১৯ নভেম্বর ২০২৬। আন্তর্জাতিক বিচার আদালত - ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আইসিজে - এক ঐতিহাসিক রায়ে বলল, মিয়ানমার রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা করেছে। আদালতের ৮০ বছরের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হলো। রায়ে বলা হয়েছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে, ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে, শিশুদের ওপর চরম সহিংসতা করেছে। মিয়ানমারকে নির্দেশ দেওয়া হয়েছে–চলমান লঙ্ঘন বন্ধ করতে হবে, দোষীদের বিচার করতে হবে, রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের সুযোগ দিতে হবে, পরিবারগুলোকে পুনর্মিলিত করতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে। এই মামলাটি করেছিল আফ্রিকার ছোট গরিব দেশ গাম্বিয়া, ২০১৯ সালে। এর পেছনে ছিল ওআইসি। বাংলাদেশ থেকে সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করে দেওয়া হয়েছিল। কক্সবাজারের ক্যাম্পে বড় পর্দায় রায় শুনে অনেক রোহিঙ্গা কেঁদে ফেলেছেন। কিন্তু এই রায়ের পরিণতি অনিশ্চিত।
আইসিজের রায় আইনত বাধ্যতামূলক, আপিলের সুযোগ নেই - কাগজে কলমে এটা সত্য। কিন্তু রায় কার্যকর করবে কে? আদালতের নিজের কোনো পুলিশ নেই, সেনাবাহিনী নেই। মিয়ানমার যদি বলে, আমি মানবো না–তাহলে আদালত কী করবে? এই প্রশ্নের উত্তর আমরা গাজায় দেখেছি। গাজায় নির্বিচারে হত্যার অভিযোগে দক্ষিণ আফ্রিকার করা মামলায় আইসিজে ইসরায়েলকে গণহত্যা প্রতিরোধে ব্যবস্থা নিতে বলেছিল, কিন্তু ইসরায়েল তা মানেনি। গাজায় হত্যাও থামেনি। রোহিঙ্গা মামলার রায়ও সেই একই বাস্তবতার মুখোমুখি। মিয়ানমারের সামরিক সরকার এখন গৃহযুদ্ধে ব্যস্ত, ২০২১ সালের অভ্যুত্থানের পর থেকে দেশের বড় অংশই তাদের নিয়ন্ত্রণের বাইরে। এমন একটি সরকার আদালতের রায় মেনে রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে, তাদের নাগরিকত্ব দেবে, ক্ষতিপূরণ দেবে–এটা বিশ্বাস করা কঠিন।
আর মূল সমস্যাটা রায়ের আগেও যা ছিল, এখনো তাই আছে–মিয়ানমার রোহিঙ্গাদের কোনোদিনই তাদের নাগরিক বলে স্বীকার করেনি। এটা শুধু ইসলাম ধর্ম বা মুসলিম সম্প্রদায়ের ব্যাপার নয়। মিয়ানমারে ২০১৪ সালের আদমশুমারিতে আরও চারটি মুসলমান সম্প্রদায়ের স্বীকৃতি আছে, তাদের নাগরিকত্ব ও ভোটাধিকার আছে। কিন্তু রোহিঙ্গাদের বেলায় মিয়ানমারের বক্তব্য একটাই–এরা বাঙালি অভিবাসী।
ব্রিটিশ আমলে করা আরাকানের ১৩৯টি জাতিগোষ্ঠীর তালিকায় রোহিঙ্গাদের নাম ছিল না, সেই জের টেনেই আজও তাদের নাগরিকত্ব দিতে অস্বীকার করা হচ্ছে। অন্যদিকে রোহিঙ্গারাও কোনোদিন নিজেদের মিয়ানমারের নাগরিক মনে করেনি। তারা সবসময় স্বাধীন রোহিঙ্গাল্যান্ডের দাবি করে আসছে। ফলে দুই পক্ষের মধ্যে অনাস্থাটা জন্মগত। আদালত বললেই এই অনাস্থা কেটে যাবে না। যতদিন নাগরিকত্বের প্রশ্নের মীমাংসা না হবে, ততদিন ‘প্রত্যাবর্তন’ একটা শব্দ হিসেবে বিবেচিত হতে থাকবে।
এর সঙ্গে যোগ হয়েছে ক্যাম্পের ভেতরের বাস্তবতা। বাংলাদেশ সরকার সর্বাত্মক চেষ্টা করেও একজন শরণার্থীকে ফেরত পাঠাতে পারেনি। একদিকে মিয়ানমার নিতে চায় না, অন্যদিকে অনেক রোহিঙ্গাও যেতে চায় না। কেউ কেউ মনে করে কক্সবাজার এলাকাটাই তাদের আদি নিবাস। ড. মোহাম্মদ ইউনূস জাতিসংঘের মহাসচিবের উপস্থিতিতে রোহিঙ্গা সমাবেশে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বক্তৃতা দিয়ে তা অনেকটা বিশ্বাসযোগ্য করে তুলেছেন। আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির মতো সশস্ত্র গোষ্ঠীও চায় না শরণার্থীরা ফিরে যাক, কারণ মিয়ানমারে গেলে তাদের শনাক্ত করে মারা হবে। ফেরার পক্ষে কথা বলায় জনপ্রিয় রোহিঙ্গা নেতা মহিবুল্লাহকে ইতিমধ্যে হত্যা করা হয়েছে। কেউ ফেরার আগ্রহ দেখালেই তাকে হত্যার হুমকি দেওয়া হয়।
