Advertisement

রাজনৈতিক সংকটের সমাধান রাজনীতির মধ্যেই

রাজনৈতিক সংকটের সমাধান রাজনীতির মধ্যেই
বাংলাদেশে বিদ্যামান রাজনৈতিক সংকটের সমাধান রাজনীতির মধ্যেই খুঁজতে হবে। এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি

বাংলাদেশে বিদ্যামান রাজনৈতিক সংকটের সমাধান রাজনীতির মধ্যেই খুঁজতে হবে। সংবিধান সংস্কার প্রয়োজন, কিন্তু শুধু সংবিধান পরিবর্তন করে স্বৈরতন্ত্রের পুনরাবৃত্তি ঠেকানো যাবে না। প্রয়োজন রাজনৈতিক সংস্কৃতি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, প্রশাসনিক কাঠামো এবং নীতি-নির্ধারণী প্রক্রিয়ার পরিবর্তন। একই সঙ্গে বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থান, রোহিঙ্গা সংকট এবং আন্তর্জাতিক শক্তির প্রতিযোগিতা বিবেচনায় রেখে জাতীয় স্বার্থভিত্তিক পররাষ্ট্রনীতি গড়ে তুলতে হবে।

Advertisement

রোববার (২২ নভেম্বর) বিকেলে ঢাকার মতিঝিলে চরচা স্টুডিওতে ‘তীর্যক’ অনুষ্ঠানে সাংবাদিক ফজলুল কবিরের সঙ্গে আলোচনায় বাংলাদেশের রাজনীতি, গণতন্ত্র, সংবিধান সংস্কার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, বুদ্ধিবৃত্তিক চর্চা এবং ভূরাজনীতি নিয়ে এসব মৌলিক প্রশ্ন পর্যালোচনার সুযোগ হয়েছিল। আমার কেন্দ্রীয় বক্তব্য ছিল, বাংলাদেশের সংকটকে বিচ্ছিন্ন কিছু রাজনৈতিক ঘটনা হিসেবে দেখলে চলবে না। এর শিকড় রাষ্ট্র পরিচালনার ধরন, রাজনৈতিক সংস্কৃতি, ক্ষমতার কাঠামো এবং আন্তর্জাতিক রাজনীতির সঙ্গে দেশের সম্পর্কের গভীরে প্রোথিত।

বাংলাদেশ এখন এমন একটি রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে অতীতের কর্তৃত্ববাদী শাসনের অভিজ্ঞতা, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং নতুন রাষ্ট্রব্যবস্থা নির্মাণের প্রত্যাশা পরস্পরের মুখোমুখি। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন হলো–আমরা কি কেবল ক্ষমতার পালাবদল চাই, নাকি রাষ্ট্র ও রাজনীতির পরিচালনাপদ্ধতিতে মৌলিক পরিবর্তন চাই? প্রশ্নগুলো বাংলাদেশের বর্তমান স্থিতিশীলতা ও ভবিষ্যতের অস্থিরতাহীন নিরাপদ রাজনৈতিক পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Advertisement

রাজনীতিই সংকটের কেন্দ্র, সমাধানেরও প্রধান ক্ষেত্র

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ক্ষমতার পালাবদল কখনোই যথেষ্ট প্রাতিষ্ঠানিক ও নিয়মতান্ত্রিক রূপ পায়নি। গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনের মাধ্যমে এক দল ক্ষমতায় আসে, অন্য দল বিরোধী দলে যায়। পরবর্তী নির্বাচনে আবার জনগণের রায়ে ক্ষমতার পরিবর্তন ঘটে। কিন্তু আমাদের রাজনৈতিক বাস্তবতায় ক্ষমতা হারানোকে অনেক সময় রাজনৈতিক অস্তিত্ব হারানোর সমার্থক মনে করা হয়।

ফলে ক্ষমতায় থাকা দল বিরোধী পক্ষকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা না করে প্রতিপক্ষ বা শত্রু হিসেবে দেখতে অভ্যস্ত হয়ে ওঠে। অন্যদিকে বিরোধী দলও অনেক সময় নির্বাচনী ও সংসদীয় প্রক্রিয়ার বাইরে গিয়ে ক্ষমতা পরিবর্তনের পথ খোঁজে। এভাবে রাজনীতি পরিণত হয় এক ধরনের মিউজিক্যাল চেয়ার খেলায়। কে কখন ক্ষমতায় থাকবে, সেটিই মুখ্য হয়ে ওঠে; রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে, তা গৌণ থেকে যায়।

