পায়রা ও রামপাল বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার জন্য ট্যারিফ কাঠামো ও লেভেলাইজড ট্যারিফ অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি)। পায়রা ও রামপাল—দুই বিদ্যুৎকেন্দ্রই ১ হাজার ৩২০ মেগাওয়াট সক্ষমতার।
অর্থ মন্ত্রণালয়ের আজ বৃহস্পতিবারের এক সংবাদ বিজ্ঞপ্তির বরাতে বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
গতকাল বুধবার বাংলাদেশ সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেডের (বিসিপিসিএল) নির্মিত ১ হাজার ৩২০ মেগাওয়াট সক্ষমতার পায়রা আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার রেফারেন্স লেভেলাইজড ট্যারিফ নির্ধারণ করা হয়েছে প্রতি কিলোওয়াট ঘণ্টায় ৭ দশমিক ৯৮৫৮ আমেরিকান সেন্ট, যা বাংলাদেশি মুদ্রায় ৬ টাকা ৭৮ পয়সার সমান।
এই ট্যারিফের মধ্যে প্রতি কিলোওয়াট ঘণ্টায় ক্যাপাসিটি চার্জ ৩ দশমিক ১০৭৮ আমেরিকান সেন্ট এবং জ্বালানি ব্যয় ৪ দশমিক ৮৭৮০ আমেরিকান সেন্ট।
বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেডের (বিআইএফপিসিএল) বাস্তবায়িত ১ হাজার ৩২০ মেগাওয়াট সক্ষমতার মৈত্রী সুপার থার্মাল বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার জন্য বিদ্যুৎ ক্রয় চুক্তির (পিপিএ) আওতায় ট্যারিফ কাঠামো ও লেভেলাইজড ট্যারিফও অনুমোদন করেছে কমিটি।
প্রাথমিক পরিচালন তারিখ (আইওডি) থেকে বাণিজ্যিক পরিচালন তারিখ (সিওডি) পর্যন্ত সময়ের জন্য লেভেলাইজড ট্যারিফ নির্ধারণ করা হয়েছে প্রতি কিলোওয়াট ঘণ্টায় ৮ দশমিক ২৮২৮ আমেরিকান সেন্ট, যা বাংলাদেশি মুদ্রায় ৯ টাকা ১১১১ পয়সার সমান।
সিওডির পরবর্তী সময়ের জন্য এই ট্যারিফ হবে প্রতি কিলোওয়াট ঘণ্টায় ৮ দশমিক ১৬৪৮ আমেরিকান সেন্ট বা ৮ টাকা ৯৮১৩ পয়সা।
এ ছাড়া চট্টগ্রাম স্যুয়ারেজ ব্যবস্থা প্রকল্পের (প্রথম পর্যায়, প্রথম সংশোধিত) আওতায় প্রকৌশল পরামর্শক সেবার জন্য ২১ কোটি ৭২ লাখ টাকার ভেরিয়েশন প্রস্তাবও অনুমোদন করেছে কমিটি। স্থানীয় সরকার বিভাগ এ প্রস্তাব জমা দেয়।
মূল চুক্তির মূল্য ছিল ৮২ কোটি ৮ লাখ টাকা। এর মধ্যে বৈদেশিক মুদ্রায় ও স্থানীয় মুদ্রায় পরিশোধযোগ্য অর্থের পাশাপাশি ভ্যাট ও আয়কর অন্তর্ভুক্ত রয়েছে।
প্রস্তাবিত ২১ কোটি ৭২ লাখ টাকার ভেরিয়েশন অনুমোদনের ফলে সংশোধিত চুক্তিমূল্য দাঁড়াবে ১০৩ কোটি ৮১ লাখ টাকা।
মালয়েশিয়ার ইরিনকো এসডিএন. বিএইচডি এবং বাংলাদেশের বিইটিএস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেড, ডেভকনসালট্যান্টস লিমিটেড ও ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিংয়ের (আইডব্লিউএম) সমন্বয়ে গঠিত যৌথ উদ্যোগকে পরামর্শক সেবার চুক্তিটি দেওয়া হয়েছে।