
ক্যাওস থিওরি: নামে বিশৃঙ্খলা, এর মধ্যেই লুকিয়ে শৃঙ্খলার বিজ্ঞান
কল্পনা করুন, সালটা ১৯০৫। সুইজারল্যান্ডের বার্ন শহরের একটি টাওয়ারের ঘড়ি সেদিন মাত্র দুই মিনিট দেরিতে চলছিল। ঘড়ির সেই সামান্য বিলম্বের কারণে কাছাকাছি থাকা এক যুবকের ঘুম ভাঙতে দেরি হয়।
চরচা ডেস্ক

বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি তৈরি পোশাকশিল্প এখন এক জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে শ্রমিক অসন্তোষ ও উৎপাদন ব্যাহত হওয়ার ঝুঁকি, অন্যদিকে শ্রমিকদের নতুন মজুরি কাঠামো কার্যকর করার চাপ। এর সঙ্গে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের হুমকি। ফলে দেশের সবচেয়ে বড় রপ্তানি আয়ের খাতটি একই সঙ্গে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপের মুখে পড়েছে।
এই সংকটকে শুধু শ্রমিকদের বেতন বৃদ্ধি কিংবা যুক্তরাষ্ট্রের বাণিজ্যনীতির সমস্যা হিসেবে দেখলে ভুল হবে। এর সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের উৎপাদন সক্ষমতা, শ্রম অধিকার, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা, রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক কূটনীতির প্রশ্ন। সবচেয়ে বড় উদ্বেগ হলো, এই চাপগুলোর সম্মিলিত প্রভাব পড়তে পারে রপ্তানি আয়, কর্মসংস্থান ও দেশের সামগ্রিক অর্থনীতির ওপর।
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব এই সংকটকে আরও জটিল করেছে। দ্য ডেইলি স্টারের বৃহস্পতিবারের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) বাংলাদেশের পণ্য আমদানিতে সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত নতুন শুল্ক আরোপের প্রস্তাব করেছে। এর যুক্তি, বাংলাদেশ বিশেষ করে পোশাকশিল্পে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা গড়ে তুলে যুক্তরাষ্ট্রের উৎপাদক ও রপ্তানিকারকদের জন্য প্রতিযোগিতার অসম পরিবেশ তৈরি করছে। প্রস্তাবটি কার্যকর হলে জুলাইয়ে আরোপিত ১০ শতাংশ শুল্কের জায়গায় নতুন হার কার্যকর হবে। অর্থাৎ দুটি শুল্ক সরাসরি যোগ হবে না। তবে প্রচলিত ১৫.৬২ শতাংশ গড় সর্বাধিক সুবিধাপ্রাপ্ত দেশের শুল্ক বহাল থাকবে। ফলে বাংলাদেশের পণ্যের ওপর মোট শুল্কের বোঝা বর্তমান ২৫.৬২ শতাংশ থেকে বেড়ে ৩৩.৬২ শতাংশ হতে পারে। প্রস্তাবটি এখনো চূড়ান্ত নয়। ২৫ জানুয়ারির শুনানি শেষ হওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত আসার কথা।
এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ শুধু শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নয়। এর পেছনে রয়েছে ট্রাম্প প্রশাসনের শিল্পনীতি ও বাণিজ্যিক স্বার্থ। ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেনটেটিভ বা ইউএসটিআর বুধবার ২৫ নভেম্বর বাংলাদেশসহ ১৪টি দেশ ও জোটের বিরুদ্ধে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা বা ‘স্ট্রাকচারাল এক্সেস ক্যাপাসিটি’ তৈরির অভিযোগ এনেছে। বাংলাদেশের ক্ষেত্রে তারা শিল্প সম্প্রসারণ পরিকল্পনা, উৎপাদন ও রপ্তানিতে প্রণোদনা, শ্রমিকদের অপর্যাপ্ত সুরক্ষা ও আর্থিক নীতির সমালোচনা করেছে। বিশেষ করে তৈরি পোশাকশিল্পকে যুক্তরাষ্ট্রের উৎপাদকদের জন্য প্রতিযোগিতার বাধা হিসেবে চিহ্নিত করেছে। ইউএসটিআর বলছে, এসব নীতির কারণে যুক্তরাষ্ট্রের উৎপাদন, রপ্তানি, কর্মসংস্থান ও বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে এটি যুক্তরাষ্ট্রের নিজস্ব তদন্ত ও মূল্যায়ন। বাংলাদেশের শিল্পনীতির বিরুদ্ধে আনা এসব অভিযোগের যথার্থতা নিয়ে বিতর্কের অবকাশ রয়েছে।