এই রাজনৈতিক সংস্কৃতির পরিণতি ভয়াবহ। কারণ এর মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয় আনুগত্যের অধীন হয়, প্রশাসন রাজনৈতিক প্রতিযোগিতার অংশ হয়ে পড়ে, বিচারব্যবস্থার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয় এবং নাগরিকের অধিকার ক্ষমতাসীনদের সদিচ্ছার ওপর নির্ভরশীল হয়ে ওঠে।

অথচ গণতন্ত্রের মূল কথা হলো, ক্ষমতা সাময়িক, রাষ্ট্র স্থায়ী। সরকার পরিবর্তিত হবে, কিন্তু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ধারাবাহিকতা, নিরপেক্ষতা ও পেশাদারত্ব বজায় থাকবে।

বাংলাদেশে এই রাজনৈতিক বোধ প্রতিষ্ঠা করা জরুরি। রাজনৈতিক সংকটের সমাধান রাজনীতিবিদদেরই করতে হবে। মীমাংসাহীন বির্তকের পরিবেশে বা সংঘাতের রণাঙ্গনে রাজনীতির ভবিষ্যৎ ছেড়ে দিয়ে স্থায়ী সমাধান পাওয়া সম্ভব নয়।

রাজনৈতিক সংলাপ: দুর্বলতা নয়, গণতান্ত্রিক পরিপক্বতা

বাংলাদেশের রাজনীতিতে সংলাপের প্রয়োজনীয়তা নিয়ে অনেক কথা বলা হয়। কিন্তু সংলাপের রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়নি। এখানে সংলাপকে প্রায়ই দুর্বলতা, আপস কিংবা প্রতিপক্ষের কাছে নতি স্বীকার হিসেবে বিবেচনা করা হয়। এটি গণতন্ত্রের মৌলিক ধারণার সঙ্গে সাংঘর্ষিক।

গণতন্ত্রে মতপার্থক্য থাকবে, রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, এমনকি তীব্র বিরোধিতাও থাকবে। কিন্তু বিরোধিতার অর্থ প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করে দেওয়া নয়। একটি রাজনৈতিক দল বা মতাদর্শের প্রতি জনগণের সমর্থন থাকলে তাকে রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে রেখে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা যায় না।

বাংলাদেশের অভিজ্ঞতা থেকে দেখা যায়, কোনো রাজনৈতিক শক্তিকে নিষিদ্ধ বা দমন করার মাধ্যমে তার রাজনৈতিক ভিত্তি সবসময় বিলুপ্ত করা সম্ভব হয় না। জামায়াতে ইসলামীর রাজনৈতিক ইতিহাসও এ ক্ষেত্রে একটি উদাহরণ। ২০১৩ সালে হাইকোর্টের রায়ে দলটির নিবন্ধন অবৈধ ঘোষিত হয়েছিল; পরবর্তী সময়ে রাজনৈতিক ও আইনি পরিবর্তনের মধ্য দিয়ে তাদের রাজনৈতিক অবস্থান আবার পরিবর্তিত হয়েছে। অর্থাৎ, রাজনৈতিক বাস্তবতা স্থির নয়।

তবে এখানে একটি মৌলিক পার্থক্য মনে রাখা প্রয়োজন। রাজনৈতিক অন্তর্ভুক্তি মানে কোনো দলকে আইন, সংবিধান বা মানবাধিকারের ঊর্ধ্বে স্থান দেওয়া নয়। কোনো দল বা সংগঠন অপরাধ করলে তার বিচার হতে হবে। কিন্তু অপরাধের দায় ব্যক্তির, নাকি সাংগঠনিকভাবে প্রমাণিত–সেটি যথাযথ আইনি প্রক্রিয়ায় নির্ধারণ করতে হবে। তাই রাজনৈতিক নিষেধাজ্ঞা, দমন-পীড়ন কিংবা প্রতিহিংসা যেন গণতান্ত্রিক প্রতিযোগিতার বিকল্প না হয়ে ওঠে।

