আওয়ামী লীগ সরকারের শাসনামলে (২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত) সংঘটিত খুন-গুম, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা, রাজনৈতিক নির্যাতন ইত্যাদি মানবতাবিরোধী অপরাধ ও অপরাধী চিহ্নিত করতে জেলায় জেলায় গণশুনানির আয়োজন করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থা।
আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। খবর বাসসের।
চিফ প্রসিকিউটরের পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত নির্যাতিত রাজনৈতিক দলের প্রতিনিধি, আহত-নিহত ব্যক্তি ও ভুক্তভোগী পরিবারের সদস্য, প্রেসক্লাবের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র-জনতা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ গণশুনানি অনুষ্ঠিত হবে।
চিঠিতে আরও বলা হয়, সরকার এ বিষয়ে সার্বিক সহযোগিতা করবে। গণশুনানির আগে প্রতিটি উপজেলায় সরকারি ব্যবস্থাপনায় মাইকিংসহ বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি প্রচার-প্রচারণার ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে গণশুনানির আয়োজন করা হবে এবং ভুক্তভোগী পরিবারগুলোকে বিষয়টি অবহিত করা হবে।