এখানে ট্রাম্প প্রশাসনের কৌশলগত স্বার্থও বিবেচনায় নেওয়া প্রয়োজন। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে নিজস্ব উৎপাদন ও কর্মসংস্থান বাড়ানোর কথা বলছে। চীনসহ এশিয়ার উৎপাদনকেন্দ্রগুলোর ওপর নির্ভরতা কমানোও তাদের লক্ষ্য। বাংলাদেশের মতো স্বল্প ব্যয়ের উৎপাদনকেন্দ্রকে শুল্কের চাপের মধ্যে রেখে ওয়াশিংটন একদিকে নিজস্ব শিল্পের সুরক্ষা দিতে চায়, অন্যদিকে বাণিজ্য আলোচনায় দর-কষাকষির ক্ষমতা বাড়াতে চায়। ফলে বাংলাদেশের ওপর শুল্কের চাপকে বিচ্ছিন্ন কোনো ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই।
অন্যদিকে বাংলাদেশের পোশাকশিল্পের দুর্বলতাও উপেক্ষা করা যাবে না। যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় একক জাতীয় বাজার। ডেইলি স্টারের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে প্রায় ৮ দশমিক ৪ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে। এর মধ্যে পোশাকের পরিমাণ ছিল ৭ দশমিক ৩৪ বিলিয়ন ডলার। অর্থাৎ এই বাজারে সামান্য পরিবর্তনও বাংলাদেশের রপ্তানি আয়ে বড় প্রভাব ফেলতে পারে।
এমনিতেই আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি চাপে রয়েছে। দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস গত ৬ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল (ওটেক্সা)-এর তথ্য উদ্ধৃত করে জানিয়েছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৩ শতাংশ কমেছে। রপ্তানি আয় ৬ দশমিক ৪১ বিলিয়ন ডলার থেকে নেমে ৬ দশমিক ১৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে ভিয়েতনাম ও কম্বোডিয়ার মতো প্রতিযোগী দেশগুলো তুলনামূলক ভালো করেছে।
অর্থাৎ নতুন শুল্ক কার্যকর হওয়ার আগেই বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান দুর্বল হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। নতুন শুল্কের কারণে যুক্তরাষ্ট্রের আমদানিকারকদের ব্যয় বাড়লে তারা সরবরাহকারীদের কাছ থেকে দাম কমানোর দাবি করতে পারেন। আবার ভোক্তাদের কাছে পণ্যের দাম বাড়লে চাহিদাও কমতে পারে। এর ফলে বাংলাদেশের কারখানাগুলোকে একই সঙ্গে কম দাম, বেশি উৎপাদন ব্যয় ও মুনাফা কমে যাওয়ার চাপ সামলাতে হবে।
এই পরিস্থিতিতে শ্রমিক অসন্তোষ আরেকটি বড় উদ্বেগের কারণ। তৈরি পোশাকশিল্পে প্রায় ৪০ লাখ শ্রমিক কাজ করেন। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে এই শিল্প থেকে। ফলে শ্রমিক অসন্তোষের প্রভাব শুধু কারখানার উৎপাদনে সীমাবদ্ধ থাকে না। এর সঙ্গে জড়িয়ে যায় দেশের বৈদেশিক মুদ্রা আয়, কর্মসংস্থান ও সামাজিক স্থিতিশীলতা। রয়টার্সের গত ১ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের কারণে পাঁচ শতাধিক কারখানা বন্ধ হয়ে গিয়েছিল। শ্রমিকদের দাবি ছিল মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা। তাদের যুক্তি, খাদ্য, বাসস্থান, পরিবহন ও চিকিৎসার ব্যয় বেড়ে যাওয়ায় বর্তমান মজুরিতে জীবনযাপন কঠিন হয়ে পড়েছে।