বরং রাজনৈতিক সংলাপের অর্থ হলো, সব পক্ষের জন্য একটি গ্রহণযোগ্য রাজনৈতিক পরিসর তৈরি করা, যেখানে ক্ষমতার পরিবর্তন হবে নিয়মতান্ত্রিকভাবে এবং কোনো পক্ষই রাষ্ট্রকে নিজেদের একচ্ছত্র সম্পত্তি মনে করতে পারবে না।

সংবিধান পরিবর্তন করলেই কি স্বৈরতন্ত্র বন্ধ হবে?

বর্তমান বাংলাদেশের রাজনৈতিক আলোচনায় সংবিধান সংস্কার একটি গুরুত্বপূর্ণ বিষয়। সংবিধানের বিভিন্ন ধারা, ক্ষমতার কেন্দ্রীভবন, নির্বাহী বিভাগের প্রাধান্য, সংসদের কার্যকারিতা, বিচার বিভাগের স্বাধীনতা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে।

এসব প্রশ্নের সমাধান প্রয়োজন। কিন্তু একটি ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: সংবিধান পরিবর্তন করলেই স্বৈরতন্ত্রের পুনরাবৃত্তি বন্ধ হবে। ইতিহাস এর বিপরীত উদাহরণে পরিপূর্ণ। যেমন, অ্যাডলফ হিটলার ১৯৩৩ সালে জার্মানির চ্যান্সেলর হয়েছিলেন সাংবিধানিক ও রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। কিন্তু ক্ষমতায় আসার পর তিনি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেন এবং একনায়কতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। তার উত্থান আমাদের মনে করিয়ে দেয়, নির্বাচনী বৈধতা এবং গণতান্ত্রিক শাসন এক বিষয় নয়।

স্টিভেন লেভিটস্কি ও ড্যানিয়েল জিবলাট তাদের ‘How Democracies Die’ গ্রন্থে দেখিয়েছেন, আধুনিক গণতন্ত্রের পতন অনেক সময় সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ঘটে না; নির্বাচিত নেতৃত্বও ধীরে ধীরে গণতান্ত্রিক প্রতিষ্ঠান, বিরোধী দলের অধিকার এবং রাষ্ট্রীয় ভারসাম্য দুর্বল করে দিতে পারে। এখানেই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। আর তা হলো, সংবিধানের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গণতন্ত্র, প্রশাসনিক নিরপেক্ষতা, বিচার বিভাগের স্বাধীনতা, সংসদের কার্যকর ভূমিকা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার মাধ্যমে ক্ষমতার ভারসাম্য বা Checks and Balances প্রতিষ্ঠা করা।

একজন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধানের হাতে অতিরিক্ত ক্ষমতা কেন্দ্রীভূত হলে, তার রাজনৈতিক সদিচ্ছা যত ভালোই হোক, রাষ্ট্রীয় ব্যবস্থায় কর্তৃত্ববাদী প্রবণতা তৈরির ঝুঁকি থেকে যায়।

অতএব, রাষ্ট্র সংস্কারের মূল লক্ষ্য হওয়া উচিত এমন প্রতিষ্ঠান নির্মাণ, যা কোনো ব্যক্তির সদিচ্ছার ওপর নির্ভরশীল নয়; বরং ব্যক্তি পরিবর্তিত হলেও গণতান্ত্রিক নিয়ম ও প্রতিষ্ঠান কার্যকর থাকে।

দলীয় সংস্কৃতি ও রাষ্ট্রীয় ইকোসিস্টেমের পরিবর্তন

আমরা সাধারণত রাষ্ট্র সংস্কার বলতে সংবিধান, নির্বাচনব্যবস্থা কিংবা প্রশাসনিক কাঠামোর পরিবর্তন বুঝি। কিন্তু এর বাইরেও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যাকে বলা যায় রাজনৈতিক ও প্রশাসনিক ইকোসিস্টেম।

