থিমেটিক ফিলাটেলিতে প্রথম বাংলাদেশি হিসেবে স্বর্ণপদক (গোল্ড মেডেল) অর্জন করে এক অনন্য ইতিহাস সৃষ্টি করেছেন অস্ট্রেলিয়ার সিডনিপ্রবাসী কাইয়ুম গাজী। তাইওয়ানের তাইপেইয়ে অনুষ্ঠিত ‘তাইপেই ২০২৬’ আন্তর্জাতিক প্রদর্শনীতে ফেডারেশন ইন্টারন্যাশনাল দে ফিলাটেলি (এফআইপি) তাকে এই সম্মানজনক পুরস্কারে ভূষিত করে।
এই অর্জন বাংলাদেশের জন্য এক গৌরবোজ্জ্বল ও ঐতিহাসিক মাইলফলক। থিমেটিক ফিলাটেলির আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি হিসেবে প্রথম স্বর্ণপদক অর্জন তার দীর্ঘদিনের নিষ্ঠা, অধ্যবসায়, গভীর গবেষণা, অসামান্য দক্ষতা এবং ফিলাটেলির প্রতি গভীর অনুরাগের স্বীকৃতি।
অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করেও কাইয়ুম গাজী তার এই আন্তর্জাতিক সাফল্যের মাধ্যমে বাংলাদেশের নাম বিশ্বদরবারে উজ্জ্বল করেছেন। তার এই অর্জন অস্ট্রেলিয়ার প্রবাসী বাংলাদেশি কমিউনিটি, বাংলাদেশের ফিলাটেলিস্ট সমাজ এবং সমগ্র দেশবাসীর জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয়।
কাইয়ুম গাজীর এই ঐতিহাসিক সাফল্য আন্তর্জাতিক ফিলাটেলির মানচিত্রে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় এবং ভবিষ্যৎ প্রজন্মের ডাকটিকিট সংগ্রাহক ও থিমেটিক ফিলাটেলিস্টদের অনুপ্রাণিত করবে।
ছবি: সাবির মাহমুদের মাধ্যমে প্রাপ্ত
আন্তর্জাতিক এই স্বীকৃতি ও ঐতিহাসিক অর্জনের জন্য কাইয়ুম গাজীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে সিডনির বাংলাদেশি কমিউনিটি।