সরকার শেষ পর্যন্ত নতুন মজুরি কাঠামো নির্ধারণের জন্য মজুরি বোর্ড গঠন করে। গত ২৫ নভেম্বর রয়টার্স জানায়, নতুন সিদ্ধান্তে পোশাকশ্রমিকদের প্রবেশ পর্যায়ের ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা করা হয়েছে। বৃদ্ধির হার ৩৬ শতাংশ। কিন্তু শ্রমিকদের সর্বশেষ দাবি ছিল ১৮ হাজার টাকা। প্রাথমিকভাবে তারা ৩০ হাজার টাকা চাইলেও আলোচনায় সেই দাবি কমিয়ে এনেছিলেন। মালিকপক্ষের প্রস্তাব ছিল ১৫ হাজার ৭০০ টাকা। ছয় সদস্যের মজুরি বোর্ডের সিদ্ধান্তে দুই সদস্য ১৮ হাজার টাকার পক্ষে মত দিয়েছিলেন। ফলে নতুন মজুরি ঘোষণা হলেও শ্রমিকদের অসন্তোষ পুরোপুরি দূর হয়েছে, এমন নিশ্চয়তা নেই। রয়টার্সের ভাষ্য অনুযায়ী, ১৯৮৬ সালের পর এটিই ছিল সবচেয়ে কম শতাংশের মজুরি বৃদ্ধির ঘটনা।

এখানে মালিক ও শ্রমিকের স্বার্থের মধ্যে মৌলিক দ্বন্দ্ব রয়েছে। শ্রমিকেরা চান জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মজুরি ও কর্মক্ষেত্রে নিরাপত্তা। অন্যদিকে মালিকেরা আন্তর্জাতিক ক্রেতাদের কাছ থেকে কম দাম পাওয়ার অভিযোগ করেন। তাদের বক্তব্য, উৎপাদন ব্যয় বাড়লেও ক্রেতারা সেই অনুপাতে পোশাকের দাম বাড়াচ্ছেন না। বিদ্যুৎ, গ্যাস, পরিবহন, কাঁচামাল ও ঋণের ব্যয়ও তাদের ওপর চাপ সৃষ্টি করছে। কিন্তু এই যুক্তি দিয়ে শ্রমিকদের ন্যায্য মজুরির দাবি উপেক্ষা করা যায় না। একইভাবে উৎপাদন ব্যয়ের বাস্তবতা বিবেচনা না করে মজুরি কাঠামো নির্ধারণ করলেও শিল্পের ওপর চাপ বাড়বে।
এই সংকটের আরেকটি দিক আন্তর্জাতিক ক্রেতাদের ভূমিকা। পশ্চিমা ব্র্যান্ডগুলো কম দামে পোশাক কিনতে চায়। আবার শ্রম অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও পরিবেশগত মান নিশ্চিত করার শর্তও আরোপ করে। ফলে উৎপাদনকারী দেশ হিসেবে বাংলাদেশকে একদিকে কম দামে পণ্য সরবরাহ করতে হচ্ছে, অন্যদিকে মান ও শ্রম অধিকার উন্নয়নে বিনিয়োগ করতে হচ্ছে। এই ব্যবস্থায় ক্রেতাদের দায়িত্বও গুরুত্বপূর্ণ। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার ব্যয় শুধু বাংলাদেশের কারখানা মালিকদের ওপর চাপিয়ে দিলে দীর্ঘমেয়াদে টেকসই সরবরাহব্যবস্থা তৈরি হবে না।
নতুন মজুরি কাঠামো নিয়ে শ্রমিকদের প্রত্যাশা ও বাস্তবতার ব্যবধান তুলে ধরেছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন চরচাকে বলেন, “শ্রমিক সংগঠনগুলো সরকারের কাছে ন্যূনতম মজুরি ২৬০ ডলার বা প্রায় ৩২ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছিল। কিন্তু সরকার তা করেনি। নতুন নির্ধারিত বেতনেও শ্রমিকদের খরচ মেটানো সম্ভব হবে না। এতে কষ্ট হয়তো কিছুটা কমবে, কিন্তু শ্রমিকদের কষ্ট থেকেই যাবে।”
অর্থাৎ মজুরি বৃদ্ধির পরিমাণ শুধু আগের বেতনের সঙ্গে তুলনা করলেই শ্রমিকদের প্রকৃত আর্থিক অবস্থার পরিবর্তন বোঝা যায় না। কারণ প্রতিটি মজুরি ঘোষণার মধ্যবর্তী সময়ে মূল্যস্ফীতি, বাড়িভাড়া ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। ফলে কাগজে-কলমে বেতন বাড়লেও সেই অর্থ দিয়ে শ্রমিকেরা আগের তুলনায় কতটা বেশি পণ্য ও সেবা কিনতে পারছেন, সেটিও গুরুত্বপূর্ণ।
তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক পরিচালক এবং বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রতিষ্ঠাতা ও সিইও মহিউদ্দিন রুবেল মনে করেন, “শুধু বিভিন্ন দেশের শ্রমিকদের মজুরি তুলনা করে বাংলাদেশের অবস্থান মূল্যায়ন করা ঠিক হবে না।”
মহিউদ্দিন রুবেল চরচাকে বলেন, “বাংলাদেশের পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি প্রতিযোগী দেশগুলোর তুলনায় কম, বিষয়টিকে আমি সেভাবে দেখি না। শ্রমিকদের মজুরি তুলনার ক্ষেত্রে উৎপাদনশীলতা ও কাজের দক্ষতাও বিবেচনায় নেওয়া জরুরি।”
রয়টার্সের ২৫ নভেম্বরের প্রতিবেদনে আরও বলা হয়েছে, শ্রমিক অসন্তোষের সময় ক্রেতারা প্রায় ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার অন্য দেশে সরিয়ে নিয়েছেন বলে বিজিএমইএর একটি জরিপে উঠে এসেছে। এটি বাংলাদেশের জন্য সতর্কবার্তা। একবার কোনো ক্রেতা বিকল্প সরবরাহকারী খুঁজে পেলে তাকে ফিরিয়ে আনা সহজ নয়। বিশেষ করে ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলো যখন একই বাজারে প্রতিযোগিতা করছে, তখন উৎপাদন ব্যাহত হওয়ার প্রতিটি ঘটনা বাংলাদেশের অবস্থান দুর্বল করতে পারে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রেও নতুন বাস্তবতা তৈরি হয়েছে। ২০২৬ সালের ৯ ফেব্রুয়ারি দুই দেশ পারস্পরিক বাণিজ্য চুক্তির কাঠামো ঘোষণা করে। এতে বাংলাদেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ১৯ শতাংশে নামানোর কথা বলা হয়েছিল। পাশাপাশি যুক্তরাষ্ট্রের তুলা ও কৃত্রিম তন্তু ব্যবহারের সঙ্গে সম্পর্কিত নির্দিষ্ট পরিমাণ বাংলাদেশি পোশাক শূন্য পাল্টা শুল্কে প্রবেশের সুযোগ দেওয়ার প্রস্তাব ছিল। বিনিময়ে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিল্প ও কৃষিপণ্যের বাজারে অগ্রাধিকার দিতে এবং শ্রম অধিকার সুরক্ষায় আইন সংস্কার করতে সম্মত হতে হয়।
নতুন ১৮ শতাংশ পর্যন্ত শুল্ক প্রস্তাব সেই সমঝোতার ওপরও প্রশ্ন তৈরি করছে। তবে ইউএসটিআর জানিয়েছে, প্রস্তাব নির্ধারণের ক্ষেত্রে বিদ্যমান শুল্ক, চলমান আলোচনা এবং দুই দেশের বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের দেওয়া প্রতিশ্রুতি বিবেচনায় নেওয়া হয়েছে। অর্থাৎ চুক্তি থাকলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের অনিশ্চয়তা কাটেনি। বাংলাদেশের জন্য এখন গুরুত্বপূর্ণ হলো, আলোচনার মাধ্যমে প্রস্তাবিত শুল্কের প্রভাব কমানো এবং চুক্তিতে পাওয়া সুবিধাগুলো নিশ্চিত করা।
এই পরিস্থিতিতে বাংলাদেশের করণীয় কী? প্রথমত, শ্রমিকদের মজুরি ও অধিকারকে উৎপাদন ব্যয়ের বোঝা হিসেবে না দেখে শিল্পের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার শর্ত হিসেবে বিবেচনা করতে হবে। দ্বিতীয়ত, শ্রম আইন বাস্তবায়ন, ট্রেড ইউনিয়নের অধিকার ও বিরোধ নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় তথ্য-প্রমাণভিত্তিক অবস্থান নিতে হবে। উৎপাদন সক্ষমতা, রপ্তানি প্রণোদনা ও শ্রম অধিকার নিয়ে ওয়াশিংটনের অভিযোগের জবাব দিতে হবে। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নসহ বিকল্প বাজার সম্প্রসারণ ও উচ্চমূল্যের পোশাক উৎপাদনে বিনিয়োগ বাড়াতে হবে।