একটি দেশের রাজনৈতিক ব্যবস্থা শুধু সংবিধান দিয়ে পরিচালিত হয় না। রাজনৈতিক দলের অভ্যন্তরীণ চর্চা, নেতাদের আচরণ, আমলাতন্ত্রের ভূমিকা, ব্যবসায়ী গোষ্ঠীর প্রভাব, গণমাধ্যমের স্বাধীনতা, বিচার বিভাগের অবস্থান এবং নাগরিক সমাজের সক্রিয়তা–সবকিছু মিলেই রাষ্ট্র পরিচালনার পরিবেশ তৈরি করে।

বাংলাদেশে দলীয় প্রধানকে কেন্দ্র করে রাজনৈতিক ক্ষমতা পরিচালনার প্রবণতা দীর্ঘদিনের। দলের অভ্যন্তরে নেতৃত্ব নির্বাচন, নীতিনির্ধারণ এবং জবাবদিহির প্রাতিষ্ঠানিক ব্যবস্থা দুর্বল। ফলে দলের অভ্যন্তরীণ গণতন্ত্র দুর্বল থাকলে রাষ্ট্র পরিচালনায় গণতান্ত্রিক আচরণ প্রত্যাশা করাও কঠিন।

একইভাবে প্রশাসন যদি ক্ষমতাসীন দলের প্রতি আনুগত্যকে পেশাগত যোগ্যতার চেয়ে বেশি গুরুত্ব দেয়, তাহলে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রশাসনিক আচরণও পরিবর্তিত হবে।

সুতরাং রাষ্ট্র সংস্কারের পাশাপাশি রাজনৈতিক দলের সংস্কার প্রয়োজন। রাজনৈতিক নেতৃত্বকে বুঝতে হবে, রাষ্ট্র পরিচালনা দল পরিচালনার সম্প্রসারিত রূপ নয়।

তোষামোদ নয়, জ্ঞানভিত্তিক রাষ্ট্র পরিচালনা

বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার একটি বড় দুর্বলতা হলো স্বাধীন ও সমালোচনামূলক বুদ্ধিবৃত্তিক পরামর্শের প্রতি অনীহা। ক্ষমতাসীন রাজনৈতিক নেতৃত্ব অনেক সময় এমন ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নিতে স্বাচ্ছন্দ্যবোধ করে, যারা তাদের সিদ্ধান্তের সমর্থন করেন। বিপরীতে স্বাধীন গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিন্তক, সম্পাদক, বিশেষজ্ঞ এবং সমালোচনামূলক চিন্তাবিদদের বক্তব্য উপেক্ষিত হয়। এটি রাষ্ট্রের জন্য ক্ষতিকর। কারণ রাষ্ট্র পরিচালনা কেবল রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় নয়; এর সঙ্গে যুক্ত রয়েছে তথ্য, গবেষণা, অভিজ্ঞতা, তুলনামূলক বিশ্লেষণ এবং ভবিষ্যৎ ঝুঁকি নিরূপণের সক্ষমতা।

রোহিঙ্গা সংকটের কথাই ধরা যাক। ২০১৭ সালে বিপুলসংখ্যক রোহিঙ্গার বাংলাদেশে আশ্রয় গ্রহণের পর থেকে বিষয়টি শুধু মানবিক সংকট হিসেবে সীমাবদ্ধ নেই। এর সঙ্গে যুক্ত হয়েছে সীমান্ত নিরাপত্তা, আঞ্চলিক ভূরাজনীতি, মাদক ও মানবপাচার, স্থানীয় জনগোষ্ঠীর ওপর অর্থনৈতিক চাপ, পরিবেশগত ক্ষতি এবং মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত। একইভাবে পার্বত্য চট্টগ্রামের বিষয়টি কেবল প্রশাসনিক আইনশৃঙ্খলার সমস্যা নয়। এর সঙ্গে যুক্ত রয়েছে ইতিহাস, জাতিগত পরিচয়, ভূমির অধিকার, শান্তিচুক্তির বাস্তবায়ন, নিরাপত্তা এবং আঞ্চলিক সংযোগের প্রশ্ন। এসব বিষয়ে শুধু আমলাতান্ত্রিক ফাইল ও প্রচলিত নিরাপত্তা-দৃষ্টিভঙ্গি দিয়ে সিদ্ধান্ত নিলে বাস্তবতার অনেক দিক অদৃশ্য থেকে যায়।

