রাজধানীর ব্যস্ত সড়ক, ফুটপাত কিংবা পার্ক—ভোর থেকে গভীর রাত পর্যন্ত জীবিকার তাগিদে কাজ করে চলেন অসংখ্য নারী ও কিশোরী। ফুল, মাস্ক, চুড়ি বা খুচরা পণ্য বিক্রির মাধ্যমে সংসার সামলানো এসব শ্রমজীবী মানুষের দৈনন্দিন জীবনের বড় একটি অংশজুড়ে রয়েছে শৌচাগার ও পরিচ্ছন্নতার সংকট। পর্যাপ্ত ও বিনামূল্যের পাবলিক টয়লেটের অভাব, হাত ধোয়ার ব্যবস্থার ঘাটতি এবং ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি পালনের সীমাবদ্ধতা তাদের স্বাস্থ্যকে কীভাবে ঝুঁকির মুখে ফেলছে, রোকেয়া কালেকটিভের প্রতিবেদনে সেই বাস্তবতাই তুলে ধরা হয়েছে।
এই কিশোরী-নারীরা কেউ বিক্রি করেন ফুল, কেউ মাস্ক, চুড়ি কিংবা চা, চকোলেট-সিগারেট। এসব বিক্রি করেই চলে তাদের সংসার। জীবিকার তাগিদে ভোর থেকে মধ্যরাত পর্যন্ত শহরের পথে পথে কাজ করলেও তাদের জন্য নেই পর্যাপ্ত শৌচাগার। পরিচ্ছন্ন শৌচাগার তো অনেক দূরের বিষয়। যে পাবলিক টয়লেটগুলো আছে সেগুলো ব্যবহার করতেও গুনতে হয় টাকা। ফলে প্রস্রাব চেপে রাখা, পানি কম খাওয়া; এসব তাদের জীবনের অংশ এখন। আবার নিম্ন আয়ের এ নারীদের মধ্যে নেই ঋতুস্রাব সংক্রান্ত সতর্কতা। স্যানিটারি ন্যাপকিন কেনা তাদের জন্য বিলাসিতা, তাই বিশেষ দিনগুলোতে এখনো ভরসা কাপড়ের টুকরো। কাজে বের হলে সেই কাপড় পরিবর্তনও বড় সমস্যার হয়ে দাঁড়ায়।
রাজধানীর সচিবালয় মেট্রো স্টেশনের ফুটপাতে বসে ১০ টাকায় তিনটি মাস্ক বিক্রি করে পুরো পরিবার চালান ৩৫ বছর বয়সী শাহনাজ বেগম। গ্রামের বাড়ি শরীয়তপুরে হলেও এখন থাকেন ঢাকার কদমতলীতে ভাড়া বাসায়। অসুস্থ স্বামী, তিন মেয়ে ও সংসারের যাবতীয় খরচ সামলাতে প্রতিদিনই তাকে রাস্তায় নামতে হয়।
শাহনাজ বলছিলেন, “পুরো সংসারের খরচ আমাকে বহন করতে হয়। আমার স্বামী আগে রিকশা চালাতেন, এখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছি না। তিন মেয়ের মধ্যে একজন কদমতলীর একটি মাদ্রাসায় পড়াশোনা করে। মাসে তিন হাজার টাকা খরচ দিতে হয়। বাকিটা মাদ্রাসাই বহন করে। আর ছোট দুই মেয়ে সারাদিন আমার সঙ্গেই রাস্তায় মাস্ক বিক্রি করে।”
একটা ছেলে সন্তানও হয়েছিল শাহনাজের। কিন্তু টাকার অভাবে চিকিৎসা করাতে না পারায় সে মারা গেছে বলে জানালেন।
সারাদিন রাস্তায় কাজ করতে গিয়ে সবচেয়ে বড় সমস্যায় পড়েন টয়লেটে যাওয়া নিয়ে। তিনি বললেন, “আগে পাশের মার্কেটে গিয়ে টয়লেট করতাম। কিন্তু এখন প্রতিবার ১০ টাকা দিতে হয়। সব সময় তো টাকা থাকে না। তাই প্রস্রাব চেপে রাখি। আর মাসিকের সময় সারাদিন এক প্যাড নিয়েই বসে থাকি। প্রায় সময়ে টয়লেটে সাবানও থাকে না। তখন চাইলেও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে পারি না।”
