Advertisement

৪২ বছরে আটবার মজুরি নির্ধারণ, এবার প্রশ্ন প্রক্রিয়া নিয়েও

৪২ বছরে আটবার মজুরি নির্ধারণ, এবার প্রশ্ন প্রক্রিয়া নিয়েও
১৯৮৪ সালের ২৭ ডিসেম্বর পোশাকশ্রমিকদের জন্য প্রথম মজুরি কাঠামো গেজেট প্রকাশ করা হয়। ফাইল ছবি: রয়টার্স

দেশের তৈরি পোশাকশিল্পে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের ইতিহাস প্রায় চার দশকের। ১৯৮৪ সালে প্রথম মজুরি কাঠামো ঘোষণার পর বিভিন্ন সময়ে আরও সাতবার মজুরি পুনর্নির্ধারণ করা হয়েছে। সবশেষ বুধবার মজুরি বোর্ডের সিদ্ধান্তে সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা চূড়ান্ত হয়েছে। প্রতিবারই মজুরি বেড়েছে, তবে সেই বৃদ্ধির পেছনে ছিল শ্রমিকদের আন্দোলন, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, শিল্পের সক্ষমতা এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতি।

Advertisement

এবার সর্বনিম্ন মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। এতে বৃদ্ধির হার ৩৬ শতাংশ। আগের মজুরি বৃদ্ধির হারগুলোর সঙ্গে তুলনা করলে এটিই সর্বনিম্ন। অর্থনীতিবিদ ও শ্রমিক নেতারা বলছেন, নতুন মজুরি নির্ধারণের ক্ষেত্রে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ের বিষয়টি আরও গুরুত্ব পাওয়া দরকার ছিল। একই সঙ্গে মজুরি নির্ধারণের প্রক্রিয়া ও কাঠামোতেও পরিবর্তন আনা প্রয়োজন বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

Advertisement

প্রথম মজুরি কাঠামো ১৯৮৪ সালে, সর্বনিম্ন বেতন ৬২৭ টাকা

বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের যাত্রা শুরু হয় মূলত আশির দশকে। তখন এ খাতে শ্রমিকদের মজুরি নির্ধারণের জন্য কোনো প্রতিষ্ঠিত কাঠামো ছিল না। শ্রমিকদের বেতন নির্ধারণে কারখানাভেদে ভিন্নতা ছিল। এমন পরিস্থিতিতে ১৯৮৪ সালের ২৭ ডিসেম্বর পোশাকশ্রমিকদের জন্য প্রথম মজুরি কাঠামো গেজেট প্রকাশ করা হয়। এতে সর্বনিম্ন গ্রেডের শ্রমিকদের মাসিক মজুরি নির্ধারণ করা হয় ৬২৭ টাকা। সর্বোচ্চ দক্ষতাসম্পন্ন শ্রমিকদের জন্য নির্ধারিত হয় ১ হাজার ১১২ টাকা।

এই কাঠামোকে পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণের আনুষ্ঠানিক সূচনা হিসেবে বিবেচনা করা হয়। তবে প্রথম কাঠামো ঘোষণার পর দীর্ঘদিন আর মজুরি পুনর্নির্ধারণ করা হয়নি। এ সময় পোশাকশিল্পের আকার ও রপ্তানি আয় বাড়লেও শ্রমিকদের আয় একই জায়গায় আটকে ছিল। ফলে মূল্যস্ফীতির কারণে তাদের প্রকৃত ক্রয়ক্ষমতা কমতে থাকে।

প্রায় ১০ বছর পর ১৯৯৪ সালে মজুরি বাড়ে ৪৮.৩৩ শতাংশ

আশির দশকের শেষভাগ থেকে বাংলাদেশের পোশাকশিল্প দ্রুত সম্প্রসারিত হতে থাকে। আন্তর্জাতিক বাজারে পোশাক রপ্তানি বাড়ার সঙ্গে সঙ্গে কারখানার সংখ্যা ও শ্রমিকের সংখ্যাও বাড়ছিল। কিন্তু শ্রমিকদের মজুরি বৃদ্ধির সঙ্গে শিল্পের সম্প্রসারণের সামঞ্জস্য ছিল না। দীর্ঘদিন একই মজুরিতে কাজ করায় শ্রমিকদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়ে।

