Advertisement

ইন্দোনেশিয়ার নৌবাহিনী যেভাবে সক্ষমতা বাড়াচ্ছে

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

ইন্দোনেশিয়ার নৌবাহিনী যেভাবে সক্ষমতা বাড়াচ্ছে
ইতালির এই রণতরি এখন ইন্দোনেশিয়ার! ছবি: উইকিমিডিয়া

ইন্দোনেশিয়ার সামুদ্রিক শক্তির বিকাশে একটি নতুন ধাপের সূচনা হয়েছে। সম্প্রতি দেশটির নৌবাহিনীতে একটি বিমানবাহী রণতরি যুক্ত হয়েছে। এর মধ্য দিয়ে এশিয়ার পঞ্চম দেশ হিসেবে এয়ারক্রাফট ক্যারিয়ার পরিচালনার মাইলফলক অর্জন করেছে ইন্দোনেশিয়া।

Advertisement

ওয়াশিংটনভিত্তিক এশীয়-প্যাসিফিক অঞ্চল বিষয়ক সাময়িকী দ্য ডিপ্লোম্যাট এক প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর ইন্দোনেশীয় নৌবাহিনী (টিএনআই এএল) আনুষ্ঠানিকভাবে ইতালীয় নৌবাহিনীর জাহাজ ‘আইটিএস জুসেপ্পে গ্যারিবাল্ডি’-কে তাদের প্রথম বিমানবাহী রণতরি ‘কেআরআই শ্রীবিজয়া-১০০’ হিসেবে কমিশন করে। যুদ্ধজাহাজ সংগ্রহ এবং আধুনিক ডুবোজাহাজ নির্মাণের মাধ্যমে টিএনআই এএল-এর চলমান নৌবহর সম্প্রসারণ কার্যক্রমকে এই সংযোজন আরও সমৃদ্ধ করেছে। এভাবে দেশটি ধীরে ধীরে তাদের অভিযানিক পরিধি ও কৌশলগত বিকল্পগুলোকে প্রসারিত করছে।

তবে নৌবহরের আকার এবং ধারণক্ষমতা অভিযানিক সক্ষমতা ও স্থায়িত্বের গুরুত্বপূর্ণ মাপকাঠি হলেও, নৌবাহিনীর প্রকৃত শক্তি নির্ভর করে এসব প্ল্যাটফর্ম কতটা কার্যকরভাবে সজ্জিত, পরিচালিত এবং সমন্বিত তার ওপর।

‎সম্প্রতি চীন থেকে বাংলাদেশের মোংলা বন্দরের উদ্দেশে যাত্রা করা ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট ও বিপুলসংখ্যক ফাঁকা সিমকার্ডবাহী জাহাজ এমভি স্টার লাইন ইন্দোনেশিয়ায় আটক করে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। এ ঘটনা দেশে আলোড়ন তুলেছে।

Advertisement

ভারত ও প্রশান্ত মহাসাগরকে সংযোগকারী একটি দ্বীপরাষ্ট্র হিসেবে ইন্দোনেশিয়ার ভৌগোলিক অবস্থান এবং মর্যাদার পরিপ্রেক্ষিতে এই সক্ষমতার প্রয়োজনীয়তা বিশেষভাবে প্রাসঙ্গিক। ইন্দোনেশিয়ার সমুদ্রও মৎস্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জাকার্তার সামুদ্রিক জলসীমার আয়তন প্রায় ৬৪ লাখ (৬.৪ মিলিয়ন) বর্গকিলোমিটার। এর জলসীমায় তিনটি ইন্দোনেশীয় দ্বীপপুঞ্জীয় সমুদ্রপথ (ইন্দোনেশিয়ান আর্কিপেলাজিক সামুদ্রিক লেন) অবস্থিত এবং এটি বেশ কয়েকটি কৌশলগত নৌ-বাণিজ্য পথের কাছাকাছি।