এ জন্য বিশ্ববিদ্যালয়, গণমাধ্যম, গবেষণা প্রতিষ্ঠান এবং মাঠপর্যায়ে কাজ করা বিশেষজ্ঞদের নিয়মিতভাবে নীতিনির্ধারণী প্রক্রিয়ায় যুক্ত করা প্রয়োজন। সরকারের উচিত গবেষণাভিত্তিক পরামর্শ গ্রহণের জন্য স্থায়ী ব্যবস্থা গড়ে তোলা। একটি রাষ্ট্রের শক্তি শুধু তার প্রশাসনিক সক্ষমতায় নয়, ভুল সিদ্ধান্ত শনাক্ত ও সংশোধনের বুদ্ধিবৃত্তিক সক্ষমতার মধ্যেও নিহিত।

ডিপ স্টেট, পাওয়ার ব্রোকার এবং বাংলাদেশের ভূরাজনৈতিক বাস্তবতা

আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি ছিল বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থান এবং আন্তর্জাতিক শক্তির সম্ভাব্য প্রভাব। বর্তমান বিশ্বব্যবস্থা দ্রুত পরিবর্তিত হচ্ছে। এককেন্দ্রিক মার্কিন আধিপত্যের পাশাপাশি চীন, রাশিয়া, ভারত, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য আঞ্চলিক শক্তির প্রভাব ও প্রতিযোগিতা বাড়ছে। এই পরিবর্তনশীল বাস্তবতায় বাংলাদেশকে তার পররাষ্ট্রনীতি ও নিরাপত্তা কৌশল নতুন করে মূল্যায়ন করতে হবে।

বাংলাদেশের অবস্থান বঙ্গোপসাগরের উত্তর উপকূলে। একদিকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগ, অন্যদিকে ভারত মহাসাগরীয় বাণিজ্য ও নিরাপত্তা কাঠামো। চট্টগ্রাম ও মোংলা সমুদ্রবন্দর, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্প, স্থল ও সমুদ্র যোগাযোগ এবং দক্ষিণ এশিয়া থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ায় সংযোগের সম্ভাবনা বাংলাদেশের ভূকৌশলগত গুরুত্ব বাড়িয়েছে।

এই অতিগুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক অবস্থানের কারণে বিভিন্ন আন্তর্জাতিক শক্তি বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত সিদ্ধান্তে প্রভাব বিস্তারে আগ্রহী হতে পারে।

এখানে ‘ডিপ স্টেট’ এবং ‘পাওয়ার ব্রোকার’ ধারণা দুটি বুঝতে হবে সতর্কতার সঙ্গে।

ডিপ স্টেট বলতে সাধারণত রাষ্ট্রের নির্বাচিত সরকারের বাইরে বা তার সমান্তরালে অবস্থানকারী স্থায়ী নিরাপত্তা, গোয়েন্দা, সামরিক কিংবা প্রশাসনিক ক্ষমতাকেন্দ্রের এমন প্রভাবকে বোঝানো হয়, যা নীতিনির্ধারণে অস্বচ্ছ ভূমিকা রাখতে পারে। তবে শব্দটি প্রায়ই রাজনৈতিক বিতর্কে অতিরঞ্জিত বা ষড়যন্ত্রতাত্ত্বিক অর্থেও ব্যবহৃত হয়। তাই কোনো নির্দিষ্ট ঘটনা বা প্রমাণ ছাড়া বাংলাদেশে কোনো ডিপ স্টেটের অস্তিত্ব বা নিয়ন্ত্রণের দাবি করা যুক্তিসংগত হবে না। আবার বিষয়টির অস্তিত্ব সম্পূর্ণ অস্বীকার করাও সুবিবেচনাপ্রসূত হবে না।

অন্যদিকে পাওয়ার ব্রোকার বলতে এমন ব্যক্তি, প্রতিষ্ঠান, ব্যবসায়ী গোষ্ঠী, রাজনৈতিক মধ্যস্থতাকারী কিংবা প্রভাবশালী নেটওয়ার্ককে বোঝায়, যারা আনুষ্ঠানিক ক্ষমতায় না থেকেও সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তার করতে পারে।