প্রথম মজুরি কাঠামো ঘোষণার প্রায় ১০ বছর পর ১৯৯৪ সালে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ করা হয়। এ সময় সর্বনিম্ন মজুরি ৬২৭ টাকা থেকে বাড়িয়ে ৯৩০ টাকা করা হয়। অর্থাৎ মজুরি বাড়ে ৪৮ দশমিক ৩৩ শতাংশ।

১২ বছর পর শ্রমিক অসন্তোষের মুখে ৭৮.৭১ শতাংশ বৃদ্ধি

১৯৯৪ সালের পর পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণ করা হয় ২০০৬ সালে। দীর্ঘ ১২ বছর পর সর্বনিম্ন মজুরি ৯৩০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৬৬২ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়। এতে মজুরি বৃদ্ধির হার দাঁড়ায় ৭৮ দশমিক ৭১ শতাংশ।

এই মজুরি বৃদ্ধির পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল শ্রমিকদের আন্দোলন ও অসন্তোষ। দীর্ঘদিন মজুরি না বাড়ানো, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি এবং নিম্ন মজুরিতে জীবনযাপন করতে না পারার কারণে শ্রমিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। ২০০৬ সালের মাঝামাঝি সময়ে এই অসন্তোষ বড় আকার ধারণ করে। বিভিন্ন কারখানায় বিক্ষোভ, কর্মবিরতি ও সংঘর্ষের কারণে উৎপাদন ব্যাহত হয়।

সে সময় শ্রমিক সংগঠনগুলো মজুরি বৃদ্ধির পাশাপাশি মহার্ঘ্য ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধার দাবিও জানায়। শ্রমিকদের আন্দোলনের মুখে সরকার নতুন মজুরি বোর্ড গঠন করে। বোর্ডের সুপারিশের ভিত্তিতে ১ হাজার ৬৬২ টাকা ৫০ পয়সা সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হয়।

তবে এই বৃদ্ধির পরও শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে মজুরির সামঞ্জস্য নিয়ে প্রশ্ন থেকে যায়। বিশেষ করে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং শহরাঞ্চলে বাসাভাড়া বাড়তে থাকায় নতুন মজুরিতেও শ্রমিকদের সংসার চালানো কঠিন হয়ে পড়ে।

২০১০ সালে সর্বোচ্চ বৃদ্ধি, মজুরি বাড়ে ৮০.৫১ শতাংশ

২০০৬ সালের মজুরি কাঠামোর চার বছর পর ২০১০ সালে আবারও মজুরি পুনর্নির্ধারণ করা হয়। এবার সর্বনিম্ন মজুরি ১ হাজার ৬৬২ টাকা ৫০ পয়সা থেকে বাড়িয়ে ৩ হাজার টাকা করা হয়। অর্থাৎ বৃদ্ধি পায় ৮০ দশমিক ৫১ শতাংশ। আগের সব মজুরি বৃদ্ধির তুলনায় সেবারই সর্বোচ্চ বৃদ্ধি হয়েছিল।

এবারও মজুরি বৃদ্ধির পেছনে শ্রমিক আন্দোলনের ভূমিকা ছিল। ২০০৬ সালের পর খাদ্যপণ্যসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়তে থাকে। শ্রমিকদের অভিযোগ ছিল, আগের মজুরিতে তাদের মৌলিক চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। ২০১০ সালের মাঝামাঝি সময়ে মজুরি বৃদ্ধির দাবিতে বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

সে সময় শ্রমিকদের পক্ষ থেকে সর্বনিম্ন মজুরি ৫ হাজার টাকা করার দাবি জানানো হয়। অন্যদিকে মালিকপক্ষ শিল্পের উৎপাদন ব্যয়, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা এবং কারখানার সক্ষমতার বিষয়টি সামনে আনে। শেষ পর্যন্ত নতুন মজুরি বোর্ডের সুপারিশে সর্বনিম্ন মজুরি ৩ হাজার টাকা নির্ধারণ করা হয়।

তবে নতুন কাঠামোতে বিভিন্ন গ্রেডের শ্রমিকদের মধ্যে মজুরির ব্যবধান কমানোর চেষ্টা করা হয়েছিল। এতে দক্ষ ও অভিজ্ঞ শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। অর্থাৎ সর্বনিম্ন মজুরি বাড়লেও গ্রেডভিত্তিক মজুরি কাঠামো নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়।

