Advertisement

‘ফাইনালের’ স্বপ্ন নিয়ে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ কেন এত ছন্নছাড়া?

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

‘ফাইনালের’ স্বপ্ন নিয়ে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ কেন এত ছন্নছাড়া?
দুই ইনিংস মিলিয়ে ৩০০ রান করতে পারেনি বাংলাদেশ। ছবি: বিসিবি

চলতি বছরই দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার উইয়ান মুল্ডার ইতিহাসে জায়গা করে নেন টেস্টে ৩৬৭ রানের একটি ইনিংস খেলে। দক্ষিণ আফ্রিকা যদি ইনিংস ঘোষণা না করত, তাহলে অনায়াসেই ভেঙে দিতে পারতেন ব্রায়ান লারার রেকর্ড। স্রেফ সেই ইনিংসের জন্যই ইতিহাস তাকে মনে রাখবে ব্যাটসম্যান হিসেবেই। কিন্তু সেই মুল্ডারকে বাংলাদেশ মনে রাখবে বিভীষিকাময় এক বোলার হিসেবে। রাবাদা-ইয়ানসেন-নর্কিয়াদের আড়ালে রেখে ৭ উইকেট নিয়ে যে তিনিই ধস নামিয়েছেন বাংলাদেশের ইনিংসে। দ্বিতীয় টেস্টে বাংলাদেশের ছন্নছাড়া ব্যাটিংয়ের এটাই করুণ চিত্র।

Advertisement

প্রথম টেস্টে এলোমেলো একাদশ বাছাইয়ের পর তীব্র সমালোচনার মুখে বাংলাদেশ দল দ্বিতীয় টেস্টের একাদশে একাধিক রদবদল আনে। তবে পারফরম্যান্সের দিক থেকে এর ছিটেফোঁটাও প্রতিফলিত হয়নি। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪০০ রান করে দক্ষিণ আফ্রিকাকে একটা জবাব দিতে পেরেছিল বাংলাদেশ।

Advertisement

চার ইনিংসে একটি ফিফটিও করতে পারেননি অধিনায়ক নাজমুল হোসেন। ছবি: বিসিবি
চার ইনিংসে একটি ফিফটিও করতে পারেননি অধিনায়ক নাজমুল হোসেন। ছবি: বিসিবি

কিন্তু দ্বিতীয় টেস্টে যেন সেই ২০-২৫ বছর আগের বাংলাদেশের প্রতিচ্ছবি দেখা গেছে। প্রতিপক্ষ দল এক ইনিংসে যা রান করে, বাংলাদেশ দুই ইনিংস মিলিয়েও তার ধারেকাছে যেতে পারে না। দ্বিতীয় টেস্টে তো দুই ইনিংস মিলিয়েও হয়নি ৩০০ রান!

তবে বাংলাদেশ চার পেসার নিয়ে এই ম্যাচ খেলতে নামায় একটা আশা ছিল, অন্তত বল হাতে খুব একটা খারাপ করবে না। তবে বোর্ডে থাকে যখন মাত্র ৯১ রান, তখন প্রতিপক্ষ দলকে চেপে ধরার কাজটা সবসময়ই কঠিন। আর শেষ পর্যন্ত সেটাই হয়েছে।

চাপমুক্ত ক্রিকেট খেলে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা অনায়াসেই রান করেছেন। সেটার মধ্য দিয়ে বাংলাদেশের পেসাররা প্রমাণ করেছেন, নাহিদ রানা ও হাসান মাহমুদ না থাকলে বোলিং লাইনআপটা একেবারেই সাদামাটা হয়ে যায়। চার পেসারের কেউই দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের সেভাবে দীর্ঘ সময়ের জন্য চাপে রাখতে পারেননি। ফলে এক প্রান্তে হয়তো শরীফুল ইসলাম বা খালেদ আহমেদ অল্প সময়ের জন্য এক স্পেলে ভালো বোলিং করেছেন, কিন্তু অন্য বোলাররা ছন্দহীন বোলিং করে সেই চাপ সরিয়ে দিয়েছেন।

