Advertisement

হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স

ইরান, ভেনেজুয়েলা ও ইয়েমেনে অনুমোদনহীন সামরিক অভিযানের অভিযোগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে কংগ্রেসে অভিশংসনের উদ্যোগ আটকে দিয়েছে প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যরা।

Advertisement

স্থানীয় সময় গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের রিপাবলিকান প্রতিনিধি টমাস ম্যাসির আনা প্রস্তাবটি ২১১-২০৪ ভোটে নাকচ হয়। খবর মার্কিন সংবাদমাধ্যম টাইম ম্যাগাজিনের।

Advertisement

এর ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত হেগসেথ আপাতত তাৎক্ষণিক রাজনৈতিক জবাবদিহি থেকে রেহাই পেলেন। তবে জানুয়ারিতে কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার পর ডেমোক্র্যাটদের সঙ্গে এ নিয়ে নতুন করে রাজনৈতিক সংঘাতের ক্ষেত্র তৈরি হলো।

ট্রাম্পের সঙ্গে বারবার মতবিরোধে জড়ানো ম্যাসি এর আগে গত ১৫ সেপ্টেম্বর হেগসেথের অভিশংসনের উদ্যোগ নিয়েছিলেন। প্রস্তাবটি নাকচ হওয়ায় আইনপ্রণেতারা তার বিরুদ্ধে আনা অভিশংসনের আটটি অভিযোগ বিবেচনার সুযোগ পাননি। এসব অভিযোগে হেগসেথের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘন, অনুমোদনহীন সামরিক অভিযান পরিচালনা এবং নিজের দপ্তরের ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছিল।

হেগসেথের জন্য এই ভোট সাময়িক স্বস্তি এনে দিয়েছে। ইরান যুদ্ধ পরিচালনায় ট্রাম্প প্রশাসনের ভূমিকা নিয়ে ক্রমবর্ধমান সমালোচনার মুখে রয়েছেন তিনি। একই সঙ্গে গত সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয়ের পরও কংগ্রেসে দলটির সদস্যদের ওপর ট্রাম্পের প্রভাব যে এখনো রয়েছে, তা এই ভোটে স্পষ্ট হয়েছে।

তবে এই ভোট হেগসেথের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক সংঘাত কেবল পিছিয়ে দিতে পারে। নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পাওয়া ডেমোক্র্যাটরা আগামী ৩ জানুয়ারি নতুন কংগ্রেসের অধিবেশন শুরু হলে অভিশংসনের উদ্যোগটি আবারও সামনে আনতে পারবেন। সে ক্ষেত্রে হেগসেথ হতে পারেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে অভিশংসিত তৃতীয় মন্ত্রিসভার সদস্য।

প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় অভিশংসনের প্রস্তাব পাস হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। সিনেটে অভিশংসনের পর দোষী সাব্যস্ত করতে দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন হলেও প্রতিনিধি পরিষদে অভিশংসনের জন্য সাধারণ সংখ্যাগরিষ্ঠতাই যথেষ্ট। ফলে ডেমোক্র্যাটদের পর্যাপ্তসংখ্যক সদস্য সমর্থন দিলে রিপাবলিকানদের সমর্থন ছাড়াই অভিযোগগুলো পাস করানো সম্ভব।