রানা প্লাজা ধসের পর ২০১৩ সালে মজুরি বাড়ে ৭৬.৬৭ শতাংশ

২০১০ সালের পর মাত্র তিন বছরের ব্যবধানে ২০১৩ সালে আবারও পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণ করা হয়। এবার সর্বনিম্ন মজুরি ৩ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার ৩০০ টাকা করা হয়। বৃদ্ধির হার ছিল ৭৬ দশমিক ৬৭ শতাংশ।

এই মজুরি নির্ধারণের প্রেক্ষাপট ছিল আগের সময়ের চেয়ে ভিন্ন। ২০১২ সালের নভেম্বরে তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিকের মৃত্যু হয়। এরপর ২০১৩ সালের এপ্রিলে সাভারের রানা প্লাজা ধসে ১ হাজারের বেশি শ্রমিক প্রাণ হারান। এসব দুর্ঘটনা বাংলাদেশের পোশাকশিল্পের কর্মপরিবেশ, শ্রমিকের নিরাপত্তা ও অধিকার নিয়ে দেশ-বিদেশে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

আন্তর্জাতিক ক্রেতা, শ্রমিক সংগঠন এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা পোশাকশিল্পে নিরাপদ কর্মপরিবেশ ও শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার দাবি জানায়। একই সময়ে শ্রমিকদের মধ্যেও মজুরি বৃদ্ধির দাবি জোরালো হয়ে ওঠে।

এই পরিস্থিতিতে সরকার নতুন মজুরি বোর্ড গঠন করে। দীর্ঘ আলোচনা ও শ্রমিকদের আন্দোলনের পর সর্বনিম্ন মজুরি ৫ হাজার ৩০০ টাকা নির্ধারণ করা হয়। এর মধ্যে মূল বেতন, বাড়িভাড়া, চিকিৎসা, যাতায়াত ও খাদ্য ভাতার ব্যবস্থা রাখা হয়। তবে শ্রমিকদের প্রত্যাশার তুলনায় এই মজুরি কম বলে বিভিন্ন শ্রমিক সংগঠন তখনও আপত্তি জানায়।

২০১৮ সালে মজুরি ধরা হয় ৮ হাজার টাকা

২০১৩ সালের পর পাঁচ বছর পেরিয়ে ২০১৮ সালে পোশাকশ্রমিকদের মজুরি আবারও পুনর্নির্ধারণ করা হয়। এবার সর্বনিম্ন মজুরি ৫ হাজার ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৮ হাজার টাকা করা হয়। বৃদ্ধির হার ৫০ দশমিক ৯৪ শতাংশ। এই মজুরি নির্ধারণের আগে শ্রমিক সংগঠনগুলো সর্বনিম্ন মজুরি ১৬ হাজার টাকা করার দাবি জানায়। তাদের যুক্তি ছিল, পাঁচ বছরে জীবনযাত্রার ব্যয়, বাড়িভাড়া ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অনেক বেড়েছে। কিন্তু সেই তুলনায় শ্রমিকদের আয় বাড়েনি।

মালিকপক্ষ বরাবরের মতো আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা, উৎপাদন ব্যয় এবং পোশাকশিল্পের সক্ষমতার বিষয়টি বিবেচনায় নেওয়ার কথা বলে। এ নিয়ে দীর্ঘ আলোচনা ও দর-কষাকষির পর সরকার ৮ হাজার টাকার মজুরি কাঠামো ঘোষণা করে।

তবে নতুন কাঠামো ঘোষণার পরই অসন্তোষ দেখা দেয়। বিশেষ করে বিভিন্ন গ্রেডের শ্রমিকদের মজুরি বৃদ্ধির মধ্যে বৈষম্য রয়েছে বলে অভিযোগ ওঠে। ২০১৯ সালের জানুয়ারিতে শ্রমিকদের আন্দোলনের মুখে সরকার কয়েকটি গ্রেডের মজুরি সংশোধন করে। এতে সর্বোচ্চ গ্রেডের মজুরি ১৭ হাজার ৫১০ টাকা থেকে বাড়িয়ে ১৮ হাজার ২৫৭ টাকা করা হয়। তবে সর্বনিম্ন মজুরি ৮ হাজার টাকাই অপরিবর্তিত থাকে।

২০২৩ সালে পাঁচ বছর পর মজুরি বাড়ে ৫৬.২৫ শতাংশ

২০১৮ সালের পর পাঁচ বছর পেরিয়ে ২০২৩ সালে আবারও পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণ ১২ হাজার ৫০০ টাকা করা হয়। অর্থাৎ বৃদ্ধি পায় ৫৬ দশমিক ২৫ শতাংশ।