এই দুই ধরনের প্রভাবের সম্ভাবনা বাংলাদেশের মতো ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দেশে উপেক্ষা করা যায় না। তবে আমাদের মনে রাখতে হবে, আন্তর্জাতিক শক্তি সবসময় সরাসরি হস্তক্ষেপ করে না। কখনো অর্থনৈতিক নির্ভরতা, কখনো বাণিজ্যিক চুক্তি, কখনো নিরাপত্তা সহযোগিতা, কখনো রাজনৈতিক যোগাযোগ কিংবা তথ্যপ্রবাহের মাধ্যমে প্রভাব বিস্তারের চেষ্টা হতে পারে। এ কারণে বাংলাদেশের প্রয়োজন কৌশলগত স্বায়ত্তশাসন (Strategic Autonomy)।

পররাষ্ট্রনীতিতে ভারসাম্য: সব ডিম এক ঝুড়িতে নয়

বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হওয়া উচিত জাতীয় স্বার্থ। কোনো একটি বৃহৎ শক্তির ওপর অতিরিক্ত নির্ভরতা দেশের কৌশলগত স্বাধীনতা সীমিত করতে পারে।

চীনের সঙ্গে বাংলাদেশের অবকাঠামো, বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক রয়েছে। ভারতের সঙ্গে রয়েছে ভৌগোলিক, ঐতিহাসিক, নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য, উন্নয়ন, নিরাপত্তা এবং ইন্দো-প্যাসিফিক বিষয়ে সম্পর্ক গুরুত্বপূর্ণ। জাপান, ইউরোপীয় ইউনিয়ন, দক্ষিণ কোরিয়া, মধ্যপ্রাচ্য এবং আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গেও বাংলাদেশের সম্পর্ক সম্প্রসারণের সুযোগ রয়েছে।

এই বাস্তবতায় বাংলাদেশকে কোনো একক শক্তির বলয়ে নিজেকে সীমাবদ্ধ করা উচিত নয়।

‘সব ডিম এক ঝুড়িতে না রাখা’ কথাটি এখানে যথার্থ। তবে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি মানে সব পক্ষকে সমান গুরুত্ব দেওয়া নয়। বরং প্রতিটি সম্পর্ককে তার নিজস্ব কৌশলগত ও অর্থনৈতিক গুরুত্ব অনুযায়ী বিবেচনা করা।

বাংলাদেশকে এমন অবস্থান নিতে হবে, যেখানে চীনের সঙ্গে সম্পর্ক রাখলে ভারতের সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে না; যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা বাড়ালে চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক অপ্রয়োজনীয়ভাবে সংকুচিত হবে না। একইভাবে ভারতের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বজায় রেখেও বাংলাদেশের সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা অক্ষুণ্ন থাকবে। এটাই বাস্তববাদী পররাষ্ট্রনীতি।

রোহিঙ্গা সংকট: মানবিক দায়িত্ব থেকে কৌশলগত নিরাপত্তা

বাংলাদেশের জন্য রোহিঙ্গা সংকট এখন একটি দীর্ঘমেয়াদি রাষ্ট্রীয় চ্যালেঞ্জ।

২০১৭ সালের পর থেকে বিপুলসংখ্যক রোহিঙ্গা কক্সবাজারের শিবিরগুলোতে অবস্থান করছে। প্রত্যাবাসনের বিষয়ে আন্তর্জাতিক উদ্যোগ ও কূটনৈতিক আলোচনা চললেও বাস্তবে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরি হয়নি। এদিকে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করেছে। রাখাইন রাজ্যে সামরিক জান্তা ও আরাকান আর্মির সংঘাত, প্রশাসনিক নিয়ন্ত্রণের পরিবর্তন এবং সীমান্তবর্তী এলাকার অস্থিতিশীলতা প্রত্যাবাসনের পথ কঠিন করে তুলেছে।

