Advertisement

নতুন জমিদার বানাতেই কি শ্রমিকের বেতন কম বাড়ে?

নতুন জমিদার বানাতেই কি শ্রমিকের বেতন কম বাড়ে?
নতুন জমিদার বানাতেই কি শ্রমিকের বেতন কম বাড়ে? ছবি: এআই দিয়ে নির্মিত

ব্রিটিশরা এই উপমহাদেশে গড়া উপনিবেশ ছেড়ে যাওয়ার আগে মূলত জমিদাররাই ছিলেন সাধারণ মানুষদের ভাগ্যের দণ্ডমুণ্ডের কর্তা। এক অর্থে ব্রিটিশদের শোষণ চালানোর এজেন্ট ছিল জমিদাররাই। সাধারণ মানুষ, যাদের নাম ছিল সাধারণভাবে ‘প্রজা’, তারা ব্রিটিশরাজকে খাজনা দিত বড়-ছোট জমিদারদের মাধ্যমে। জমিদাররা ছিল ঔপনিবেশিক শক্তির ‘কালেকশন এজেন্ট’।

Advertisement

সেই কালেকশন করার প্রক্রিয়াটি সুষম বা ন্যায্য ছিল না বেশির ভাগ ক্ষেত্রেই। কতটা অন্যায্য ও নিপীড়নমূলক ছিল, তা বুঝতে গুপী-বাঘা সিনেমার সেই বিখ্যাত সংলাপের শরণাপন্ন হওয়া যায়, সেটি যৌক্তিকও। তা হলো–…ভরপেট নাও খাই, রাজকর দেওয়া চাই/ বাকি রাখা খাজনা, মোটে ভালো কাজ না…! আশা করি ন্যায্যতার ধরন বোঝা যাচ্ছে। বিশ্বাস না হলে কিছুটা ইতিহাস চর্চাও করে দেখা যায়। তাতেও ব্যত্যয় না পাওয়ারই কথা।

Advertisement

অবশ্য ব্রিটিশরা উপমহাদেশ ছেড়ে যাওয়ার সময়ই জমিদারি ব্যবস্থার বিলোপ ঘটেছিল। যতগুলো দেশই এর পরে তৈরি হয়েছিল, সবকটিরই প্রধান ভিত্তি মুখে অন্তত ছিল গণতন্ত্র, যার আবার মূল আদর্শ হলো সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা। সব মানুষের সমান অধিকার নিশ্চিতের উদ্দেশ্যই হলো বৈষম্য দূর করার লক্ষ্য। সেই অনুযায়ী আমাদের বাংলাদেশেরও উন্মেষ ঘটেছিল বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করেই। পশ্চিম পাকিস্তানের করা অন্যায়, অবিচার ও শোষণের প্রতিবাদেই পূর্ব পাকিস্তান হয়ে ওঠে বাংলাদেশ। অথচ সেই দেশেই এখন কিনা নতুন জমিদারি ব্যবস্থা তৈরির উৎসাহ পরিলক্ষিত হচ্ছে প্রাতিষ্ঠানিকভাবে। হ্যাঁ, আগেও এমন প্রচেষ্টা ছিল বটে। তবে এখন যেন তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে!

সম্প্রতি তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা করেছে নিম্নতম মজুরি বোর্ড। চতুর্থ সভায় চতুর্থ গ্রেডের মজুরি নিয়ে মালিক ও শ্রমিকপক্ষ একমত হতে পারেনি। তাই গোপন ভোটে বিষয়টি নিষ্পত্তি হয়। সেই ভোটে আবার সরকারের প্রতিনিধি ভোট দিয়েছে মালিকদের পক্ষে। তাই আর শ্রমিকদের আরও বেশি বেতন বাড়ানোর দাবি গণতান্ত্রিক প্রক্রিয়ায় টেকেনি! শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ছিল ১৮ হাজার টাকা, তার নিচে তারা নামতে রাজি ছিলেন না। ঐকমত্য না হওয়ায় বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ অনুযায়ী বোর্ডের চেয়ারম্যান গোপন ভোটের ব্যবস্থা করেন। ভোটে ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে ভোট দেন। শ্রমিকপক্ষের দুই প্রতিনিধি ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। আর নিম্নতম মজুরি তাতে বেড়েছে ৩৬ শতাংশ।