শ্রমিক সংগঠনগুলো সর্বনিম্ন মজুরি ২৩ থেকে ২৫ হাজার টাকা করার দাবি জানায়।

অন্যদিকে মালিকপক্ষ প্রথম দিকে ১০ হাজার ৪০০ টাকা মজুরির প্রস্তাব দেয়। শ্রমিকদের দাবির সঙ্গে মালিকপক্ষের প্রস্তাবের বড় ব্যবধান থাকায় আলোচনা জটিল হয়ে ওঠে। পরে আন্দোলন, বিক্ষোভ ও সংঘর্ষের মধ্যে সরকার নতুন মজুরি বোর্ড গঠন করে।

দীর্ঘ আলোচনা শেষে ২০২৩ সালের ৭ নভেম্বর সর্বনিম্ন মজুরি ১২ হাজার ৫০০ টাকা ঘোষণা করা হয়। গ্রেডের সংখ্যা সাত থেকে কমিয়ে পাঁচটিতে আনা হয়।

২০২৬ সালের মজুরি বৃদ্ধির হার সবচেয়ে কম

সবশেষ ২০২৩ সালের মজুরি কাঠামোর তিন বছর পর ২০২৬ সালে আবারও নতুন মজুরি নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়। এবার শ্রমিকদের দাবির প্রেক্ষাপট ছিল আগের মতোই জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মজুরি দিয়ে সংসার চালানোর সংকট। শ্রমিক সংগঠনগুলোর একটি বড় অংশ সর্বনিম্ন মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানায়।

এই দাবিতে গত অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত সাভার, আশুলিয়া, গাজীপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ে। বিক্ষোভ, সড়ক অবরোধ ও সংঘর্ষের কারণে অনেক কারখানায় উৎপাদন বন্ধ থাকে। এমন পরিস্থিতিতে ১ নভেম্বর সরকার নতুন মজুরি বোর্ড গঠন করে।

বোর্ডে শ্রমিকপক্ষ প্রথমে সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দেয়। পরে কয়েক দফা আলোচনায় তা কমিয়ে ২২ হাজার এবং সর্বশেষ ১৮ হাজার টাকায় আনা হয়। অন্যদিকে মালিকপক্ষ প্রথমে ১৫ হাজার টাকা এবং পরে ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব দেয়।

দীর্ঘ আলোচনার পরও দুই পক্ষ একমত হতে না পারায় ২৬ নভেম্বর ভোরে ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত হয়। ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। ফলে সর্বনিম্ন গ্রেডের মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব চূড়ান্ত হয়। এতে বৃদ্ধির হার ৩৬ শতাংশ। এই ভোটাভুটতে থেকে স্পষ্ট হয় মজুরি বোর্ডে সরকারপক্ষে যারা ছিলেন তারাও মালিকদের পক্ষে ভোট দেয়।

নতুন কাঠামোয় সর্বনিম্ন গ্রেডে ১৭ হাজার টাকা, তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডে ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে মজুরি বোর্ডের এই সিদ্ধান্তের পর শ্রম মন্ত্রণালয়ের অনুমোদন ও আনুষ্ঠানিক গেজেট প্রকাশের বিষয়টি বাকি রয়েছে। প্রস্তাব অনুযায়ী, নতুন মজুরি ১ ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা।

এই বৃদ্ধির হার নিয়ে প্রশ্ন তুলেছেন নলেজ হাব ইনস্টিটিউট ট্রাস্টের (কেএইচআই) সভাপতি ও অর্থনীতিবিদ খন্দকার গোলাম মোয়াজ্জেম। চরচাকে তিনি বলেন, “এবারের মজুরি বৃদ্ধির হার শ্রমিকদের প্রত্যাশা ও প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। বিশেষ করে চতুর্থ গ্রেডের শ্রমিকদের মজুরি মাত্র ৩৬ শতাংশ বাড়ানো হয়েছে, যা হতাশাজনক।” নিম্ন গ্রেডের শ্রমিকদের মজুরি বৃদ্ধির ক্ষেত্রে আরও গুরুত্ব দেওয়া উচিত ছিল বলে মনে করেন তিনি।

