Advertisement

আমিরাতের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠক

আমিরাতের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠক
আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ছবি: মাহবুব সরকারের মাধ্যমে প্রাপ্ত

বহুপক্ষীয় সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা করতে সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান।

Advertisement

গতকাল মঙ্গলবার আবুধাবিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের আগে খলিলুর রহমানকে অভ্যর্থনা জানান শেখ আবদুল্লাহ বিন জায়েদ।

বৈশ্বিক কূটনীতিতে বহুপক্ষীয় সম্পৃক্ততা বৃদ্ধির এই গুরুত্বপূর্ণ সময়ে শীর্ষ দুই কূটনীতিকের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হলো। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বে থাকায় ড. খলিলুর রহমান বৈশ্বিক সুশাসন, নিরাপত্তা ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শেখ আবদুল্লাহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আমিরাতের সক্রিয় ভূমিকার নেতৃত্ব দিচ্ছেন।

বৈঠকে জাতিসংঘের সামগ্রিক কার্যক্রমের নানা দিক নিয়ে বিস্তৃত আলোচনা হয়। দুই নেতা সাধারণ পরিষদের চলমান অধিবেশনের আলোচ্যসূচি পর্যালোচনা করেন এবং আন্তর্জাতিক সহযোগিতার কাঠামো নিয়ে মতবিনিময় করেন। বিশেষ করে বহুপক্ষীয় সংস্থাগুলো কীভাবে আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করতে পারে, সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়। কূটনৈতিক সমাধান এগিয়ে নেওয়া এবং রাষ্ট্রগুলোর পারস্পরিক সহযোগিতার প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করার অভিন্ন অঙ্গীকার তাদের আলোচনায় প্রতিফলিত হয়।

Advertisement

বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়টিও গুরুত্বের সঙ্গে উঠে আসে। শেখ আবদুল্লাহ ও ড. খলিলুর রহমান উভয় দেশ ও জনগণের পারস্পরিক কল্যাণে বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধি এবং সম্পর্ক আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা করেন। সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতার ধারাবাহিকতায় সংযুক্ত আরব আমিরাত যে তার অংশীদারত্বের নেটওয়ার্ক সম্প্রসারণ এবং বিদ্যমান সম্পর্কগুলো আরও দৃঢ় করার ওপর গুরুত্ব দিচ্ছে, বৈঠকে তা পুনরায় স্পষ্ট হয়।

বৈঠকের আগে খলিলুর রহমানকে অভ্যর্থনা জানান শেখ আবদুল্লাহ বিন জায়েদ। ছবি: মাহবুব সরকারের মাধ্যমে প্রাপ্ত
বৈঠকের আগে খলিলুর রহমানকে অভ্যর্থনা জানান শেখ আবদুল্লাহ বিন জায়েদ। ছবি: মাহবুব সরকারের মাধ্যমে প্রাপ্ত

এ সময় শেখ আবদুল্লাহ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং উভয় দেশের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আমিরাতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। জটিল হয়ে ওঠা বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও তারা মতবিনিময় করেন।

বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা-বিষয়ক প্রতিমন্ত্রী রিম বিনতে ইব্রাহিম আল হাশিমি এবং প্রতিমন্ত্রী সাঈদ মুবারক আল হাজেরি উপস্থিত ছিলেন।