আগে অবশ্য পোশাকশ্রমিকদের মজুরি পাঁচ বছর পরপর ঠিক হলেও, এবার তা তিন বছরের মাথায় হয়েছে। ইতিবাচক বিষয় খুঁজতে চাইলে আরও বলা যায় যে, নিম্নতম মজুরি বোর্ডের ইতিহাসে এবারই সবচেয়ে কম সময়ে মাত্র ২০ দিনের মধ্যে কোনো শিল্প খাতের মজুরি চূড়ান্ত হয়েছে। এত (!) ইতিবাচকতার ভিড়ে নেতিবাচক বিষয়টি হলো মজুরি বৃদ্ধির পরিমাণটি। ২০২৩ সালে পাঁচ বছর পর পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বেড়েছিল সাড়ে চার হাজার টাকা। অর্থাৎ, ওই সময় পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ছিল মোটে ৮ হাজার টাকা। এবার তিন বছর পর বাড়ল প্রায় কাছাকাছি পরিমাণের টাকায়। যদিও শতাংশের হিসাবে কাছাকাছি বাড়েনি, বরং অনেক কমই বেড়েছে। ওই সময় ৫০ শতাংশের ওপরে বেড়েছিল মজুরি, এবার তা ৪০ শতাংশেরও বেশ কম।

যদিও গত ১ নভেম্বর শ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলনের মধ্যে সরকার নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করেছিল। পরে ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয় এবং ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হয়। আর গত ৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছিল। এরপর দর কষাকষি করতে করতে এল ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা করার ঘোষণা।

বুঝুন একবার, চাওয়া আর পাওয়ার মধ্যে আসলে তফাৎ কতটা! এই বঙ্গে দর কষাকষির রাজধানী ঢাকাস্থ নিউ মার্কেটীয় ফরমুলা মাথায় নিলে বলাই যায় যে, তফাৎ হওয়াটাই দস্তুর। কিন্তু তাই বলে কেউ কি ৩২ হাজার টাকার জিনিস ১৭ হাজারে কিনতে পারে? ডিসকাউন্টের হিসাবটা শতাংশে গেলে আরও আকর্ষণীয় হবে হয়তো। কেউ চাইলে সত্যিকারের সঙিন পরিস্থিতি বুঝতে তা করেও দেখতে পারেন। তখনই বুঝবেন দর নিয়ে কি পরিমাণ দড়ি টানাটানি আসলে হয়েছে! এবং যখন শুনবেন গোপন ভোটে সরকার ও নিরপেক্ষ প্রতিনিধিও আসলে মালিকদের পক্ষে ভোট দিয়েছে, তখন মনে জাগে সেই হতাশা জাগানিয়া প্রশ্নটিই। শ্রমিকেরা ‘মুরগি’ বর্গা রেখেছিলেন আসলে কার কাছে?

তার চেয়েও বড় শঙ্কাটি জাগে যে–এই নতুন ন্যূনতম মজুরিতেও শ্রমিকদের মাসিক হিসাবে একাধিকবার মুরগি খাওয়াটাই আদতে বিলাসিতার পর্যায়ে পৌঁছে যায় কিনা? শ্রমিকের ন্যূনতম মজুরিতে যে সাড়ে চার হাজার টাকার বৃদ্ধিকে ‘অনেক বাড়িয়ে’ দেওয়ার চিত্র আঁকার চেষ্টা চলছে, তার বিপরীতে জানতে হবে যে, টানা সাড়ে চার বছর ধরে এই দেশে মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে মজুরি বাড়েনি। ২০২২ সালের জানুয়ারি মাস থেকেই এমন পরিস্থিতি চলছে। ফলে মানুষের প্রকৃত আয় কমে গেছে। সীমিত আয়ের মানুষের এখন টানাটানির সংসার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বলছে, টানা তিন মাস ধরে মূল্যস্ফীতি ৯ শতাংশের বেশি। এতে দেশের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত আর ‘জীবনযুদ্ধ’ থেকে বের হতে পারছে না। সংগ্রাম বরং আরও বহুমাত্রিক হচ্ছে, মানিয়ে নেওয়ার লড়াই চালিয়েই যেতে হচ্ছে। এবং সেই সংগ্রামে জীবন প্রায় ওষ্ঠাগত দেশের বেশির ভাগ মানুষের। সরকারি কণ্ঠেও বারবার বলা হচ্ছে বাজার অর্থনীতির একটি কঠিন সময় পার করারই কথা।

অথচ, সেই সরকারই আবার এ অবস্থাতেই পাস করে ফেলেছে সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নতুন বেতনস্কেল বাস্তবায়নের ফলে অন্তত ২৪ লাখ সামরিক ও অসামরিক কর্মচারী এবং সোয়া ৯ লাখ অবসরপ্রাপ্ত কর্মচারী ও অন্যান্য যোগ্য সুবিধাভোগী উপকৃত হবেন। এ জন্য সরকারের অতিরিক্ত বার্ষিক আর্থিক ব্যয় হবে আনুমানিক ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা। নতুন পে-স্কেল অনুযায়ী ২০তম গ্রেডের সর্বনিম্ন প্রারম্ভিক মূল বেতন ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডের সর্বোচ্চ নির্ধারিত বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়। নতুন পে-স্কেলে সর্বনিম্ন গ্রেডের মূল বেতন ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডের নির্ধারিত বেতন ১০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। নতুন বেতন স্কেলের পাশাপাশি অবসরভোগী পেনশনধারীদের স্ল্যাবভিত্তিক নিট পেনশন উল্লেখযোগ্য হারে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