খন্দকার গোলাম মোয়াজ্জেম আরও বলছেন, “শ্রমিকরা শুরুতে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি জানিয়েছিলেন। পরে দর-কষাকষির মাধ্যমে সেই দাবি থেকে সরে এসে ১৮ হাজার টাকায় সম্মত হয়েছেন। অন্যদিকে মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৭০০ টাকা থেকে বেড়ে ১৭ হাজার টাকা হয়েছে। দুই পক্ষের অবস্থানের এই পার্থক্য বিবেচনায় নিয়ে মালিকপক্ষ শ্রমিকদের প্রতি আরও উদার ও সহানুভূতিশীল হতে পারত। শ্রমিকদের দাবির প্রতি মালিকপক্ষের আরও সম্মান দেখানো উচিত ছিল।”

তবে এবারের মজুরি নির্ধারণ প্রক্রিয়ায় শ্রমিক প্রতিনিধিরা নিজেদের দাবির পক্ষে দর-কষাকষি করতে পেরেছেন, এটিকে ইতিবাচক হিসেবে দেখছেন এই অর্থনীতিবিদ। গোলাম মোয়াজ্জেম বলেন, “অতীতে মজুরি নির্ধারণের ক্ষেত্রে শ্রমিকদের এমন সক্রিয় দর-কষাকষির সুযোগ দেখা যায়নি। পাশাপাশি চূড়ান্ত সিদ্ধান্তের ভোটাভুটিতে শ্রমিকদের বিপক্ষে ভোট দেওয়া চার সদস্যের আরও উদার অবস্থান নেওয়ার সুযোগ ছিল।”

মজুরি নির্ধারণের প্রক্রিয়ায় পরিবর্তন চান অর্থনীতিবিদরা

মজুরি নির্ধারণের পুরো প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ। চরচাকে তিনি বলেন, “পোশাকশ্রমিকদের মজুরি এবার কম হয়েছে নাকি বেশি হয়েছে, সেই বিতর্কে যেতে চাই না। মজুরি নির্ধারণের পুরো প্রক্রিয়া ও কাঠামোতে পরিবর্তন আনা প্রয়োজন।”

নাজনীন আহমেদের মতে, মাসের প্রথম দিনে মজুরি বোর্ড গঠন করে ২৫ তারিখের মধ্যেই চূড়ান্ত ঘোষণা দেওয়ার প্রক্রিয়া গ্রহণযোগ্য নয়। এত অল্প সময়ে শ্রমিকদের প্রকৃত চাহিদা এবং মালিকপক্ষের সক্ষমতা যথাযথভাবে মূল্যায়ন করা সম্ভব হয় না। মজুরি নির্ধারণের আগে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, পরিবারের প্রয়োজন এবং শিল্পের আর্থিক সক্ষমতাসহ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনার সুযোগ থাকা দরকার।

তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়ার প্রভাবও দেখা যায় মজুরি ঘোষণার পর দুই পক্ষের প্রতিক্রিয়ায়। শ্রমিকপক্ষ সিদ্ধান্তে সন্তুষ্ট নয় বলে জানায়। অন্যদিকে মালিকপক্ষও প্রস্তাবিত মজুরি দিতে পারবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করে।

নাজনীন আহমেদ বলেন, “মজুরি নির্ধারণের আগে প্রয়োজনীয় পর্যালোচনা ও আলোচনার সুযোগ থাকলে এ ধরনের পরিস্থিতি এড়ানো সহজ হতো।”

মালিকপক্ষ শিল্পের অবস্থা খারাপ বলে যে দাবি করছে, তার বাস্তবতা যাচাই করার দায়িত্ব সরকারের বলেও মনে করেন তিনি। প্রয়োজনে কোনো নিরপেক্ষ প্রতিষ্ঠানকে দিয়ে মালিকপক্ষের আর্থিক সক্ষমতা ও শিল্পের প্রকৃত পরিস্থিতি পর্যালোচনা করানো যেতে পারে। এতে মালিকদের প্রকৃত সক্ষমতা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে এবং সেই ভিত্তিতে শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ করা সহজ হবে।

মজুরি বাড়লেই শ্রমিকদের কষ্ট কমবে?