মার্কিন যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ) জানিয়েছে যে, এসব নৌপথের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মালাক্কা প্রণালি দিয়ে ২০২৫ সালের প্রথমার্ধে প্রতিদিন প্রায় ২ কোটি ৩২ লাখ (২৩.২ মিলিয়ন) ব্যারেল তেল পরিবাহিত হয়েছে, যা বৈশ্বিক সমুদ্রপথে তেল বাণিজ্যের ২৯ শতাংশের সমান। ইন্দোনেশিয়ার বিশাল সামুদ্রিক জলসীমা এবং এসব নৌপথের গুরুত্বের কারণে টিএনআই এএল-কে একাধিক অঞ্চলে পর্যাপ্ত অভিযানিক পরিধি, প্রস্তুতি এবং নিরবচ্ছিন্ন উপস্থিতি বজায় রাখতে হবে।

সামুদ্রিক নিরাপত্তার পরিবেশে প্রথাগত ও অপ্রথাগত—উভয় ধরনের হুমকি যুক্ত হওয়ায় এই চাহিদাগুলো ক্রমেই জটিল হয়ে উঠেছে। সামুদ্রিক বিরোধ, জলদস্যুতা, চোরাচালান এবং অবৈধ মাছ ধরার পাশাপাশি প্রযুক্তির অগ্রগতি নৌ-অভিযানের পরিধিকে আরও বিস্তৃত করেছে।

দ্য ডিপ্লোম্যাট বলছে, বর্তমানে নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং আক্রমণ পরিচালনার জন্য ড্রোন, চালকবিহীন জলযান ও ডুবোজাহাজ ব্যবহৃত হচ্ছে। এ ছাড়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, ইলেকট্রনিক যুদ্ধ এবং সাইবার সক্ষমতার উন্নতি যুদ্ধজাহাজ ও গুরুত্বপূর্ণ সামুদ্রিক অবকাঠামোগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। এসব পরিবর্তনের ফলে সরাসরি যুদ্ধ নয় এমন ‘গ্রে জোন অ্যাক্টিভিটি’ থেকে শুরু করে তীব্র সংঘাত—সব ধরনের পরিস্থিতির জন্য আরও উন্নত প্রস্তুতির প্রয়োজন হচ্ছে। এজন্য সমন্বিত শনাক্তকরণ, সুরক্ষা ও পাল্টা ব্যবস্থা গ্রহণের সক্ষমতা থাকা জরুরি।

এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ইন্দোনেশীয় নৌবাহিনী বেশ কয়েকটি যুদ্ধজাহাজ সংগ্রহ করছে। পাশাপাশি সমুদ্রের উপরিভাগ ও তলদেশের সক্ষমতা বাড়াতে নতুন জাহাজ নির্মাণ প্রকল্প শুরু করার মাধ্যমে তাদের নৌবহরকে শক্তিশালী করে চলেছে।

ইতালীয় নৌবাহিনীর জন্য নির্মিত দুটি বহুমুখী যুদ্ধজাহাজ ‘কেআরআই ব্রাভিজায়া-৩২০’ এবং ‘কেআরআই প্রভু সিলিওয়াঙ্গি-৩২১’ ইন্দোনেশিয়ার নৌবহরে যুক্ত হওয়ায় বিভিন্ন ধরনের সামুদ্রিক অভিযানে সুবিধা বেড়েছে। অন্যদিকে, সুরাবায়ায় ‘পিটি পাল’-এর মাধ্যমে ‘মেরাহ পুতিহ’ ফ্রিগেট নির্মাণের ফলে সমন্বিত যুদ্ধ ব্যবস্থাপনা পদ্ধতি, রাডার ও অস্ত্রসজ্জিত জাহাজ তৈরি হচ্ছে এবং একই সাথে দেশীয় জাহাজ নির্মাণ শিল্পও শক্তিশালী হচ্ছে।

