Advertisement

ব্রাজিল থেকে যুক্তরাষ্ট্র: কর্তৃত্ববাদকে কড়া জবাব, কিন্তু গণতন্ত্র কি ফিরেছে?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

ব্রাজিল থেকে যুক্তরাষ্ট্র: কর্তৃত্ববাদকে কড়া জবাব, কিন্তু গণতন্ত্র কি ফিরেছে?
প্রতীকী ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে গণতন্ত্রের সংকোচন, কর্তৃত্ববাদী শাসনের উত্থান এবং রাজনৈতিক প্রতিষ্ঠানের ওপর ক্ষমতাসীনদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রবণতা নিয়ে যখন উদ্বেগ বাড়ছে, তখন ব্রাজিল, সার্বিয়া, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নির্বাচনের ফলাফল নতুন করে আশার সঞ্চার করেছে। এই চার দেশের নির্বাচনে ভিন্ন ভিন্ন রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা থাকলেও একটি বিষয় স্পষ্ট হয়েছে- কর্তৃত্ববাদী প্রবণতার বিরুদ্ধে সাধারণ মানুষের সংগঠিত প্রতিরোধ এখনো কার্যকর হতে পারে। বিশেষ করে তৃণমূলের রাজনৈতিক সক্রিয়তা, তরুণদের অংশগ্রহণ এবং ভোটারদের সম্মিলিত অবস্থান গণতান্ত্রিক ব্যবস্থাকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Advertisement

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের সাংবাদিক জুলিয়ান বোরগার গত রোববার এক বিশ্লেষণে এই চারটি নির্বাচনের ফলাফলকে বিশ্বজুড়ে কর্তৃত্ববাদী রাজনীতির বিরুদ্ধে গণতান্ত্রিক প্রতিরোধের গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেছেন। তার বিশ্লেষণে দেখা যায়, এসব নির্বাচনের তাৎপর্য কেবল ক্ষমতার পালাবদলের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নাগরিক অধিকারের ওপর কর্তৃত্ববাদী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রচেষ্টার বিরুদ্ধে জনগণের অবস্থানও এতে প্রতিফলিত হয়েছে।

Advertisement

ব্রাজিলের নির্বাচন এই পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। প্রথম দফার নির্বাচনে পিছিয়ে থাকার পর দ্বিতীয় দফায় লুলা দা সিলভা প্রায় ৫২ শতাংশ ভোট পেয়ে ফ্লাভিও বলসোনারোকে পরাজিত করেন। এর মধ্য দিয়ে তিনি চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, যা ব্রাজিলে নজিরবিহীন। তবে এই বিজয়কে কেবল লুলার ব্যক্তিগত জনপ্রিয়তার ফল হিসেবে দেখছেন না ব্রাজিলের রাজনৈতিক বিশ্লেষকরা।

রাজনৈতিক বিজ্ঞানী মিগেল লাগোর মতে, দ্বিতীয় দফার নির্বাচন ছিল মূলত উগ্র ডানপন্থার বিরুদ্ধে ব্রাজিলের সমাজের সম্মিলিত অবস্থান। সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার এবং তৃণমূল পর্যায়ের সংগঠিত প্রচারে ভোটারদের অংশগ্রহণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এই নির্বাচনের রাজনৈতিক গুরুত্ব আরও গভীর। ফ্লাভিও বলসোনারো বিজয়ী হলে তার বাবা সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে কারাগার থেকে মুক্ত করার উদ্যোগ নিতেন বলে ঘোষণা দিয়েছিলেন। জাইর বলসোনারো ক্ষমতায় থাকার ধারাবাহিকতা বজায় রাখতে অভ্যুত্থানের চেষ্টা করে ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন। তার পরিবারের রাজনৈতিক প্রত্যাবর্তন বিচার বিভাগ ও সংবাদমাধ্যমের ওপর আরও চাপ সৃষ্টি করতে পারত। ফলে ব্রাজিলের নির্বাচনে লুলার বিজয় দেশটির গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর জন্য তাৎক্ষণিক স্বস্তি তৈরি করেছে। তবে কংগ্রেসে বিরোধীদের শক্ত অবস্থান এবং পরাজিত শিবিরের প্রতি অনুগত গভর্নরদের কারণে লুলার সামনে রাজনৈতিক চ্যালেঞ্জ থেকেই যাচ্ছে।

সার্বিয়ার নির্বাচন দেখিয়েছে, দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধেও নাগরিক আন্দোলন নির্বাচনী শক্তিতে রূপ নিতে পারে। দুই বছর ধরে শিক্ষার্থীদের নেতৃত্বে চলা আন্দোলন প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচের ১৪ বছরের শাসনের বিরুদ্ধে জনমত সংগঠিত করেছে। নির্বাচনে অধ্যাপক, কৃষক ও রাজনীতির বাইরের বিভিন্ন পেশার মানুষকে নিয়ে গঠিত স্টুডেন্ট লিস্ট ২৫০ আসনের সংসদে ১৪০টি আসন পেয়েছে। ক্ষমতাসীন সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টি পেয়েছে ১০৩টি আসন।

বেলগ্রেড বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিজ্ঞানের অধ্যাপক স্লোবোদান মার্কোভিচের মতে, শিক্ষার্থীদের আন্দোলন একটি ‘স্নোবল ইফেক্ট’ তৈরি করেছিল। তারা ঘরে ঘরে গিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ করেছেন এবং পরিবর্তন সম্ভব- এই বিশ্বাস তৈরি করেছেন। এর ফলে আগে যারা ভোট দিতে আগ্রহী ছিলেন না, তারাও নির্বাচনে অংশ নিয়েছেন। এই ফলাফল শুধু সার্বিয়ার রাজনীতিতে নয়, বলকান অঞ্চলের অন্যান্য দেশেও প্রভাব ফেলতে পারে। দীর্ঘদিনের আন্দোলন যে শেষ পর্যন্ত রাষ্ট্রক্ষমতার কাঠামো পরিবর্তনের সুযোগ তৈরি করতে পারে, সার্বিয়ার ঘটনা তার একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত।

ইসরায়েলের নির্বাচন অবশ্য গণতান্ত্রিক অগ্রগতির পাশাপাশি তার সীমাবদ্ধতাও সামনে এনেছে। ১২০ আসনের নেসেটে বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোটের আসনসংখ্যা ৬৮ থেকে কমে ৫৩-তে নেমে এসেছে। অন্যদিকে প্রধান বিরোধী দলগুলো (ইহুদি) পেয়েছে ৪৮টি আসন। সবচেয়ে বড় অগ্রগতি হয়েছে আরব ইসরায়েলি দলগুলোর। জয়েন্ট লিস্ট জোট ১১টি এবং রা’আম পার্টি আটটি আসন পেয়েছে। এর ফলে ইসরায়েলের সংসদে ফিলিস্তিনি বংশোদ্ভূত নাগরিকদের প্রতিনিধিত্ব প্রায় দ্বিগুন হয়েছে।

নেতানিয়াহুর বিরুদ্ধে জনমতের এই পরিবর্তনের পেছনে বিচার বিভাগ ও সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ এবং রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থাগুলোকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কিন্তু নির্বাচনে বিরোধীপক্ষের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও আরব দলগুলোর সঙ্গে সরকার গঠনে ইহুদি বিরোধী দলগুলোর অনীহা গণতান্ত্রিক রাজনীতির একটি বড় দুর্বলতা প্রকাশ করেছে।

রাজনৈতিক বিশ্লেষক ডালিয়া শেইন্ডলিনের বক্তব্য অনুযায়ী, ইসরায়েলের গণতন্ত্র নিয়ে ইহুদি বিরোধীদের উদ্বেগ থাকলেও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘনের বিষয়টি তাদের গণতন্ত্রের সংজ্ঞায় যথাযথভাবে প্রতিফলিত হয় না। অর্থাৎ, ইসরায়েলের অভ্যন্তরীণ গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবি এবং ফিলিস্তিনিদের ওপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বাস্তবতার মধ্যে একটি মৌলিক বৈপরীত্য রয়েছে।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন এই চারটি নির্বাচনের মধ্যে আন্তর্জাতিক রাজনীতির দিক থেকে সবচেয়ে তাৎপর্যপূর্ণ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি ভোটারদের অসন্তোষের প্রতিফলন ঘটেছে ডেমোক্র্যাটদের বড় বিজয়ে। দলটি প্রতিনিধি পরিষদ ও সিনেট- উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এমনকি দীর্ঘদিন ধরে রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকা কয়েকটি অঙ্গরাজ্যেও ডেমোক্র্যাটরা জয় পেয়েছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং অর্থনৈতিক চাপ ছিল ভোটারদের সিদ্ধান্তের প্রধান নিয়ামক। ট্রাম্প যে এসব অর্থনৈতিক সমস্যাকে গুরুত্ব দিতে চাননি, তারও রাজনৈতিক মূল্য তাকে দিতে হয়েছে।

তবে এই বিজয়কে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র পুনরুদ্ধারের নিশ্চয়তা হিসেবে দেখার সুযোগ নেই। ডেমোক্র্যাটদের দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা থাকলেও প্রেসিডেন্টের ভেটো বাতিল করার মতো দুই-তৃতীয়াংশ আসন কিংবা সিনেটে ফিলিবাস্টার ঠেকানোর জন্য প্রয়োজনীয় ৬০টি ভোট তাদের নেই। তারা ট্রাম্প প্রশাসনের আইন ও নীতির বিরুদ্ধে বাধা সৃষ্টি করতে পারবে, তদন্ত করতে পারবে এবং প্রশাসনের কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনার চেষ্টা করতে পারবে। কিন্তু গত দুই বছরে প্রশাসনিক প্রতিষ্ঠানগুলোতে যে রাজনৈতিক প্রভাব বিস্তার করা হয়েছে, তা দূর করা সহজ হবে না।

লেখক ও গণতন্ত্রবিষয়ক বিশ্লেষক স্টিভেন হিলের মতে, নির্বাহী আদেশ, আদালতের নির্দেশ অমান্য, বিচার বিভাগের বিরুদ্ধে পদক্ষেপ, একতরফা শুল্কনীতি এবং ইরানের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধের মতো কর্মকাণ্ডের মাধ্যমে ট্রাম্প নিজেকে প্রায় নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করেছেন।

এই চারটি নির্বাচনের সম্মিলিত তাৎপর্য হলো, কর্তৃত্ববাদী রাজনীতির উত্থান কোনো অপরিবর্তনীয় প্রক্রিয়া নয়। নাগরিকদের সংগঠিত প্রতিরোধ, তরুণদের নেতৃত্ব, ভোটারদের সক্রিয় অংশগ্রহণ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান রক্ষার রাজনৈতিক অঙ্গীকার ক্ষমতাসীনদের ক্ষমতার সীমা নির্ধারণ করতে পারে।

একই সঙ্গে নির্বাচনে কর্তৃত্ববাদী শক্তির পরাজয় মানেই গণতন্ত্রের পূর্ণ পুনরুদ্ধার নয়। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রভাবমুক্ত করা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা এবং সংখ্যালঘুদের অধিকার রক্ষা করা দীর্ঘমেয়াদি রাজনৈতিক সংগ্রামের বিষয়।

বিশেষ করে যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটদের বিজয় আন্তর্জাতিক রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। ট্রাম্প প্রশাসনের কর্তৃত্ববাদী রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং বিশ্বের বিভিন্ন দেশে একই ধরনের শাসনব্যবস্থার প্রতি সমর্থন দুর্বল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ভর করবে নির্বাচনী বিজয়কে কতটা কার্যকর প্রাতিষ্ঠানিক সংস্কারে রূপ দেওয়া যায় তার ওপর।

বোরগারের বিশ্লেষণের মূল বার্তাই হলো, কর্তৃত্ববাদ যত শক্তিশালীই হোক, গণতন্ত্রের পক্ষে জনগণের সম্মিলিত অবস্থান এখনো পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার। নির্বাচন সেই পরিবর্তনের সূচনা করতে পারে, কিন্তু গণতন্ত্রকে টিকিয়ে রাখতে প্রয়োজন অব্যাহত নাগরিক সক্রিয়তা ও প্রাতিষ্ঠানিক সংস্কার।