অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগে যুক্তরাষ্ট্রের বাংলাদেশসহ ১৬টি প্রধান বাণিজ্যিক অংশীদারের বিরুদ্ধে চালানো তদন্তের ফল শিগগিরই প্রকাশ করতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
এই তদন্তের আওতায় রয়েছে চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, বাংলাদেশ ও কম্বোডিয়া। এ ছাড়া রয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
স্থানীয় সময় গতকাল মঙ্গলবার বিষয়টি সম্পর্কে অবগত তিন ব্যক্তি রয়টার্সকে জানিয়েছেন, এই তদন্তের পর বিভিন্ন ধরনের পণ্যের ওপর নতুন করে আমদানি শুল্ক আরোপের প্রস্তাব আসতে পারে।
তাদের ভাষ্য, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিতে পারে। এসব শুল্ক ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আগের আরোপ করা শুল্কের সঙ্গে যুক্ত হবে।
ট্রাম্প প্রশাসনের শুল্কনীতির কারণে যুক্তরাষ্ট্রে ভোগ্যপণ্যের দামও কিছুটা বেড়েছে। গত নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের পর রয়টার্স ও ইপসোসের এক জনমত জরিপে দেখা গেছে, ৬২ শতাংশ উত্তরদাতা শুল্ক প্রত্যাহারের উদ্যোগকে সমর্থন করবেন।
তবে নতুন শুল্কের হার কত হবে, তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তি জানিয়েছেন, প্রতিটি দেশের জন্য আলাদা করে শুল্কের হার নির্ধারণ করা হতে পারে।