নতুন মজুরি কাঠামো নিয়ে শ্রমিকদের প্রত্যাশা ও বাস্তবতার ব্যবধান তুলে ধরেছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন চরচাকে বলেন, “শ্রমিক সংগঠনগুলো সরকারের কাছে ন্যূনতম মজুরি ২৬০ ডলার বা প্রায় ৩২ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছিল। কিন্তু সরকার তা করেনি। নতুন নির্ধারিত বেতনেও শ্রমিকদের খরচ মেটানো সম্ভব হবে না। এতে কষ্ট হয়তো কিছুটা কমবে, কিন্তু শ্রমিকদের কষ্ট থেকেই যাবে।”

অর্থাৎ মজুরি বৃদ্ধির পরিমাণ শুধু আগের বেতনের সঙ্গে তুলনা করলেই শ্রমিকদের প্রকৃত আর্থিক অবস্থার পরিবর্তন বোঝা যায় না। কারণ প্রতিটি মজুরি ঘোষণার মধ্যবর্তী সময়ে মূল্যস্ফীতি, বাড়িভাড়া ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। ফলে কাগজে-কলমে বেতন বাড়লেও সেই অর্থ দিয়ে শ্রমিকেরা আগের তুলনায় কতটা বেশি পণ্য ও সেবা কিনতে পারছেন, সেটিও গুরুত্বপূর্ণ।

‘আন্তর্জাতিক প্রতিযোগিতায় শুধু মজুরির তুলনা যথেষ্ট নয়’

বাংলাদেশের পোশাকশ্রমিকদের মজুরি আন্তর্জাতিক বাজারের প্রতিযোগী দেশগুলোর তুলনায় কতটা কম, তা নিয়েও রয়েছে ভিন্নমত। তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক পরিচালক এবং বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রতিষ্ঠাতা ও সিইও মহিউদ্দিন রুবেল মনে করেন, “শুধু বিভিন্ন দেশের শ্রমিকদের মজুরি তুলনা করে বাংলাদেশের অবস্থান মূল্যায়ন করা ঠিক হবে না।”

মহিউদ্দিন রুবেল চরচাকে বলেন, “বাংলাদেশের পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি প্রতিযোগী দেশগুলোর তুলনায় কম, বিষয়টিকে আমি সেভাবে দেখি না। শ্রমিকদের মজুরি তুলনার ক্ষেত্রে উৎপাদনশীলতা ও কাজের দক্ষতাও বিবেচনায় নেওয়া জরুরি।”

এই বক্তব্যে পোশাকশিল্পের আরেকটি গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে। একদিকে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে মজুরি বাড়ানোর প্রয়োজন রয়েছে, অন্যদিকে আন্তর্জাতিক বাজারে শিল্পের প্রতিযোগিতা সক্ষমতার বিষয়টিও বিবেচনায় রাখতে হয়। ফলে মজুরি নির্ধারণের আলোচনায় শ্রমিকদের ন্যায্য আয় ও শিল্পের সক্ষমতা, দুটি বিষয়ই গুরুত্বপূর্ণ।

চার দশকের মজুরি বৃদ্ধির হিসাব কী বলছে?

মজুরি বৃদ্ধির হার বিবেচনায় ২০১০ সালে সর্বোচ্চ ৮০ দশমিক ৫১ শতাংশ বৃদ্ধি হয়েছিল। এরপর ২০০৬ সালে ৭৮ দশমিক ৭১ শতাংশ, ২০১৩ সালে ৭৬ দশমিক ৬৭ শতাংশ, ২০২৩ সালে ৫৬ দশমিক ২৫ শতাংশ, ২০১৮ সালে ৫০ দশমিক ৯৪ শতাংশ এবং ১৯৯৪ সালে ৪৮ দশমিক ৩৩ শতাংশ বৃদ্ধি করা হয়। ২০২৬ সালের প্রস্তাবিত ৩৬ শতাংশ বৃদ্ধি এই ধারাবাহিকতার মধ্যে সর্বনিম্ন।

চার দশকের এই ইতিহাসে একটি বিষয় স্পষ্ট। প্রায় প্রতিটি মজুরি বৃদ্ধির আগেই শ্রমিকদের আন্দোলন ও অসন্তোষ দেখা গেছে। অর্থাৎ নিয়মিত মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে মজুরি পর্যালোচনার পরিবর্তে অনেক সময় বড় ধরনের সংকট তৈরি হওয়ার পরই নতুন কাঠামো নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে মজুরি নির্ধারণের সময় শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, মালিকদের উৎপাদন ব্যয় এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার বিষয়গুলোও সামনে এসেছে। ২০২৬ সালের সিদ্ধান্ত ঘিরেও এই তিনটি বিষয় আলোচনায় ছিল। তবে এবার মজুরি নির্ধারণের প্রক্রিয়া নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।