শাহবাগ এলাকায় ফুল বিক্রি করে সংসার চালান কুমিল্লার ৫৫ বছর বয়সী ঝর্ণা বেগম। স্বামীহীন এই নারী ‘শান্তা পুষ্প’ নামের ছোট একটি ফুলের দোকানের মালিক। তার সঙ্গে কাজ করেন লাকি বেগম ও পাতা বেগম নামে দুই নারী, তারাও স্বামীহীন। তাদের দিনের বড় একটি সময় কাটে দোকানেই। ঝর্ণা বেগমের থাকার আলাদা জায়গা না থাকায় কোনোমতে রাত্রি যাপন করেন নিজের ছোট দোকানেই।
ঝর্ণা বেগম বলেন, “আমরা হচ্ছি গরিব মানুষ। এই দোকানে আমি রাতেও থাকি, আলাদা ভাড়া দেওয়ার টাকা নেই। দোকানের পেছনের দিকে একটা টয়লেট আছে, কিন্তু তাতে যেতে ইচ্ছে করে না কারণ অবস্থা ভালো না, তবুও যাই। ভালো পানির ব্যবস্থা নেই, হাত ধোয়ার ব্যবস্থা নেই।”
তিনি আরও বলেন, “আমার কিডনিতে সমস্যা আছে, টিউমার ধরা পড়ছে। দীর্ঘ সময় বসে থাকলেও মাজাব্যথা হয়। বারডেমে গিয়ে ডাক্তার দেখাই, ডাক্তার বলছে বেশিক্ষণ প্রস্রাব চেপে না রাখতে। কিন্তু জীবিকার তাগিদে এভাবেই কাজ চালিয়ে যাচ্ছি।”
ঝর্ণা বেগমের দোকানে কাজ করা ৪৫ বছর বয়সী লাকি বেগমও নানা শারীরিক সমস্যায় ভুগছেন। তিনি বলছিলেন, “টাকার অভাবে চিকিৎসা করাতে পারি না। বয়স হয়েছে এখন অনিয়মিত মাসিক হয়, আবার হয় ও না, কাপড় ব্যবহার করি। কখন যে হয়ে যায়, বুঝতে পারি না। টয়লেট চাপলে সময় থাকলে বারডেমে যাই, আবার যাইতেও পারি না কাজের চাপে, বসে বসে কাজই করি।”
রাজধানীর বিভিন্ন জায়গায় ফুল বিক্রি করেন ২৩ বছর বয়সী নাহার আক্তার। তার বাড়ি নারায়ণগঞ্জে। স্বামী অটোরিকশা চালান। একটি দুর্ঘটনায় নাহারের শরীরের এক পাশ পুড়ে গেছে।
নাহার বলছিলেন, “আমি অসুস্থ থাকি প্রায় সময়ই। অনিয়মিত মাসিক কখন যে হয়ে যায়, তাই সব সময় সঙ্গে প্যাড রাখতে হয়। দিনে তিন থেকে চারটা প্যাড পরিবর্তন করতে হয়। কিন্তু সব সময় টয়লেট পাই না, আবার পেলেও সেখানে সাবান থাকে না। কিছু করার নাই, এভাবেই প্রতিদিন কাজ করতে হয়।”
রাজু ভাস্কর্যের পাশের এলাকায় চকোলেট ও সিগারেট, খুচরা জিনিস বিক্রি করেন ৪৬ বছর বয়সী জাহানারা বেগম। তিনি বলেন, “এইখানে আমি সারাদিন থাকি, রাত ১২টা-১টায় দোকান বন্ধ করি। আমাদের জন্য নির্দিষ্ট কোনো ওয়াশরুম নেই, এটা অনেক বড় সমস্যা। আমরা বাইরের গরীব মানুষ বলে আমাদের সব জায়গায় ঢুকতে দেয় না।”
শৌচকর্মের প্রয়োজন হলে কোথায় যান এই প্রসঙ্গে তিনি বলেন, “কখনো কালীমন্দির, কখনো মসজিদের টয়লেটে যাই, তবে সব সময় তো এগুলোতে যাওয়া সম্ভব হয় না। আর যেখানেই যাই, সেখানে সাবান থাকে না, হাত ধোয়ার ভালো ব্যবস্থা নেই। কখনো কখনো প্রস্রাবের চাপ এলে এখানেই মাঠে চলে যাই। পানি না পেলে মাটি দিয়ে কাজ চালিয়ে নেই।”
জাহানারা বেগম আরো বলেন, “আমার বয়স ৪৬ চলছে, ৫০ হলে আমার মাসিক বন্ধ হয়ে যাবে। এখন হলে কাপড় ব্যবহার করি, সারাদিন এক কাপড় দিয়ে চালাইয়ে দেই, রাতে বাসায় গিয়ে গোসল করি।”