ফলে ওভারপ্রতি সাড়ে চার রানের মতো করে তুলে সাত উইকেটে ৪৯৪ রান করে দক্ষিণ আফ্রিকা যখন ইনিংস ঘোষণা করে, তখনো ম্যাচের অনেক সময় বাকি। ম্যাচের পর দক্ষিণ আফ্রিকার কোচও বলেছেন, তারা চাইলে আরও ব্যাটিং করতে পারতেন। কিন্তু যেহেতু ৪০০ রানের মতো লিড হয়ে গেছে, তাই বাংলাদেশকে সম্মান জানিয়ে তারা ইনিংস ঘোষণা করে দিয়েছেন।

অধারাবাহিক ইবাদত হোসেন আবারও ব্যর্থ হয়েছেন। ছবি: আফগানিস্তান ক্রিকেট বোর্ড
অধারাবাহিক ইবাদত হোসেন আবারও ব্যর্থ হয়েছেন। ছবি: আফগানিস্তান ক্রিকেট বোর্ড

বাংলাদেশের এই বোলিং লাইনআপের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা এত অল্প সময়ের মধ্যে প্রায় ৫০০ রান করাটাই সাক্ষ্য দেয়, বোলিংটা হয়েছে ভীষণ বাজে। নাহিদ ও হাসানকে বাদ দিলে অন্য যে পেসাররা আছেন, তাদের সঙ্গে মানের তফাতটা অনেক বেশি হয়ে যায় বলেই এতটা নির্বিষ বোলিং দেখা গেছে। না বাউন্স কাজে লাগাতে পেরেছেন, না পেরেছেন সুইং বা ওয়াবল সিমের কারিকুরি দেখাতে।

দুই অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ এবং ইবাদত হোসেন ঘণ্টায় ১২৫ থেকে ১২৭ কিলোমিটার বেগে বোলিং করেন। সেটা দক্ষিণ আফ্রিকার পেস ও বাউন্সি উইকেটে ব্যাটসম্যানদের কোনো পরীক্ষায় ফেলার মতো নয়। তারা ‘সেনা’ দেশগুলোতে নিজেদের সর্বোচ্চ গতি দিয়ে বল করার অবস্থাতেও নেই এবং স্কিল সেটেরও ভীষণ ঘাটতি রয়েছে। ধারাবাহিকতার অভাবটাও স্পষ্ট। লাইন ও লেন্থের সমস্যা ইবাদতের তো বেশ পুরনো। আর তাসকিন তো ৪-৫ ওভার বল করলেই হাঁপিয়ে উঠছেন।

এই কারণেই কি না, অধিনায়ক নাজমুল হোসেন পার্টটাইম স্পিনার মুমিনুল হককে দিয়ে রেকর্ড ২৩ ওভার বোলিং করিয়েছেন। অবিশ্বাস্য বটে! আবার ১২ ওভার দিয়েছেন তাওহিদ হৃদয়কে, যিনি আন্তর্জাতিক ক্রিকেটে বলই ঠিকমতো করেননি আগে। তিনি একটি উইকেট নিয়েছেন বটে, কিন্তু দুজন পার্টটাইমারকে দিয়ে ৩৫ ওভার করানোটাই বলে দিচ্ছে, চার পেসারকে নিয়ে নামলেও তাদের কাউকেই ততটা ভরসা করতে পারেননি অধিনায়ক।

ব্যাটিংয়ে এমন বাজে পারফরম্যান্সের পর বোলিংয়েও যখন বাংলাদেশের এই দশা, তখন এই ম্যাচে বাংলাদেশের পক্ষে ফিরে আসার বাস্তবসম্মত সুযোগ আর ছিল না। তবে দ্বিতীয় ইনিংসে উদ্বোধনী জুটিতে পঞ্চাশ রানের বেশি যোগ হওয়ার পর অন্তত একটা লড়াইয়ের আশা ছিল। অন্তত ম্যাচটা চতুর্থ দিনে নিয়ে যাওয়া বা ইনিংস পরাজয় এড়ানোর হয়তো চেষ্টা করবেন নাজমুলরা।