আর জাতিসংঘের নীতিমালা অনুযায়ী, শরণার্থীর ইচ্ছার বিরুদ্ধে তাকে জোর করে পাঠানো যায় না। ফলে বাংলাদেশ এক অদ্ভুত ফাঁদে আটকে আছে–না পারে পাঠাতে, না পারে রাখতে।
আন্তর্জাতিক রাজনীতিটাও রোহিঙ্গাদের পক্ষে নেই। তুরস্কসহ কয়েকটি মুসলিম দেশ প্রথম প্রথম দরদ দেখালেও এখন তারা নীরব। আমেরিকার আসল আগ্রহ চীনকে ঠেকানো। মিয়ানমারের পক্ষে চীন একনিষ্ঠ। আমেরিকা রোহিঙ্গা ইস্যুকে মিয়ানমারের ওপর চাপ দেওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তখনকার পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বারবার বলেছিলেন, বাংলাদেশ কোনো পক্ষের উস্কানিতে পড়ে সংঘাতে জড়াবে না, কোনো ফাঁদে পা দেবে না। কোনো কোনো বৃহৎ শক্তি বাংলাদেশকে মিয়ানমারের সঙ্গে সংঘাতে ঠেলে দিয়ে মিয়ানমার ও চীনকে অস্থির করে তোলার খেলা খেলতে চায়–ঢাকায় তখন এমন আলোচনাই ছিল। তৎকালীন সরকার সেই খেলায় সাড়া দেয়নি। কিন্তু এখন নতুন পরিস্থিতির উদ্ভব হয়েছে।
রোহিঙ্গাদের আবাসভূমি বর্তমানে মিয়ানমার সরকারের অধীনে নেই, দখল করেছে আরাকানের বৌদ্ধরা–আরাকান আর্মি। আরাকানের বৌদ্ধদের সঙ্গে রোহিঙ্গা মুসলমানদের সংঘাত-সংঘর্ষ বহুদিনের। আরাকান আর্মি এখন রাখাইনের ১৪টি উপজেলা এবং ৮০-৯০ ভাগ এলাকা নিয়ন্ত্রণ করে, মিয়ানমার সেনাবাহিনীর হাতে আছে শুধু সিত্তে ও কিয়াউকফিউর মতো দু-একটি শহর। তাই মিয়ানমার সরকার আন্তর্জাতিক আদালতের রায় ইচ্ছে থাকলেও বাস্তবায়ন করতে পারবে না। কারণ যাদের ফেরত নিতে বলা হচ্ছে, তাদের জমি এখন অন্যের দখলে।
জাতিসংঘের ভূমিকা নিয়েও প্রশ্ন আছে। জাতিসংঘ মাঝে মাঝে বাংলাদেশকে রোহিঙ্গাদের নাগরিকত্ব দিতে অনুরোধ করে। এতেই বোঝা যায়, জাতিসংঘ আসলে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে আন্তরিক নয়, বাংলাদেশেই তাদের স্থায়ী বসতি করে সমস্যা মিটিয়ে ফেলতে চায়। এটা বাংলাদেশের জন্য ভয়ংকর। ১৩ লাখের বেশি শরণার্থীকে স্থায়ীভাবে রাখার বোঝা বাংলাদেশের মতো ছোট দেশের পক্ষে বহন করা সম্ভব নয়। কক্সবাজারের পরিবেশ, স্থানীয় মানুষের জীবিকা, নিরাপত্তা–সবকিছুই এর মধ্যে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অথচ আন্তর্জাতিক সাহায্য দিন দিন কমছে। বিশ্ব এখন ইউক্রেন, গাজা নিয়ে ব্যস্ত, রোহিঙ্গারা এখন পুরোনো খবর।
আইসিজের রায় নিঃসন্দেহে নৈতিক বিজয়। ইতিহাসে লেখা থাকবে, মিয়ানমার গণহত্যা করেছিল। কিন্তু নৈতিক বিজয় আর বাস্তব প্রত্যাবর্তন এক জিনিস নয়। মিয়ানমার নাগরিকত্ব দেবে না, চীন ভেটো দেবে, আমেরিকা-তুরস্ক নিজেদের খেলা খেলবে, ক্যাম্পের ভেতরে সশস্ত্র গোষ্ঠী ফিরতে দেবে না, আর আইসিজের হাতে বাধ্য করার শক্তি নেই। তার ওপর এখন যোগ হয়েছে নতুন বাস্তবতা–রাখাইন এখন আরাকান আর্মির হাতে। এই ছয়টি বাস্তবতা যতদিন না বদলায়, ততদিন রোহিঙ্গাদের প্রত্যাবর্তন অনিশ্চিতই থেকে যাবে। রায়টা হয়তো ভবিষ্যতে চাপের হাতিয়ার হবে। কিন্তু আজকের রোহিঙ্গা শিশুটি যে ক্যাম্পে জন্মেছে, সে তার বাবার গ্রামে ফিরতে পারবে কিনা–সেই প্রশ্নের উত্তর এখনো কারও কাছে নেই।
লেখক: সাবেক নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক।