Advertisement

যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানির প্রস্তাব অনুমোদন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানির প্রস্তাব অনুমোদন
ছবি: ইউএনবি

যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি)। খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সরকার-টু-সরকার (জিটুজি) ব্যবস্থায় যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির অনুমোদন দিয়েছে কমিটি। এ পরিমাণের সঙ্গে ১০ শতাংশ কম-বেশি হওয়ার সুযোগ রাখা হয়েছে।

Advertisement

এ ছাড়া, বৈঠকে ২০২৭ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ের জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ডিজেল, উচ্চ সালফারযুক্ত ফার্নেস অয়েল ও অকটেন আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের আজ বৃহস্পতিবারের এক সংবাদ বিজ্ঞপ্তির বরাতে বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

গতকাল বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) বৈঠকে এই প্রস্তাব অনুমোদন করা হয়।

Advertisement

গম আমদানির অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ইউএস হুইট অ্যাসোসিয়েটসের (ইউএসডব্লিউ) অনুমোদিত প্রতিষ্ঠান অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেড প্রতি মেট্রিক টন ৩৪৭ দশমিক ৭৫ আমেরিকান ডলার দরে এই গম সরবরাহ করবে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯০৮ কোটি ৮০ লাখ টাকা।

২০২৭ সালের প্রথম ছয় মাসে দেশের জ্বালানির চাহিদা পূরণে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জ্বালানি তেল আমদানির চারটি প্রস্তাব জমা দেওয়া হয়েছিল। চারটি প্রস্তাবই অনুমোদিত হয়েছে।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, সিঙ্গাপুরভিত্তিক ট্রাফিগুরা পিটিই লিমিটেডের কাছ থেকে দুটি পৃথক প্যাকেজে ডিজেল কেনা হবে। এ জন্য ব্যয় ধরা হয়েছে যথাক্রমে ৯৬০ কোটি ৪০ লাখ ৯০ হাজার টাকা এবং ১ হাজার ৪৪৪ কোটি ৯৭ লাখ ১০ হাজার টাকা।

এ ছাড়া, একই প্রতিষ্ঠানের কাছ থেকে ১৮০ সিএসটি উচ্চ সালফারযুক্ত ফার্নেস অয়েল আমদানির অনুমোদন দিয়েছে কমিটি। এতে ব্যয় হবে ৩ হাজার ৪৯৩ কোটি ৬১ লাখ ৪০ হাজার টাকা।

অন্যদিকে, সিঙ্গাপুরভিত্তিক ওনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেডের কাছ থেকে ৯৫ রন আনলেডেড পেট্রল বা অকটেন আমদানি করা হবে। এ জন্য ব্যয় ধরা হয়েছে ২ হাজার ১১১ কোটি ১৪ লাখ ২০ হাজার টাকা।