এখানে একটি বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। রোহিঙ্গা সংকটকে কেবল মানবিক সহায়তা ও প্রত্যাবাসনের আলোচনায় সীমাবদ্ধ রাখলে চলবে না। এটি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ ভূরাজনীতির সঙ্গে সম্পর্কিত। রোহিঙ্গা জনগোষ্ঠীর জনসংখ্যা বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানের সীমাবদ্ধতা, অপরাধী চক্রের তৎপরতা এবং ক্যাম্পকেন্দ্রিক অনিশ্চয়তা দীর্ঘমেয়াদে নানা ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। এসব ঝুঁকিকে পুরো রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে এক করে দেখা যাবে না। অপরাধী নেটওয়ার্ক এবং বাস্তুচ্যুত সাধারণ মানুষের মধ্যে স্পষ্ট পার্থক্য রাখতে হবে।

বাংলাদেশের এখন প্রয়োজন একটি দীর্ঘমেয়াদি রোহিঙ্গা কৌশল।

এর মধ্যে থাকতে হবে:

১) মিয়ানমারের সংশ্লিষ্ট সব কার্যকর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের বাস্তবসম্মত কূটনৈতিক উদ্যোগ

২) চীন, ভারত, আসিয়ান, জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক অংশীদারের সমন্বিত সম্পৃক্ততা

৩) সীমান্ত নিরাপত্তা এবং ক্যাম্প ব্যবস্থাপনার উন্নয়ন

৪) রোহিঙ্গাদের শিক্ষা, দক্ষতা ও মানবিক সুরক্ষার ব্যবস্থা

৫) স্থানীয় জনগোষ্ঠীর অর্থনৈতিক ও পরিবেশগত ক্ষতি মোকাবিলায় বিশেষ কর্মসূচি

৬) দীর্ঘমেয়াদি প্রত্যাবাসন ব্যর্থ হলে বিকল্প পরিস্থিতির জন্য আগাম পরিকল্পনা

৭) প্রত্যাবাসনই বাংলাদেশের প্রধান লক্ষ্য থাকবে। কিন্তু প্রত্যাবাসন অনিশ্চিত বলে কোনো প্রস্তুতি না রাখা রাষ্ট্রীয় দূরদর্শিতার পরিচয় নয়।

১৯৭১ ও ২০২৪: গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের দুই ঐতিহাসিক অভিজ্ঞতা

বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্মাণে ১৯৭১ এবং ২০২৪ সালের অভিজ্ঞতার মধ্যে একটি ঐতিহাসিক সংযোগ রয়েছে।

১৯৭১ সালে স্বাধীনতার সংগ্রামের মূল আকাঙ্ক্ষা ছিল আত্মনিয়ন্ত্রণ, রাজনৈতিক অধিকার, সাম্য এবং মর্যাদা। ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও কর্তৃত্ববাদী শাসন, বৈষম্য, দমন-পীড়ন এবং রাজনৈতিক অধিকার সংকুচিত হওয়ার বিরুদ্ধে মানুষের প্রতিবাদ প্রকাশ পেয়েছে।

দুটি ঘটনা ঐতিহাসিকভাবে এক নয়। তাদের প্রেক্ষাপট, নেতৃত্ব, চরিত্র ও রাজনৈতিক বাস্তবতা আলাদা। কিন্তু উভয়ের মধ্যেই জনগণের রাজনৈতিক অধিকার ও মর্যাদার প্রশ্নটি গুরুত্বপূর্ণ।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের তাৎপর্য কেবল একটি সরকারের পতনে সীমাবদ্ধ থাকলে এর রাজনৈতিক আকাঙ্ক্ষা অপূর্ণ থেকে যাবে। গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রের দায়িত্ব হবে এমন একটি রাজনৈতিক ব্যবস্থা নির্মাণ করা, যেখানে ভবিষ্যতে কোনো সরকারই জনগণের অধিকার সংকুচিত করে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে না পারে।

এ জন্য প্রয়োজন অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার, রাজনৈতিক সহনশীলতা এবং কার্যকর জবাবদিহি। এখানে একটি সতর্কবার্তা রয়েছে। গণঅভ্যুত্থানের পর বিজয়ী পক্ষ যদি প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করার চেষ্টা করে, তাহলে পুরনো রাজনৈতিক সংস্কৃতিই নতুন রূপে ফিরে আসবে। ক্ষমতার চরিত্র পরিবর্তন না হলে ক্ষমতাসীন ব্যক্তির পরিবর্তন যথেষ্ট নয়।