সমুদ্রের তলদেশের সক্ষমতা বাড়াতে ফ্রান্সের ‘নাভাল গ্রুপ’ এবং ‘পিটি পাল’-এর যৌথ সহযোগিতায় দুটি ‘স্কর্পেন ইভলভড’ ডুবোজাহাজ নির্মাণ জাকার্তার নৌশক্তি আরও প্রসারিত করেছে। লিথিয়াম-আয়ন ব্যাটারি এবং এসইউবিটিআইসিএস যুদ্ধ ব্যবস্থাপনা পদ্ধতি যুক্ত করার পাশাপাশি এই প্রকল্পগুলো ডুবোজাহাজ নির্মাণে দেশীয় দক্ষতা বৃদ্ধিতেও সহায়তা করছে। সব মিলিয়ে, এই উদ্যোগগুলো আধুনিক নৌযান, যুদ্ধ ব্যবস্থা এবং প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে টিএনআই এএল-কে শক্তিশালী করার প্রচেষ্টাকেই তুলে ধরে।

তা সত্ত্বেও, পিপিএ যুদ্ধজাহাজ সংগ্রহের বিষয়টি এটিও স্পষ্ট করে যে, কেবল আধুনিক প্ল্যাটফর্ম যুক্ত করলেই তা পূর্ণাঙ্গ যুদ্ধসক্ষমতায় রূপ নেয় না। এর পেছনে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে।

কেআরআই ব্রাভিজায়া এবং কেআরআই প্রভু সিলিওয়াঙ্গি জাহাজ দুটিকে লাইট+ কাঠামোর আওতায় আধুনিক রাডার ব্যবস্থা এবং ১২৭ মিমি প্রধান কামানসহ হস্তান্তর করা হয়েছে। জাহাজগুলোতে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ‘অ্যাস্টার ৩০’ ক্ষেপণাস্ত্র এবং জাহাজ বিধ্বংসী ‘টেসিও এমকে-২ই’ ক্ষেপণাস্ত্র স্থাপনের উপযোগী নকশা থাকলেও, এগুলো ফিটেড-ফর-বাট-নট-উইথ (অর্থাৎ অস্ত্র স্থাপনের ব্যবস্থা আছে, কিন্তু মূল অস্ত্র নেই) ব্যবস্থায় সরবরাহ করা হয়েছে। ফলে জাহাজগুলোর কাঙ্ক্ষিত আকাশ প্রতিরক্ষা ও সমুদ্রপৃষ্ঠে যুদ্ধের সক্ষমতা অর্জনের জন্য প্রয়োজনীয় ক্ষেপণাস্ত্র এতে যুক্ত করা হয়নি।

ইন্দোনেশীয় নৌবাহিনী দেশীয় শিপইয়ার্ডে ক্ষেপণাস্ত্র সংযোজনের সম্ভাবনাসহ জাহাজ দুটিকে পূর্ণাঙ্গ রূপে উন্নত করার পরিকল্পনা গ্রহণ করেছে। ধাপে ধাপে সরঞ্জাম সংগ্রহের এই প্রক্রিয়া কিছুটা নমনীয়তা দিলেও, পূর্ণাঙ্গ যুদ্ধ প্রস্তুতির বিষয়টি এখনো পরবর্তী চুক্তি, অর্থায়ন এবং অস্ত্র সংযোজনের ওপর নির্ভরশীল। এটি প্রমাণ করে যে, নৌবহরের সম্প্রসারণকে প্রকৃত অভিযানিক সক্ষমতায় রূপান্তর করতে হলে যুদ্ধজাহাজ ও অস্ত্র সংগ্রহের মধ্যে যথাযথ সমন্বয় থাকা অত্যন্ত জরুরি।

ইন্দোনেশিয়া তাদের নৌ সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে। ছবি: সংগৃহীত
ইন্দোনেশিয়া তাদের নৌ সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে। ছবি: সংগৃহীত

চমকপ্রদ ব্যাপার হলো, মেরাহ পুতিহ ফ্রিগেটগুলোর মধ্যে প্রথম জাহাজ ‘কেআরআই বালাপুত্রদেওয়া’-তে আসেলসান রাডার বসানো হয়েছে এবং এটি তুরস্কের ক্ষেপণাস্ত্র সংযোজনের কথা রয়েছে। অন্যদিকে, স্কর্পেন ইভলভড ডুবোজাহাজের চুক্তিতে শুরু থেকেই ‘এক্সোসেট এসএম৩৯’ জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সক্ষমতা অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি প্রমাণ করে যে, এতে শুরু থেকেই অস্ত্র সংযোজনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এই প্রকল্পগুলো এবং পিপিএ জাহাজের অভিজ্ঞতা থেকে এটিই নিশ্চিত হওয়া যায় যে, একটি যুদ্ধজাহাজের প্রকৃত কার্যকারিতা অস্ত্র সংগ্রহ, স্থাপন এবং পরীক্ষার ধারাবাহিকতার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।