তবে পোশাকশিল্পের ভবিষ্যৎ নির্ভর করছে সরকার, মালিক, শ্রমিক ও আন্তর্জাতিক ক্রেতাদের মধ্যে দায়িত্বশীল সমঝোতার ওপর। শুধু কম মজুরি দিয়ে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান দীর্ঘদিন ধরে রাখা সম্ভব নয়। আবার উৎপাদন ব্যয় ও বাজারের বাস্তবতা উপেক্ষা করেও শিল্পকে এগিয়ে নেওয়া যাবে না। বাংলাদেশ ব্যাংকের তথ্যের ভিত্তিতে বিজিএমইএর প্রকাশিত রপ্তানি পরিসংখ্যানে দেখা যায়, ২০২৫-২৬ অর্থবছরে পোশাক রপ্তানি আয় ছিল প্রায় ৩৮ দশমিক ৯৭ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় মাত্র ০.৯৬ শতাংশ বেশি। অর্থাৎ প্রবৃদ্ধির গতি ইতিমধ্যেই সীমিত।
বাংলাদেশের পোশাকশিল্প এখন একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার মুখে। শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করা, উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সমঝোতা—সবগুলো চ্যালেঞ্জ একসঙ্গে মোকাবিলা করতে হবে। সরকার যদি শুধু শুল্ক আলোচনায় সীমাবদ্ধ থাকে, মালিকেরা যদি শুধু উৎপাদন ব্যয় কমানোর কথা ভাবেন এবং শ্রমিকদের দাবি যদি অবহেলিত হয়, তাহলে সংকট আরও গভীর হতে পারে। বিপরীতে শ্রমিকের মর্যাদা, উৎপাদনশীলতা, প্রযুক্তি ও বাজার বৈচিত্র্যকে একসঙ্গে গুরুত্ব দিতে পারলে এই সংকট থেকে নতুন সম্ভাবনাও তৈরি হতে পারে। প্রশ্ন হলো, বাংলাদেশ কি সেই পরিবর্তনের জন্য প্রস্তুত?

ক্যাওস থিওরি: নামে বিশৃঙ্খলা, এর মধ্যেই লুকিয়ে শৃঙ্খলার বিজ্ঞান
কল্পনা করুন, সালটা ১৯০৫। সুইজারল্যান্ডের বার্ন শহরের একটি টাওয়ারের ঘড়ি সেদিন মাত্র দুই মিনিট দেরিতে চলছিল। ঘড়ির সেই সামান্য বিলম্বের কারণে কাছাকাছি থাকা এক যুবকের ঘুম ভাঙতে দেরি হয়।

‘ফাইনালের’ স্বপ্ন নিয়ে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ কেন এত ছন্নছাড়া?
চলতি বছরই দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার উইয়ান মুল্ডার ইতিহাসে জায়গা করে নেন টেস্টে ৩৬৭ রানের একটি ইনিংস খেলে। দক্ষিণ আফ্রিকা যদি ইনিংস ঘোষণা না করত, তাহলে অনায়াসেই ভেঙে দিতে পারতেন ব্রায়ান লারার রেকর্ড। স্রেফ সেই ইনিংসের জন্যই ইতিহাস তাকে মনে রাখবে ব্যাটসম্যান হিসেবেই। কিন্তু সেই মুল্ডারক

ট্রাম্পের নতুন শুল্ক ঝড়: বিশ্ববাণিজ্যে নতুন সমীকরণের আভাস
বিশ্ববাণিজ্যের আকাশে আবারও জমছে সুরক্ষাবাদের কালো মেঘ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সম্প্রতি চীন, ব্রাজিল ও ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের ১৪টি প্রধান বাণিজ্য অংশীদারের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-এ প্রকাশিত এবং বার্তা সংস্থা ‘অ

রাশিয়ার পরাজয়ের অলীক ধারণাকে আঁকড়ে ধরে আছে ইউরোপ
বিশ্বব্যবস্থায় যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের অবসান এবং বহুমেরুকেন্দ্রিক শক্তির উত্থানের প্রেক্ষাপটে বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তা কাঠামো এখন বড় ধরনের রূপান্তরের মুখে। অর্থনীতিবিদ ও ভূরাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক জেফরি স্যাকস মনে করেন, প্রতিদ্বন্দ্বী সামরিক ব্লক তৈরির প্রবণতা নয়, বরং পরাশক্তিগুলোর মধ্যে সম