রাষ্ট্র সংস্কার মানে ক্ষমতার সংস্কারও

বাংলাদেশের সামনে এখন দুটি পথ। একটি হলো, অতীতের মতো ক্ষমতার পালাবদল ঘটবে, নতুন নেতৃত্ব আসবে, নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হবে, কিন্তু রাষ্ট্র পরিচালনার পুরনো কাঠামো অক্ষত থাকবে। অন্যটি হলো, রাজনৈতিক প্রতিযোগিতার নিয়ম, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভূমিকা, প্রশাসনিক নিরপেক্ষতা এবং ক্ষমতার ভারসাম্য নতুনভাবে প্রতিষ্ঠিত হবে। প্রথম পথ সহজ, দ্বিতীয় পথ কঠিন। কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ দ্বিতীয় পথের ওপরই নির্ভর করছে।

আমাদের বুঝতে হবে, গণতন্ত্র কেবল নির্বাচন নয়; এটি একটি রাজনৈতিক সংস্কৃতি। সংবিধান কেবল আইনি দলিল নয়; এটি রাষ্ট্রীয় ক্ষমতার সীমা নির্ধারণের ব্যবস্থা। সরকার কেবল ক্ষমতা প্রয়োগের প্রতিষ্ঠান নয়; এটি জনগণের কাছে জবাবদিহির একটি কাঠামো। একইভাবে জাতীয় সার্বভৌমত্ব কেবল ভৌগোলিক সীমানা রক্ষার বিষয় নয়; এটি স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতাও।

বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে তাই তিনটি বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে হবে। প্রথমত, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ ব্যবস্থা প্রতিষ্ঠা। দ্বিতীয়ত, ব্যক্তি ও দলনির্ভর ক্ষমতার পরিবর্তে প্রতিষ্ঠাননির্ভর রাষ্ট্র পরিচালনা। তৃতীয়ত, আন্তর্জাতিক শক্তির প্রতিযোগিতার মধ্যে জাতীয় স্বার্থ ও কৌশলগত স্বাধীনতা রক্ষা।

ডিপ স্টেট কিংবা পাওয়ার ব্রোকারদের সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করাই যথেষ্ট নয়। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে এতটাই স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সক্ষম করতে হবে, যাতে কোনো অস্বচ্ছ ক্ষমতাকেন্দ্র জনগণের নির্বাচিত প্রতিনিধিত্ব ও রাষ্ট্রীয় স্বার্থকে পাশ কাটিয়ে সিদ্ধান্ত চাপিয়ে দিতে না পারে। শেষ পর্যন্ত বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশের জনগণ, তাদের রাজনৈতিক প্রতিষ্ঠান এবং নেতৃত্বের দায়িত্বশীলতা। কোনো বিদেশি শক্তি, অদৃশ্য ক্ষমতাকেন্দ্র কিংবা দেশীয় পাওয়ার ব্রোকারের হাতে রাষ্ট্রের ভবিষ্যৎ ছেড়ে দেওয়া যায় না। রাজনীতিকে সংঘাতের সংস্কৃতি থেকে সংলাপের সংস্কৃতিতে, ক্ষমতাকে ব্যক্তিকেন্দ্রিকতা থেকে প্রাতিষ্ঠানিক ভারসাম্যে এবং পররাষ্ট্রনীতিকে নির্ভরতামুখী অবস্থান থেকে কৌশলগত স্বায়ত্তশাসনে নিয়ে যাওয়াই হওয়া উচিত বাংলাদেশের নতুন রাজনৈতিক যাত্রার মূল লক্ষ্য এবং জাতীয় রাজনৈতিক ঐকমত্যের মূল ভিত্তি।

লেখক: অধ্যাপক ও চেয়ারম্যান, রাজনীতি বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং নির্বাহী পরিচালক, চট্টগ্রাম সেন্টার ফর রিজিওনাল স্টাডিজ বাংলাদেশ (সিসিআরএসবিডি)