আক্ষেপ করে বললেন, “আমাদের আবার জীবন। কাজ করতে পারি এটাই অনেক।”
রাজধানীর রাস্তায় চুড়ি বিক্রি করেন ৩৫ বছর বয়সী মাহমুদা বেগম। দিনের বেশির ভাগ সময় বাইরে থাকায় শৌচাগার ব্যবহারের জন্য পর্যাপ্ত সেবা না পেলে বালু ব্যবহার করার অভিজ্ঞতা তুলে ধরলেন তিনি।
মাহমুদা বলেন, “সারাদিন রাস্তায় থাকতে হয় বলে টয়লেট নিয়ে অনেক ভোগান্তি পোহাতে হয়। বিভিন্ন সময় মসজিদ বা মন্দিরের টয়লেট পেলে সেখানে যাই। কিন্তু সেখানে সব সময় ঢুকতে দেয় না। আর ঢুকতে পারলেও সেখানে কোনো সাবান থাকে না। অনেক সময় এমন হয়েছে যে বালু দিয়ে হাত ধুয়ে ফেলতে হয়েছে।”
মাসিকের সময়ের ভোগান্তি তুলে ধরে মাহমুদা বলেন, “যখন মাসিক হয়, তখন রাস্তায় থাকলে অনেক সমস্যা হয়, কাপড় পরিবর্তন করতে পারি না। এমনও সময় গেছে আমার শরীর ভিজে গেছে, সেগুলো মনে করতে চাই না।”
মাহমুদা আরও বলেন, “আমরা রোডে থাকি, এটা তো আমাদের বাসাবাড়ি না, এটা পাবলিকের জন্য। কিন্তু আমরাও তো এই দেশেরই জনগণ, আমাদের দেখার কেউ নেই।”
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছোট একটি জায়গায় মশারি টাঙিয়ে দুই সন্তানকে নিয়ে থাকেন ২০ বছর বয়সী রোকেয়া সুলতানা। তিনি ঢাকার রাস্তায় ফুল বিক্রি করেন। রোকেয়ার বাড়ি বরিশালের ভোলায়। স্বামী তাকে এবং দুই সন্তানকে রেখে আরেকটি বিয়ে করেছেন। তাই পথই এখন তার ঘর, তার বাড়ি।
শৌচাগার ব্যবহারের বিষয়ে তিনি জানান, তিনি কখনো মন্দিরের শৌচাগারে যান। সেখানে যেতে না পারলে উদ্যানের ঝোপের মধ্যে চলে যান। পরিচ্ছন্নতার প্রসঙ্গে তিনি বলেন, “আমরা বাইচচা আছি এইডাই অনেক, আমগোরে কেডা এডি দিবো।”
মাসিকের সময় মানুষের ফেলে দেওয়া পুরোনো কাপড় ব্যবহার করেন রোকেয়া। ব্যবহার শেষে সেগুলো উদ্যানেই কোথাও ফেলে দেন। স্যানিটারি ন্যাপকিন কেনার ক্ষমতা নেই তার। বলছিলেন, “এক প্যাকেটের দাম ১০০ টাকা, আমি কই পামু এত টাকা? এর চেয়ে কাপড়ই ভালো, পইরা ফালাই দেই।”
কথা হলো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহানে ফেরদৌস বিনতে রহমানের সঙ্গে। তিনি বললেন, “এটা অবশ্যই স্বাস্থ্যঝুঁকি এবং হাইজিনের সমস্যা। এভাবে থাকলে সার্ভিক্যাল ও ভ্যাজাইনাল ডিজিজ হয়। তাদের জন্য একটা ভালো হাইজেনিক এনভায়রনমেন্ট তৈরি করা উচিত। সেই সাথে হেলথ এডুকেশন ও অ্যাওয়ারনেস বিল্ড-আপ করা দরকার, যাতে তারা বুঝতে পারেন যে এটা শরীরের জন্য কতটা ক্ষতিকর।”
এইসব নারীদের জন্য দক্ষিণ সিটি করপোরেশন কি উদ্যোগ নিয়েছে জানতে চাইলে তার উত্তর, “আমাদের কিছু মোবাইল টয়লেটের ব্যবস্থা আছে, কিছু পেয়ে যাবো, এরপর তারা চাইলে সেগুলো ব্যবহার করতে পারবেন।”
লেখক: চাঁদনী আক্তার