কেআরআই শ্রীবিজয়া-১০০ যুক্ত হওয়ার সাথে সাথে প্ল্যাটফর্মের উন্নয়ন এবং অভিযানিক সক্ষমতার মধ্যে সামঞ্জস্য আনার প্রয়োজনীয়তা আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মুহাম্মদ আলী ব্যাখ্যা করেছেন যে, এই রণতরিটির প্রাথমিক পরিচালনা কৌশল হবে যুদ্ধের বাইরের সামরিক অভিযানগুলোতে। বিশেষ করে দুর্যোগ মোকাবিলা ও মানবিক সহায়তায়। এখানে মূলত হেলিকপ্টার এবং ড্রোন ব্যবহৃত হবে।

কেআরআই শ্রীবিজয়া-১০০ এর ভূমিকা যদি শেষ পর্যন্ত আরও ঝুঁকিপূর্ণ বা জটিল পরিবেশে বিস্তৃত হয়, তবে অন্যান্য যুদ্ধজাহাজগুলোর প্রস্তুতি ক্রমেই আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ কেবল বিমানবাহী রণতরি এবং এর বিমানবহরের ওপরই নির্ভর করে না। আকাশ প্রতিরক্ষা, সমুদ্রপৃষ্ঠে যুদ্ধ এবং ডুবোজাহাজ-বিধ্বংসী যুদ্ধ (এএসডব্লিউ) পরিচালনায় সক্ষম এসকর্ট জাহাজের ওপরও নির্ভর করে। এর পাশাপাশি ইলেকট্রনিক যুদ্ধ, কমান্ড ও লজিস্টিক সহায়তাও অত্যন্ত জরুরি।

রণতরিটিকে সুরক্ষিত রাখতে এবং স্ট্রাইক গ্রুপের কার্যকারিতা বজায় রাখতে এই সবগুলো উপাদানকে সমন্বয় করে কাজ করতে হবে। এই প্রেক্ষাপটে, পিপিএ জাহাজের প্রাথমিক কাঠামোতে যে অস্ত্রসজ্জার সীমাবদ্ধতা দেখা গেছে, তা বিশেষভাবে প্রাসঙ্গিক হয়ে ওঠে। এসকর্ট জাহাজগুলোর জন্য ভবিষ্যতে অস্ত্র বসানোর ব্যবস্থা রাখাই যথেষ্ট নয়। কার্যকর সুরক্ষার জন্য এমন সক্রিয় সেন্সর, অস্ত্র, গোলাবারুদ এবং যোগাযোগ ব্যবস্থা থাকা দরকার, যেগুলো বাস্তবে সহজলভ্য এবং পুরোপুরি সমন্বিত।

সমন্বিত সক্ষমতার গুরুত্ব কেবল যুদ্ধ অভিযানের মধ্যেই সীমাবদ্ধ নয়। জাকার্তার জন্য এমন একটি নৌবহর দরকার যা বিভিন্ন ধরনের অভিযানে দীর্ঘ সময় ধরে মোতায়েন থাকার সক্ষমতা রাখে। পাশাপাশি যা যৌথ মহড়া, বহুজাতিক অভিযান এবং সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতার মাধ্যমে প্রতিরক্ষা কূটনীতিকেও শক্তিশালী করবে।

এ ধরনের কার্যক্রমে বিভিন্ন দেশের জাহাজগুলোকে একসাথে কাজ করার উপযোগী করে তুলতে কার্যকর তথ্য বিনিময়, সামঞ্জস্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থা, অভিযানিক সমন্বয় এবং পর্যাপ্ত লজিস্টিক সহায়তা প্রয়োজন হয়। তাই সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা অংশীদার হিসেবে টিএনআই এএল-এর বিশ্বাসযোগ্যতা কেবল এর যুদ্ধজাহাজের সংখ্যা বা আকারের ওপর নির্ভর করে না, বরং নৌবহরের প্রস্তুতি এবং যৌথ অভিযানে কার্যকরভাবে অবদান রাখার সক্ষমতার ওপরও নির্ভর করে।