এবার পাঠক, নিজেরাই একটু মিলিয়ে দেখেন তো? কী মনে হয়? তফাৎ একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? তা সরকারি চাকরিজীবীদের বেতন যদি ১০০ থেকে ১৪২ শতাংশ বাড়তে পারে, দেশের অর্থনীতির চাকা আক্ষরিক অর্থেই চালানোর চেষ্টা করে যে পোশাকশ্রমিকেরা, তাদের বেতনবৃদ্ধির হারটা কি ৬০ শতাংশও পার করা যায় না? নাকি শ্রমিকের খিদে থাকতে নেই?

অথচ বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আগেই জানিয়েছিল, তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরির দর-কষাকষি ১৮ হাজার থেকে ২৪ হাজার টাকার মধ্যে হওয়া উচিত। দারিদ্র্যসীমা বিবেচনায় একজন শ্রমিকের জন্য প্রয়োজনীয় মজুরি হওয়া উচিত ১৮ হাজার ৫৭৮ টাকা। আর জীবন ধারণের উপযোগী মজুরির (লিভিং ওয়েজ) পরিমাণ ২৪ হাজার ২০৪ টাকা। মজুরি বোর্ডের সিদ্ধান্তের সাথে মিলিয়ে এবার আপনারাই বলুন, আমাদের দেশে শ্রমিকের পেটের শূন্যস্থানের প্রতি আদৌ কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে কিনা?

এভাবে সরকারি শ্রমজীবীদের বেতন-ভাতায় আকাশে তুলে, আর অন্য শ্রমজীবীদের পাতালে ঠেলে আসলে আমাদের দেশে কি একটি নব্য জমিদারি ব্যবস্থার প্রবর্তন করা হচ্ছে না? সরকার যেভাবে তার কর্মচারীদের বেতন, সুবিধা বহুগুণে বাড়াচ্ছে, এর বিপরীতে শ্রমিক ও অন্যান্য বেসরকারি পেশাজীবীদের দিকে একই নজরে তাকাচ্ছে না–সেটি কি সমাজ ও অর্থনীতির অন্যান্য শ্রেণির মধ্যে একটি বাধ্যতামূলক বিশাল ব্যবধান সৃষ্টি করছে না? আবার এসব বেতন, সুবিধা বাড়ানো হচ্ছে সেই সাধারণ জনতার টাকায়, যাদের ভোটে সরকার নির্বাচিত হয়, ক্ষমতা পায়। অন্যদিকে সেসব নিশ্চিত করতেই ওই জনতার ঘাড়েই চাপানো হচ্ছে করের বোঝা। সরকারি চাকরিতে নানা সুবিধার পসরা সাজিয়ে দেশের বাদবাকি পেশাজীবী আপামর ‘শ্রমিক’ (আক্ষরিক অর্থেই) নাগরিককে এমনভাবে কোণঠাসা করা হচ্ছে, যেখানে সমাজ ও অর্থনীতিতে লেভেল প্লেয়িং ফিল্ড বলতেই কিছু অবশিষ্ট থাকছে না। একে নতুন জমিদারি ব্যবস্থা তৈরির চেষ্টা ছাড়া আর কী বলা যায় তাহলে?

আর এমন নব্য ‘জমিদারি’ ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে এবং তা টিকিয়ে রাখতে আয়ের ক্ষেত্রে বিশাল ফারাক তৈরির বিকল্প নেই। তাহলে কি সেই কাজই এখন চলছে? এমন সংশয়পূর্ণ প্রশ্ন উঠছে, কারণ এর বিপরীত চিন্তাটি করার মতো রসদ আমাদের মস্তিষ্ক পাচ্ছে না আসলে। এবং সেটি করতে হলে উদ্যোগ নিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, অর্থাৎ সরকারকেই। কিন্তু সেটি আর হচ্ছে কই?

অথচ আমাদের এই বাংলাদেশে গণতন্ত্রের চর্চা করার কথাই বলা হয়। তাতে নাগরিকভেদে সমান অধিকারের কথা, বৈষম্যহীনতার কথাই শোনানো হয়। তা সেই তন্ত্রে ‘গণ’ কোথায়? হাবেভাবে তো সেটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবু অবশ্য আমরা, এই সাধারণেরা, সুবিচারের ও ন্যায্যতার আশাতেই বুক বাঁধি। কারণ চাষাদের যে আশার ভেলায় ভেসে বেঁচে থাকার চেষ্টা চালিয়ে যাওয়া ছাড়া আর কিছু করার থাকে না!

লেখক: বার্তা সম্পাদক, চরচা