কিন্তু অধিনায়ক নাজমুল হোসেন ছাড়া কেউই টিকে থাকার চেষ্টা করেননি, বা করতে চাননি। যদিও নাজমুল সাম্প্রতিক সময়ে খোলসবন্দী হয়েই ব্যাটিং করেন। যদিও একশোর বেশি বল খেলে যেভাবে ক্রিজ ছেড়ে এগিয়ে এসে মুল্ডারকে বড় শট খেলতে গিয়ে বোল্ড হয়েছেন, সেটা তার পুরো ইনিংসের অ্যাপ্রোচকেই প্রশ্নবিদ্ধ করে তোলে। এতক্ষণ ধৈর্যের পরিচয় দিয়ে কেন হঠাৎ করে ওয়ানডে ম্যাচের মতো ব্যাটিং করতে গেলেন নাজমুল?

অন্যদিকে এই সফরে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান তাওহিদ হৃদয় আগুনের সঙ্গে আগুন দিয়ে খেলা করেছেন কাগিসো রাবাদার বিপক্ষে। শেষ পর্যন্ত রাবাদার বলেই আউট হয়েছেন। তবে তার আগে একটি বিনোদনের খোরাক জুগিয়েছেন ৩৩ বলে ৪১ রানের ইনিংসে। যেহেতু হৃদয় এভাবেই রান করছেন, তাই তিনি কিছুটা ছাড় পেতেই পারেন। কারণ, এই দলের অন্য ব্যাটসম্যানরা তো রান করতে হিমশিম খাচ্ছেন!

নাজমুল হোসেন। ছবি : বিসিবি
নাজমুল হোসেন। ছবি : বিসিবি

সব মিলিয়ে টেস্ট সিরিজে বাংলাদেশ দলের এমন একটি চিত্র দেখা গেছে, যা অনেক দিন ধরেই টেস্ট ক্রিকেটে দেখা যায়নি। ব্যাটিংয়ে খারাপ, বোলিংয়েও খারাপ, আর ফিল্ডিংয়ে আরও খারাপ। তিন বিভাগে এতটা খারাপ বাংলাদেশ টেস্ট ক্রিকেটে গত দুই বছরের মধ্যে সবশেষ কবে খেলেছে, সেটা মনে করাটা দুষ্কর।

অথচ এই সিরিজে একটা ম্যাচ জিততে পারলে বাংলাদেশের সামনে টিকে থাকত আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার আশা। কিন্তু সেই ডারউইন জয়ের পর থেকে বাংলাদেশ দল যেন জিততেই ভুলে গেছে। আর টেস্ট ক্রিকেটে তো বাংলাদেশের জন্য এখন ড্র করাটাই জয়ের সমতুল্য হয়ে দাঁড়িয়েছে।

দক্ষিণ আফ্রিকা সফর তাই বাংলাদেশের জন্য ছিল একটা ‘রিয়েলিটি চেক’, যেখানে এই টেস্ট দলটাকে নিয়ে অনেক জায়গায় কাজ করার সুযোগ রয়েছে। কিছু নামকে লম্বা সময়ের জন্য দল থেকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিতে হতে পারে নির্বাচকদের। পারফরম্যান্সের ভিত্তিতেই মুমিনুল হক, মুশফিকুর রহিম, ইবাদতদের মতো খেলোয়াড়দের নিয়ে চিন্তা করার সময় যেমন এসেছে, তেমনি দেশের বাইরে কন্ডিশন অনুযায়ী একাদশ বাছাই করতে পারলে ফলাফল কেমন হতে পারে, সেটা নিয়েও ভাববার সময় হয়েছে।