ফ্রান্স, গ্রিস এবং সুইডেনসহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশের আধুনিক ফ্রিগেট নির্মাণ কর্মসূচিতেও একই ধরনের দৃষ্টিভঙ্গি দেখা যায়। সেখানে প্রায় ৪ হাজার ৫০০ টন ওজনধারী এই ফ্রিগেটগুলোর নকশায় পূর্ণাঙ্গ ত্রিমাত্রিক যুদ্ধ ব্যবস্থা (আকাশ-বিধ্বংসী, ডুবোজাহাজ-বিধ্বংসী এবং সমুদ্রপৃষ্ঠে যুদ্ধের সক্ষমতা) যুক্ত করা হয়েছে। এগুলো উচ্চস্তরের এবং তীব্র সংঘাতের কথা মাথায় রেখে বিশেষভাবে তৈরি হয়েছে। এর পাশাপাশি এতে স্বতন্ত্র ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা, সাইবার নিরাপত্তা জোরদারকরণ এবং চালকবিহীন আকাশযান ও জলযানের মতো অপ্রচলিত হুমকির বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। দেশভেদে অস্ত্রসজ্জার কাঠামো ভিন্ন হলেও এই দৃষ্টিভঙ্গি প্রমাণ করে যে, আধুনিক নৌ-সক্ষমতা কেবল জাহাজের ওজন বা আকারের ওপর নয়, বরং যুদ্ধ ব্যবস্থার পূর্ণাঙ্গতা ও সমন্বয়ের ওপরই নির্ভর করে।

ইন্দোনেশিয়ার জন্য এটি একটি প্রাসঙ্গিক উদাহরণ হিসেবে কাজ করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যে যুগে দূরপাল্লার নিখুঁত আঘাত এবং একসঙ্গে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র বা ড্রোন নিক্ষেপের মাধ্যমে প্রতিরক্ষা ব্যবস্থা অচল করে দেওয়ার মতো (স্যাচুরেশন) হামলা সাধারণ বিষয়ে পরিণত হয়েছে, সেখানে কেন গোলাবারুদ মজুত রাখার সক্ষমতা এবং অস্ত্র ও সেন্সরের ধারণক্ষমতা এতটা জরুরি। এ কারণেই কেবল উপকূলীয় অভিযানের জন্য তৈরি নকশার চেয়ে দীর্ঘ সময় সমুদ্রে টিকে থাকার ক্ষমতা এবং গভীর সমুদ্রে পৌঁছানোর সক্ষমতা এখন অনেক বেশি অপরিহার্য।

সব মিলিয়ে, কেআরআই শ্রীবিজয়া-১০০ যুক্ত হওয়া, পাশাপাশি যুদ্ধজাহাজ সংগ্রহ এবং আধুনিক যুদ্ধজাহাজ ও ডুবোজাহাজ নির্মাণের উদ্যোগগুলো জাকার্তার সামুদ্রিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে এসব বিনিয়োগের প্রকৃত কৌশলগত মূল্য নির্ভর করবে সংগৃহীত এবং দেশে নির্মিত জাহাজগুলো পূর্ণাঙ্গ যুদ্ধ ব্যবস্থা, প্রশিক্ষিত জনবল এবং নিরবচ্ছিন্ন রক্ষণাবেক্ষণ ও লজিস্টিক সহায়তা নিয়ে কাজ করতে পারে কি না—তার ওপর। প্রতিরক্ষা অভিযান, সামুদ্রিক নিরাপত্তা এবং মানবিক মিশনগুলোতে এসব উপাদানকে সমন্বিত করার সক্ষমতাই আঞ্চলিক স্থিতিশীলতায় ইন্দোনেশীয় নৌবাহিনীর অবদানের একটি গুরুত্বপূর্ণ মাপকাঠি হবে।