানের বাইরেই অর্জিত হচ্ছে। বিদেশে গিয়ে খ্যাতি অর্জন করেছেন–এমন অসংখ্য মানুষের কথা ভাবুন। তারা যদি দেশেই থাকতেন এবং নিজেদের সময়, সম্পদ ও শ্রম বিনিয়োগ করে দেশের ভেতরেই সম্পদ সৃষ্টি করতেন, তবে কী হতো? নাকি আমরা কেবল রেমিট্যান্সের আকারে পাওয়া সামান্য কিছু অর্থ পেয়েই সন্তুষ্ট, যা কেবল আমাদের ভোগ-বিলাস বা দৈনন্দিন খরচ চালিয়ে নিতেই ব্যয় হয়ে যায়?

সত্তরের দশকের ‘লুকাস ক্রিটিক’, যা সামষ্টিক অর্থনীতিতে আমূল পরিবর্তন এনেছিল—তা থেকে বোঝা যায় যে, মানুষ বিভিন্ন নীতিমালার প্রতিক্রিয়ায় নিজেদের প্রত্যাশাকে নতুন করে সাজিয়ে নেয়। সত্তরের দশক থেকে শুরু হওয়া পাকিস্তান থেকে দক্ষ জনশক্তি চলে যাওয়ার প্রবণতা সাম্প্রতিক দশকগুলোতে আরও তীব্র হয়েছে। এটি ইঙ্গিত দেয় যে, দেশের ভবিষ্যৎ নিয়ে নাগরিকদের প্রত্যাশা অত্যন্ত হতাশাপূর্ণ হয়ে পড়েছে। তরুণ প্রজন্মের চিন্তাভাবনার মধ্যেই এর প্রতিফলন দেখা যায়। বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার সুবাদে আমি বলতে পারি, অধিকাংশ শিক্ষার্থীই তাদের শিক্ষাজীবনকে বিদেশে স্থায়ী হওয়ার একটি সিঁড়ি হিসেবে বিবেচনা করে।

যারা বিদেশে যাওয়ার সুযোগ পান না এবং দেশের শ্রমবাজারে সক্রিয়, তাদের জন্য একটি ত্রুটিপূর্ণ প্রণোদনা কাঠামোর অধীনে টিকে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। যৌক্তিকভাবে ভেবে দেখুন, যে দেশে শ্রমশক্তিতে অংশগ্রহণের হার সর্বনিম্ন, সেখানে গত পাঁচ বছরে বেতনভোগী শ্রেণির আয়ের ২ ট্রিলিয়ন রুপিরও বেশি অর্থ বিভিন্নভাবে কেটে নেওয়া হয়েছে। অথচ রেকর্ড মুদ্রাস্ফীতির কারণে অধিকাংশ মানুষের ক্রয়ক্ষমতা তলানিতে ঠেকেছে। এখান থেকে যে স্পষ্ট বার্তাটি পাওয়া যায় (যা পরবর্তীতে মানুষের প্রত্যাশাকেও প্রভাবিত করে) তা হলো, শ্রমজীবীদের কঠোর পরিশ্রমের মূল সুফল ব্যক্তিটির পরিবর্তে সরকারি কোষাগারে জমা হচ্ছে। এমতাবস্থায়, অন্য কোথাও ভাগ্য অন্বেষণ করাই যেন শ্রেয়।

এই যে জনশক্তি ও মেধার বহির্গমন, যা অব্যাহত থাকবে। এর ফলে প্রবৃদ্ধির প্রধান উৎস হিসেবে কেবল সরকারি খাত এবং সরকারি উন্নয়ন কর্মসূচিগুলো অবশিষ্ট থাকে। এই ব্যবস্থা দুর্নীতি, বিশাল আর্থিক দায় এবং অপচয়কে ত্বরান্বিত করে (যার বোঝা শেষ পর্যন্ত করদাতাদের ওপরই বর্তায়)।

পাকিস্তানের শহরগুলোর মধ্যে লাহোর একটি প্রকৃষ্ট উদাহরণ। এটি দেশটির দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির কেন্দ্র এবং মাথাপিছু আয়ের দিক থেকেও অন্যতম শীর্ষস্থানীয়। অথচ জীবনযাত্রার মানের সূচকে এগিয়ে থাকার পরিবর্তে, শহরটি নিয়মিতভাবে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে আসে, যার প্রধান কারণ হলো অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পগুলোর ধরন। এসব প্রকল্পের মাধ্যমে অর্জিত যেকোনো অর্থনৈতিক লাভ, বায়ুর গুণমান অবনতি এবং স্বাস্থ্যসেবা ব্যয়ের ঊর্ধ্বগতির কাছে ম্লান হয়ে যায়।

আমি এভাবেই আলোচনা চালিয়ে যেতে পারি: যেমন, এই বিষয়টি তুলে ধরতে পারি যে, আইনসভাটি এমন কিছু মানুষের হাতে জিম্মি হয়ে আছে যারা অন্তত তিন দশক ধরে সেখানে টিকে আছেন, অথচ তাদের শাসনামলে কোনো অর্থবহ অর্থনৈতিক সংস্কার হয়নি। পরিস্থিতি আরও জটিল হয়েছে তাদের উত্তরসূরিদের উপস্থিতির কারণে, যারা আইনসভার উভয় কক্ষেই আসন দখল করে আছেন। তবে আমার মনে হয়, পাঠক আমার যুক্তির মূল বিষয়টি ধরতে পেরেছেন: আমাদের অর্থনৈতিক অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা খুবই ক্ষীণ। সম্ভবত আমাদের এমন একটি রাষ্ট্রব্যবস্থার বোঝা বহন করে যেতে হবে, যার প্রধান লক্ষ্য হলো মার্ক্সের ভাষায়, কেবল কর আদায় করা। অন্তত আমার দৃষ্টিতে তো এমনই। আমার ধারণা, বব লুকাসও হয়তো আমার এই মতের সঙ্গে একমত হতেন।

লেখক: একজন অর্থনীতিবিদ

(এই লেখাটি পাকিস্তানের দ্য ডন–এর সৌজন্যে প্রকাশিত হলো।)