Advertisement

ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে অভিশংসনের আবেদনে শতাধিক এমপির সই

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে অভিশংসনের আবেদনে শতাধিক এমপির সই
শিক্ষাগত যোগ্যতা নিয়ে ক্রমবর্ধমান রাজনৈতিক চাপের মুখে ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান রাকাবুমিং রাকা বিরুদ্ধে অভিশংসনের আবেদন। ছবি: সংগৃহীত

শিক্ষাগত যোগ্যতা নিয়ে চলমান রাজনৈতিক চাপের মুখে ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান রাকাবুমিং রাকার বিরুদ্ধে অভিশংসনের আবেদনে করেছেন সংসদের আইনপ্রণেতারা।

Advertisement

স্থানীয় সময় আজ বুধবার ইন্দোনেশিয়ার ১০০ জনের বেশি আইনপ্রণেতা অভিশংসন আবেদনে স্বাক্ষর করেন। এর ফলে দেশটির ভাইস প্রেসিডেন্টকে অভিশংসনের পথ খুলে গেছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

Advertisement

বিশ্লেষকদের ধারণা, এই পদক্ষেপের ফলে দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশটিতে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে।

গত মাসে দেশটির সাংবিধানিক আদালত ও সুপ্রিম কোর্টের পৃথক রায় নিয়ে সাবেক প্রেসিডেন্ট জোকো উইদোদোর ছেলে জিবরানকে নিয়ে সমালোচনা শুরু হয়। রায়ে বলা হয়, নির্বাচনে অংশ নেওয়ার শর্ত অনুযায়ী তার শিক্ষাগত যোগ্যতার নথিপত্র সঠিক ছিল না।

এই বিতর্কের মধ্যেই সাবেক প্রেসিডেন্ট উইদোদো, যিনি জোকোই নামেও পরিচিত, এবং বর্তমান প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর মধ্যে দূরত্ব আরও বেড়েছে। এতে জিবরানের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে।

গতকাল মঙ্গলবার প্রেসিডেন্ট প্রাবোওর সঙ্গে এক বৈঠকে পদত্যাগের ইচ্ছার কথা জানিয়েছেন জিবরান।

আবেদনে স্বাক্ষর করা আইনপ্রণেতাদের একজন মুহাম্মদ খোলিদ জানান, সংসদের বিভিন্ন দলের ১০০ জনের বেশি আইনপ্রণেতা অভিশংসন আবেদনে স্বাক্ষর করেছেন। আবেদনটিতে বলা হয়েছে, আদালতের রায়ের কারণে জিবরান আর ভাইস প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা পূরণ করছেন না। তাই তিনি এ পদে থাকার যোগ্য নন।

খোলিদ রয়টার্সকে জানিয়েছেন, আবেদনটি সংসদের স্পিকারের কাছে জমা দেওয়া হবে।

মঙ্গলবার রাতে ওয়েবসাইটে প্রকাশিত এক রায়ে সুপ্রিম কোর্ট বলেছে, জিবরানের শিক্ষাগত সমমানের সনদ প্রত্যাহার করতে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। আদালত এরই মধ্যে ওই সনদ বাতিল করেছে।

বিদেশে পড়াশোনা করা জিবরান ২০২৪ সালের নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত পূরণ করতে ওই সনদ ব্যবহার করেন। ওই নির্বাচনে প্রাবোওর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি জয়ী হন।

ইন্দোনেশিয়ার নির্বাচনী আইন অনুযায়ী, ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থীদের অবশ্যই উচ্চমাধ্যমিক বা সমমানের শিক্ষা সম্পন্ন করতে হয়।

আদালত বলেছে, “জিবরানের এমন কোনো বিদেশি ডিপ্লোমা বা সনদ থাকার প্রমাণ পাওয়া যায়নি, যার ভিত্তিতে তা উচ্চমাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতার স্বীকৃতি পেতে পারে।”

সুপ্রিম কোর্ট সাংবিধানিক আদালতের রায়ও বিবেচনায় নিয়েছে। ওই রায়ে বলা হয়েছিল, জিবরানের শিক্ষাগত যোগ্যতার নথিপত্র নির্বাচনে অংশ নেওয়ার শর্ত পূরণ করে না।